' কোথায় ডাকে দোয়েল-শ্যামা
ফিঙে গাছে গাছে নাচে?
কোথায় জলে মরাল চলে
মরালী তার পাছে পাছে?
এই কাব্য ভুলতে হবে আজ আমাদের?
অথবা মধু কবির,
"সতত হে নদ তুমি পড় মোর মনে!
সতত তোমার কথা ভাবি এ বিরলে..."
এই কাব্যও জীবন থেকে বাদ দিতে হবে?
আরো একটা লেখা মনে পরছে, সেটা জীবনানন্দের।
"আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়,
হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে
.... আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে।"
ভাবতে মনটা বিষন্ন হয় না?
হয় হয় কিন্তু.... থাক সেই সব কথা।
সন ১৯০৫ সাল। ব্যবচ্ছেদ একটা দেহের। সে দেহ রক্তহীন স্থবির।
সে কথা বলতে পারে না। সে মূক ও বধির।
সে কাঁদতে শেখে নি। সে সদা থাকে আনন্দে।
শরীরে তার পদ্ম ফোটে, মাছ খেলে বেড়ায় , মাছরাঙা একমনে বসে থাকে কাঠির উপরে।
শরীরে তার কোদালের আঘাত লাগে, কিন্তু কি আনন্দ এই আঘাতের। সে হাসে। আসলে সে দেখতে চায় ওই সামান্য আঘাত সেরে ওঠার সাথে সাথেই হাওয়ায় দোল খাওয়া সবুজের দল। সে দেখতে পায় বাবুইয়ের দল ঝাঁক বেঁধে আসে, ভাদ্রের শেষে ঠোঁটের বুনুনির ছোট্ট সেই বাসা।
সে ঘ্রাণ পায় নাক উঁচিয়ে বর্ষার শেষে পাকা ধানের।
সত্যি কথা বলছি এটাই ছিল আমাদের বঙ্গদেশ।
তবে এই বঙ্গদেশ ভঙ্গই থেকে গেছে। যে বৃটিশ দ্বিখন্ডিত করেছিল তাকে জোড়া লাগানোর কোনো চেষ্টাই হয় নি। উপরন্তু অর্ধ বঙ্গে অসংখ্য অশীতিপর রাজনৈতিক ব্যক্তিত্ব সপাটে কথায় কথায় কৃতিত্বের কথা বলেন। তারা বলেন এই বাংলাকে তারাই রক্ষা করছেন।
শুনতে একটু খারাপ লাগতে পারে তবে এই বাক্যটি অত্যন্ত খাসা। কথায় আছে না " বলদের গো বধে আনন্দ " ?
এই কথা অক্ষরে অক্ষরে আজকে সত্যি।
একটু ভাবতে বলবো রাজনীতির ব্যবসায়ীদের। ব্যবসা শব্দটা রাজনীতির শব্দের পাশে বে মানান হলেও আজকে এই কথাটাই সত্য।
এখানে শোক, ইমোশন, ভাষা, ভ্রাতৃত্ব, শিক্ষা, সংস্কৃতি সব কিছু ত্যাজ্য।একদল মানুষ ধর্মের অজুহাত দেখান, অন্যদল বৃহত্তর উন্নত ভাষাকে স্বীকৃতি দিতে পিছিয়ে যান।
একদল শিক্ষা, বুদ্ধিবৃত্তির কাছে ভীত সন্ত্রস্ত, অন্যজন সৎ, সংগ্রামী, সহজাত বাঙালির অস্মিতা কে ভয় পায়।
আর এই আমরা?
আমরা বুঝতে পারি শ্রীকৃষ্ণের সেই জরাসন্ধ বধের উপমার কথা।
জরাসন্ধ কে আড়াআড়ি দুভাগ করার পরে যখন সে উঠে দাঁড়িয়ে ভীম কে পর্যদুস্ত করছেন এবং অতঃপর ভীমের পরাজয় শুধু সময় নিরপেক্ষ ঠিক তখন তার সেই ভয়ঙ্কর ইঙ্গিত।
সত্যিই সেদিন জরাসন্ধ মারা গেছিলেন কোন এক কপটতার কারনে। সত্যিই কি জরাসন্ধরা মরে?
না মরে না।
একটা উন্নত জাতি কে এভাবে পরাস্ত করা যায় না, প্রকৃতি আজকেও সেই একই কথা বলে।
অর্ধবঙ্গ সামলাতে বিভাজিত দুটো দেশই জেরবার। একটা দেশ বঙ্গ বিপর্যয়ে খাদ্যহারা অন্যটা এই দ্বিসহস্রাব্দে পৌঁছেও ধর্মীয় বজ্জাতি কে পাথেয় করে, দ্বিজাতি তত্ত্বের ঘোল খাইয়েও ওই মৃত জরাসন্ধের দিকে হাঁ করে তাকিয়ে থাকে।
ভয় হয় দুই বাংলার দুখন্ড শরীর কোনো এক দুর্বিপাকে পরে যদি দু পায়ে উঠে দাড়ায়?
তাদের ভয় হয় দোয়েল, শ্যামা, কাক, বক, মাছরাঙা অথবা ওই সুন্দরী গাছের জঙ্গলে ডোরাকাটা বাঘ গুলো যদি একসাথে ঝাঁপিয়ে পরে?
ভয় হয় যদি ওপারের সোনালী পাট এপারের পাটকলের প্রাণ ফিরিয়ে দেয়। ভয় পায় যদি গোটা বাঙালি জাতি উচ্চস্বরে চিৎকার করে বলে ওঠে " সবার উপরে মানুষ সত্য তাহার উপরে না।"
গঙ্গা, পদ্মা অনেক জল বয়ে আনে এই বাঙালির জীবনে। রাজনীতির কারবারিরা সেই স্রোতের খবর রাখেন না। নানান ধর্মের বাঁধ তার গতিরুদ্ধ করে চলেছে অনন্ত সময় ধরে। তারা জানেন না সমস্ত বাঁধ ভাঙার জন্য এই বাংলায় একটা চন্ডিদাস ই যথেষ্ট।
চন্ডাশোক একদিন ধর্মাশোক হয়েছিলেন মানবতার কাছে পরাজিত হয়ে। বাঙালির মানবতা বোধ একদিন আবার চন্ডিদাস এর পথেই অখন্ড বিশ্বের এই স্বপ্ন পূরণ করবেন এবিষয়ে এই জাতি নিশ্চিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন