বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

অলিখিত নতুন প্রবন্ধ

এই চব্বিশে দেশে এক লঙ্কা কান্ড বেঁধেছে। চতুরঙ্গে ভূপতির গ্যারান্টি, নব স্বঘোষিত ভূপতির অশীতিপর হয়ে ওঠা, জাতিতত্ত্ব না বুঝেও বজ্জাতি, বিজাতীয় কে কুষ্ঠি ঠিকুজী দিয়ে আগুয়ান হওয়া, অশিক্ষিতের শিক্ষিত হওয়ার সার্টিফিকেট প্রদর্শন, অর্থের যোগান দেখাতে চোর ধরা জেল ভরা, অনর্থ কথার সাথে বিপ্রতীপ এক অর্থের জাহাজ বিপ্লব ঘটিয়েছে বলে চিল চিৎকার, একান্নবর্তী না হয়েও শেষে বাহান্ন হওয়ার আগ্রহ আরো কত কি।

এই গরমে কচি তালশাঁস কিনে বাড়ি ফিরে কচকচ করে চিবিয়ে শেষে থুঃ করে ফেলে দেওয়ার মতন এক নিকৃষ্ট দল নীতি। 

বাজারে ব্যাগ হাতে এখন আর যেতে হয় না। যে ব্যাগ নিয়ে কাঁধ বেঁকিয়ে বাজার পর্যন্ত পৌঁছতে হয় সেটা টাকার ব্যাগ। শাক সবজি, মাছ ডিম, চাল ডাল কিনে আরামে এক হাতে বয়ে বাড়ি পৌঁছে টাকার ব্যাগের বোঝার ভারে ক্লান্ত হওয়া যায়।

অথচ সকাল সন্ধ্যা শাসকের দান ভার গ্রহন করাও বিপজ্জনক । জনগণ বুঝতে শিখেছে শেষে তাদের না শুনতে হয়, ' খাও চক্কত্তি খাও'। 

পড়াশোনা শিকেয় উঠছে, শরীর স্বাস্থ্য উচ্ছন্নে যাচ্ছে, বাসস্থান আর শৌচালয় এর হিড়িক পরেছে। অশিক্ষিত বাঙালি একটা প্রস্তাবনা লিখেছিলো অতীত কালে। যদিও এটা বিদ্রুপাত্মক। কোনো এক খানসামা ক্ষেপে গিয়ে কোরা কাগজে লিখেছিলো 'পেটে ভাত নেই চ্যাটে সিঁদুর'। এই আধুনিক জীবন বুঝতে পারছে ওই খানসামা কিছু ভুল বলে নি।

বিচার ব্যবস্থা এই আধুনিক সভ্যতার অগ্রগতি দেখে এক পা এগোয় চার পা পিছোয়। বড় বিবেক বৈরাগ্যে ভুগছে এই ন্যায়ালয়ের চোখ বাঁধা তুলাদন্ডধারী মূর্তিটা। কোনো মানুষ অথবা দলবদ্ধ প্রকৃত সমাজ রক্ষক কখন তাকে মাটিতে মিশিয়ে তার চোখ খুলে দেওয়া নতুন মূর্তি বসিয়ে নিশ্চিন্ত হতে পারবে, সে সেই কথাই ভাবে।

এটা অনেকটা গান্ধারীর চোখ খোলার মতন। ঠিক নির্বিকল্প সমাধির আগে শ্বাস নেওয়ার মতন। জাগতিক সমাজ ওই আধিভৌতিক চিন্তায় বিরক্ত হয়। কে সেই দুর্যোধন? 

সামাজিক আবহে কৃষ্ণের কথা শুনতে পেয়ে ওভাবেই যাওয়া আসলে সভ্যতা। পরবর্তীতে যা ঘটেছিল সেটা পূর্বপরিকল্পিত এক নামভূমিকায়।

এই জৈব যুগ এক অবান্তর জীবন বোধ নিয়ে উড়ুক্কু মাছের মতন জল ছেড়ে আকাশে উড়তে চায়। আজকের এই রাজনৈতিক উপাখ্যান এই ভাবে না লিখলে গদা ব্রেন গুলো বুঝবে না। এই সহজ সরল ব্যাখ্যাও যদি না বুঝতে পারে সেক্ষেত্রে একটা ভীম বড়ো প্রাসঙ্গিক। ছোটা ভীম হলেও চলবে।

কঠিন মস্তিষ্কে এখন পদাঘাত প্রযোজ্য। দেখা যাক মানুষ হাঁটতে হাঁটতে পা উঁচিয়ে মাথায় পা রাখে কিনা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন