আর এক পাও হাঁটবে না
:১:
এটা একটা মেয়েদের স্কুল। নাম শ্যামাসুন্দরী বিদ্যামন্দির। পাশেই শান্তিসংঘ ব্যায়াম সমিতি। পূজোর ক-মাস আগে এখানে উঠতি ছেলেদের ভীড় বাড়ে। পূজোর জন্যে শরীর বানানো। ভালো পোষাক পরে মেয়েদের দৃষ্টি করার প্রচেষ্টা। স্কুলের পাশ দিয়ে একটা চওড়া গলি। তবে গাড়ি চলে না এই গলিতে। এই গলিটা শেষ হয়েছে পচা পুকুরের পারে। সেখানে আবার সাপ, ব্যাঙ আর ভাম বিড়ালের আড্ডা।
একদিন ওই পচা পুকুরের গলিতে পা রাখলাম। ওখানে ইন্দ্রনীল এর বাড়ি। ওর বাবা বাড়ি করেছে ওই পচা পুকুরের ধারে। দিনটা ছিলো রবিবার। স্কুল কলেজ ছুটি। ইন্দ্রনীল প্রেসিডেন্সিতে পড়ে। ও রেডিও ফিজিক্স পড়ছে আর আমি ম্যাথ্যামেটিক্স।
ওর বাড়িতে কলিংবেল বাজালাম। ওর বাবা এলো দরজা খুলতে। এক মুখ হাসি দিয়ে বললো পড়াশুনো কেমন চলছে? অন্যদিকে তাকিয়ে বললাম ওই চলছে। কথা শুনে রাগ করলেন। বললেন চলার অভিমুখটা বলবি? ভয়ে ভয়ে বললাম আসলে একদম একা পরে গেছি কাকু। একা একা পড়া যায় না, তাই এলাম। বললেন তোকে কিছু বলার নেই। ইন্দ্র ততক্ষণে বাইরে এসে পরেছে। বললো বাবা আমি কথা বলার আগেই তুমি? দেখো এরপর আর কেউ আসবে না এই পচা পুকুরের পারে। তিনি কিছু না বলেই চলে গেলেন, কিছু পরে আবার এলেন কিনে আনা সিঙারা আর মুড়ি নিয়ে। আমি কাকুকে প্রণাম করলাম। বললাম আমাকেই তো বলতে পারতেন। দুজনেই না হয় যেতাম।
আমরা তিনজন বসলাম গল্প আর সিঙারা মুড়ি নিয়ে। ইন্দ্রর মা নেই। তিনি যখন গত হন তখন ইন্দ্র ক্লাস এইটে পড়ে।
:২:
ইন্দ্রর চোখের চশমার কাঁচটা খুব মোটা। কাঁচের ভিতরে যে চোখটা দেখা যায় সেটা গলগন্ড রোগীর গলার মতন। সন্ধ্যার পর দুজনে কথা বলতে বলতে হাটছিলাম পুকুর পার ধরে। ওটা তখন নামেই পুকুর। পুকুর ভরা জমিটা জঙ্গলে ভরে আছে। ভামবিড়ালের সাথে কতিপয় শিয়ালও জুটেছে। এই পুকুরের অদূরেই বেহালা ফ্লায়িং ক্লাব। সেখানেও মানুষের বসতি বেড়েছে। দলছুট শিয়াল গুলো এখন এই ভরা পুকুরের কাছে আশ্রয় নিয়েছে।
আরো অনেকেই আসে এখানে। তারা আমাদের মতন একা নয়। এই এক থেকে দুই আমাদের হয়ে ওঠা হয়নি, মনে মনে যা'ই থাকুক।
এই ফিজিক্স আর ম্যাথ্যামেটিক্স এর পাশে সামান্য দু-চার কথাও সেদিন হয়েছিলো। আমাদের সাথে আরো বাকি যে দুজন, তারা তখন অন্য কোনোখানে অন্ধকারে হয়তো ঘুরে বেড়াচ্ছে। এমনও হতে পারে, এই পচা পুকুরের পাশেই হয়তো বেশ আছে অন্য কারোর হাতে হাত ধরে।
থাক এসব কথা।
:৩:
আসলে এই পচা পুকুরের পাড় দিয়ে যে রাস্তাটা আজ তৈরী হয়েছে ওটা মিলেছে ইউনিক পার্কে।
সত্যিই ইউনিক। ওখানে বসন্তে কাকের বাসায় কোকিল ডিম পারে।
কোনো এক বসন্তের দুপুরে আমি আর লিয়া আড্ডা দিতে গেছিলাম।
বললো এই জঙ্গলে হারিয়ে গেলে হবে?
ওর ইচ্ছে ছিলো নন্দন আর একাডেমি।
বললাম ওটা কৃত্রিম।
বললো ওটাই আমাদের জন্যে। বেজায় বিরক্ত হলাম। বললাম খুঁজে আন দাঁড়িওয়ালা, শান্তনিকেতনী ব্যাগ কাঁধে নেওয়া কোনো কাউকে। আমি ও দলে নেই।
সেই প্রথম বুঝলাম জীবনের সাথে যৌবনের পার্থক্য। বুঝলাম জীবনের সমীকরণ। বুঝলাম এই সমীকরণ গণিতের মতন গতিতে চলে না।
এজন্যেই কিছু পাওয়া হয়নি।
ইন্দ্রনীল এই সামান্য বিষয়টা জানে। সামান্য বলছি এজন্যে ও জানে আমি যোগ-বিয়োগ দুটোই বুঝি গানিতিক ভাবে।
আমার কাছে এটা যৌবনের প্রথম অঙ্ক ।
গণিত অনেক সহজ কথা খুব জটিল ভাবে প্রকাশ করতে পারে। এজন্যেই মনে হয় প্রেম-পরিণয় ইত্যাদি বিষয়টা শুরুতেই শেষ হয়েছে।
আর ইন্দ্রনীল?
ইন্দ্র কোনোদিনই আসেনি এই পরিসরে। ওর ওই পদার্থ বিদ্যে ওকে অপদার্থ রেখে গেছে।
তবে ওর কাঁচের নিচে থাকা বড়ো বড়ো চোখ সে কথা বলে না।
যা বলে সে কথার উত্তর দেওয়ার কেউ নেই।
:৪:
সেদিন আড্ডাটা একটু দেরিতেই শেষ হলো। হাঁটা পথে বাসষ্টপে যখন পৌঁছলাম, ঘড়িতে এগারোটা বেজে গেছে।
বাড়ি ফিরতে রাত বারোটা গড়ালো।
মা বললো অনেকদিন পর এতো রাত করে ফিরলি। তুই কি তিমিরবাবুর কাছে গিয়েছিলি?
তিমির বাবু আমার গনিতের শিক্ষক।
বললাম না।
বললাম অনেক দিন পর আজ ইন্দ্রনীলের বাড়িতে গেলাম। ওর বাবা সিঙারা-মুড়ি খাওয়ালো। আড্ডায় ছিলেন উনি। শুধু পড়া আর পড়া। এছাড়া যেন ওনার কিছু জানার নেই।
তারপর গেলাম একটা প্রেম নগরে। সেখানে যেন রাধা-কৃষ্ণের ছড়াছড়ি।
ইন্দ্র আর আমি ওখানে ঠিক আকাশের গ্রহ-নক্ষত্রের মতন। আমাদের কে ছোঁবে।
মা বললো ওর তো মা নেই।
বললাম, না আছে।
বললেন ওর বাবা আবার বিয়ে করেছে? কই কখনো তুই বলিসনি তো।
বললাম এ কেমন বলছো? মা মারা গেলে বাবা কি মা-এর শূন্যতা পূরণ করতে পারে না?
মুখটা মলিন হলো। মা আর কিছু বললো না।
শেষ রাতে খেয়ে ওঠার পর মা বললো, আমি কিন্তু এ কথা বলতে চাইনি।
ওই একটা আঁচল আছে না? তাতে তারা চোখ মোছেন ও মুছিয়ে দেন।
এই রাত শেষে সেদিন সেটাই হলো।
একদিকে মা আর তার পাশে এই আমি। দুজনের চোখের জলের ভাব যা'ই হোক ভাষাটা একেবারেই এক লয়েই।
পরদিন আমার সকাল হলো একটু দেরিতে। একসাথে বসে চা খাওয়া হলো না।
মা বললো আজ কলেজ যাওয়াটা বাদ দে। দুপুরে একসাথে বসবো খাবার টেবিলে।
আমি কলেজের ক্লাস বাদ দিলাম।
:৫:
স্কুল কলেজের পরিধিটা খুব ছোটো। গোটা জীবনের নিরিখে এটা একটা বিন্দুর মতন। গণিতের ভাষায় তার ব্যাসার্ধ থাকলেও এই জীবনের পরিমন্ডলে তাকে খুঁজে পাওয়া দায়। সে কখন শুরু হয়েছিল তা যেমন না বোঝাকালে শেষটাও ঠিক সেরকমই। এর পরের জীবনটা বিন্দু থেকে বৃত্তে পৌঁছয়। বিন্দুর পরিসরে থাকা বন্ধুরা থাকে না এই বৃত্তে। সেখানে সকাল সন্ধ্যে ছুটে বেড়ানো, সাথে নানান সামাজিক অভিঘাত।
ওই বিন্দু পরিসরের অভিন্ন হৃদয়গুলো তখন খন্ডিতাংশ। এক খন্ড এ রাজ্যে তো অন্যটা ভিন দেশে। এখানেই ব্যবহারিক জীবনের সমৃদ্ধি। কোনো কোনো মানুষ আবার একেই সুখ বলে শান্তি পায়। যদিও আমার কখনোই এমন মনে হয়নি বরং বারবার খুঁজে ফিরেছি নিজের ওই ছাত্রজীবনকে। হয়তো ফিরে পাওয়া যায় না, তবে ওই বিন্দুর মতন সূক্ষ্ম অংশের যে সুখস্মৃতি তা অতি দুর্লভ একথা জীবনের প্রতিটা প্রতিপাদ্যেই উপলব্ধি করি। কখনো ইচ্ছে হয় না হয় ছুটে যাই ফেলে আসা বেঞ্চের কাছে যেখানে পাশাপাশি বসে আমি, ইন্দ্র, শ্যামল, সাকিল আরো কত কে? যেদিন দলবেঁধে সকলে গেলাম সেখানে বেঞ্চের অভিব্যাক্তিতে মনে হল ও আমাদের দিকে উপহাসের হাসিতে তাকিয়ে আছে।
না চায়ের দোকানের বেঞ্চ আমাদের এভাবে উপহাস করে না কখনো।
:৬:
ইন্দ্র এখন এন আর আই। ও থাকে সামান্য সূর্য ওঠার দেশ নরওয়েতে। ও সাইনটিস্ট। সাকিল ওর পরিবারগত গুনে সমৃদ্ধ। বাবা-কাকা যে সম্মান পাননি, ও পেয়েছে। একটা কাঠ পেন্সিল হাতে পেলে ও জগৎ সংসার দেখাতে পারে সাদা কালো রংয়ে। এখন এক প্রথম শ্রেণীর পত্রিকায় ও ফটোগ্রাফির সাব এডিটর। শ্যামল অর্থশালী পরিবারের সন্তান। উড়িষ্যা থেকে ফার্মাকোলজি নিয়ে মাস্টার্স করেছে। ভেবেছিলো ওষুধ-বিষুধ নিয়ে করে খাবে। তা হয়নি। আমতলা হাটের চারমাথায় ওর এফ এল অফ সপ। প্রেমিক, বিরহী, মাতাল, মস্তান, পুলিশ, ভদ্রলোক সবাই আসেন এ দোকানে। ও টাকা গোনার পরে ক্রেতাদের মুখ গুলো ভাবে আর হাসে। জীবনে এক সিপ খেতে ইচ্ছে হয়নি ওর। আমার পানাসক্তি দেখে বলেছিলো কোন স্বাদে খাস?
বললাম আমার ক্ষুদ্রান্ত্র চিবিয়ে লালায় চটচটে খাবার পছন্দ করে না। ওখানে বাইল জুস সহ আরো কত অ্যাসিডের ছ্যাঁকা খেয়ে গলে যাওয়ার পর এখানে আসা খাদ্য তার পছন্দের নয়। বরং ওই সব হয়ে যাওয়ার পর যে নির্যাস তৈরী হয় সেটাই ওর পছন্দের। গোটা বিষয়টা বুঝলেও মানলো অনেক ভাবনার পরে। বললো পাছে আমাদের থেকে কিছুটা আগে যদি তুই স্বর্গের সিঁড়ির সামনে পৌঁছে যাস, এই চিন্তা আমার পিছু ছাড়ে না।
কিছুক্ষণ কথা বলার ভাষা খুঁজে পেলাম না।
এই নিস্তব্ধতা ভাঙলো ইন্দ্র। ও সে দেশ থেকে ফেরার সময় কয়েকটা স্কচের বোতল নিয়ে এসেছে। ছিপিতে মোচড় দিয়ে বললো, ভাই ঢালছি।
শ্যামল বললো আজ আমিও আছি। সেদিন সন্ধ্যায় চাঁদের হাসি বাঁধ ভাঙলো।
:৭:
বসন্তের শেষের সকাল বড়ো রুক্ষ শুষ্ক। মাঠের ফসল জল না পেয়ে শুকোয় ঠিক মানুষের মতন। কালবৈশাখীর সাথেই নতুন জিবন পায় ওই মাঠ-ঘাট-পুকুর-নদী-অন্তরীক্ষ। সেখানেই আমাদের বাস। এই যে আমরা আজ এত কথা বলছি এটা না খুঁজে পাওয়া যৌবনের আধারে নয়, এটা আত্মসমীক্ষা। কজন এসবের সাথে ছুটে বেড়ায়?
আমরা বেড়াই। এটাই বাঙালির জীবনের প্রথম আর শেষ। অবশেষে অযান্ত্রিকতা বাসা বাধে লোক লহমায়। সেখানে ইন্দ্র স্বর্গের রাজা নয় আর বাকি সকলে একেবারে নিজের সখার কাছে বসিবারে আছে।
মনে পরে যায় চলে যাওয়া জীবনানন্দ। তিনি শম্বুক গতিতে চলা ট্রামের তলায় চলে গেছেন।
আমাদের জীবন ওই জীবনানন্দই শিখিয়েছেন।
:৮:
আজকে শেষের কথা লিখবো। একথা বলা হয়েছিলো আগে। এখন লেখা চলছে, কলম আমার। দিনটা ছিলো জুলাইয়ের বাদলা দিন। ইউনিভার্সিটির ক্যাম্পাস সবে সবে বিদায় জানিয়েছে। কফিহাউস জানায়নি। ঝুমিয়ে বৃষ্টি চলছে বাইরে। ঠনঠনিয়া থেকে প্রেমচাঁদ বড়াল স্ট্রীটের মুখের শিবমন্দির পর্যন্ত হাঁটু সমান জল। সবল এ্যলবার্ট হল সেদিন একটু কৃষকায়। সিগারেট-চুরুটের সুবাস সেদিন একতলা পার হয়ে দু'তলায় পৌঁছয়নি। সেই সমস্ত কবি সাহিত্যিক আজ আসতে পারে নি। ধ্রুবদাসদা বললেন আজ ওই বৈঠকিরা আসবেন না। ওরা আজ যাবে বারদুয়ারীতে। আজ চা-কফি নয়, লাড্ডু গুড়ের দিন। বললাম ধ্রুবদা তুমি একথা কিভাবে জানলে। মৃদু হেসে বললো না না করে তিরিশটা বছর পার হলো এই কফিহাউসে। তোরাও এবার বাড়িতে যা। রাত বাড়ছে।
ইন্দ্রনীল বললো আজ দড়জা বন্ধের পর টেবিল ছাড়বো। হবু ডাক্তার জয়ন্ত বললো দরকার হলে মেডিকেল কলেজের স্টুডেন্টস হোস্টেল খোলা আছে। আমি বিষম খেয়ে বললাম না'রে মা মনে করছে। আর সাকিল সিগারেটের প্যাকেটের সামান্য সাদা অংশটায় এঁকে ফেলেছে আজকে সন্ধ্যার এই আড্ডার শেষ দিনের এই কফিহাউসটা।
এর পর কেটে গেছে যতেক বছর। জীবনের এই বাস্তবতা এভাবে লেখা যায় কখনো ভাবিনি। ভাবিনি এই অঙ্ককষা হাত এরকম এক স্মৃতিমেদুর লেখা লিখে ফেলবে। এ কথাও ভাবা হয়নি, এমন এক সন্ধ্যা আসবে যেদিন শ্যামলও ...। যে ভাবনাটা পীড়া দিচ্ছে এখন, সেটা আগামীকালের কথা ভেবে। এই এত বিস্তর লেখা কাল আর এক পাও হাঁটবে না। দাঁড়িয়ে থাকবে এই মাটির উপরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন