শুক্লা, তুমি ভালো আছো?
রান্না ঘরের আলোটা তখন সতত জ্বলে থাকতো। নানান রান্না নিয়ে ব্যস্ত থাকতো শুক্লা। অনুদ্বীপ তখন এক উজ্জ্বল নক্ষত্র। রাস্তার মোড়, চা এর পেয়ালা অথবা একটা দু-চাকায় চেপে তড়িৎ গতিতে সে চলতো শুক্লা কে নিয়ে। সকালে দুজনে মিলে নানান ইচ্ছের সাথে শেষ হতো ব্রেকফাস্ট। ছেলেটা তখন সবে সবে বড়ো হচ্ছে। একটা ইচ্ছে অথবা স্বপ্ন তৈরী হয়েছে ওই ছেলেটাকে নিয়ে। ছেলেটাও কম যায় না। কখনো একটু ডিম সেদ্ধ, কখনো একটা সিঙারা দুটো জিলিপি আবার কখনো বিরিয়ানি বলেই সে চুপ করে থাকে। শুক্লা বলে যাও নিয়ে এসো, অনুদ্বীপ দৌড়োয় শুক্লার কথা মেনে। এভাবেই চলছিল এক সুন্দর জীবন।
বড় ব্যাস্ত জীবন অনুদ্বীপ এর। লোকে বলতো ওই ছেলেটার পায়ের নিচে সরষে ছড়ানো আছে। ভ্রূক্ষেপ নেই অনুদ্বীপের। সে ছুটে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধু ব্যবসা আর ব্যবসা। শুক্লা কখনো কখনো বলে একটু নিয়ম না মানলেই কি নয়?
সে শুনতে অভ্যস্ত কিন্তু মানতে অভ্যস্ত নয়। তাকে দাম্ভিক বললে ভুল হবে এ কথা শুক্লাও জানে কিন্তু নিয়ম মানা হয়ে ওঠে না কাজের ব্যস্ততায়।রাতে খাওয়ার টেবিলে শুরু হয় খুনশুটি। ছেলেটা ফ্যালফ্যাল করে শুধু দেখেই যায়। কি বুঝতো কে জানে?
আসলে এই ছোট্ট ছেলেটা গুরু শিষ্য পরম্পরা জানে না, জানে শুক্লা। মা আর বাবার মাঝখানে ঠিক একই রকম ছিল এই অনুদ্বীপ। শুক্লা সেই কাহিনী শুনেছে তার শ্বশুরের মুখে। সেই অতীত এখন বাস্তব। খারাপ লাগে না এসব।
এর পর ছিলো নতুন আরো একটা অধ্যায়। সে অধ্যায় বড় সুধাময়। ছেলেটা তখন টলমল পা থেকে একটু নিজের মতন হাঁটতে শিখেছে। ব্যবসার অবসর বলতে তখন একটু আনন্দের সন্ধান খোঁজা। কখনো শৈল শহরে, কখনো বিস্তির্ণ সমুদ্র তটে বালিতে ছবি এঁকে আবার কখনো উড়িষ্যার সুবিখ্যাত দারিং সাহেবের খুঁজে পাওয়া ভূস্বর্গে কয়েক দিন ঘুরতে গিয়ে, নিদেনপক্ষে শাল পিয়ালের জঙ্গলে বাউল গানের সাথে একটু গলা মিলিয়ে ছোট্ট ছেলেটাকে কাঁধে নিয়ে পরিযায়ী নয় একেবারে নিখুঁত শিল্পীর মতন আনন্দে ভেসে থাকা।
আজকাল শুক্লার শরীর যেন আর এ সবে আনন্দ খুঁজে পায় না। কেবলই মনে হয় যদি সে অসুস্থ হয়ে পরে?
এই ভাবনার পিছনেও একটা কারন আছে। শরীর টা এখন ঠিক আগের মতন নেই সে বুঝতে পারে। সব সময় কোনো এক ক্নান্তি কেন যেন তাকে চেপে ধরে!
শুক্লার বার বার মনে হয়ে যদি তার সত্যিই কিছু হয়ে যায়? ছেলেটা?
রান্না ঘরের এই আলোটা এখন নিভেই থাকে যদিওবা জ্বলে বড় নিস্প্রভ। যেন সে রাগ করেছে। আসলে তা নয়, শরীর এখন আর এসব পেরে উঠছেনা। আসলে আলোটা মলিন হয়েছে রান্নার ধোঁয়া আর কালিতে। সে কাকে বলবে মুছে ঝাঁ চকচকে করে রাখতে?
শুক্লার প্রথমবার মাথায় চক্কর এসেছিলো প্রায় দু-বছর আগে। অনিয়মিত জিবন যাত্রা কে সে তখন দায়ী করেছিল। কপালে ঠোকা লেগে রক্ত ঝরে নি; নীল হয়ে ফুলে উঠেছিল। অনুদ্বীপ কে বলেছিল প্রেসার টা চেক করাতে হবে। অনুদ্বীপ এর সময় হয়ে ওঠে নি।
এর পর থেকে রুটিন এই মাথায় চক্কর খাওয়ার শুরু। ছেলেটা তখন বি টেক অনার্স এর ফোর্থ ইয়ার এর ছাত্র হয়ত এজন্যেই দাঁতে দাঁত চেপে আরো একটা বছর সে চুপ করে থাকতে চেয়েছিলো। কিন্তু শরীর সময় মানে না। এক সুন্দর বসন্তের সকালে শুক্লা ব্রেকফাস্ট সাজিয়ে ওই টেবিলের পাসেই মাথা ঘুরে পরে যায়। দৌড়ে এসে তাকে উঠিয়ে অনুদ্বীপ বুঝতে পারে শুক্লা জ্ঞান হারিয়েছে।
নিয়ম মেনে ডাক্তার এলো, শুক্লার জ্ঞান ফিরলে সব বিস্তারিত ভাবে শুনে তিনি কিছু টেস্ট করতে বলে গেলেন।
বিস্তারিত পরীক্ষার শেষে ডাক্তার সাহেব এর কথা বিশ্বাস করতে পারলো না অনুদ্বীপ।
এরপর এক, দুই, তিন নানান প্রতিষ্ঠানের পরীক্ষা পর্যবেক্ষণ দেখে এবং শুনেও সে বিশ্বাস করতে পারছিলো না। আর শুক্লার শরীর ক্রমাগত খারাপ থেকে আরও খারাপ হয়ে পরছিল। ব্লাড ক্যান্সার কথাটা অনুদ্বীপ বলতে পারে নি শুক্লা কে।
একদিন শুক্লার শেষ রক্তের রং আর লাল রইলো না। শরীর টা দিনে দিনে ফ্যাকাশে হয়ে উঠলো। চোখ থেক দু ফোঁটা জল এসে পরলো অনুদ্বীপ এর বুকে। শুক্লার শরীর শীতল হলো।
এর পর থেকেই রান্না ঘরের বাতি আর জ্বলে না। যদিও কখনো কেউ জ্বেলে দেয় অনুদ্বীপ নিভিয়ে দেয়।
এখন ছেলেটা ইঞ্জিনিয়ার হয়ে দক্ষিণ ভারতের কোনো এক শহরে চাকরি পেয়েছে। টাকার প্রয়োজন পরে না অনুদ্বীপ এর, ইচ্ছে হয় না তড়িৎ গতিতে ছুটতে ব্যবসার পিছনে।
এখনো সে সব সময় আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করে "শুক্লা, তুমি ভালো আছো?"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন