শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

আজকে শুধুই ন‍্যারেটিভ নিয়ে থাকতে চেয়েছিলাম


আজকে শুধুই ন‍্যারেটিভ নিয়ে থাকতে চেয়েছিলাম

আজকে শুধু ন্যারেটিভ নিয়ে থাকবো। গল্পের একটা অংশ হিসেবে ন্যারেটিভ এর স্থান। আজকে ঘড়ি উল্টো দিক দিয়ে ঘুরবে।

এই প্রচন্ড গরমে পেঁপে গাছে পেঁপে পাকলো সময়ের আগে। বসন্তে আসা কোকিলা-কোকিল ঘরে ফেরে নি। ফেরেনি নয়, ফেরা হয়নি। ওরা দুজনে কুজনে কুজনে ওই পাকা পেঁপে পেয়ে কৃতার্থ। 

প্রথমে ঠোকরায় স্বাদ বুঝে নিতে। গাছে ঝুলে থাকা সকলেরই রং দুধে-আলতায়। স্বাদ বুঝে ভাগ করে খায়। ওই খেয়ে যাওয়া পেঁপেটা পেড়ে এনে ছাড়িয়ে কুঁচিয়ে বিট নুন দিয়ে মেখে নেই।

চলে যাই অন সপ এর সামনে। খুঁজে পাই কতিপয় পরিচিত মুখ। যারা প্রকৃতই বাংলা এবং বাঙালি। এই লবণাক্ত সুমিষ্ট লিভার রক্ষক ফল পেয়ে তারা খুশি হয়। চলে বাংলা আর বাংলা।

লাড্ডু গুড়ের বাংলা গিলে টানা রিক্সায় চেপে শক্তি নাকি বাড়ি ফিরতো। ভাবতেও ভালো লাগে শক্তির আবার বাড়ি। ফুটপাতের পাসে পরে থাকা জঞ্জালের স্তুপে বসে যিনি কাব্যিক তাঁর আবার ঘর ও সংসার। শেষে যে বাড়ির দরজায় কড়া নাড়লো সেটা সোনাগাছির কোনো এক বাড়ি। লাঠি হাতে কোনো এক জাম্বুবান কাঁধে চাপিয়ে নিয়ে গেলো অন্দরে। যে মহিলা দেহ ব্যবসা করে সে কিনতে পাঠালো বাংলা। অশক্ত তখন শক্তিতে ভর করে শুরু করলো পুনর্বার।

যেদিন দেহ রাখলেন সেদিন ফুল নেই ফুলের বাজারে। গোলাপবাগে পাতা ঝড়া গোলাপ গাছ, লতানো জুঁই লতার আড়ালে ফুল গুলো ঢেকে রেখেছে। ভেবেছে কোনো এক প্রেমিক-প্রেমিকা আসবে ছোটো ছোটো জুঁইয়ের মালা কিনতে। 

ওরা এলো ঠিকই তবে সেদিন জুঁইয়ে মালা মাথায় বাঁধলো না। শক্তি নেই না?

প্রেমের বন্ধন ছিঁড়ে গেছে। শ্মশানের পথে চলতে চলতে চোখ যেন আর বাঁধ মানে না।

সেদিন বারদুয়ারীতে ড্রাই ডে।  

পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে একথাও যেন পুষ্পের বনরাজি বুঝে ফেলেছে।

এ যেন সেই ভোর, যে ভোরে ফাঁসুরে নাটা মল্লিক না জেনে না বুঝে মাষ্টারদার গলায় ফাঁস দিয়েছিলো। 

এ যেনো সেই কাক ভোরে বাংলার মানুষের চোখের জলে মহানন্দায় জল বেড়েছিলো।

এ যেন সিরাজের গোলাপ বাগের শেষ রজনী।

বলেছিলাম আজ একটু শুধু একটু ন্যারেটিভ লিখবো। মনে হয় সেটা হয়নি।

জানি না কবে পারবো শুধু ন্যারেটিভ লিখতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন