:১:
স্টেজ থেকে নেমে সেই মেয়েটা প্রথমে তার মা এর কাছে এলো, এরপর তার সহপাঠীদের কাছে। মা কি বলেছিল জানা নেই কিন্তু সহপাঠীরা বললো তুই নাচ শিখিস?
এটা উত্তর দেওয়ার বয়স নয় শুধু আনন্দের সময়। স্কুলের বাৎসরিক উৎসব এভাবেই কাটলো সে বছর। যে নাচ সে সেদিন নেচেছে সেটা তার মা শিখিয়েছে। তার কাছে মা এর চুমুটা সেদিনের সম্পদ। অথচ খচখচ করছিল দূর্গা পূজোয় ধুনুচি নাচ করে, ঢাক বাজিয়ে বেজায় প্রিয় হয়ে পরা তার কোনো এক সহপাঠীর নিরুত্তর থাকা দেখে।
শুধু সেই ছেলেটা পরীক্ষায় প্রথম হওয়ার পুরস্কার হাতে নিয়ে একান্ত মনে বইটাই পড়ছিলো। এই নৃত্য মনে হয় যেন সে দেখেনি।
ক্ষীরের পুতুল লেখাটা শুরুতেই তার খুব ভালো লেগেছিল,এজন্যেই বই এর পাতা থেকে তার চোখ সরে নি।
যখন বাৎসরিক অনুষ্ঠান শেষ হলো এই মেয়েটা দেখেছে, ছেলেটা বইটার কোনো একটা পাতায় আঙুল গুঁজে অন্যমনে হেঁটে চলেছে বাড়ির দিকে।
অভিমান হয়েছিল সেদিন। মনে হয়েছিল না এরকম সে আর নাচবে না বরং বই এর পাতায় দু'চোখ রাখবে। অনিয়ম হয়েছিল এই কারণেই। হাত ধরে সেদিন সে বলেছিলো এই বই আমি কবে পাবো?
নিরুত্তর হাসিতে সে বললো, যা নিয়ে যা। পড়ে ফেরত দিস।
সত্ত্বার আবির্ভাব হয় ক্লাস সেভেন -এইট থেকে। মান, অভিমান, ভালোবাসা সবকিছুর শুরু ঠিক এই বয়েস থেকেই শুরু হয়। মা-বাবা খুব সক্রিয় হয়ে পরেন এই ট্রাঞ্জিসান এর সময় থেকে। শুরু হয় নানান শাসন।
এই যে হাত ধরে কথা বলা, এই বইটা হাতে নিয়ে মা এর সাথে বাড়িতে ফেরা সেটা কারোর চোখ এড়ায় নি। আড়ালে আবডালে একটু হাসিঠাট্টা, একটু রহস্যের সন্ধান খুঁজতে তাদের সময় লাগে নি।
এই হাঁ করা সমাজকে এরা দুজন জানে না।
:২:
সময়মত বইটা ফেরত এলো না। নমিত এর তেমন কিছু মনে হয় নি, সে এর মধ্যে টেনিদার সহস্র সম্পদ পড়তে ব্যাস্ত। এভাবেই মাস শেষ হলো। নমিত ভাবলো বইটা আনতে শ্রেয়ার বাড়িতে যাবে, অন্য মন ভাবলো থাক না হয় নাই গেলাম।
কিছুটা পড়ে ফেলা বইটা তার শেষ করার ইচ্ছা। শেষে সে ভাবলো বইটা বাবা কে কিনে আনতে বলবে।
নমিতের বাবাও বই পোকা। ছেলের কথা শুনেই সে বললো সোমবার অফিস থেকে ফেরার সময় কলেজ স্ট্রিট থেকে তিনি নিয়ে আসবেন। গিন্নী বাধ সাধলো, বললো শ্রেয়া বইটা ফেরত দেয় নি? নমিত একবার বাবা একবার মা এর দিকে তাকালো, শেষে বললো দেখি কালকে ওর বাড়িতে গিয়ে?
এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হলো না। কয়েক দিন পর নমিত স্কুল থেকে ফিরলো ক্ষীরের পুতুল হাতে নিয়ে। এই বইটা ফেরত পাওয়া বই নয়, সে এটা কিনেছে।
মা খুশি হয়েছিল পয়সা বাঁচায় আর তার বাবা সকলের অলক্ষ্যে দেখেছিলো এই বই পুরস্কারের নয় দোকান থেকে পয়সা দিয়ে কিনে আনা। যদিও এ বিষয়ে তিনি নমিত কে কিছুই বলেন নি বরং ভেবেছিলেন এমন অদল বদল এই স্কুল জীবনে হয়েই থাকে।
এখানেই শেষ নয়, শেষ হয়েছিলো সে দিন যখন ফেরত পাওয়া বইটা নমিত বাড়িতে নিয়ে এলো।
ছাপার অক্ষরের পাশে পেন্সিল দিয়ে লেখা নানান শব্দ দেখে নমিত বুঝলো নতুন একটা ক্ষীরের পুতুল সে পেয়েছে, সেখানে এই কিনে আনা বইটা নিতান্তই অপাংক্তেয়।
এটাই যৌবনের প্রারম্ভ।
:৩:
নমিত কখনোই শ্রেয়াকে নমিতাঙ্গি রূপে দেখে নি। সেই সময়চক্রে এই ভাবনা তার আসতো না। ওটা ছিলো ওই বয়েসের সাথে পাঠ্য কাহিনীতে নিজের এক হয়ে যাওয়ার সময়, এই ঐক্য কখনো হয়ে ওঠে নি।
অন্যদিক টা একটু অন্যরকম। একটু বাহ্যিক প্রকাশ, একটু অরূপ, একটু সৌন্দর্য্য অথবা মান অভিমান।
নমিতের গণিত একটু আলাদা। সে ইউক্লিডের জ্যামিতিতে যেমন উৎসাহী ঠিক তেমন পুরস্কার এর বই পড়ার পর আরো আরো বই পড়া। এই পড়া পড়া বিষয়টা তার নিজস্ব।
নমিত এর নিজস্বী দেখার ইচ্ছা কখনো হয় নি অথচ অসংখ্য পরস্বী নিয়ে নানান রূপ কল্প তৈরী হয়েছে তাকে সামনে রেখে।
শ্রেয়া এই পরস্বী নিয়ে ভাবে, সে ভাবে সাধারণ কোনো কিছু অচিরেই অসাধারণ হয়ে পরবে না তো? সে ভাবে এমন দুর্ভাগ্যের শরিক নমিত কে হতে হবে কি?
যা সে অন্য মনে ভেবেছে সেটা একটু সংক্ষেপে বলতেই হয়। যদি এই পরস্বী শেষ সত্য হয়ে পরে নমিত মানবে তো?
সংশয় যেনো আর পিছন ছাড়ে না।
অস্তিত্বহীন কোনো এক বাস্তব যখন সামাজিক ধারাবাহিকতা নিয়ে নানা কল্পনা কে প্রাধান্য দিয়ে কিন্তু আর পরন্তু শব্দের পার্থক্য বুঝে অথবা বেশি বুঝে একটা সরল সমীকরণ তৈরী করে তখন নাম গন্ধ হীন প্রেম নতুন এক ভালোবাসার জন্ম দেয়। সেই ভালোবাসা একটা গাণিতিক সূচক এর মতন।
নমিত সেদিন শেষ বারের মতন শ্রেয়ার সাথে কথা বলেছিল। এর পর কয়েক যুগ নিমেষেই শেষ হয়েছে। কখনোই মনে হয় নি কতকাল যোগাযোগ নেই, কতবড় হয়েছি আমি অথবা কত বৃহৎ হয়েছিস তুই।
এ বিষয়ে শেষ কথাটা ওরা কেউ বলে নি। বলেছে ওই পরস্বী তুলে রাখা সমাজ। বলেছে ওরা আছে ওদের মতন। শুধু অবাক হয়েছে দুটো বিন্দু একটা সরলরেখা তৈরী করে নি বরং দুটো আলাদা আলাদা সরলরেখা নিখুঁত একটা বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে।
:৪:
শত অব্দের শেষ নয়, শুধু কয়েক দশক পার হয়েছে। নমিত ফিরেছে তার বাপকেলে ভিটেতে। সেখানে তখন উলুখাগড়ার সমারোহে কেউটে সাপের বসতি।
পুরানো বাড়ির দরজা খুলতে হাত তালির শব্দের শব্দে পায়রা আর ঘুঘু নিপাট ভদ্রলোকের মতন ঘর ছাড়লো।
এর পর ওই তিন দশকের উলুবনে আগুন লাগালো নমিত।
ওখানে বসবাস করা ভামবিড়াল, পেঁচা আর দাঁড়াশের দল ছুটলো নতুন কোনো এক আশ্রয় খুঁজতে।
এরপর সে সেই পুরোনো তালাটায় চাবি লাগিয়ে বুঝলো এই তালা কখনোই আর খুলবে না।
এ সবের শেষে তার মনে পরলো শ্রেয়ার কথা। তার অতীতের সেই কথাকে আজকে প্রাসঙ্গিক মনে হলো।
গৃহহীন গৃহকর্তা এই প্রথম খুঁজতে বেড়িয়েছেন কোনো একটা মেয়েকে?
এই মেয়েটাকে সে অনেককাল আগে থেকেই চিনতো। মেয়েটার মা কখনো বলে নি শুধু ভাবতে ভাবতে চলে গেছেন ভালোবাসার শেষ শিখরে।
সে দিন ওই পাড়ায় শ্রেয়ার খোঁজ নিতে গেছিলো নমিত। সে শুনেছে শ্রেয়া মারা গেছে।
বিশ্বাস আর অবিশ্বাস তখন এক হয়ে পড়েছে। চোখ দুটো খুলে রেখে সে হাতের কাছে যাকেই পেয়েছে তাকেই প্রশ্ন করেছে, এটা কি সত্যি?
সবাই দায় এড়িয়ে গেছে।
তবে বাস্তবতার সাথে মিলতে কোনো এক বিষাদ তাদের কে আলাদা করেছে এ কথা তারা জানে, তবুও বাস্তব আর অন্তরীক্ষ একদম একসাথে একটা কথা বলেছে।
বলেছে এ এক অমর প্রেম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন