বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৪



পূজোয় লাইভ থিম
সুবীর চৌধুরী

        হোঁদোলকুতকুত চেহারা, জাতে সদ্‌গোপ। তিন পুরুষের মিষ্টির দোকান। নাম গজানন্দ ময়রা। থিমের পূজোতে ডাক পড়েছে। গণেশ সাজতে হবে।

          কার্তিক চরিত্রের সাথে কারুকৃত্‌ এর বেশ মিল পাওয়া যায়। ইংরাজীতে বলা যায় ওভার স্মার্ট ছেলে। অর্থাত্‌ কিনা ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। কারুকৃত্‌ সেনাপতি হওয়ার দৌড়ে পাড়ার কম্পিটিশানে ফার্স্ট।

          এদিকে স্বাতীলেখা , লোপামুদ্রা কোন ছাড়। সরস্বতী সাজতে চায় মুনমুনের মেয়ে। নামটা সকলেরই জানা। আসলে মুনমুনের মেয়েকে কপি করাটা তাদের দৈনন্দিনের কাজ। পাড়ার-বেপাড়ার ছেলেদের সিটি খাওয়াটা ডোন্ট পরোয়া অলরাইট।

          লক্ষ্মী সাজার জন্য শতেক মেয়ে হাত তুলে আছে। স্বাগতা, সুলক্ষণা এরাও আছে এর মধ্যে। কথায় আছেনা রূপে  লক্ষ্মী গুণে সরস্বতী। সকলেরই ভয় নারায়ণ যদি ভুলভাল লক্ষ্মী দেখে রাগে সুদর্শন চক্রটা ছেড়ে দেয়, তাহলে সর্বনাশ। এ কারণে প্রপার ভারজিন মেয়ে খুঁজতে গাঁ উজাড় হওয়ার দশা। অবশেষে লক্ষ্মী সাজাতে হল একটা ছেলেকে।

          কিন্তু দুর্গা হবে কে? অপূর দিদিতো মরে গেছে। মরে গেছে মহুয়া যাকে একবার বিসর্জনের সময় দেখে ছিলাম দুর্গা রূপে। শেষে রাজী হল এক বরনারী। কমিটি মেনেও নিল। কারণ পূজোর একটা অঙ্গ হিসাবে এ বাড়ীর মাটিও লাগে যে ! স্বয়ং তিনিই যখন মণ্ডপে অধিষ্ঠিত হতে রাজী, খারাপ কি?

          থিমের প্যান্ডেলে এখন সিমের ছড়াছড়ি। বন্ধুকে বলতে হবে  নিজেদের অলীক সজ্জার বর্ণনা। তবে হ্যাঁ ওটা আড়ালে আবডালে। জ্যান্ত থিম বলে কথা না?

          দুর্গা, কার্তিক, গণেশ এই নাম গুলোর উপর একটা সংশোধনী আনতে চায় শিল্পীবৃন্দ। আরও একটা সংশোধনী তাদের ডিমান্ড। বিসর্জনের সময় তারা থাকতে পারবেন না। বরণে মদা গন্ধের সন্দেশ, গুজিয়া’র পরিবর্তে যদি ফাস্টফুড থাকত তবু একবার ভাবা যেত প্লাস সেজেগুজে শেষে কিনা বিসর্জন তাও আবার কন্টামিনেটেড টালিনালার জলে? নেভার। আমরা নবমীর রাত পর্যন্তই সেলিব্রিটি। দশমীর দিনে দর্পণে বিসর্জন  কম কিসে?
............................................................।। ..................................................................।

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩



সংখ্যা রহস্য
সুবীর চৌধুরী

ট্রেনটা কোলকাতা স্টেশনে তিন ঘন্টা লেট-এ ঢুকলো। রাত প্রায় ১২.৩০। বৌ-মেয়ে নিয়ে বড়িশা ফিরতে হবে। শুনশান স্টেশনে  দালালদের সাথে পটলো না। অগত্যা নির্জন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছলাম আর. জি. কর মোড়ে। খুব সহজেই ওই মধ্যরাতে পেয়েও গেলাম ট্যাক্সি। কোনো অতিরিক্ত টাকাও দাবী করল না। চড়ে বসলাম। ড্রাইভার নিজেই আলাপ জমালো আধভাঙা বাংলা ভাষায়। কেমন যেন একটা ভয় লাগলো। কোনো খপ্পরে পড়লাম নাতো? বিপদ ভেবে সিটের পিছনে লেখা গাড়ীর নাম্বারটা মোবাইলে ষ্টোর করলাম।  না কোনো বিপদ নয়, নিরাপদেই সেদিন পৌঁছেছিলাম তবে নাম্বারটা আজও ভুলিনি কারন এটা একটা বিখ্যাত সংখ্যা। পরদিন থেকে আবার সেই অফিস-বাড়ী চলতে থাকল। কাজের চাপে চলে গেছে  তিন-চারটে বছর। স্মৃতির আড়ালে চাপাই পড়ে গেছিল এসব।

অনেকদিন পর আজ অফিসের পার্টি যখন শেষ হল তখন অনেক রাত। হালকা হুইস্কির নেশায় ক্লান্ত-শ্রান্ত  শরীর। অফিসের গাড়ী লিভ দিল ধর্মতলার শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। রাত্রের সব মদ্যপদের সাথে আমিও মিশে গেলাম। ড্রাইভারের পিছনে জানলার ধারে বসে ফুরফুরে হাওয়ায় ঠিক কখন যে ঘুমিয়ে পড়েছি!

হুঁশ ফিরল ড্রাইভারের ডাকে। বাবু, সখেরবাজার।
ধরফর করে জেগে উঠলাম। তখন ট্যাক্সিতে স্রেফ আমি একা। চোখ পড়ল সিটের পিছনে সাদা রংয়ে লেখা WB 04C 1729 নম্বরটার দিকে। চমকে উঠলাম  নম্বরটা দেখেও। মনে পড়ল সেদিন মধ্যরাতে এই ট্যাক্সিটাই কোলকাতা স্টেশন থেকে  আমদেরকে সখেরবাজার পৌঁছে দিয়েছিল। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম তুমি কীভাবে বুঝলে যে আমি এখানেই নামবো?
ড্রাইভার অকপটে বললো বাবু হামলোগ রাত কা প্যাসেঞ্জার পহেচানতে হ্যায়।
আমার নেশাটাও ফেটে গেছে।
পান্ডিত্যের সাথে ড্রাইভারকে বললাম ভায়া তুমি কি জানো, গাড়ীর নাম্বারটা খুব বিখ্যাত একটা সংখ্যা।
ড্রাইভার হেসে বলল বাবু ম্যায় মুরখ্‌ নেহি । ম্যায় ভি এক সাইন্স গ্রাজুয়েট হুঁ। আউর ইয়ে তো  রামানুজন নাম্বার হ্যায় না?
আজ আবার দ্বিতীয়বার আমি চমকে উঠলাম।

...............................................................০০০...............................................................

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা



হাওয়া

সুবীর চৌধুরী

 

পায়ে আমার লাগছে হাওয়া

        লাগল না হয় আমার পায়ে,

গায়ে আমার লাগছে হাওয়া

        সে হাওয়া নেই সুদূর গাঁয়ে।

পালে আমার লাগবে হাওয়া

        পাল টাঙানো ছিলই আগে,

হাওয়া যখন এলই পালে

        চলবে নৌকা তাহার তালে।।

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩



রিটায়ারমেন্ট
সুবীর চৌধুরী

রিটায়ারমেন্টের আর কয়েকটা বছর বাকী। কিন্তু কীভাবে যে এই সময়টা কাটাবে সেটা ভেবেই ভি.আর.এস নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অনুরূপ। বিগত কয়েকটা বছর কেমন যেন একটা স্থবিরের মতন হয়ে পড়েছে অফিসটা। কতগুলো কম্পিউটার আর কয়েকটা নতুন জয়েন করা কর্মী ছাড়া আর কারোর কোনো কাজ নেই। অথচ রোজ সকাল থেকেই নিয়ম মেনে স্নান-খাওয়া সেরে ভীড় বাসে চেপে দশটা-পাঁচটা ডিউটি। অনুরূপের মনে পরে যায়  ওর এক কলিগ সমীরনের কথা। ওকে ঘুষ খাওয়ার অভিযোগে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। সারাটা দিন ও চুপ করে বসে আড্ডা মেরে কাটাতো আর আমাদের বলতো আমাকে অন্য কোনো সাজা দিতে পারলো না।
অনুরূপ এখন বোঝে এই সাজাটা কী ভয়ঙ্কর।
এই সব এলোমেলো ভাবনার মধ্যে শংকর এসে বললো, অনুরূপদা, কিছু করছো?
ধূর, অফিসে কোনো কাজ তোরা রেখেছিস যে কাজ করবো? বসে বসে ভি.আর.এস নিলে কী লাভ-লোকসান হবে সেই হিসাবটাই কষছি।
কি বলছো বলতো! গত দু বছরে প্রায় একুশ জন সিনিয়র ভি.আর.এস নিয়েছে। অফিসটা কেমন ভূতুড়ে জায়গা হয়ে উঠেছে। আর তুমি চলে গেলে আমরা যে অভিভাবকহীন হয়ে পড়বো সেটা একটু ভাববে না। ধরো, এই যে রোজ তোমাকে দিয়ে আমি আমার মেয়ের স্কুলের জ্যামিতির একস্ট্রা বা বাংলা রচনা লেখা, কিংবা এই সেদিন অভি তোমাকে দিয়ে ওর দিদির ছেলের জন্য একটা হিস্ট্রির প্রশ্নের উত্তর লিখিয়ে নিয়ে গেল এগুলো কী কাজ না?
অনুরূপ হেসে ফেলে। হ্যাঁ ওগুলোও কাজ। আচ্ছা শংকর, তোরা আমাকে তোদের ছাত্র ভাবতে পারিস না? ধর তোরা তিন চার জন সারাদিন ওই বাক্সের সামনে বসে খুট খুট করে কাজ করেই চলেছিস। আমাকে ওই কাজটা শিখিয়ে নিতে পারিস না?
এর মধ্যে অভিও কখন পাশে এসে দাঁড়িয়েছে অনুরূপ তা দেখেনি।
অভি হাসতে হাসতে বলে, তোমারতো মেরে কেটে বছর দু-এক চাকরী আছে।
কী হবে এসব শিখে?
অনুরূপ বুঝতে পারে প্রফেশনালিজম কিভাবে আয়ত্ত করেছে এই জেনারেশানের ছেলে-মেয়েরা। ভাগ্যিস বলে নি, যে তোমার ছেলেওতো কম্পিউটার ইঞ্জিনিয়ার, তুমিতো বাড়িতেই নিজেকে মেজে ঘষে নিতে পারো। কথাটা যদি বলেও বসত, আমাকে মেনে নিতেই হত, কারণ কথাটা একদম ঠিক।
বাড়িতে ছেলের কম্পিউটারে দু-এক বার বসার চেষ্টা অনুরূপ করেনি তা নয় কিন্তু বাবাকে শেখানো তো দূরের কথা, ওঠো ওঠো বলে উঠিয়ে দিয়েছে। অথচ, সারাদিন ফেসবুক নিয়ে, গেম খেলে বহু সময় নষ্ট করে কিন্তু বিদ্যা দান? নৈব নৈব চ।
অভি’র কথাটা ভালো ভাবে নেয় না অনুরূপ। মনে মনে একটা কথাই ভাবে পড়ার আবার বয়স?
সেদিন অফিস ফেরত অনুরূপ ঢুকে পড়ে একটা কম্পিউটার এর দোকানে। এখান থেকেই কয়েক মাস আগে ছেলের জন্য নতুন মেশিনটা কিনেছে। কেমন এক অজানাকে জানার মন নিয়ে কিনে ফেলে একটা ল্যাপটপ। সে ভাবছিল বাড়িতে ঢুকে শিউলীকে একটা সারপ্রাইজ দেওয়া যাবে কিন্তু বাবার হাতে নতুন ল্যাপটপ দেখে নিজেকে ধরে রাখতে পারে না, দৌড়ে এগিয়ে আসে।
বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা, তুমি কীভাবে বুঝলে যে আমার এটা লাগবে? জানো আমি ভয়ে ভয়ে তোমাকে বলতে পারছিলাম না।


(২)

অফিস পাড়ার ফুটপাতটা চিরকালই অনুরূপের খুব প্রিয়। ছাত্রজীবন থেকেই বই এর নেশা, আর অফিস পাড়ার ফুটপাত থেকে বহু মূল্যবান বই সে কিনেছে সস্তা দামে। শিউলীর সাথে সংসার পাতার পর থেকে সে টিফিন নিয়ে অফিস আসে, তাই বড়ো একটা এখন আর ফুটপাত ঘোরা হয় না। সেদিন টিফিন টাইমে সে বেড়িয়ে পরে কম্পিউটার সংক্রান্ত বইয়ের সন্ধানে। ফুটপাতে বই দেখতে দেখতে MS DOS লেখা একটা মোটা বই হাতে নিয়ে দাম জিজ্ঞাসা করে। দাম শুনে খটকা লাগে। এত মোটা প্রায় তিনশো পাতার বইটার দাম মাত্র একশ টাকা? নিশ্চয় আজে বাজে কিছু একটা হবে। না নেওয়ার জন্য সে দোকানীকে বলে পঞ্চাশ টাকা দেব, হবে? দোকানদার তাতেই রাজী, লজ্জায় পরে সে না নিয়েও পারে না।
অফিসে এসে বইটার পাতা উল্টে-পাল্টে দেখছে;.........  অভি পাশে এসে দাঁড়ায়।
কী বই পড়ছো অনুরূপদা?
ও কিছু না, কিছুটা লজ্জা পায় অনুরূপ।
অভি বলে MS DOS! এটা কোন কাজে লাগবে? এটাতো এখন অবসোলেট। ভালো টুপি খেয়েছ ।
অনুরূপ বিরক্ত হয়, বই থেকে চোখ তুলে বলে;
পড়েছ নাকি বইটা?
হ্যাঁ...একটু থেমে বলে না,  না মানে এটা পুরোনো মেশিন অপারেটিং সিস্টেম এর বই বলে শুনেছি।
ও, তাহলে পড়নি বল?
অভি একটু অস্বস্তি বোধ করে; খানিকটা সময় ভেবে নিয়ে জিজ্ঞাসা করে,
তা আপনি হঠাত্‌ এসব নিয়ে পড়লেন কেন?
না, মানে তোমাদের ছেলে-মেয়েরা যদি এ বিষয়ে কিছু প্রশ্ন করে, তখন আমি কী ভাবে বোঝাবো বল?
অভি বুঝতে পারে কথার শুরুতেই সে নিজের দৈন্যতাটা দেখিয়ে ফেলেছে। আর কথা না বাড়িয়ে সে বলে, অনুরূপদা, তোমাকে আমি অপারেটিং সিস্টেম এর কিছু বই দেব। দ্যাখো কিছু উদ্ধার করতে পার যদি। আমরা বেসিক্যালি একটা অপারেটিং সিস্টেম নিয়ে রেগুলার কাজ করে যাচ্ছি। ক্রিয়েটিভ কিছু করতে গেলে বিষয়টার ভিতরে যেতে হয়, যেটা আমার দ্বারা হয়ে ওঠে নি, তবে মোটা মোটা অনেক বই আছে । তুমিতো খুব বুকিস, ওগুলো তোমাকে দেবো,  দ্যাখো আমরা যেগুলো উপর উপর জানি সেগুলো তুমি যদি উদ্ধার করে দিতে পারো, আমাদেরও কাজে লাগবে।
অনুরূপের ভারি অবাক লাগে অভি’র কথায়, কারন এখানেও সেই প্রফেশনালিজম!  খালি গিভ এন্ড টেক।  কেনা বইটার প্রথম কয়েক পাতা পড়ে অনুরূপ এটুকু বুঝতে পারে, যে পঞ্চাশটা টাকা তার জলে যায়নি।

অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়েই অনুরূপ বিছানার উপর ল্যাপটপ নিয়ে বসে গেছে। শিউলী চা নিয়ে আসে দুজনের জন্য, সাথে সামান্য কিছু খাবার।
পাশে বসে বলতে থাকে,
শনিবার বিয়ের নেমতন্ন আছে ভুলে যাওনি তো?
এই যাঃ, সত্যিতো ভুলেই গেছিলাম।
কিছুতো কেনা হয় নি। চল না, একটু বেড়োই।
অনুরূপ, শিউলীর মুখের দিকে তাকিয়ে বলে, যা হোক কিছু নিয়ে এসো না। খুব টায়ার্ড লাগছে।
শিউলী রাগের সুরে বলে; রোজই তো বলছো অফিসে কোনো কাজ নেই, ভি.আর.এস নেবে,
তাতেই এত টায়ার্ড?
অনুরূপ শিউলীর মুকের দিকে তাকিয়ে বলে, না মানে ঠিক তা নয়, আসলে ল্যাপটপটা একটু ঘাঁটতাম।
কথাটা শুনে শিউলী আরো রেগে ওঠে; নিজের মনেই বলতে থাকে;  
সারাদিন একা একা ঘরে কাটাই। ছেলেটা ওর মতন পরে আছে কম্পিউটার নিয়ে, আর তুমি কিনলে ল্যাপটপ। কী অদ্ভূত ভূতের সংসার.........।।
অন্যদিনের থেকে আজ অনুরূপের অফিসের ব্যাগটা মোটা দেখে শিউলী জিজ্ঞাসা করে,
কী, আবার কিছু কিনেছ বুঝি?
অনুরূপ চুপ করে থাকায়, শিউলী নিজেই ব্যাগটা খোলে। অভিযোগের সুরে বলতে থাকে, তুমি আবার বই কিনেছ?
কথাটা ছেলেরও কানে যায়, মাকে জিজ্ঞাসা করে কী বই গো মা?
শিউলী ভীষন রাগে উঠে যায়, ছেলেকে বলে, যা গিয়ে দেখে নে; আমি বাজারে চললাম।   

রাত্রে খাবার টেবিলে, অনুরূপ ছেলেকে বলে, হ্যাঁরে MS DOS পড়েছিস?
হ্যাঁ পড়েছি, কিন্তু......... বাবা তুমিতো আমাকে কখনো এসব প্রশ্ন করো না;
বরং  কম্পিউটার বিষয়টা তুললেই বলো এসব বাদ দে বুঝি না; ম্যাথ, ফিজিক্স নিয়ে  কিছু জানার থাকলে বল্‌; কিন্তু,  আজ হঠাত্‌ করে একটা পিওর অপারেটিং সিস্টেম নিয়ে পড়লে কেনো বলতো?
অনুরূপ বলে, না রে ও কিছু না।
আচ্ছা বাবা, তুমি যে কোনো বই কিনলেই প্রথমে আমাকে দেখাও। আজকে কিন্তু দেখাও নি।
আর এজন্য আমি দেখতেও যাইনি।
অনুরূপ একটু বিব্রত বোধ করে বলে,  আরে তোকে তো দেখাবোই।
কী বই কিনেছো?
আরে ছাড় না।
কী ব্যাপার বলোতো? 
মৈনাক যে বিষয় নিয়ে পড়াশুনো করছে, সেই বিষয়েরই বই কিনেছে,
অথচ কেনার আগে একবারও ওকে জানায় নি, ব্যাপারটা অনুরূপকে  কেমন একটা সংকুচিত করে তোলে।
মৈনাক টেবিল ছেড়ে উঠে যায়, বাবার ব্যাগ থেকে বইটা বার করে বাঁ হাতে নিয়ে টেবিলে রাখে।
খাওয়ার ফাঁকে দু-চার পাতা উল্টোতে উল্টোতে বলে বাবা, এই বইটা পেলে কোথায়?
আমিও এটা খুঁজছি অনেক দিন ধরে। যাদেরকেই বইটার কথা জিজ্ঞাসা করি হেসে উড়িয়ে দেয়।
বলে আরে ওই অবসোলেট বইটা দিয়ে কী করবি?
অনুরূপের কানে অবসোলেট কথাটা লেগে যায়।
অভির মুখে অফিসে ঠিক এই কথাটাই আজ ও শুনেছে। নিজের মনেই ভাবতে থাকে, বই কখনো অবসোলেট হয়?.........
অনুরূপ শিউলীর দিকে তাকিয়ে বলে, কিগো এখনো তোমার খাবার নাও নি যে? খাবে না?
শিউলী দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে ভাবে যাক বাপ-ছেলের তবু হুঁশ হয়েছে যে ঘরে আমিও আছি।

 (৩)
পরদিন অনুরূপ অফিসে গিয়ে অভির খোঁজ করে, বই এর কথাটা ওকে স্মরণ  করানোর জন্য।
শংকর বলে অভি আসতে পারবে না। ওর মা খুব অসুস্থ্।
কী হয়েছে? কিছু বলেছে? বাড়িতেই আছে না কি নার্সিংহোম টোমে ভর্তি করাতে হয়েছে?
না সে সব কিছু বললো না।
অনুরূপ অভিকে ফোন করে। কিন্তু ফোনটা ধরে ওর মা।
অনুরূপ একটু অবাক হয়, প্রশ্ন করে, আপনি কেমন আছেন দিদি।
আমিতো ভালোই আছি ভাই, কিন্তু অভিটা মাঝে মাঝেই এরকম অসুস্থ হচ্ছে।
কই অভি  কখনোতো কিছু জানায় নি! কী হয়েছে একটু বলবেন? ও কি বাড়িতে আছে?
না বাড়িতে তো নেই। এইমাত্র ওর দিদি এসে ওকে স্ক্যান করাতে নিয়ে গেল। ওর মাথার ব্যাথাটা আমাকে খুব ভাবাচ্ছে। সব কিছু চেপে রাখে। পেইন কিলার খেয়ে ব্যাথা ম্যানেজ করে। এমন কি আমাদেরও কিছু জানায় না। অভি ফিরলে ওর দিদির সাথে কথা বোলো। অভির মা ফোনটা ছেড়ে দেয়।
অনুরূপ কিছুক্ষন চুপ করে থাকে।
শংকর জিজ্ঞাসা করে, কি, কিছু খবর পেলে?
না রে কিছু বলল না। চল্‌ না অফিস ফেরত ওর বাড়ি হয়ে যাই। 
শংকর  বলে, আমার আজকে হবে না। টিউশন আছে।
অনুরূপ শংকরকে অসুস্থতাটা যে অভির, সে কথা আর বলে না।
অফিস ফেরত অভির বাড়িতে যায়।

অভির বাড়িতে ঢুকে, অনুরূপ বুঝতে পারে যে, পরিবেশটা কেমন যেন থম্‌থমে।
অভির মা চা এনে দেয়।
অভি এক দিনেই অনেকটা  কাহিল হয়ে পড়েছে মনে হয়।
অনুরূপ অভির মা’র মুখের দিকে তাকায়। ওর মা উঠে চলে যায়।
ঘর ফাঁকা দেখে, অভিকে বলে, তোর এমন কী হয়েছে যে, শংকরকেও চেপে গেলি?
অভি এদিক- ওদিক একটু দেখে নেয় তারপর  বলে, গত মাস খানেক হল মাথা ব্যাথাটা শুরু হয়েছে। প্রথমে ভাবলাম চোখের পাওয়ারটা বেড়েছে। চোখ দেখিয়ে পাওয়ারটা চেঞ্জ করলাম। কিন্তু ব্যাথাটা কমল না। গতকাল রাত্রে ব্যাথাটা ভীষণ বাড়াবাড়ি হল। সারারাত প্রায় জাগা। সকালে দিদিকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। পেইন কিলার চার্য করে সাময়িক ভাবে ব্যাথাটা কমিয়ে, সোজা স্ক্যান করতে পাঠিয়ে দিলো। এখনো পর্যন্ত রিপোর্ট পাইনি। কাল বুঝতে পারবো।

নিজের ছেলেটাও বড় হয়ছে, আর ওর স্বভাবটাও অনেকটা অভির মতন,  খুব রিজার্ভ। আজ বাদে কাল হয়ত ও একটা চাকরীও পাবে, তারপর......এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই একরাশ উত্‌কন্ঠা নিয়ে বাড়ি ফিরলো অনুরূপ।
(৪)

আগে অনুরূপের বাড়ি থেকে বেড়োনোটা ফিক্সড্‌ ছিল, কিন্তু ফেরাটা যখন যেমন তখন তেমন। এখন ঠিক আর সেভাবে  চলে না। গত চার-পাঁচ বছর ফেরাটাও নির্দিষ্ট সময়ের সাথে চলছে। আজ অনেক দেরী হয়ে গেছে, আর শিউলীকে একটা ইন্টিমেশনও দেওয়া হয়নি। ওর কথা ভেবেই একটা ফোন করবে বলে মোবাইলটা বের করে। কিন্তু বাস স্ট্যান্ডে সিগারেট ধরানোর আগেই মৈনাক সামনে এসে দাঁড়ায়।
কী ব্যাপার বলোতো। কটা বাজে হুঁশ আছে?
আমি আর মা প্রায় এক ঘন্টা হল বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি।
অনুরূপ হেসে ওঠে, বলে আরতো দু-বছরও নেই রিটাইয়ার্ডমেন্টের; এরপর তো আর উত্‌কন্ঠা বলে কিছু থাকবে না তোদের। কুড়িটা মাস না হয় ... অনুরূপ থেমে যায়।
শিউলীও চুপ করে থাকে;
মৈনাক রেগে গিয়ে বলে জানো, তোমার কথা ভেবে আমি ল্যাপটপটা সন্ধ্যার পর আর ধরি নি?
অনুরূপ আর এক দফা হেসে ওঠে মৈনাকের রাগের কারণ শুনে। ভাবে ছেলেটা আজও ঠিক আগের মতনই আছে তবে পাশাপাশি শিউলীর উত্তাপটাও অনুভব করে;
কখন যেন সে  ভুলেই যায় অভির স্ক্যান রিপোর্টটা কালকে জানা যাবে।
(৫)

খাবার টেবিলে শিউলী প্রশ্ন করে, আজকে তোমার এত দেরী হল কেন?
একটু অভির বাড়িতে গেছিলাম, ওর শরীরটা ঠিক নেই।
সকালে অফিসে গিয়ে শংকরের মুখে শুনলাম, ওর মা খুব অসুস্থ। ফোন করলাম ওর মা’ই ধরল। বললো অভি নিজেই অসুস্থ। শংকরকে অবশ্য বিষয়টা এখনো জানাই নি। শংকরকেও যেতে বলেছিলাম, ওর টিউশন আছে বলে ও যেতে চাইল না। আমি একাই গেছিলাম।

মৈনাক বলে, বাবা, এই ছেলেটা তোমাকে কম্পিউটার অপারেট করার ব্যাপারে ইনসাল্ট  করেছিল না?
হ্যাঁ হ্যাঁ, বাব্বাঃ তুই ঠিক মনে রেখেছিস তো।
শিউলী জিজ্ঞাসা করে, কী হয়েছে? এইতো কয়েক বছর হল চাকরিতে জয়েন করেছে।
অনুরূপ কিছুক্ষন চুপ করে থাকে তারপর বলতে থাকে;
ওর মাথায় অসহ্য যন্ত্রনা, ডাক্তার দেখিয়েছে, আজ ব্রেন স্ক্যান করিয়েছে, কালকে জানা যাবে।
শিউলী উদ্বেগের স্বরে বলে, ভয়ের কিছু নেই তো?
আরে না রে বাবা। সব ব্যাপারেই তোমার এই টেনসন্‌ ব্যাপারটা আর গেল না।
এর মধ্যেই শংকরের ফোন আসে।
শিউলীকে ফোনটা ধরতে বলে, অনুরূপ হাত-মুখ ধুয়ে আসে; অভির ব্যাপারটা জানায়, এরপর অফিসের কাজের ব্যাপারে দুজনে কথা বলতে ব্যাস্ত হয়ে পরে।

(৬)

মৈনাক, বাবার কথাগুলো হাঁ করে শুনছে আর ভাবছে এই সামান্য  অপারেটিং সিস্টেম না জানার জন্য  অফিসে অন্যেরা কত কেতা করে। ও বুঝতে পারে যে, তার বাবা মানুষটা কখনোই পিছিয়ে থাকার লোক নয়, আর মনে মনে ভাবতে থাকে, বাবা এই সামান্য বিষয়  শিখেই নেবে।
শিউলী অনুরূপের জন্য জল আর ওষুধ নিয়ে আসে।
অনুরূপ ফোনটা ছেড়ে শিউলীকে বলে, কম্পিউটার ব্যবহারটা এবার শিখেই নেব।
মৈনাক-শিউলী দুজনেই বোঝে  যে, কিছুদিন আবার অনুরূপকে নিজেদের মধ্যে পাওয়া যাবে না। উনি নিজের জগতে নিজের মতন কাটাবেন।
মৈনাক-শিউলী দুজনে বুঝতে পারে যে, কিছু মানুষ এরকমই হয়। যাদের শেখার ব্যাপারে কখনোই পিছিয়ে দেওয়া যায় না। এদের নতুন কিছু শিখতে কোনো অনীহা নেই। শেখাটা এদের কাছে একটা স্বাভাবিক প্রবৃত্তির মতন বিষয়, এজন্য এরা সব বয়সেই যে কোনো কিছু শিখে নিতে পারে।
শিউলী অনুরূপকে বলে, ওষুধটা নাও আমি ও ঘরে যাব।


(৭)

অভি’র রিপোর্ট গুলো হাতে এসেছে।
তেমন কিছু নয়, স্পন্ডেলাইটিস।
ঘাড় গুঁজে কাজ করার ব্যাপারে শুধু রেসট্রিকসান।
আর কিছুদিন ফিজিওর কাছে যাওয়া।
শংকর এসে বললো অনুরূপদা, তুমি একটু হেল্প কোরো। অভিকে কিছুদিন রেস্ট দিতে হবে।
অভি চুপ করে শুনতে থাকে আর ভাবে, এইতো কদিন আগে সে-ই না বলেছে...আর তো দুবছর আছে অনুরূপদা, এখন আর কী শিখবে......
লজ্জায়  অভির মুখটা লাল হয়ে ওঠে।

অনুরূপ আদ্যপ্রান্ত MS Dos বইটায় চোখ বুলিয়ে এটুকু বুঝেছে, এটা প্রাথমিক অপারেটিং সিস্টেম। আর অভি, মৈনাক  বা শংকর একটু মডিফায়েড বা আপগ্রেডেড অপারেটিং সিস্টেম শিখে অপারেট করছে। নিজের মনেই ওর মনে হয় অফিসের কাজটা সামলে দেওয়া তেমন কিছু কঠিন নয়।
নিজেকে প্রথমে টাইপিস্ট হতে হবে আর বাকীটা?
নিজের মনেই হেসে ফেলে অনুরূপ।
অভি বলে কি গো হাসছো কেন?
না মানে, এই বুড়ো বয়সে টাইপ শিখতে হবে ভাবছিলাম।
প্রথম কয়েকদিন অভি, শংকরদের  সাথে বসে অনুরূপ কাজ গুলো বুঝে নিতে থাকে।
ওদের কাজ করার পদ্ধতি অনুরূপের পছন্দ হয় না। বুঝতে পারে, কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে।
অভিকে বলে, বইপত্র দিবি বলেছিলি, কবে দিবি?
ছেলের আর অভির টিচিং তার সাথে বইপত্র  ঘাঁটাঘাঁটি আর নিত্য নতুন ইচ্ছার তাগিদে অনুরূপ পরিচিত   হয়ে উঠতে থাকে Windows95, Windows98, Windows2000, Windows ME, Window XP, Vista, Windows7, Windows8 আপগ্রেডেড অপারেটিং সিস্টেম গুলো।
অভি কম্পিউটারের সামনে দাঁড়িয়ে দেখতে থাকে অনুরূপদাকে। যেন কতকাল খেতে না পাওয়া কেউ খাবার পেয়েছে। একাগ্রতা দেখে ভীষণ হিংসা হয়। মনে হয়, এই সেদিনও না জানার কারণে ভি. আর. এস  নিয়ে নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিল। কিন্তু কী অদম্য ইচ্ছা। আমরা যারা তরতাজা ব্রেন দিয়ে বছর-দুবছর ধরে যেটা আয়ত্ত করেছি, সেটা কিনা মাত্র দুমাসের টাস্ক?
পাশের টেবিলে বসে শংকর তাস খেলছে দেখে অভি লজ্জা পায়।
অনুরূপ কাজ শেষ করার পর প্রতিদিন নিত্য নতুন বিষয় নিয়ে ঘাঁটে। কখনো ফটোসপ্‌, কখনো এক্সেল, কখনো অটোক্যাড আরো কতো কী! আজকাল আবার ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়েছে। মাঝে মধ্যে আমাকে, শংকরকে  বাচ্চাদের মতন ডেকে দেখায়, রেডিমেড উইন্ডো বা টুলস গুলো আমরা নিজেরাই কিভাবে বানিয়ে নিতে পারি এই সব নানান জিনিস।

আজকাল অনুরূপের আর বাঁধা-ধরা সময়ে অফিস থেকে ফেরা হয়ে ওঠে না। অফিসের কাজ সেরে নিজের পড়ায় মন দেয়। ওর জন্য এখন অন্যরাও বসে থাকতে বাধ্য হয়। অনেকেই এখন আড়ালে গিয়ে আলোচনা করে, অনুরূপের রিটায়ারমেন্টটা হলে বাঁচা যায়!



(৮)

শিউলী খাবার টেবিলে এসে ছেলেকে বলে, এই তোর বাবা কে ডাক। রাত বারোটা বাজতে চললো যে।
মৈনাক বাবাকে বলে খাবে চলো।
শিউলী জিজ্ঞাসা করে এই, তোমার ফেয়ারওয়েল কবে?
আর একমাস তিনদিন বাকী?
কিন্তু কেন বলোতো?
না মানে, এখন ছেলেটাও তো চাকরী করে; আমার যেন সময় কাটতে চায় না।
মৈনাক হেসে বলে, বাবার লাইফে ফেয়ারওয়েল বলে কিছু আছে না কি?
মা তুমি মিলিয়ে নিও বাবা কোনোদিন রিটায়ার্ড হবে না।
অনুরূপ শিউলীর দিকে মুখ করে বলতে থাকে, তোমার কাজ থেকে তুমি কি রিটায়ার্ড হবে?
তাছারা তুমি চাইলেও কী তোমাকে আমি রিটায়ার্ড হতে দেবো?
শিউলী উত্তর দিতে পারে না।
মৈনাক শিউরে ওঠে বাবার অভিব্যাক্তিতে।
বুঝতে পারে যে, বাবার কাছে রিটায়ারমেন্ট কথাটার অর্থ কী।
নীরবতা ভেঙে, চার্চের ঘড়িটায় একটার ঘন্টা বেজে ওঠে।

(৯)
আজ একমাস তিন দিন শেষ হলো।
অনুরূপ স্নানের পরে খেতে বসে শিউলীকে বলে, কাল থেকে তোমার-আমার এই দীর্ঘ বছরের দশটা-পাঁচটা ডিউটি শেষ হচ্ছে।
তোমার ঠিক কেমন লাগছে বলো তো?
শিউলী চুপ করে থাকে।
আজ মৈনাকও অফিস যাবে না। বাবার ফেয়ারওয়েল বলে ছুটি নিয়েছে।
ওরা তিন জনই আজ একসাথে কাটাবে সারাদিন।
বাবার দিকে তাকিয়ে মৈনাক জিজ্ঞাসা করে, বাবা অফিস তোমাকে ছাড়বে তো?
শিউলী বলে, তুমি ভি.আর.এস নিলেই মনে হয় ভালো হতো।
কারন চাকরীটা তোমাকে ছাড়তে পারতো না।
অফিসে পৌঁছনোর পর অনুরূপ একটু থমকে যায়।
কারণ যারা ওকে কখনোই পছন্দ করতো না তারাও  আজ এসেছে নানান রকম উপহার নিয়ে।
শংকর মৈনাকের সাথে গল্প জমায়।
অভি মৈনাককে বলে, অনুরূপদা আমাদের কাছে একটা মডেল চরিত্র।
অনুষ্ঠানের শেষে সহকর্মীরা অনুরূপকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করে।
সমস্ত অফিস কর্মীরা স্তদ্ধ হয়ে যায় অনুরূপের এক অতি সাধারন বক্তব্যে।
অনুরূপ বলতে থাকে কম্পিউটার এর উদ্ভাবন থেকে আজ পর্যন্ত যে যে ভাবে এই বিজ্ঞান অগ্রসর হয়েছে তার বর্ণময় ইতিহাস। হার্ডঅয়্যার, সফটঅয়্যার আর ভাষার মেলবন্ধন সমৃদ্ধ এক অনুরূপকে ছাড়তে চায় না অফিস। ব্যাতিক্রম যেন আরো একবার আঙুল তোলে নিয়মের দিকে।


তারিখ: ০৪/০৫/২০১৩
___________________________সমাপ্ত_______________________________________

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৩

ব্লগ | Anandabazar

ব্লগ | Anandabazar



নিজেকে খুঁজি

সুবীর চৌধুরী



সুদেব-এর মনটা আজ বড় উদাস। একটা একাকীত্ব চেপে ধরছে বারবার কিন্তু মেনে নিতে পারছে না। নির্জন রেলষ্টেশনে বসে আজ বড় বেশী বন্ধু-বান্ধব, পরিজনদের কথা মনে পড়ছে। নির্জনতা ভেঙে ষ্টেশনে একটা ইন্টার সিটি এক্সপ্রেস এসে দাঁড়ালো। ভ্রূক্ষেপ নেই সুদেবের কারণ এই ট্রেন থেকে তার কখনো কোনো রোজগার হয় না। ঘন্টার ঢং ঢং শব্দে মুখ তুললো সুদেব। এক মনে দেখতে লাগলো ট্রেন থেকে নামা সব যাত্রীদের। প্রত্যকেরই তাড়া, পৌঁছতে চায় যেখানে তার যাওয়ার। এইসব সাত-পাঁচ ভাবতে ভাবতেই একটা চেনা মুখ তার সামনে ভেসে ওঠে। অনেকক্ষন তাকিয়ে থাকে তার দিকে। চিনতে ভুল হয় না। সুদেব ডেকে ওঠে... তিতলি, ...তিতলি, ...... এই তিতলি।


সাহেবের সাথে সংসার পাতার দিন থেকেই তুলি’র আবদার, একবার চলনা যাই খাজুরাহ। সাহেবের কাজের চাপ আর তুলির বাচ্চা মানুষ করতে করতে কেটে গেছে অনেক গুলো বছর। এলাহাবাদ থেকে ট্রেন ধরে ভর দুপুরে সাতনা ষ্টেশন। এখানে অপেক্ষা করতে হবে প্রায় দু-ঘন্টা।
কিন্তু তিতলি ...তিতলি ডাকে সে চমকে ওঠে। এই নামটার একটা মাদকতা আছে। কলেজ জীবনে বন্ধুরা ওকে এই নামটা দিয়েছিল। কিন্তু কে এই নামে কাকে ডাকছে?
তুলি দাঁড়িয়ে পড়ায়, সাহেব বিরক্ত হল।  কী হল দাঁড়িয়ে পড়লে যে?
না মানে... ।
কী রে তিতলি চিনতে পেরেছিস?
সাহেব রেগে ওঠে।
তুলি, অনেকক্ষন তাকিয়ে থাকে সুদেবের দিকে। তুলি কিন্তু চিনতে পেরেছে।
অচেনা নির্জন রেল ষ্টেশনে তুলির একজন পুরুষের দিকে হ্যাংলার মতন তাকিয়া থাকা সাহেবের সহ্যের সীমা ছাড়িয়ে যায়। তুলি...কী ব্যাপার বলতো?  ওনাকে চেনো?
চিনবো না, ওকে ভোলা যায়? কীরে সুদেব কিছু বল্‌।
......সাহেব নিজের মনেই তুলির এই তিতলি নাম হওয়াটা’র কারণ খুঁজতে থাকে, কিছুটা আনমনাও হয়ে পরে। এত বছর বিয়ে হয়েছে, কিন্তু এই নামটা, তুলি এর আগে কখনোই  সাহেবকে জানায় নি!
 .....তুলি কিন্তু দিব্যি কথা বলতে থাকে সুদেবের সাথে।

তুলির ডাকেই সাহেবের হুঁশ আসে। খানিকটা নিজেকে সামলে নিয়ে বলে হ্যাঁ বলো কী বলছো?
এখানে  একটু বসো না, আমাদের হাতে তো কিছুটা সময় আছেই।
হ্যাঁ কিন্তু এখানে? এসো, সুদেবের সাথে তোমার আলাপ করাই। ...... বলতে থাকে, জানো কলকাতায় আমরা একই কলেজে পড়াশুনো করেছি।
সুদেব বলে, আচ্ছা, তিতলি তোর মনে আছে, কী ভাবে তোকে আমি তিতলি নাম দিয়েছিলাম?
বাব্বা, এটা আবার ভুলে যাবো?
সাহেব ঠিক এই প্রশ্নেরই উত্তর এতক্ষন ধরে খুঁজে যাচ্ছিল।
তুলি লাজুক মুখে সুদেবকে বলে, এই বলনা নাম পাল্টে দেওয়ার ব্যাপারটা।
দেখিস বাবা ঘটনাটা শুনে তোর সাহেব আবার বিবাগি না হয়ে যায়।
সাহেব তুলির সামনে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না;  কারণ, সুদেবের নাম আজ পর্যন্ত কখনো ও শোনেনি তুলির মুখে অথচ এরা পরষ্পরের এত কাছের বন্ধু?
সুদেব চিরকালই একটু দার্শনীক। ও বুঝতে পারে, সাহেব অন্য কিছু ভাবছে। প্রসঙ্গটা  ছেড়ে সাহেবকে বলে ............
বসুন না; দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হয়? বাধ্যহয়ে হোক বা তিতলি’র ইতিহাস জানার জন্যই হোক, সাহেব না বসে পারলো না।

তিতলি, তোরা কোথায় চল্‌লি বলতো?
সাহেব এবার কথা শুরু করে। জানো সুদেব, বিয়ের ঠিক পড়েই আমি তুলিকে একটা বেড়াতে যাওয়ার স্পট সিলেকসান করতে বলেছিলাম। ওর ফার্স্ট প্রেফারেন্স ছিল খাজুরাহ। প্রায় পনেরটা বছর চলে গেছে, হয়ে ওঠে নি। তবে তুলিও কখনো বলেনি যে খাজুরাহতে আরও একটা আকর্ষণ আছে ওর কাছে! ভাবতে পারো পনেরটা বছর তিতলির মানসিক যন্ত্রনাটা? সাহেব তির্যক হেসে তুলির দিকে তাকায়।
সাহেবের এই কথা গুলো খুব ন্যারো মনে হয় তুলির, আর সুদেবের অট্টহাসি আরো বিমর্ষ করে তোলে ওকে। 
সুদেব বুঝতে পারছে হাসি-আড্ডার মাঝে কেমন যেন একটা সন্দেহের বাতাবরণ তৈরী হয়েছে;  এত বছর পরেও তুলি কিন্তু সুদেবের চোখকে ফাঁকি দিতে পারে না।
বিষয়টাকে  হালকা করার জন্য চিরকাল যে দাওয়াই সুদেব দিয়ে এসেছে সাহেবকে ঠিক সেই পথে গিয়ে, ছোট্ট করে বললো, সাহেব বাবু, আপনিতো রসিক কম নন। পনের বছর ধরে এই ভাবে তিতলিকে রাগিয়ে আর রাগ ভাঙিয়ে বেশ আছেন, তাই না। আমরা কলেজেও ওকে তাই করতাম।

আচ্ছা সাহেব বাবু, আপনাকে তিতলি কখনো বলেছে, ও ছাত্র জীবনে রাজনীতি করত?
না বলেনি, তবে  রাজনীতিতে ওর খুব এলার্জী দেখেছি।
কারণ?
সেটা ও’ই জানে।
এটা নিয়ে কখনো আপনার কোনো সন্দেহ হয়নি?
না; কারণ ওটাতে আমি নিজেও কোনো রস-কস পাইনা।
বুঝতে পারছি তিতলি কেন আপনার কাছে একান্তই তুলি?
......কেন? কেন, এরকম বলছো?
মানে... আমি, ইন্দ্র, অলক এইসব বন্ধুদের প্রসঙ্গটা জানার মতন পরিবেশ কখনো আসেনি; আর হয়তো এজন্যই এই অনন্য নামটাও বলার মতন ওর সুযোগই হয় নি! জানেন, নামটার পিছনে যে সুন্দর একটা গল্প আছে ওটা তুলির মুখে শুনলে খুব আনন্দ পাবেন। আর আপনি যে কথা এত বছর ধরে ভাবতে চান নি হয়তো বা সে কথাটাই নতুন করে ভাবতে ইচ্ছা হবে।*****

সুদেবের ভারী অবাক লাগে, সম্পর্ক কত ঠুনকো হয় এই দেখে আর সাহেবের মন মানতে চায় না সম্পর্কের বৈপরীত্য। কিন্তু এমন হওয়াটাই বোধ হয় স্বাভাবিক। জীবন বোধ কালে কালে বদলায় আর আমরা প্রতিনিয়ত সেই নতুন বোধ এর সাথে মানিয়ে নিতে চাই। হয়তো তাত্‌ক্ষনিক ভাবে সেখানে সফলও হই; আবার যখন সেগুলোকে জীবনের কোনো এক প্রান্তে এসে ভাবতে বসি তখন হারিয়ে যায় আগেকার মানিয়ে নেওয়া সেই সমস্ত তাত্‌ক্ষনিক সিদ্ধান্ত গুলো; ভেসে ওঠে ভাবের গভীরে লুকিয়ে থাকা সেই ঘটনা বহুল জীবন, যা কিনা হারিয়েও হারায় নি, অনেকটা দিনের আলোয় লুকিয়ে থাকা তারাদের মতন।


(২)

সুদেব সাহেবের হাতে একটা খাজুরাহ’র ট্যুরিস্ট ম্যাপ দেয়।
তিতলি সুদেবকে বলে তুই এখন কী করিস বলতো?
কেন? আমি এখনো বেকারই আছি। বল না কোনো কাজ আছে? করে দিতে হবে?
সত্যি তোর নাটুকে ভাবটা এখনও দিব্যি ধরে রেখেছিস। সত্যি কথা বলতো এই বিদেশ বিঁভূইয়ে তাহলে চলে কী ভাবে?
ছাড়না ওসব কথা; তুইতো আমায় জানিস; আমি চিরকালই জিপসি। এখনও তাইই আছি। কখনো অজন্তা-ইলোরা, কখনো মার্বেল রক, আবার কখনো জয়সলমির।
কিন্তু  ভাই এতে তো পয়সা লাগে সেটা কোথা থেকে আসে?
তুইতো জানিস আমার বাবার যা সঞ্চয় তা আমি এক জীবনে খেয়ে শেষ করতে পারবো না। তবে প্রথম প্রথম বাবার কাছে চেয়েচিন্তে চলত, কিন্তু বাবা মারা যাওয়ার পর আর নিতে পারিনি। এখন পথই আমাকে পয়সা যোগায়।
একটু খুলে-মেলে বল না ভাই; ছাড় না সেই পুরনো ছাত্র জীবনের দার্শনিক মেজাজটা।
সুদেব হেসে ওঠে। জানিস তিতলি ভালো লাগলো যে, তুই মনে রেখেছিস আমি কেমন ছিলাম কলেজে;  এসব কজনেই বা আর মনে রাখে বল!
...... আচ্ছা, তোর বাড়িতে এখন কে কে আছে?
কেন,  সবাই’ই আছে, তবে বাড়ির ঠিকানাটা চেঞ্জ হয়েছে।
মানে, তোদের শ্যামপুকুরের বাড়িটা বিক্রি হয়ে গেছে?
আরে না না। মানে, বোন ছাড়া সকলেরই বর্তমান ঠিকানা স্বর্গলোক।
বুকটা ধড়াস করে ওঠে তিতলির।
সাহেবও কথা গুলো শুনছিল, দীর্ঘশ্বাস সাহেবও চেপে রাখতে পারে না।
সুদেব হেসে ওঠে।
তিতলি উদ্বেগ  চেপে রাখতে পারে না। বলে, তাহলে অতবড় বাড়িটা? ওখানে কেউ নেই?
সুদেব বলে, আছে রে আছে। মনে আছে সেই এন্টিক লেটার বক্সটা? ওটা আছে।  ওপরে বড় বড় করে লেখা, ডঃ যাদব মৈত্র, সুলেখা মৈত্র, সুদেব মৈত্র... ১৩, শ্যামপুকুর লেন, কলকাতা-১৯। ও হ্যাঁ, সেই গোলা পায়রা গুলোও আছে।
কথা গুলো বলতে বলতে, সুদেব নিজের মধ্যে হারিয়ে যায়; যা সাহেব-তুলির চোখ এড়ায় না...।
আচ্ছা তুইতো কখন কোথায় থাকিস তার ঠিক থাকে না, তোর সাথে যোগাযোগ করবো কীভাবে? তোর মোবাইল নাম্বার বা ই-মেল, কিছু একটা তো দে।
কেন? তোকে তো আমার বাড়ীর ঠিকানাই বললাম। এছাড়া আমার আর কোনো কিছু নেই। চিঠি লিখিস, যখন কোলকাতায় যাই তোদের পাঠানো চিঠি গুলোই আমার খোরাক। লেটার বক্সটা ভরে থাকে অজস্র কাগজে। বাবাকে পাঠানো জার্নাল, সবুজ রংয়ের ইলেকট্রিক বিল, টেলিফোনস এর আউটস্টান্ডিং ডিউস, বিয়ের কার্ড, ব্যাক্তিগত চিঠি আরও কত মজার মজার জিনিস পত্র। ওগুলো পড়েই দিনগুলো কেটে যায়।

তুলির জানার ইচ্ছা যেন আর শেষ হয় না। সাহেবও গিলছে সুদেবের আপন মনে বলে যাওয়া কথা গুলো। সাহেব বলেই ফেলে, তুমি কোলকাতায় কতদিন ছাড়া ছাড়া যাও?
ওটা ঠিক থাকে না। কখনো বছরে, কখনো দু-বছরে, কখনো বা ...সুদেব থেমে যায়। আসলে কলকাতায় যাওয়ার মতন  ট্যুরিস্ট পেলে ওদের নিয়ে কলকাতায় যাই। এছাড়া কলকাতায় বড়ো একটা যাওয়া হয় না।
তিতলির ইচ্ছার বাঁধ ভেঙে যায় সুদেবের মুখের দিকে তাকিয়ে থাকে এক ভাবে, তারপর কিছুটা কাটিয়ে উঠে বলে, তার মানে এখন তুই এক জন ট্যুরিস্ট গাইড। তোর ঠিকানা হল ভারতবর্ষ, প্রযত্নে পৃথিবী। কী তাইতো?

কথা বলতে বলতে প্রায় দেড় ঘন্টা কেটে গেছে। প্লাট ফর্মে দূরপাল্লার ট্রেন শিপ্রা এক্সপ্রেস ঢুকছে। সুদেব চঞ্চল হয়ে উঠেছে। যাত্রীরা নামছে আর সুদেব তাদের মধ্যে খুঁজে বেড়াচ্ছে বিদেশি ট্যুরিষ্ট। সুদেব পেয়েও গেছে এক বিদেশিনীকে।
রোজগার করার এক অদম্য ইচ্ছায় সুদেব তুলিকে বলে আজ আর সময় নেই রে। আমার কাজ শুরু করতে হবে।
সাহেব, একটু হতভম্ব হয়ে পরে, জমে ওঠা আড্ডাবাজির এই হঠাত্‌ যবনিকাতে।
তিতলি বলে ওঠে কাজ মানে?
সুদেব তুলিকে দেখায় প্লাটফর্মে  দাঁড়িয়ে থাকা সেই বিদেশিনি মহিলাকে; বলে ওনাকে নিয়ে খাজুরাহ যাব।
সাহেব তুলির মুখের দিকে তাকায়, বড় বিমর্ষ দেখায় তুলিকে।
সাহেব অনুরোধের সুরে সুদেবকে বলে, এবার খাজুরাহ আমাদের সাথে থাকলে হতো না?
সুদেব, সাহেবের কথা শোনে, তিতলির বিষন্ন মুখের দিকে তাকায়,  আর আপন মনেই ভাবতে থাকে, কী করে সে বলবে যে কয়েক মাসের রোজগার ছেড়ে ওদের সাথে যাওয়া সম্ভব নয়। বন্ধুত্বের তাগিদ তাকে মৌন করে রাখে অনেকক্ষন; এক সময় মনে হয়, রোজগারের সাথে আপস করে, এবার না হয় তিতলিদের সাথে নিয়েই কাটলো কটা দিন। বন্ধুত্বের মূল্য না হয় ডলারে নাই মাপলাম, রোজগার না হয় না’ই হলো এবার। একটা নতুন ঘটনা জীবনে যুক্ত হওয়ার মূল্যটাই বা কম কিসে?
সাহেবের কথা সুদেব ফেলতে পারে না।


তারিখ: ১৫/০৪/২০১৩
-------------------------------০০০--------------------------------------