রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

সারল্যের মৃত্যু হলো


সারল্যের মৃত্যু হলো 

খেলাঘর বাঁধতে বসেছি। বাধা দেবে কে? ওরা সকলেই চায় ঘর বাঁধতে ‌। তখন ঘর ছিলো না আমার। এ জন্যই এটা খেলাঘর।

এই ঘরে প্রথম যে ফুল ফুটেছিল নাম তার কেতকী। এর পর ফুটলো মাধবীলতা। তারপর? না এই সব জঞ্জাল এর পরে সাফ হয়ে গেছে। এর পর এসেছে নতুন একটা ফুল পাহাড় থেকে, নাম ক্যামেলিয়া। বড়ো সুন্দর সে, তবুও জঞ্জাল মাধবীলতা বা কেতকী কখনোই জীবন থেকে আলাদা হয় নি।

খেলাঘরে এদের নিত্য আসাযাওয়া। শেষে পাহাড়ের মুক্ত হৃদয় বুঝতে এসে বুঝতে পারলো আমরা খুব লেট করে ফেলেছি। বুঝলো এই মানুষটা খুব সাধারণ। কিন্তু একে ঠকানো খুব সহজ নয়। বস্তুত এই সহজ সরল প্রাণ আজ বিদেহী। খুব সহজেই সে পৌঁছে গেছে স্বর্গের দরবারে। সে উর্বশীর নৃত্যের সাথে থাকে না, থাকে ধ্যানস্থ। ইচ্ছে হয় আর একবার ফিরতে এই  ধরাধামে। কারণ ক্যামেলিয়া এখানেই আছে তার একমাত্র সন্তানকে বুকে নিয়ে।

একদিন কেতকী এসেছিলো তার কাছে। বলেছে কি হবে ওইসব ভেবে? মাধবীলতাও বেশি সময় চুপচাপ থাকে নি। সেও এসেছে। তারা বলেছে তুমি না থাকলে আমরাও থাকবো না এই স্বর্গে। এতেও ধ্যান ভঙ্গ হয় নি। ধ্যান ভেঙেছিল সেদিন, যেদিন সে দিব্য দৃষ্টিতে দেখতে পেলো ক্যামেলিয়া আর পাহাড়ের সেই সুন্দর ক্যামেলিয়া নেই। সে আজকাল হয়ে পরেছে গন্ধরাজ এর মতন। হাত বাড়ালেই তাকে পাওয়া যায়।

এরপর সহজ হয়ে পরলো কঠিন, সরল হয়ে উঠলো জটিল। সে বুঝতে পেরেছে স্বর্গ, মর্ত, পাতাল বলে কিছু হয় না। সে বুঝেছে নোনতা জল শুধু সমুদ্রের নয়, চোখের জলও নোনতা। সে এখন বুঝতে পারে জীবনের স্বাদও নোনতা যা সে তার জীবদ্দশায় বুঝতে পারে নি।

কতটা নির্বোধ হলে পুরুষ হওয়া যায় এই প্রথম সে বুঝতে পারলো। ভীষণ হাসি এলো তার। সমস্ত শরীরে স্বর্গের কাঁদা মেখে কোনো এক পুষ্করিণীর পাশে শুয়ে, হাত পা ছুড়ে সে হাসতে শুরু করলো। হাসির শব্দে উর্বশীর নাচ, কেতকীর কান্না, মাধবীলতার মাধুরী মাটিতে মিলিয়ে গেলো। সারল্যের মৃত্যু হলো।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন