এখন আর ছোটবেলার মতন বুড়ো হওয়ার শেষে আর কাঁধে চাপা হয় না। একটা যান আসে, চারটে চাকা ঘুরতে থাকে, কাঁচের ছোট্টো একটা বাক্সে চিৎ হয়ে শুয়ে সুন্দর এক চুল্লি দর্শন, তার পরে শুধু একমুঠো ছাই!
লক্ষ্য কষ্টের অবসান ঘটে ওই লাল চোখের আগুনে। যারা শিয়রের পাসে রুমাল দিয়ে চোখ মোছে, তারা এই শেষের শেষ ভাবে না।
অশ্রুও অতি অস্থায়ী। যে মূহুর্তে জীবিত আর মৃতের মাঝখানে পিতৃদত্ত নামটা মুছে গিয়ে আমার পরমাত্মীয় আমাকে একটা লাশ হিসাবে চিনতে শুরু করে ঠিক তখনই অশ্রু আর থাকতে চায় না। এটাই জীবনের কঠিনতম বাস্তব।
সেই কোন যৌবনে ভাবতে শিখেছিলাম মৃত্যুর পর বলে কিছু হয় না। বস্তুত অ্যাথিস্ট মনের জন্ম হয়েছিল যৌবনেই। অথচ এই প্রচণ্ড গরমে কপালের ঘাম মুছতে মুছতে আজকাল একটা অন্য চিন্তা মাথায় ভীড় করে। শরীর বুঝতে পারে যে যাওয়ার সময় এসে গেছে আর মন?
মন অন্য কথা বলে।
মন বলতে চায়, পরিবারের লোকজন, ভালোবাসার অসংখ্য মানুষ, বন্ধু, শত্রু যারা অনেক আগেই শীতল হয়েছে তাদের সাথে আবারো দেখা হবে।
মনে হয় স্কুলের প্রথম বেঞ্চের কোনার সিটটা আবার ফিরে পাবো। স্কুল থেকে ফিরেই মা এর হাতে দু-দলা ভাত পেটে পুরে দৌড়াব খেলার মাঠে। সেখানে খেলা, হাতাহাতি, মারামারি, বাড়িতে নালিশ, বাবার শাসন, মা এর বকুনি ও আদর, তার পর বই পড়তে পড়তে ঘুমিয়ে পরা।
অথবা কলেজ জীবনের সেই আদর্শ সম্বলিত রাজনীতি, নাট্য চর্চা, গলা ছেড়ে গান-আবৃত্তি, ছবি আঁকা, দেওয়াল লিখন, তাত্ত্বিক আড্ডা, একটু প্রেম, একটু না পাওয়ায় দুঃখ আরো কত কি!
এই ক মাস আগে বন্ধু পার্থ মারা গেলো। ও জন্ম সার্টিফিকেটে বয়স দু বছর কমিয়ে ছিল স্কুল পর্বে।
নিয়ম মেনেই আরো দুবছর বাকি ছিল রিটায়ারমেন্টের।
গত বছর পূজোর ছুটির কিছুদিন আগে স্নান করতে গিয়ে মাথায় চোট পায়।
তারপর?
কিছুই না, শুধুই শীতল শরীর।
ওর একটাই ছেলে। ব্রিলিয়ান্ট।
চাকরির পরেই ও বৌমা এনেছিলো।
নাতনি টাও খুব মিষ্টি।
একটা সুন্দর সংসার তবুও কেনো এমন হলো?
আমি হসপিটাল থেকে ওকে নিয়ে ওর বাড়িতে পৌঁছলাম।
সবাই যখন কাঁদছে তখন ও কি শান্ত কি সুন্দর।
না আমি ওঁকে লাশ বলিনি, বলেছি আবার দেখা হবে।
সত্যি মনেহয় এটাই জীবন যত ছোট হয়ে পরে তখন নতুন একটা জীবন মানুষকে আহ্বান করে। এই আহ্বান আসলে বার্ধক্যের আনন্দ, এই আহ্বান আসলে মৃত্যুহীন হওয়া ইচ্ছে, এটাই হয়তো বাস্তবতা থেকে দূরে সরে যাওয়া।
বস্তুত, বাস্তব আর অবাস্তবের লড়াই চলবে, আর এই যুদ্ধকে মানুষ কখনোই থামতে বলবে না।
আজকাল আমার মনে হয় এটাই মুখ্যত বেঁচে থাকার আনন্দ।
আজ এটুকুই থাক, বাকিটা লিখতে ইচ্ছা হলে সহৃদয় কোন বন্ধু নিশ্চয়ই কিছু লিখবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন