কাকনিদ্রা
:১:
আসলে এই নব্য ডাক্তারেরা কোলকাতায় থাকতে অভ্যস্ত। তাদের কপালে বদলির দুশ্চিন্তার ভাঁজ প্রতিদিন নতুন ভাবে বেড়ে ওঠে।
হেনা অবশ্য এই বিষয় নিয়ে একদম ভাবে না। সে ভাবে সে ডাক্তার সে জীবনের কারবারি। মৃত্যু তার কাছে জীবন যুদ্ধে হেরে যাওয়ার মতন। কে এই যুদ্ধ করে? শরীর। কে তাকে নতুন ভাবে বাঁচতে শেখায়? ডাক্তার।
এই মৃচ্ছকটিক ডাক্তারী তার ভালো লাগলো না। সরকারি মাসিক বেতন বিনা বাধায় সে পেতে পারতো জীবনভর, কিন্তু একজন ডাক্তার হিসাবে তার মন সায় দিলো না। ইতস্তত থেকে মা-বাবার কথা তাকে ভাবাতো।ভাবনায় ছেদ পরলো। হেনা সিদ্ধান্ত নিয়েছে সে আর্মির ডাক্তার হবে।
শুরু হলো মানুষের শরীর নিয়ে সার্জারির শিক্ষা। মন সে সবে বেশ উপযুক্ত হয়ে উঠলো। কঠিন কাজ সহজ হয়ে উঠলো তার কাছে। পোষ্টমর্টেম এর কাজ শেষ হলো কোনো একদিন। তবুও কোনো এক অজানা কারনে তার আর্মিতে স্থান হলো না।
সে ভাবছিলো কেনো এমন হয়? শারীরিক বৃত্তান্তে অনুপযোগী কথাটা শুনে সে বিরক্ত হলো। সে এই প্রথম অনুভব করলো সে ফেমিনাইন।
এর পর তার আর ইচ্ছা হয় নি। শুধু ভেবেছে ওরা এক দিন বুঝতে পারবে সেই ছোটবেলার মা এর হাতের স্পর্শের সাথে যেভাবে ওরা শান্তি পেতো, ঘুমিয়ে পরতো অথবা বেদম বেদনায় সমস্ত ডাক্তার যা পারেননি শুধু ওই স্পর্শ তাদের সুস্থ করে তুলতো সেই স্মৃতি।
আর্মিতে তার জায়গা হয় নি। সে এখনো আছে এই সরকারি হাসপাতালে। প্রতিনিয়ত সে পেট কেটে ফুটফুটে বাচ্চা নিয়ে শুইয়ে দিতে বলে বেবী বেডে। কোলে নিয়ে দেখাতে সে সিদ্ধহস্ত। কখনো বাবার আনন্দ দেখে কখনো মাএর চোখের জল দেখে প্রশ্ন করে, তুমি কাঁদছো কেনো?
উত্তর শুনে বিরক্ত হয়ে কখনো বাচ্চাটাকে দেখে, কখনো দেখে তার বাবাকে। গ্লাভস এর রক্ত শুকিয়ে যায় হেনার ভাবনার আড়ালে। সে ভাবে এই বিংশ শতাব্দীর দিনেও পৌরুষ এক ক্লেদার্ত জীবন থেকে উন্নত হয়ে উঠতে পারে নি। সে ভাবে তবে এনিম্যাল ইনস্টিন্ক্ট কি এই মানব সভ্যতায় অসভ্যের মতন থেকেই যাবে?
এভাবেই দিন মাস বছর শেষ। সৃষ্টির সাথে একাত্মতা ক্রমশঃ বেড়ে ওঠে। সে ভুলে যায় সৃষ্টির সাথে তার একটা শারীরবৃত্তীয় যোগ আছে, যেটা সে আজ ভুলতে বসেছে।
কখনো নিমন্ত্রণ রক্ষা করতে কোনো বন্ধু বা বান্ধবীর বাড়িতে সে যায়। সে কথা বলে নতুন এক প্রজন্মের সাথে। সে শুনতে পায় কে যেনো আড়াল থেকে বলছে বাস্তবকে অস্বীকার করে বাস্তব বুঝিয়ে বেড়ায় হেনা। কখনো শুনতে পায় যে বাচ্চাগুলো তুই হাতে ধরেছিলি তাদের বাচ্চাগুলো ও তোকে হাতে ধরতে হবে।
হেনা হতাশ হয়নি কখনো। শুধু ওই জীবন নিয়ে সে ভেবে চলে। তার মনে হয় না হয় একদিন আমি ইউনিভার্সাল মা হিসেবেই থাকলাম, সকল মা এর কাছে।
হেনার বাবা সেদিন সমস্ত রাত চোখের পাতা দুটোকে এক করে নি। গিন্নি কয়েকবার বলেছে শুয়ে পরো। তিনি মুখ ঝামটা দিয়েছেন। যখন সকাল হলো হেনা দরজার কড়া নাড়লো। সে বললো নিশ্চয়ই আজ তুমি সারারাত ভেবেছো আমার কথা। ভেবেছো হায়রে মেয়েটা আমার?
তিনি বললেন না ঠিক এমন নয়। ভাবছিলাম তুই সকাল বেলায় ফিরলে বলবো এভাবে এই বুড়ো বাপ মা কে কষ্ট দিতে তোর ভালো লাগে?
ভেবেছিলাম তুই বলবি বাবা দেখো আমি একটা পছন্দের কাউকে এনেছি। ভেবেছিলাম একটা স্বাভাবিক জীবনেরই কথা।
হেনা মৃদু হেসে বললো, তুমি এমন কিছু পেয়েছো যার সাথে আমার দুহাত ধরিয়ে নিশ্চিন্ত হতে পারো?
তিনি সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন। হেনা সেদিন আর কোনো কথা বলে নি।
:২:
এখানে হেনার বাবা প্রসঙ্গে দু-চার কথা বলা প্রয়োজন। শ্যামসুন্দর বাবু পেশায় একজন ডাক্তার ছিলেন। যৌবনেই তিনি আর্মিতে জয়েন করেন। দেশের সেবায় অত্যন্ত সংবেদনশীল একজন সৈনিক। তিনি সংসারী হয়েছিলেন প্রায় মধ্য বয়সে। ইচ্ছে ছিলো না সংসার করার, মা এর অসহায় চোখের কাছে তিনি হার মেনেছিলেন। বাবার ঔদাসীন্য আর মা এর সংসারী জীবনের তিনিই একমাত্র সাক্ষী। কোনো এক দৃষ্টির অগোচরে তার বড়ো হওয়া। সংসারের নামভূমিকায় থাকা মা কে তিনি বুঝতে পেরেছিলেন এবং সেই নিয়মেই নিয়তির সাথে তার জোড় বাঁধা। এর পর আর জীবনে কোনো ধাঁধাঁর সামনে তিনি পড়েন নি। নিজের জীবন বোধ এর সাথে হেনার সাযুজ্য দেখে তার কখনো মনে হয় নি কিছু বলতে। তবুও এ কথা যেন বলতেই হয়। গৃহিণী সকাল সন্ধ্যা তাকে তাপিত করে তোলে।
তার মনে পরে যায় মা এর চোখ দুটো। এ যেন প্রত্যেক সংসারে প্রতিটা গৃহিণী।
হেনা এই সব বুঝতে পারে না।
যৌথ পরিবার হেনা দেখেছে; দেখেছে নৌকোর হাল ধরে আছেন জ্যেঠু, দেখেছে দাঁড় টানছে কাকু, দেখেছে গোটা পরিবার একসাথে কোনো ছত্র ছায়ার নিচে থেকে নিশ্চিন্তে নদী পথ পার করে অন্য পাড়ে নোঙর করা। আর আজকের এই শূন্য ভোজন কক্ষে একাকী পদচারণা সে প্রতিক্ষন উপলব্ধি করে। সে ভাবে কি লাভ এসব ভেবে? কি আসবে এই ভাবনার শেষে? পৃথিবীর কক্ষপথে হয়তো কিছু উল্কা এসেছিলো সেদিন। সংঘর্ষের শেষে পৃথিবী পৃথিবীতেই আছে আর উল্কারা খসে পড়েছে প্রকৃতির নিয়মে। সেই নিয়মেই তৈরি হয়েছে অসংখ্য গহ্বর যেখানে আজ তাদের নতুন বাসস্থান।
হয়তো এজন্যেই শ্যামসুন্দর বাবু হামেশাই বলেন, হায়রে আমার ছোট্ট মেয়েটা!
:৩:
হেনা ছোটোবেলা ভেবে কখনো হাসে কখনো বিরক্ত হয় বাবার ভাবনা দেখে। তার মনে হয় তাকে কখনোই বড় হতে দেয় নি যে জন সে তার বাবা। এই ডাক্তার হওয়ার পরেও সে ছোটবেলায় যেমন ছিলো বাবার কাছে এখনও সে ঠিক তেমনই আছে।
সে বুঝতে পারে এটা অনাদি অনন্ত অরূপ ও অক্ষয়। তবুও কোথায় যেনো একটা খেদ থাকে। সেখানে বাবা মা নয়, সেখানে আবহমান সমাজ। সেখানে সে ক্ষুদ্র থাকতে রাজি নয়।
তার ছায়া তার ভালো লাগে, এমন ছায়া পাওয়া কপালের ব্যাপার একথাও সে মানে, শুধু মানতে পারে না সম্পূর্ণ বৃত্ত শেষ করার পরেও বাবা তাকে বাচ্চা বলবে?
শ্যামবাবু বললেন, হ্যাঁ বলবে।
হেনা শুধু শুনে গেছে, কিছু বলেনি। মনের মধ্যে যে আনন্দ হয়েছে সেটা সে প্রকাশ করে নি।
এটা সভ্যতার সাথে সম্পর্কের সাথে অসম্পৃক্ত জীবনের এক অসহায় বিড়ম্বনা। এই সন্তান সন্ততি নিয়ে যে নিত্যনৈমিত্তিক এক বিজ্ঞান আবহে ভর করে পরিবার গুলো সুউচ্চ মার্গে পৌঁছতে উদগ্রীব সে কথা হেনা জানে।
সে জানে আলিঙ্গনের আড়ালে একটা সচিত্র পরিচয় আছে। আছে সেই ভীম আর ধৃতরাষ্ট্র। আছে সেই লৌহ মূর্তি। আছে শক্তির শেষ আস্ফালন। আছে আসুরিক দম্ভ।
যেটা নেই সেটাও বলতে হয়। স্মৃতি নেই, শ্রদ্ধা নেই, কল্পনা নেই আছে শুধু প্রবৃত্তি বেগ। সেখানে হেনা অত্যন্ত নির্বিষ।
এর পর হেনা বাবার কাছে গিয়ে বললো, এখনো আমি ছোট্ট আছি?
শ্যামবাবু বললেন আগে মা ছিলেন, বাবা ছিলেন। এখন ওঁরা নেই, আছিস তুই।
আমাকে আর জ্বালাস না।
:৪:
ডাক্তার হওয়ার একটা পূর্ব কাল যেমন আছে ঠিক তেমনই একটা অন্তিম কাল আছে। পূর্ব কাল স্বপ্নের আর অন্তিম দুঃস্বপ্নের। হেনা কে এভাবেই শ্যাম বাবু বুঝিয়েছিলেন এই পড়াশুনার শুরুতে।
হেনা হয়তো শুনেছিলো, হয়তো অন্যমনে ভেবেছিলো নেহাৎই ব্যায় নিয়ে ভাবছেন তার বাবা। আবার এমনও একবার মনে এসেছিলো স্থপতি না হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে তার মনঃপুত হয় নি। যেটা সেদিন তার ভাবনার আড়ালে ছিলো সেটা আজ সে বুঝতে পারে। সে বুঝতে পারে এই দানবিক পেশা তাদের জন্যে নয়। এই পেশা পেশি বহুল শরীরের জন্যে। এর পরেও সে নিজের মনেই প্রশ্ন করে নারীবাদী বিষয়টা তবে কি বাবার ও অপছন্দের?
নিজেই নিজেকে উত্তর দেয়। সে বোঝে এই মানুষটা এমন নয়, বুঝতে পারে বাবার চারিপাশে কেউ নেই একমাত্র আমি ছাড়া।
বাবার কয়েকটা কথা তার কাছে আজ বড় প্রাসঙ্গিক হয়ে পরেছে। শ্যাম বাবু বলতেন যদি তোর একটা ভাই থাকতো?
কখনো তার মনে হয় সংসারী হতে। মনে হয় জামাইয়ের সাথে বাবার সখ্যতা হবে তো?
নানান চিন্তা তাকে বড্ড বিদ্ধ করে এখন। বাবার এই বয়সের ভার সে বোঝে, বোঝে নিঃসহায় অথচ নির্লিপ্ত এই একমাত্র সন্তানকে নিয়ে।
তবুও কোনো এক আশঙ্কার কথা ভেবে সে বাবাকে বলে দেখো একদিন তোমার এই ছোট্ট মেয়েটা হয়ে উঠবে সমাজের কান্ডারী।
শ্যাম বাবুর সেদিন পুরাতন ঘোর ভাঙলো। জঠর জ্বালা তাকে সহ্য করতে হয় নি। যার জঠর জুড়ে সন্তান বেড়ে উঠেছিল সেদিন তিনি তাকে তার সন্তানের মুখের এই শব্দ গুলো শোনালেন।
তৃপ্তি নিজের মনে সেদিন ভেবেছিলো তোমার মেয়েটা ঠিক তোমার মতনই হয়েছে, এখানে আমাকে রেখো না। মুখে সে শ্যাম বাবুকে বলেছে ভাগ্যিস তোমার গিন্নি ডাক্তার নয়, অন্যথায় এই সুন্দর সংসারটাই আজ থাকতো না।
না শ্যাম বাবু কিছু বলে নি, হেনাও চুপ ছিলো, তৃপ্তি সেদিন শুরু করলো নতুন আরেকটা লেখা।
তৃপ্তি সমাজের সব জায়গায় প্রতিনিয়ত পৌঁছতে পারে। তার হাতে স্টেথোস্কোপ নেই, তার সমাজ মাপতে ফিতে লাগে না। শুধু আছে একটা কলম আর কালি।
:৫:
কালি ও কলম তৃপ্তি ছোটোবেলা থেকেই পেয়েছে। হাতে খড়ি হয়েছিল বাবার হাতে, এর পর প্রায় কুড়িটা বছর সে পার করেছে আর ওই কলমটা দৃঢ় থেকে দৃঢ় হয়েছে। চব্বিশে তার সংসারে প্রবেশ। ননদ, দেওর নিয়ে যেমন চলা যায় তেমন চলেছে, তবে কলম সে ছাড়েনি।
তখন শ্যাম শ্যাম ছিলো, শ্যাম বাবু হয়ে ওঠে নি। তৃপ্তির কালি ও কলম এর সাথে তৈরী হওয়া নানান সাহিত্য কথা সেই সেদিন প্রথম ছাপার অক্ষর পেলো। খরচ অনেক হয়েছিলো সেদিন তবে পাঠক ছিলো খুব কম। ধোপদুরস্ত প্রথম পাতাটা দেখে শাশুড়ি বলেছিলেন লিখে যাও, একদিন সবাই তোমাকে চিনতে পারবে। শ্যাম সেদিন বিদ্রুপাত্মক হাসি হেসেছিল। সে তার মাকে বলেছিল এটাকি শাশুড়ি বধূর শান্তির সহাবস্থান?
না তিনি সেদিন কিছু বলেন নি। তৃপ্তি বলেছিলো এই ছাপার অক্ষরের বইটা আজ না হয় অবান্তর। তবু মনে রেখো এই কলম আর কালি একদিন তোমার এই ক্ষতি পূরণ করে দেবে।
সেই সাতাশে হেনা এসেছিলো এই জঠরে। না শ্যাম তখনও শ্যাম। সে না হয়েছেন ঘনশ্যাম না হয়েছেন শ্যাম বাবু।
হেনার জন্মের পর নতুন লেখা গুলো নিয়ে নতুন একটা বই। বেশ কার্ডবোর্ড এ বাঁধানো অনেক গুলো লেখার নতুন একটা বই প্রকাশ। হেনা তখন তার মা এর বুক চিনে অমৃত পান করে বেশ আছে। সে তখন তার বাবাকে চেনে না। শ্যাম ছিলো তার কাছে অর্বাচীন।
হায়রে জীবন বোধ। কে কাকে কিভাবে বোঝে কে জানে?
হেনা আত্মা মানে না, পরমাত্মা বলতে সে যা এখনও পর্যন্ত বুঝেছে সেটা দর্শনের পসচুলেটস। ব্যাক্তি জীবন যার পিছনে ছুটে বেড়ায় সেটা এই নর দেহ।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শেষ হওয়ার পর শিক্ষার যে দিক নির্দেশ সে পেয়েছে সেখানে তার মা তৃপ্তি ছিলেন নিরপেক্ষ। তৃপ্তি ভবিষ্যৎ নিয়ে কখনোই তাকে কিছু বলেন নি। বরং তিনি উৎসাহ দিতেন তুমি তোমার ইচ্ছে নিয়ে এগিয়ে চলো। কিন্তু তার বাবা ছিলেন একটু অন্য মাপের। তিনি বলতেন জীবন ধারনের সাথে বেঁচে থাকে সামাজিক চেতনা। আগে তুমি তোমার পা দুটো শক্ত করো, তারপর যে ইচ্ছাশক্তি তোমার আদর্শ সেটা অবিকল তোমার ইচ্ছেকেই বয়ে নিয়ে যাবে। হেনা বাবার কথাকে মান্যতা দিয়েছে। কালক্রমে সে ডাক্তার হয়েছে। হয়তো এজন্যেই তার বারবার মনে হয়েছে জীবন সংগ্রামে সে জয় পাবে।
নাম এর সামনে ওই ডাক্তার কথাটা সত্যিই আজ তাকে অতিরিক্ত একটা মনোবল যোগায়।
আর শ্যাম বাবু ভাবেন যে জঠরে তার জন্ম, যে রক্ত তার রক্ত, যে সামাজিক উপাখ্যান কালি ও কলমে প্রতিদিন প্রতিনিয়ত সাদাকালো ভাবে প্রান পায় তার সাথে আত্মার বন্ধন কোনোদিন হেনার শেষ হওয়ার নয়।
অনেক বছর পর তৃপ্তি আঁচল দিয়ে কপালের ঘাম মুছে শ্যাম বাবুকে বললো হেনা একদম আমার মতন হয়ে পরেছে। তোমার সাথে বন্ধনের আগে আমিও এমন ছিলাম। ছিলাম দর্শনের স্বপ্নে বিভোর। আমার মা বারবার বাবাকে বলতেন, ওকে পাত্রস্থ করো। তিনি সেকথা শুনেছিলেন।
তুমি কি আমার কথা শুনতে পাও না?
শ্যাম এই প্রশ্নে বিরক্ত হলো। বললো শ্যামের বাঁশী শুনে যদি রাধা আসতেন আজ তোমাকে কিছু বলতাম না। তোমার প্রতিস্পর্ধী নাম অতৃপ্ত রাধার মত নয়, তবুও কোন চাবিকাঠি তোমাকে শ্যাম এর দুয়ার অব্দি এনেছে বলতে পারো?
তৃপ্তি এই শব্দ বন্ধে আনন্দ পেলো কিন্তু মনের আড়ালে কোনো এক বিদ্রুপ তাকে আঘাত করলো। সে ভাবলো তবে কি আমি মা বাবার কাছে কোনো এক উচ্ছিষ্ট প্রান?
অনেকক্ষণ চুপ করে ছিলো কষ্টকে মনে ধরে রেখে। ঘোর ভাঙলো শ্যাম এর শব্দে। এই প্রথম শ্যাম এক প্রত্যাঘাত করলো তাকে। সে বললো হেনা আমার
ন- হন্যতে।
এর পর তৃপ্তি কথা বলার ভাষা খুঁজে পায় নি। অতীতের সেই অরক্ষণীয়া শব্দের সাথে তার খেদ জন্মেছে। সে সাবলীল হাসি হেসেছিল ছিল সেদিন, ভুলেছিল শিক্ষার অশেষের এই অরূপ। শ্যাম আজ তাকে জাগিয়ে তুলেছে; হেনা আজ তাদের কাছে কোনো বিড়ম্বনা নয় বরং এক উৎকৃষ্ট নতুন প্রজন্ম।
আসলে সৃষ্টির যে সত্ত্বা তাকে সমাজের অভ্যন্তর দেখার চোখ দিয়েছিলো সেই চোখ এখনো জেগে আছে। ভান্ডার ভরে উঠেছে নানা প্রতিস্পর্ধী শব্দ বন্ধনে, সেখানে শ্যাম আজ তার অহংকার।
নতুন একটা বই ছাপানো অক্ষরে আরো একবার প্রকাশিত হলো, সে সেটা শ্যামকেই উৎসর্গ করেছে।
সেই প্রথম শ্যাম, শ্যামবাবু হলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন