ইচ্ছে হলো একটা অনুলিখন লিখতে। এখানে সকলের সাথে সকলের সখ্য, বৈপরীত্যও থাকতে পারে, এখন পর্যন্ত সেটা অনুভূত নয়। এহেন মানুষজন একসাথে বন ভোজন করতে এসে সামান্য সুরার সাথে আনন্দ উৎসব চলছে। গান গপ্পো গুলো বিষয় বহির্ভূত। তাৎক্ষনিক যা কিছু সম্ভাবনা, সমস্যা এ সব খুব সুন্দর ভাবে রক্ষিত। একটু সময় গতিময় ভাবে এগিয়ে চলেছে সেখানে সকলের চোখ, নাক গ্রীবা সাময়িক ভাবে যাই হোক সামগ্রিক ভাবে পরিবার বহির্ভূত।
আমরা বোধনাশা নই তবুও সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে স্বরূপ প্রকাশ হয়ে পরে। লজ্জা লাগে। সমস্ত লজ্জা আনন্দের আলোয় নিভে যায়। মনে হয় এই অসুস্থতারও প্রয়োজন বাস্তব জীবনে।
এই বনভোজন সেকেলে নয়, আধুনিক। সেকেলে বনভোজন নদীর পাড়, নদীর চর খুঁজতো, এ কালে এ সব বাদ পরে গেছে। এখন পিকনিক হয়, তবে সে স্থান ঘেরাটোপ। যেমন বাগান বাড়ি, রিসর্ট অথবা বিদর্ভ নগরের মাঝখানে বেঁচে থাকা পুরানো লালকুঠি।
আধুনিক জীবনের সাথে সাযুজ্য এমন এক বিষয় যা অতীত কে উপেক্ষা করে। উত্তরবঙ্গের খরস্রোতা নদীর পার শীতের দিনে উৎসবমুখর হয়ে থাকে। গরীব ধনী সব যেন ওই নদীর চরের বাসিন্দা। রান্না হয়, খাওয়া হয়, বাড়ির পথেও পা দুটো হেঁটে চলে সারাদিনের আনন্দের অন্তে।
এরকমই একটা বনভোজন হয়েছিল বাংলাদেশ আর ভারতের সীমানায়। সেই নদীটাতে অনেক বিদ্যুৎবাহী মাছ ঘোরাফেরা করে। শোনা যায়, বনভোজনে যাওয়ার পর নদীতে স্নান করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেকেরই বনভোজন খেয়ে ওঠা হয়না।
স্থানটা লোয়ার আসামের প্রত্যন্ত এক গ্রাম ডালুগাঁও। ঐ গাঁয়ের উত্তরে একটা নদী আছে, নাম ছৈপানি। ছৈপানির চরে এমন ঘটনা প্রাত্যহিক বিষয়ের মত। সেখানে বছরান্তে শীতের শেষে বনভোজনে সবাই মিলে যায় কিন্তু সবাই ফেরেনা। কেন জানিনা অনন্তকাল ধরে এই বনভোজন চলেই আসছে যেখানে আনন্দের মৃত্যু এক চিরায়ত বিষয়।
আমার ইচ্ছা হয় এরকম এক বনভোজনে সবাই মিলে যেতে এবং সবাই মিলে বাড়ি ফিরে আসতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন