মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

না হয় মানুষ!

চার্ণক পেশায় ইঞ্জিনিয়ার হলেও তার বাংলা লেখার অভ্যাস খুব ছোটবেলা থেকেই। সে যা দেখে, যা শেখে সাবলীল বাংলায় কাগজে লিখতে তার খুব ভালো লাগে। সেই লেখাগুলো বছর দু বছর পরে সে চোখ বুলিয়ে আনন্দ পায়। আজকাল এসব লিখতে একটু ভয় হয় তার, পাছে সরকারের বিষ রোষে পরেন। তবুও লেখা তাকে ছাড়ে নি। এটা ঠিক সেই পর্যায়ের একটা নতুন চিন্তার প্রকাশ, প্রসঙ্গ সরকারি অফিসের অতীত থেকে বর্তমান। সেখানেই এই কোলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা তার প্রফেশনাল কাজের কর্মক্ষেত্র। অফিসটা কোলকাতার কলেজ স্ট্রিট অফিস। কর্পোরেশনের কোনো কর্মক্ষেত্রের করিডোরে একটা পাইস হোটেল চলছে অনেক কাল ধরে। আধুনিক জীবন তার নাম রেখেছে রুফ টপ হোটেল। খাওয়া দাওয়া, আনসান কথা বলা, খিস্তি খেউড়, সমাজ পরিবর্তনের রূপরেখা, কাঠ আকাঠ রাজনীতির ক্ষুরধার বিশ্লেষন, ধর্ম বহুবিধ উদ্বায়ী আলোচনার বহু কেষ্ট বিষ্টুর এটা একটা মোটামুটি পীঠস্থান।
হোটেল মালিক মানু দা যখন এখানে কাজ শুরু করেছেন তখন তার হাতে থাকতো একটা কেরোসিন তেলের জ্বলন্ত স্টোভ এর উপরে মাঝারী মাপের একটা কেটলি ভরা দুধ চা। মানু দা এই ব্যবসা যখন শুরু করেছিলেন তখন তিনি পিউ পাশ করেছেন। বিরাট যৌথ পরিবার। রোজগার বড় বালাই। 
পরবর্তীতে তার ভাই বোন, তুতো বা মামাতো ভাইয়েরা মানুদার রেফারেন্সে কেউ পিওর, কেউ অর্ডারলি নিদেন পক্ষে মানু দার দোকানে কাজের দৌলতে কোলকাতা বাসি হয়েছেন। অর্থাৎ, এক অর্থে মানু দার ক্যারিসমা খুব কম নয়। কালের নিয়মে চা থেকে কফি, কফি থেকে ভেজিটেবল চপ, কাটলেট, বর্তমানে এটা বিখ্যাত অথবা স্বনামধন্য মানু দার পাইস হোটেল। এখন আছে বিনি পয়সার ইলেকট্রিক, সরকারি অফিসের টালা ট্যাঙ্কের বিশুদ্ধ জল, ছাদ ভরা কাঁচা কয়লার ধোঁয়া সাথে একটু আধটু ব্ল্যাকে কেনা এল পি জি সিলেন্ডার। এটাকে বঙ্কিম বাবুর খারাপ কিছু মনে হয় নি। পূর্বোক্ত সুনীল বাবু, সুদীপ্ত বাবু, অশ্রু বাবু অথবা উজ্জ্বল বাবুও কখনো বিরোধিতা করেন নি। এনারা প্রত্যেকেই এই অফিসের কোনো না কোনো সময় সর্বোচ্চ পর্যায়ের অফিসার ছিলেন। 
মানু দার মান্যতা স্বতঃসিদ্ধ।

এবারে একটু এই অফিসের সরকারি কর্মচারী এবং সিটিজেন চার্টার অনুযায়ী উপস্থিত মানুষ গুলো সম্পর্কে কিছু সুস্থ,সৃষ্ট, ক্লিষ্ট বিষয়ে সামান্য অভিজ্ঞতা গল্পের আকারে লিখতে চায় চার্ণক। তিনি মনে করেন সুতানুটি, কোলকাতা আর গোবিন্দপুর নিয়ে যে বৃহৎ কোলকাতা শহর প্রতিষ্ঠিত হয়েছিলো তার হৃদয় যে নৈর্ব্যক্তিক অংশ সেটাই এই বোরো অফিসের অন্তর্ভুক্ত।
উত্তরে সুতানুটির কিছু অংশ এবং দক্ষিণে গোবিন্দপুর ছুঁয়ে যে অংশটা, সেটা নিয়েই এই বোরো অফিস। বস্তুত এটা এমন একটা অফিস যা কোলকাতার প্রায় সমস্ত আর্কিটেকচার নিয়ে প্রতিনিয়ত আকাশ দেখে। সেখানে যেমন হিন্দু স্থাপত্য আছে, আছে ঐতিহ্যবাহী বাংলার শেষ স্বাধীন নবাবের স্থাপত্য। যেমন আছে বৌদ্ধিক প্যাগোডা, জৈন মন্দির ঠিক তেমন মাথা তুলে দাঁড়িয়ে ব্রিটিশ আর্কিটেকচার। আরো আছে, আছে আধুনিক কোলকাতার আজকের গরিমার সামান্য উৎকর্ষের অংশ বিশেষ। অতীতের নাচ ঘরের পাশে এক দিকে নাক উঁচু করে দাঁড়িয়ে কোলকাতার হাইকোর্ট আবার অন্যদিকে মহাকরণের পাশে একই ছন্দে তাকে আহ্বান করছে রিজার্ভ ব্যাঙ্ক। এদের জলছবি দেখাযায় আরো অতীতের জমিদার রায়চৌধুরী দের তৈরী লাল দিঘির জলে। সেকালের লালবাজার কে ক্ষমা শেখাতে চোখ খুলে তাকিয়ে তিন তিনটে চার্চ। সিনাগগ চার্চ আজকাল বড় একটা দেখা যায় না। সে তলিয়ে গেছে চিনা বাজার আর রাধা বাজারের জনসংখ্যার গভীরে। 
চার্ণক গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায় আকাশবাণীর সামনে দিয়ে। তার মনে পরে ১৯৪৭ সনের স্বাধীনতার প্রথম সংবাদ। ঠিক পিছনেই মেম সাহেবদের সুইমিং ক্লাবটা এখন আর আগের মতন নেই। ছলছল চোখ দুটো দেখতে পায় স্টেট ব্যাঙ্কের কিছু কর্মী।
চার্ণকের ইচ্ছা হয় প্রশ্ন করতে সেই বিখ্যাত স্থাপত্য নিয়ে যেটা আজ মাথা নত করে শত পাপের বোঝার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এস এন ব্যানার্জি রোডের পাশে। মানুষের তাচ্ছিল্যের আর শেষ নেই। মুখে মুখে একটা বার্তা আজ ত্রিভূবনে পৌঁছে গেছে যে কর্পোরেশন বিল্ডিং যা নাকি উৎকোচের আঁতুরঘর। অতীতের কৃতি মানুষ গুলোর কথা এখন আর না হয় না'ই বললাম।
হিসেব মতন কলেজ স্ট্রিটের বোরো অফিসটা এতদূর পর্যন্ত বিস্তৃত। 
একটু তালগোল পাকিয়ে যাচ্ছে না? যাবে আরো একটু যাবে যখন ওই অফিসের প্রশাসনিক দিকটায় সাধারণ মানুষ আঙুল তুলে তির্যকভাবে প্রশ্ন করবে, কি প্রয়োজন এই অফিসের?
প্রশস্ত অফিসে চেয়ার টেবিলের অভাব পরে নি, অভাব কর্মীর। গমগম করা অফিসটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ভরে থাকে কিছু মধ্যভোগীদের দল। না কোলকাতার প্রতি তাদের কোন দায় নেই। মানু দার বিক্রি বাট্টাও কম নয় সে চা এর লিকার হোক বা ফরেন। 
চার্ণক ভেবেছেন এবার সে সবিনয়ে নিবেদন করবেন কর্মচারীদের সাথে পেটোয়া কিছু সাকরেদ দের নষ্টামীর নির্যাস। 
চার্ণকের চোখে এই অফিসটা অনেকটা জীবাশ্মের মতন। সে খুঁজে পেতে আধুনিক সভ্যতার সাথে অতীতের সেই জীবাশ্মের পার্থক্য খুঁজতে বসে প্রতিদিন কিন্তু নাগাল পায় না।
স্বপ্ন দেখা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি এবং সেটা একেবারেই ব্যাক্তি নিরপেক্ষ। মানস যেদিন এই কর্পোরেশন এ চাকরি পায় তার ইচ্ছা হয়েছিলো একটা দৃষ্টান্ত মূলক কাজ সে তৈরী করে রেখে যাবে। কর্মজীবনের শুরু থেকেই সেই কাজে মন দিয়েছিলো।
এরকম মানসিকতা হবে নাই বা কেনো? যে মাটিতে তার জন্ম সেটা বিদ্যাসাগরের মাটি, সেটা মাতঙ্গীনি হাজরার মাটি। প্রথম জন বাবার হাত ধরে পায়ে হেঁটে কোলকাতায় আসার সময় সংখ্যা শিখেছিলেন আর অন্যজন বুক টান করে মুখ উঁচিয়ে ব্রিটিশ রাজের পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন।
মানসের ইচ্ছা হয়েছে এই পুরানো কোলকাতার সমস্ত স্থাপত্যের একটা ডেটাবেস বানাবে।
না অফিস তাকে কোনো কম্পিউটার দেয় নি। কাজেই এই কাজটা খাতার পাতায় অত্যন্ত সঠিকভাবে সুসজ্জিত করা সহজ ছিলো না। পিছু হাঁটতে শেখেনি মানস। সমস্ত কাজের শেষে কিছুটা সময় সে বরাদ্দ করছে অতীতের ধুলো ঘেঁটে একটা একটা করে পুরানো নথি নতুন খাতায় সন অনুযায়ী ইনডেক্স বানিয়ে লিপিবদ্ধ করা। 
এটা ঠিক খরগোশ আর কচ্ছপের মধ্যে দৌড়ের কম্পিটিশন এর মতন। নীতি কথার নিয়ম মেনে যেমন কচ্ছপ টা প্রথম হয়েছিলো এখানে মানসও প্রথম। অফিসের আদ্যিকালের আলমারি সেজে উঠলো এই আদি কোলকাতার একটা চালচিত্র।
কর্পোরেশন বলে কথা, কাজেই এই স্বচ্ছতা পছন্দের হতে পারে?  কোনো এক সুন্দর সকালে কৃতজ্ঞতা স্বীকার সংক্রান্ত একটা খাম পৌঁছলো মানসের হাতে। একটা স্বর্ণাক্ষরে লেখা শো-কস নোটিশ।
এখানে মানস একজন অভিযুক্ত আসামি। তার বিরুদ্ধে অভিযোগ, নথিপত্রের ইনডেক্স বানানোর নাম করে সে কিছু নথি চুরি করেছে। দূর্ভাগ্যের পিছনে সৌভাগ্য বিচরণ করে এ কথাটা মানুষের মুখেই আমরা শুনে থাকি। এখানেও অন্যথা হয় নি। চুরি যাওয়া একটা নথিও অ্যান্টিক ছিলো না, ছিলো বিগত দশ পনের বছরে কোলকাতায় নির্মিত নানান বেআইনি বাড়ি গুলোর বিরুদ্ধে তৈরী নানান নথি।
মানস কে পাঠানো হলো অন্য একটা দপ্তরে। সেখানের কাজের বহর অনুযায়ী মানসের এখন বছরে ডট পেনের একটা রিফিলও শেষ হয় না। মানস কিন্তু বসে নেই। একদিকে সে খুঁজে চলেছে ওই নথি গুলো হাতালো কে? অন্যদিকে ডিস্টেন্স এডুকেশন এর ছাত্র হিসেবে সে গ্র্যাজুয়েট হয়েছে।
বড় সমস্যায় পরেছেন তার ঊর্ধ্বতন আধিকারিকেরা। তারা বুঝতে পেরেছে যে এই ক্যাসাবিয়াঙ্কার ধৈর্য্যের বাঁধ ভীষণ শক্ত। একে টলানো কঠিন।
এই সমস্ত আধিকারিক গন গু খায় না গন্ধে আর লোহা খায় না শক্তে। তাদের কাছে মানস আর চার্ণক একদম এক গন্ডিতে। 
চার্নক, তার অবস্থান বদলান নি, এটা তার স্বভাবসুলভ। মানস কিন্তু মানুষের পর্যায়ে পৌঁছে গেছে। এই মূহুর্তে চার্নকের ইচ্ছা হয়েছে তার নিজের যুগের সাহিত্যে ফিরে যাওয়ার। গুরুচন্ডালি বিষয়ে সম্যক জ্ঞান গম্যি তার আছে, তা সত্যেও সে এই লেখাটার মধ্যে কিছুটা সাধু বাক্যের সংলাপ লিখতে চায়। যেমন ভাবনা ঠিক তেমন ইমপ্লিমেন্টেশন।
চার্নক শুরু করলো এমন একটা বাক্য দিয়ে যেটা সাহিত্য সম্রাট মহাশয়ের উপন্যাসের উপপাদ্য। সাহিত্য সম্রাট কে বঙ্কিম দা পর্যায়ে তিনি নামিয়ে আনতে চান না, তাই এই বাক্যটিই তার মনে পরেছে। তিনি লিখলেন " আত্মোপকারীকে বনবাসে বিসর্জন করা যাহাদিগের প্রকৃতি, তাহারা চিরকাল আত্মোপকারীকে বনবাসে দিবে—কিন্তু যতবার বনবাসিত করুক না কেন, পরের কাষ্ঠাহরণ করা যাহার স্বভাব, সে পুনর্বার পরের কাষ্ঠাহরণে যাইবে। তুমি অধম – তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?" 
মানস কলি কালের মানুষে উপনিত হওয়ার পুরস্কার হিসাবে পুরানো দপ্তরের নতুন পদে তাকে পুনর্বহাল করেছেন উচ্চ আধিকারিক। মানস বুঝতে শিখেছে উত্তম আর অধমের মাঝখানে মধ্যম হতে পারলেই উত্তম-মধ্যম আঘাত করা সম্ভব। চার্নক জ্বলে থাকুক সত্য যুগের আকাশে শুক্র গ্রহের মতন আর সে থাকতে চায় সামান্য কলঙ্ক নিয়ে চাঁদ মামার মতন। চার্নক কিন্তু এই 'মামা' শব্দের অর্থ এবং তার নির্মল আলো খুব ভালো চেনে।
গ্রহ যেমন সূর্যের চারপাশে ঘোরে, উপগ্রহ ঘোরে গ্রহকে কেন্দ্রে রেখে। দুজনের উজ্জ্বল হওয়ার উৎস এক। সুপ্রভাতে সুজ্জিমামা যখন ওঠেন তখন গ্রহ উপগ্রহ দু জনেই প্রশ্ন করে ঘুম হলো কাল কেমন টি।
এখানেই সঙ্গীতের ব্যবহারিক প্রয়োগ। কোন ছোটোবেলায় সে শুনেছিল এই গানটা।' সুপ্রভাতে সুজ্জিমামা ঘুম হলো কাল কেমন টি।'
সুর, তাল, লয় বোধ মানসের ছোটো থেকেই, শুধু যোগ হয়েছে চার্ণক। তার প্রভাবেই শুরু হয় দিনের শেষে ঘুমের দেশে যাওয়ার আগে এক পাতা লেখা। একটা বুড়ো লিখেছিলেন তোমার খুকি কিচ্ছু বোঝেনা মা। মানসের ইচ্ছা হয়েছে ওখানে খোকা লিখতে। যেমন ইচ্ছা তেমন তার প্রয়োগ। চার্ণক কে উদ্দেশ্য করে সেদিন রাতে সে এক পাতা লিখেছে। সামান্য উপরি পাওনা পকেটে নিয়ে সেদিন তার প্রথম বাড়ি ফেরা। তারপরেই সে লিখেছে তোমার খোকা কিচ্ছু বোঝেনা মা, তোমার খোকা বড্ড ছেলেমানুষ।
সেদিন রাতে মানসের ইস্তিরির হাসি দেখে কে?
এ যেন চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।
এই কম্প্রোমাইজ বড়ো অসহ্য লাগে মানসের। আজকাল মানু দা দুপুরে কোনো দিন চিকেন কষা আর বাটার টোষ্ট দিয়ে যায়, কোনোদিন চিকেন স্টু আর সেঁকা পাউরুটি। 
মানসের মনে পরে যায় কালিদাসের কথা। সে এই সরল বাক্য শুনেছিল চার্ণকের রসিকতায়।
চার্ণক কোনো একদিন কোনো এক কথার ছলে বলেছিলেন ' নেই তাই খাও, থাকলে কোথায় পেতে?'
সেই রাতে মানস একটা স্বপ্ন দেখলো। দেখলো ভূমিকম্প শুরু হয়েছে, স্ত্রী, কন্যাকে নিয়ে রাস্তায় পৌঁছেছে সে, আর গোটা বাড়িটা ধূলোয় মিশে গেছে।
এই স্বপ্ন দেখার একটা সাইকিয়াট্রিস্ট ব্যাখ্যা আছে। চেতন মন যা ভাবছে, অবচেতন মন তাকে স্টোর করছে। যখন ঘুম পায় তখন সজাগ হয় ওই অবচেতন মন। সেখানে চলতে থাকে নানান সংঘর্ষ। মন যা মানতে পারে না অবচেতন মনও ঠিক তেমন।
আসলে একটা মানুষের একটাই তো ব্রেইন। সে ভাবে, সে ভাবায়, সে সিদ্ধান্ত নেয় কখনো ঘুমন্ত কখনো জাগ্রত অবস্থায়।
ফ্যাসাদটা ঠিক এখানেই। না হলে কেন এমন স্বপ্ন?
বাস্তবতার কোন খাদে বা শিখরে সে পৌঁছেছে সেটা তার মস্তিষ্কে ঘুরঘুর করছে। কখনো বলছে মেনে নাও, কখনো বলছে মেনে নিলে?
চার্ণক নৌকা নিয়ে সমুদ্র পার করতে অভ্যস্ত। ঢেউ গোনা তার অভ্যাস। তিনি এ সব বোঝেন। তিনি জানেন এরপর মানস মদাসক্ত হবে। তারপর?
না, তার আর পর নেই নেই কোনো ঠিকানা 
যা কিছু হারিয়ে গেছে যাক ভেঙে যাক না।
সত্যিই তাই। ভাঙনের তীরে ঘর বাঁধা একটা অনর্থক বিষয়। অবচেতন মন এজন্যই তার গোটা বাড়িটা ধূলোয় মিশে যেতে দেখেছে।
শরীরে যখন বিছুটি পাতা ঘুরেফিরে আসে তখন শরীর কে বাঁচানোর জন্য কিছু থাকে না। দিন রাত অবসর সবটায় তখন নিজের হাতের আঙুল গুলো থাকে আর থাকে ব্রেইন।
এই প্রথম মানস বুঝলো যে দেবতা তার পায়ে এসে পরেছে সে লক্ষ্মী নয়। সে বুঝতে পেরেছে লক্ষ্মীর পাঁচালির শেষ কথা।
যে অর্থে সে সমৃদ্ধ হতে চলেছে সেটা আগামী দিনে রসনার তৃপ্তির স্বার্থে অখাদ্য খাওয়ার অভ্যাস হয়ে পরবে।
মানস সত্যিই মানুষ হতে চায়।
মানস গলা ছেড়ে গান গায়, কৃপা কর করুণাময় বেলা তো ফুরায়ে যায়। চার্ণক শুধু হাসে। তার ইচ্ছা হয় জীবন ভর স্ট্যাটিকাল ইকুইলিব্রাম এর অঙ্ক কষার ইতিহাস কি ভুল হতে পারে? এক একটা স্তম্ভের মাথায় কতটা ওজন সহজ যোগ্য এই অঙ্কই সে কষে গেছে। তার উদ্দেশ্য ছিলো একটা কোনো স্তম্ভের ঘাড় না মটকে যায় তা সে রেইনফোর্সড কংক্রিট হোক অথবা ২০৬ টা হাড় নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষ'ই হোক। মানসের সত্যিকারের মানুষ হয়ে ওঠার পিছনে সেই  স্ট্যাটিকাল ইকুইলিব্রাম এর ছায়াই সে দেখতে পায়। মনে মনে খুব আনন্দ হয় কিন্তু প্রকাশ করা হয়ে ওঠে না। সে তার নৌকোয় পাল লাগিয়ে হাওয়ার অভিমুখে অথবা স্রোতের অনুকূলে খড় কুটোর মতন ভেসে যেতে চায় না। সে কঠোর পরিশ্রমের মধ্যে দাঁড় বেয়ে চলা এক নাবিক। সম্বল বলতে একটা চুম্বক আর একটা ধ্রুবতারা।
মানু দা আজকাল আর ভালো মন্দ রান্না বিচারের লোক পায় না। এই কয়েক মাস আগেও যে চাখতো সে এখন আর চাখতে চায় না।
কথায় আছে না পঞ্চ ইন্দ্রিয়ে ভগবানও ভূত সেই পর্যায়ের সাথে মিলিয়ে যাওয়া মানুষ এখন এই মানস।
লোক সমাগমের সাথে থেকে মানুদা অনেক চিত্রাঙ্গদা দেখেছেন। তিনি বুঝতে পারেন হেমাঙ্গী সঙ্গিনীর সাথে রাজসভায় এখন আর চিত্রাঙ্গদা আসে না। চিত্র বদলেছে। চিত্র বিচিত্র হয়েছে।
সেদিন বাটার টোষ্ট আর চিকেন স্টু নিয়ে সে এসেছিল মানসের টেবিলে। ফিরিয়ে দিয়েছে। বলেছে রুটি আর আলুভাজা দিয়েছে তার ইস্তিরি।
পরে আরো একদিন সে এনেছিল হাতে সেঁকা রুটি আর ডবল ডিমের মামলেট। মানস হেসে বললো আজ ছোলা মটর সিদ্ধ আর মুড়ি দিয়েছে গিন্নী, সাথে একটা গোটা শশা, গোটা পেঁয়াজও দিয়েছে। বলেছে একটা কাঁচা লঙ্কা দিবি?
লঙ্কাটা হাতে নিয়ে সে বলেছে, এক কাপ লাল চা দিস চিনি ছাড়া। পকেট থেকে একটা দশ টাকার নোট বার করে সে বলেছে, এটা রাখ। এর পর থেকেই মানুদা আর কোনো খাবার আনে না। টিফিনের সময় সে পৌঁছে যায় মানসের টেবিলের পাশে। কোনোদিন একটুকরো রুটি, কোনোদিন একমুঠো মুড়ি মুখে নিয়ে সে দু কাপ চিনি ছাড়া চা নিয়ে আসে। মানস যেমন চোখ মেলে দেখে মানুদাও তাকিয়ে থাকে তার দিকে।
ভবিতব্য এটাই মানুদা এখন শুধু চিনি ছাড়া চা বিক্রি করে। কখনো বিক্রি হয় কখনো হয় না। অন্য কেউ অন্য কোনো কথা বললে সে মনে মনে আওড়ায়  আপনাদের দেখে যা শিখেছিলাম সেটা ভুলে গেছি।
মানসের চাকরির মেয়াদ শেষ হয়েছে। একটা স্থল পদ্ম ফুলের তোরা এনেছেন মানু দা। অন্যেরা যারা যা এনেছেন সেটা অনেকটা ময়ূরের পালকের মতন।
শেষ লব্জে একটা সুন্দর কথা বলেছিলো মানস। সে বলেছে , আমি শতাব্দী প্রাচীন হয়ে বেঁচে থাকতে চাই। এই আধুনিকতার সাথে আমি অনুপযোগী। চেয়েছিলাম ময়ূর পুচ্ছ, চেয়েছিলাম মাধবীলতা হতে।
পারি নি।
থাক সে সব অতীত নিয়ে আর ব্যাখ্যা।
ভালো আছি ইস্তিরি আর সন্তান এর সাথে,
সন্তান না হয় বাড়ুক শুধু দুধে ভাতে।
এর পর আর মানু দা তার দোকান খোলে নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন