:বিষাদের শেষেও আকাশ ছিল নিশ্চুপ:
:১:
ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে যেদিন ওরা এ পাড়ায় আসে সেদিন থেকে ওদের চিনি। ওরা বড় গরীব। ওর বাবা সনাতন রাস্তার পাশে বসে প্যাকেট দুধ, দই, পনির, ঘি আরো যত সব দুগ্ধজাত সামগ্রী বিক্রি করতো। সকালে ছ'টার কিছু আগে আর বিকেলে চারটের পরেই পসরা সাজিয়ে বসতো বাজারের সামনের ফুটপাতে। কখনো কখনো বিকেলের দোকানদারিতে যোগ দিত তার সবেমাত্র বড় হয়ে ওঠা ছেলে শ্রীমান।
সনাতনের মুখেই শোনা ওর ছেলেটা পড়াশুনো, খেলাধুলো সব ব্যাপারেই খুব চৌকস। ওনার গিন্নিকে কখনো দেখা যেত না। শুনতাম ছেলের পড়া-পাঠ সমস্তই ছেলের মা দেখেন।
প্রতিদিন অফিস থেকে ফেরার সময় দুধ কিনতাম। কখনো দু'দন্ড দাঁড়িয়ে ছেলের পড়াশুনোর খবর নিতাম; উনি চা আনাতেন, আমি সিগারেট দিতাম, আরো নানা ধরনের কথা শুনতাম ওনার কাছে।
এরকমই একদিন বললেন, তার কোনো এক কাষ্টমার আত্মহত্যা করেছে। বাচ্চাটা একেবারে ছোটো। একদিন শোনালেন প্রচন্ড গরমে এইখানে ডিউটি করা ট্রাফিক পুলিশের গরম থেকে বাঁচতে পাশের গলিতে বসে গাঁজা টানার গল্প, শুনলাম শববাহী গাড়িতে চাপা পরে বাজারে ঘুরে বেড়াতো যে ষাঁড়টা ওটা আজ মারা পরেছে, এরকম যতেক সব রোজনামচা।
আজকাল তার মুখে একটা বড় শান্তির ছাপ। শ্রীমান জয়েন্ট এন্ট্রান্সে পাশ করেছে। এবার ইঞ্জিনিয়ারিং পড়বে। সেদিন ওনার গিন্নিও ছিলেন দোকানে, এই আমাদের মতন পরিচিতদের মুখে মিষ্টি তুলে দেওয়ার জন্যে।
দিনগুলো এভাবেই চলছিলো। তবে বেশিদিন তা স্থায়ী হলো না। পৃথিবীর ঘূর্ণন এর সাথে সাথে শেষ হলো আরো বছর কয়েক। তার ছেলের এটা ফাইনাল ইয়ার। কয়েক মাসের অপেক্ষা ছেলের ইঞ্জিনিয়ার হয়ে ফিরে আসার।
তবে শ্রীমানের সাথে তার আর দেখা হলো না। প্রতিদিনের মতন সেদিনও সকাল হয়েছিলো। তিনি সবেমাত্র পসরা সাজাতে শুরু করেছেন। সেই সূর্যের সামনেই কোনো এক সব্জী বোঝাই গাড়ি উঠে পরলো তার শরীরের উপর। সনাতন মৃত হলেন।
আশপাশের দোকানিদের মুখে শুনেছি মৃত্যুর মুহুর্তে তিনি বলছিলেন, মরতে তার আজ কোনো দুঃখ নেই। ছেলে তার ইঞ্জিনিয়ার হয়ে ফিরেছে।
:২:
ভেবেছিলাম এই দোকাটা আর বসবে না। কিন্তু তা হলো না। তার গিন্নি, জবা'দি নিজের হাতেই শুরু করলেন চলে যাওয়া সনাতন বাবুর সাজিয়ে তোলা সেই পসরা। সেখানে দুধ কিনতে এলে, দিদি বলতেন নিয়তিকে মেনে নিতেই হয়। আমি বললাম ছেলে এখন কি করছে? বললেন সরকারি চাকরির পড়াশোনা করতে বলেছি ওকে। সকালে দশটার পর বাড়ি ফিরে রান্নাবান্না সেরে মা-বেটা একসাথে বসি। যদিও ও বলে, মা বিকেলটা নাহয় আমিই চালালাম। জবার মন চায় নি। পাছে পড়াশোনার ক্ষতি হয়।
বছর ঘুরলো না। শ্রীমান চাকরি পেয়ে গেলো তবে সরকারি নয়। আসলে এক্সপেরিয়েন্স হওয়া খুব জরুরী তাই মাঝারি বেতনের চাকরিটা ও ছাড়তে চায় নি।
ঘুরলো আরো একটা বছর। শ্রীমান সরকারী দপ্তরের ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলো। সেদিন জবাদির আনন্দ দেখে কে? তবে দোকানদারিতে দাঁড়ি টানলেন না।
আমি একদিন বললাম, দিদি আর কেনো এত কষ্ট করছেন। উত্তরে শুধু বললেন ঘরে একটা বউমা আনি তারপর এসব গোটাবো। ছেলে চাকরিতে চলে যাওয়ার পর সময় কাটাবো কি করে? উনি থাকলে তবু কথা বলার লোক পেতাম, তা যখন হলো না, বউমা আসুক।
সময়ের গতিতেই শ্রীমান চলছিল। মায়ের কথাগুলো খুব মনে ধরলো। যথা সময়ে ঘরে নিয়ে এলো বৌমাকে এক অনাড়াম্বর উৎসবে। একে একে মাও ছেড়ে দিলো রোজকারের পসরা সাজানো। সন্ধ্যের পর তিনজনের একসাথে বসে কথাবলা, নিত্যনতুন রান্নার আড়ম্বর, এ যেন এক সুখী জীবনের হাতছানি এসেছে আজকের এই সায়াহ্নে।
বেশীদিন স্থায়ী হলো না এসব। সেদিন রাস্তার পাশে নতুন করে পসরা সাজিয়ে বসে থাকা দেখে জবাদিকে স্বাভাবিক চিন্তায় যা আসে সে কথা ভেবেই বললাম দিদি কি হয়েছে? তিনি কোনো উত্তর দিলেন না। বললাম একালের ছেলেমেয়েরা মনে হয় এমনই হয়। একথা শুনেও চুপ করে থাকলেন। শেষে বাঁধ ভাঙলো। আক্ষেপের সাথে যখন হাঁটতে শুরু করতে চলেছি তখন তার দু'চোখ জলে ভরা। চোখ মুছে বললেন, ভগবান তুষ্ট হননি ওনাকে নিয়ে গিয়ে। ছেলেটাকেও নিয়ে গেলো।
আমি থম মেরে দাঁড়িয়ে পরলাম। প্রশ্ন করা বা কথা বলার মতন শক্তি ছিলোনা আমার। তিনিই বললেন।
বললেন সেদিন ও খান্ডুয়া থেকে বোম্বাই মেলে চড়ে বাড়ি ফিরছিলো। কামরায় উঠেছিলো পুলিশের উর্দী পরা কয়েক জন এক্সট্রিমিষ্ট। মেয়েদের সাথে অভব্য আচরণ দেখে ও মানতে পারেনি।
প্রতিবাদ করেছিলো।
ওরা ওকে গুলি করে ট্রেন থেকে নিচে ফেলে দেয়। প্রায় তিনদিন পর আর পি এফ এর মর্গে ওকে খুঁজে পাই।
বললাম তারপর?
বললেন রেখে যাওয়া নাতিটাকে তো পড়াশোনা করাতে হবে। আর বউটার যা বয়েস......।
তাই আবার সেই পুরোনো পথেই ফিরে এলাম। আপনারা তো আছেন।
চোখে জল এলো। কষ্ট করে সামলে চললাম পুরোনো দিনের মতন ওই দুধের প্যাকেটটা হাতে করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন