বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

মৃত কিংশুক

১.

'কিংশুক ভাই হিংসুক ভারি, 

আজ করে ভাব কাল করে আরি,'

গানটা শুনে মা তার নাম রেখেছিলেন কিংশুক। সময়ের নিয়মে কিংশুক বেশ বড় হয়ে উঠলো। পড়া পাঠ শেষে সে এখন একজন স্থপতি। সে তার মাএর দেওয়া নাম এর মর্যাদা রাখে নি। কিংশুক সম্বন্ধে বুকে হাত রেখে এখনো কেউ তাকে হিংসুক বলে নি। এক নির্বিবাদী ছেলে ছিলো ছাত্র জীবনে, এরপর সে অত্যন্ত সামাজিক একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত। চাকরিতে তার মন নেই। সে সাহিত্যের শব্দ বন্ধনে বলে 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় রে কে বাঁচিতে চায়?' 

না চাকরিতে তার মন বসে নি। সে কারোর চাকর হতে রাজি হয় নি। সে ব্যবসা শুরু করেছে একজন স্থপতি হিসেবে। কোলকাতার খাস মহলে তার প্রতিদিনের ওঠাবসা। এই খাস মহল ব্যবসায়ীদের পীঠস্থান।  জরাজীর্ণ পুরাতন বাড়িগুলো অসহায় ভাবে সেখানে দাঁড়িয়ে। কোনো ছাদে কড়ি ভেঙেছে, কোনোটায় বর্গা। নির্লিপ্ত দুটো চোখ সময়ের সাথে এসব অনুভব করেছে। কখনো হয়েছে পুনর্নির্মাণ কখনো নতুন করে বানানো হয়েছে।

বেশ চলছিল কাজ কারবার। উপার্জন ও বেশ শীর্ষ পর্যায়ে পৌঁছেছে তখন। খবর এলো দালালের মুখে। তারা বললো ভাড়াটে সহ একটা বাড়ি বিক্রি আছে রবীঠাকুর এর বাড়ির ঠিক বিপরীত দিকে। 

এই প্রথম কিংশুক হিংসুক হয়ে পরলো। ভাবলো ডেস্টিনেশন। দালাল বললো দাম যত দালালিও তত। কিংশুক দেখলো বুঝলো শেষে বললো এ বাড়িটা আমি কিনবো।

সবার সব টাকা মিটিয়ে সে পেয়েছিলো তিনটে ঘর। একটা নিচ তলায়, অন্য দুটো শেষ তলে। 

২.

ক্রমেই এই খবর রটে গেল উত্তর কোলকাতা উপকন্ঠে। সহপাঠী নির্মল এর নম্বর দেখ কিংশুক হ্যালো বললো। অন্যপ্রান্ত থেকে প্রথম প্রশ্ন তাকে ব্যাথা দিল। সেদিন নির্মল বলেছিলো, শেষে একটা লায়াবিলিটি নিজের কাঁধে নিয়ে ফেললি? প্রত্যুত্তরে কিংশুক বললো রবিঠাকুর এর দক্ষিণ বাতায়ন সুরক্ষা তোর লায়াবিলিটি মনে হলো? আমি এমন আরো কিছু ঘাড়ে নিতে প্রস্তুত। আর্থ সামাজিক অবস্থার সাথে এ বিষয়ে আমি তোর সাথে সহমত নই। এর পর নির্মল আর কোনো কথা বলে নি। শুধু ভেবেছে এই গূঢ় সত্যিটা আমি বুঝলাম না?

এর পর ফোন এলো এক প্রবাসী বন্ধুর। ও ডিগ্রিটা পাওয়ার পরেই ইউরোপ চলে যায়। নানান কাজের ভিড়ে খুব বেশী সংযোগ ছিল না। কোনো বন্ধুর কাছে এই খবরটা সে শুনেছিলো, নিয়েছিলো যোগাযোগের দশটা সংখ্যা। দিন রাত বুঝে উঠতে ইচ্ছে হয় নি। সেখানের সকাল দশটায় সে ফোন করলো। ঘুম চোখে কিংশুক বললো, কে বলছেন এই মাঝ রাতে? বললো মানিক এর কথা ভুলে গেছিস?

কিংশুক উঠে বসলো, বললো বল। এক কথাতেই সে শেষ করলো। বললো কনগ্রাচুলেশন ফর সিলেক্টিং আ পারফেক্ট ডেস্টিনেশন। কিংশুক বললো কোথা থেকে খবরটা পেলি? মিষ্টি হাসিতে শুধু বললো আমি এখানে বাঙালি পাড়ায় থাকি। তবে খবরটা দিয়েছেন আমার সাহেব। একটু আশ্চর্য হলাম, বললাম কোন লাট সাহেব?  বললো শতাব্দী প্রাচীন নগর বাঁচানোর দায়িত্ব  একজন স্থপতি নিয়েছে, এটাই গর্বের। এরপর  ফোনটা কেটে গেলো,  অনেক চেষ্টা করেও মানিক এর সাথে আর যোগাযোগ হয়ে ওঠে নি। শুধু বুঝতে পেরেছি আমি কোনো ভুল করি নি।

৩.

হয়তো তারা জঙ্গল কেটেছিলেন, দূর্গ নির্মাণ করেছিলেন, শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা কে পরাজিত করে দখল করেছিলেন এই ভূখণ্ড; পরবর্তীতে যে নগর, যে সভ্যতা, যে শিক্ষা কোনো এক জাতির হাতে তুলে দিয়েছিলেন তা এখনও অক্ষত আছে শুনে তিনি হয়তোবা খুশি হয়েছেন। হয়তো এই প্রোমোটার রাজ এর নির্মম স্থাপত্য হত্যার খবর তিনি রাখেন, হয়তো এই প্রতিস্পর্ধী অনর্থক খরচ ও দেশের ওই বনিয়াও মেনে নিয়েছেন! 

কিনে নেওয়ার পর কোন ঘরে কে থাকে, কত ফুট বাই কত ফুট, কিংবা গঙ্গা জলের কলটা কতদিন কাজ করছে না, বারান্দাটা কবে ভেঙে পরলো, কেনো উনুনের কালো ধোঁয়া অথবা চা খেয়ে ফেলে দেওয়া মাটির ভাড় গুলো ঠাকুর বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে পরে থাকে সে কথার উত্তর মেলেনি। 

শুধু এক চাপান উতর সে দেখেছে। সে শুনেছে ওখানকার লোকজন বলছে প্রোমোটার জমিটা নিয়েছে, কাজেই অধিকার বুঝে নিতে হবে। 

পুরানো মালিকের পোষ্য তিন পুরুষের দারোয়ান সত্যেন্দ্র কে সেদিন কিংশুক ডেকে পাঠালো। নতুন মালিক বয়েসে তার থেকে অনেক ছোটো তবুও বাবু কে সে বাবু বলেই ডাকলো। বললো বলিয়ে বাবু কেয়া করনা হ। কিংশুক বললো তিন পুরুষ তোমরা কোলকাতায় থেকেও বাংলায় কথা বলতে শেখো নি? সত্যেন্দ্র মাথা নিচু করে বললো স্কুল, কলেজ পার হয়েছে বাংলা ভাষার সাথে তবুও গোটা পরিবার সকাল সন্ধ্যা যে ভাষায় কথা বলে সে ভাষা আমার ভাষা। বাবু ভুল হয়ে গেছে, আসলে আগের বাবু এরকম ভাবে কখনো কিছু বলেন নি।

এই স্বচ্ছন্দ বাংলা শুনে কিংশুক বললো এই বাড়িতে যে কটা ঘর আজকে আমার সে গুলো চেনো? বললো হ্যাঁ বাবু। তালাচাবি গুলো কিংশুক তার হাতে দিয়ে বললো, ওগুলো আজ থেকে তোমার। ভাড়া তোলাও তোমার দায়িত্ব, ভাড়ার টাকাটাও তোমার, শুধুমাত্র আমি নতুন মালিক। সে বললো ভাড়ার টাকায় তোমার মাসের মাইনে হয়ে যাবে? সে বললো বাবু যাবে। সেদিন থেকেই সত্যেন্দ্র বা সত্যেন্দর কিংশুক এর তল্পিবাহক। 

যেদিন ওর দেশের লোকগুলো ওকে মেরে মাথা ফাটালো, সেদিন কিংশুক সাত সকালে পৌঁছলো ওই বাড়িতে। শুনশান বাড়িতে সেদিন সত্যেন্দর কে সে বললো আমি প্রোমোটার নই, আমি স্থপতি। এই বাড়ির সমস্ত কিছু অতীতে যেমন ছিলো ঠিক তেমন থাকবে। যারা এই রক্ত ঝড়িয়ে আনন্দে আছে তাদের এই বাড়ি ছাড়তেই হবে। এটা আমার দায়িত্ব। ভয় নেই, এর পরে ওরা তোর পা ছুঁয়ে নেবে।

কিংশুক কে দেখেও সেদিন সে বাড়ির কোনো ভাড়াটে সেখানে আসে নি। এসেছিলো প্রায় এক বছর পরে। সেদিন প্রশাসক নাম ধরে ধরে ডেকে পুলিশ দিয়ে বাড়িটা খালি করছিলো হাইকোর্টের নির্দেশে। সেদিনের কান্নায় ভেঙে পরা লোকগুলোর দিকে তাকিয়ে খুব কষ্ট হচ্ছিলো সত্যেন্দর এর। মনে পরছিলো কতকাল ধরে একসাথে বসে প্রতি সন্ধ্যায় ' কানহাইয়া লে গয়ে মখনিয়া দধিয়া' গান করতো এই বাড়ির ছাদে বসে। এর পর লিট্টি চোক্খার স্বাদ নিয়ে, পেট ভরিয়ে রাতের নিশ্চিন্তে রাত ঘুম। সে এই সব অনুভূতি কিংশুক কে বলতে পারে নি। সেদিন সেই ভাবেই গেলো, পরের দিনও ঠিক সেভাবেই কাটলো, তার পরের দিন এক অন্য দিন। একদিকে সত্যেন্দর কাঁদছে, অন্যদিকে কাঁদছে যারা কদিন আগে তাকে মেরে মাথা ফাটিয়ে ছিলো। 

কিংশুক কারোর চোখের জল মুছতে যায় নি। এ বাড়ির কোনো এক ভাড়াটিয়া চা এর দোকান চালাতো। সে সেদিন চা নিয়ে এলো। কয়েক চুমুকেই শেষ হলো প্রথমটা, দ্বিতীয়টা শেষ হলো চোখের নিমিষে, তৃতীয়টা তার আর খাওয়া হোলো না। 

শরীরটা উঠোনের ভেজা মাটিতে সত্যেন্দর সেদিন শুইয়ে দিলো। মুখে একটু জল দিলেও সে জল তার গলা থেকে নামলো না। 

বাড়িটা এরপরে ঠিক সেই আদি অকৃত্রিম রূপ পেয়েছে। ওরা নতুন একটা নাম রেখেছে ও বাড়িটার।

নাম হিসেবে আজও কিংশুক জীবিত ওই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পথে। প্রত্যেক বছর পঁচিশে বৈশাখ ওই বাড়ির বাসিন্দারা তাকে স্মরণ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন