ভাবনার মধ্যে ছিল না যে বিষয় সেটা প্রাত্যহিক জীবনে সাতচল্লিশে এসেছিলো। দেশের মধ্যে থেকেও মাইগ্রেটেড হওয়া এই আধুনিক ভারতে কেউ বুঝবে না। স্বদেশ হলো বিদেশ আর বিদেশ ছিলো স্বদেশ।
এই সন্দেশ, ছানা মেখে বানানো সন্দেশ এর মতন নয়। এটা গরুর চোনায় কেটে যাওয়া দুধ থেকে তৈরি। প্রক্রিয়াটা শুরু হয়ে বেয়াল্লিশ বছর আগে। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে যে ঐক্য তৈরী হয়েছিলো সেই ঐক্যবদ্ধ মানুষ কে দু খন্ড করে সাময়িক ভাবে শোষন আর শাসন রক্ষা করতে শাসক তার শেষ অস্ত্র ব্যবহার করেছিলেন। এর পর প্রায় প্রায় শতবর্ষ এই গণিত দিয়েই শাসক তার শাসন সংস্থাপন করে নিজেকে সমৃদ্ধ করেছেন। যা করেন নি সেটা এই শত বর্ষের শেষে নতুন এক শাসক এসে দুর্লঙ্ঘ ভারত পারাবারে জাতি-ধর্ম-বর্ণের সাথে সুচিন্তিত ভাবে করে চলেছেন।
হায় রামচন্দ্র! বেশ ছিলে সেই চোদ্দ বছর। তার পর আবার এসেছ ফিরে।
এটা ফিরে আসা নয়। ফিকে হয়ে যাওয়া রাজ্যপাট তা সহ সীতার পাতাল প্রবেশ।
মূল বিষয় হলো সাম্রাজ্য অথবা সম্পদ লোভ। এই লোভ সেই রামায়ণ -মহাভারত দেখিয়েছে, এই লোভ সম্বরণ বিষয়ক কিছু কথা দার্শনিক হেগেল প্রারম্ভিক ভাবে শুরু করলেও সেটা ছিলো ভাববাদী চিন্তা। এর পর বস্তুনিষ্ঠ যে দর্শন এসেছিলো সেটা আপামর মানুষের কাছে একটা গ্রহান্তকারী বিষয় ছিল। সেটাও বিফলে গেলো। কারন যাই হোক আসল বিষয় এই মনন। যেখানে সূর্য চন্দ্র গ্রহ তারা আছে সেখানে মানুষের কথাও আছে। আছে আরো অনেক অবিসংবাদিত সভ্যতার অশেষ রূপকথা।
লক্ষ্মীর পাঁচালি তে লেখা হয়েছিলো অপুত্রের পুত্র এবং নির্ধনের ধন হওয়ার এক প্রতিজ্ঞার কথা।
সমাজ ব্যবস্থা না মেনেছে লক্ষ্মী না মেনেছে বস্তুবাদ।
হায় রাম এই ব্যারাম সারাবে কি সাধের ভাই লক্ষ্মণ?
এই সাধের ভাইকে বাঁচাতে একটা হনুমানের প্রয়োজন হয়েছিল। ইনি হনুমান না গাধা সেটা বলা নিষ্প্রয়োজন। বিশল্যকরণী চেনা দূর অস্ত এই প্রাণীর আর গোটা গন্ধমাদন মাথায় নিয়ে ?
থাক সে সব উপাখ্যান। যেটা নিতান্ত না বুঝলেই নয় সেটা হলো কল্পনা আর বাস্তবের অবাস্তব সহাবস্থান।
স্মৃতির পাতায় যেগুলো আজ লুপ্তপ্রায় সেটুকু বলা আজ প্রয়োজন। যেমন ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য ধর্ম যুদ্ধে লড়তে রাজি হন নি। কিছুটা নিমরাজি হয়েও কর্ণ বন্ধুত্বের মান রক্ষায় ধর্ম বুঝেও অধর্মের পথে পা রেখেছিলেন।
এরকম ঘটনার ঘনঘটা চারিদিকে। সে ইন্দ্রজিৎ হত্যা কান্ড থেকে অভিমন্যু বধ সর্বত্র।
এখানে একটা কথা মনে হয় মনে রাখতেই হয়, সেটা নীতি বোধ আর পরিমিতিবোধ।
পরিমিতি আসলে জলাভূমি, ভূমি, পাতাল আর স্বর্গ পর্যন্ত ব্যাপৃত। আর নীতি এই পরিমিতির নিরিখে একটা ভ্যারিয়েবল। এখানেই যতসব ভ্রান্তি এসে পরে।
এখানেই মনে পরে তুমি কেনো আসিয়াছো?কিসের জন্য আসিয়াছো?
উত্তর একলব্জে বলা সম্ভব। কারণ সেই গীতার শব্দবন্ধ। " যদা যদা হি ধর্মশ্চ ......."
এখানে ধর্মীয় বিষয় বাদ দিলে যা পরে থাকে সেটা এই বিদগ্ধ সমাজ, না খেতে পাওয়া মানুষ, অশিক্ষার আঁধারে ডুবে থাকা প্রাণ যা কি না সমাজ উন্নয়নের একমাত্র পরাকাষ্ঠা।
উৎপাদনের উপকরণ কে পিছনে ফেলে দিয়ে আগুয়ান সমাজ ব্যবস্থা বিজ্ঞান কে আলিঙ্গন করে চলেছে। তাদের ভ্রম সংশোধন সেদিনই হতে পারবে যেদিন এই শিক্ষিত সম্প্রদায়ের সাথে তৈরী হবে বৈরিতা।
এখন উৎপাদনের উপকরন মানুষের মস্তিষ্ক। অর্থের অনুপস্থিতিতে একদিন এই উপকরণ অন্য পথ অবলম্বন করবেই।
আসলে ডিমান্ড সাপ্লাই বিষয়টা এ কথাই বলে। খরিদ করা ব্রেন অর্থানুকূল্যের শেষে একদিন মুক ও বধির হয়ে পরবে। শিক্ষায় যে ব্যাভিচার চলছে নতুন নতুন ভাবে আর মস্তিষ্ক তৈরী হবে না বরং শুরু হবে এক বৈপরীত্য।
হয়ত এটাই হবে নতুন ভাবে শুরু করার সকাল। অপেক্ষায় আছি আজ সেই সকালের জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন