রবিবার, ৫ মে, ২০২৪

বৃত্তে নেই বৃত্তিতে আছি


বৃত্তে নেই বৃত্তিতে আছি

খর রোদে থাকতে তাদের কোনো কষ্ট হয় না। তারা ভাবে এই তপ্ত দুপুরের পরে যদি ঝড় ওঠে, বৃষ্টি নামে, পাকা ধানগুলো ঝড়ে পরবে ক্ষেতে, কোনো চাড়া জন্মায় না এই ঝড়ে পরা বীজে। শুধু চালগুলো অকালে মাঠে পচে যায়। হায়, সেজন্য এই তেতাল্লিশ ডিগ্রী তাপও তাদের গায়ে আগুন লাগায় না। একবারও ইচ্ছে হয় না আকাশকে সে বলে আল্লাহ মেঘ দে পানি দে, একবারও মনে আসে না কবির সেই লাইন, "চৈত্রের চিতা ভষ্ম উড়ায়ে কালবৈশাখী আসে"। এ এক নিদারুণ সত্য চাষীর জীবনে। 

আর আমার শহুরে মানুষজন ঘড়ের দরজা-জানলা এঁটে এসি মেশিন চালিয়ে অথবা গাড়ীর কাঁচ তুলে দিয়ে ওই একই ভাবে এগিয়ে চলি উন্নত কোনো আবিষ্কৃত নকল জীবন নিয়ে। এই অসম্ভাদিত  বিষয় দিন যাপনের সঙ্গে নির্মল ভাবে বেড়ে উঠছে। গড়ে উঠছে আকাশচুম্বি অট্টালিকা। ভরে যাচ্ছে নানা প্রান্ত থেকে আসা নানা ভাষী মানুষ এই নগরের বুকে। 

আগেও নগর ছিলো। তবে শতাংশের বিচারে অতি নগন্য কিছু জায়গা জুড়ে। আজকের আরে-বহরে বেড়ে ওঠা এই নগরায়ন, সাথে নানান শিল্পের সমারোহ। শিল্পের সাথে আনুসঙ্গিক যা প্রয়োজন তাকে ত্যাজ্য করে উন্নতির নতুন এক ভাবধারার সাথে বেড়ে চলতে চলতে এই শতাব্দীর শেষ লগ্নে পৌঁছেও সভ্যতার চোখ খুললো না। 

সজীব সবুজের সমারোহ হয়েছে উধাও। কোথাও অনন্ত বনরাজি নিধন করে, কোথাও সমরাস্ত্রের খেলা খেলে আবার কোথাও কুপ বানিয়ে জল তুলে। এখন কলসী কাঁখে নিয়ে বঁধু আর জল আনে না। নলের জল নল বেয়ে নেমে আসে হাতের কাছে। তাই আকাশ এখন ডাকে না, গাছ গুলো স্নানের জল না পেয়ে শুকিয়ে মরে, তপ্ত রোদে পুড়ে মরে চাষী ভাই। তারা প্রান খুলে বলতেও আজ ভুলে গেছে ' মোর কেহ নাই '।

আগে বসন্তে কোকিল ডাকতো, নিশীথে পাপিয়া ডাকতো। পাপিয়া নিশ্চিহ্ন হলেও কোকিল এখনও আছে। তারা কু কু করে রব তোলে দিন রাতের তোয়াক্কা না রেখে। এখন বসন্ত বলে বসন্ত রাগ শোনানো বন্ধ করেছে ওরা। প্রখর গ্রীষ্মের দুপুর হোক কিংবা প্রচন্ড উত্তাল বৃষ্টিতেও দিব্বি তারা ডেকে চলে। আগে কাক এর তাড়া খেয়ে কোকিল দৌড়ত আর স্ত্রী কোকিল নিশ্চিন্তে ডিম পেরে পালাতো কাক গুলো বাসায় ফেরার আগেই। এখন কাক নেই এমন নয়, সংখ্যার নিরিখে অতি সামান্য। স্ত্রী কোকিলের এখন আর ডিম পারবার কোনো বাসা নেই। তাদের চিৎকার এজন্যেই এখন আর কানে মধু ঢালে না। তার ধ্বনি বড় কর্কশ হয়ে পরেছে এই আধুনিকতার সাথে পা রেখে। 

এখন সুবিশাল অট্টালিকা তৈরী হলেও, সেখানে কোনো ঘুলঘুলি বানান না এই সভ্য জাতি। পাছে পায়রা, ঘুঘু আর চড়াই এর দল সেখানে বাসা বাধে। পাছে ঘড়ের এসি মেশিন চালিয়ে ঠান্ডা কম হয়।

বড় নিষ্ঠুর এই হোমো সেপিয়্যান্স। অথচ এই সভ্যতাই একসময় লিপিবদ্ধ করে গেছে এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। ওই আমি অন্য আমি। ওই আমি শব্দে আমিত্ব নেই, যা আজকের উন্নত মানুষের মধ্যে প্রতিক্ষন বেঁচে থাকে। 

আয়নার সামনে দাঁড়িয়ে এখন নিজেকে খুব বেমানান লাগে। সেই কোন এক যুগসন্ধিক্ষণে কবি লিখেছিলেন 'দাও ফিরে সে অরণ্য লও এ নগর', মানুষ তার কথা রাখেনি। বিজ্ঞান এ কথাও জানিয়েছে প্রকৃতির সাথে লড়াইয়ে ডায়নোসর প্রজাতি বিলুপ্ত আজ। তবু মানুষ তাকে তোয়াক্কা করে না। দু-এক বার প্রকৃতির রোষ দেখেছে এই সভ্যতা, তাতেও তার শিক্ষা হয় নি। আর কবে ফিরবে চেতনা?

এই প্রশ্নের উত্তর খুঁজতে সেদিন এসেছিলাম আমার দাদুর বানানো সখের বাগান বাড়িতে। ভেবেছিলাম বাঁধানো ঘাটে বসে ছিপ ফেলে মাছ ধরবো; ভেবেছিলাম ওই প্রতিষ্ঠিত বট অশ্বত্থ ছায়ায় বসে টোকো তাল গাছের রসে শরীর ঠান্ডা করে গাড়ীর স্টিয়ারিং এ বসে এসি চালিয়ে ফিরবো কোলকাতার অট্টালিকার আঠেরো তলার সাধের নিজ গৃহে।

না তেমনটা হয় নি। বাগান বাড়ির দক্ষিণ বাতায়নে এখন আর পবন দেব দৌড়ন না। আর যদিও দৌড়লেন সাথে আছেন অনল দেব। 

ঘাট পাড়ে বসে ছিপ ফেলে বুঝলাম বরুণ এখন তিতীক্ষার প্রতীক। তাকে কেউ রাখতে চায় না এই ভূমে। পুকুর,খাল, বিল, নদী, নালা কোন ছাড়, প্রয়োজনে সমুদ্র ভরাতেও পিছপা নয় এই উচ্চ মেধার হোমো সেপিয়্যান্স। যদিও এই বিষয়টা মানুষ শিখেছে রামচন্দ্রের কাছে। তিনি তার প্রয়োজনে কখনো বজ্রবান মেরে নদী শুকিয়ে বীরত্ব দেখিয়েছেন আবার কখনো মানুষ জাতিকে হনুমান বানিয়ে লঙ্কা জ্বালিয়েছেন। তদুপরি যেটা আজ শেষ সপ্তক এর মতন ঝংকার তুলছে সেটা আসমুদ্রহিমাচল অবধি বিস্তৃত।

তিনি সমুদ্র ভরাট করার প্রথম কারিগর। আজ খরা কবলিত মানুষ গুলো এতসব পড়ে নি, পড়লেও হয়তো বোধগম্য হয় নি অতীতে। আজ এই অনল এর প্রাচুর্য দেখেও এরা বুঝতে চায় না। 

হয়তো এ সব না বুঝলেই মঙ্গল, অন্যথায় নতুন উন্নত প্রজাতি জন্ম নেবে নতুন কোন আশায় বুক বেঁধে?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন