শুক্রবার, ২৪ জুন, ২০২২

বাঁটুল

 

:বাঁটুল:

হেতেন কোচ আমার দাদা এবং বন্ধু। গারো পাহাড়ে তার সাথে পরিচয়। আমার সাত মাস বয়সের মেয়েটাকে কোলে নিয়ে তার সরল নৃত্য দেখে আমি মুগ্ধ। তাদের নিজেদের নাচের তাল ও লয় আজও আমি শুনতে পাই। ছোট্টো মেয়েটাও কি খুশি। বাড়িতে এলেই ঝাঁপিয়ে চলে যেত ওর কাছে। শুরু হত নাচ " ধাগে ন্নাকে নাকেন্না"। গারো পাহাড়ে আমার শ্বশুরবাড়ি। সেই টানেই অনেক বার গেছি ওখানে। এই সরল সহজ মানুষটার  প্রথম জীবনের অনেক গল্প শুনেছি। 

পাহাড়ি মানুষের চেহারা খুব শক্ত সমর্থ হয়। হেতেনদাও ঠিক সেরকমই। আর বিশ্বাসের কথা না হয় নাই বললাম। আমার শ্বশুর মশাই যখন কোলকাতায় আসতেন তখন ওই বাড়ীর মালিক হেতেনদা।

স্কুলে পড়ার সময় ও খুব ভালো ফুটবল খেলতো। কলেজে পড়াকালীন স্টেট লেভেলের প্লেয়ার। পশ্চিম গারো পাহাড়ের মানুষ বলতো ও একদিন দেশের হয়ে খেলবে। বিধবা মা'কে একা ফেলে রেখে ও আসতে পারে নি। এটা ভবিতব্য। পাহাড়ের মানুষ পাহাড়ের চুড়োয় উঠবে এ কথা পাহাড়ের মানুষ বলে না। সে তো জাতেই শেরপা এটা আর বলার কি আছে? 

আমার সাথে যখন ওর পরিচয়, ও তখন চকপত  খাদান থেকে কয়লা সাপ্লাই করতো বাংলাদেশে। ব্যবসাটা ছিল স্থানীয় এম এল এ'র। ও গাড়ি প্রতি একটা টাকা পেত। বেশী দিন এ কাজও করতে পারেনি। ওর সারল্য এই ব্যবসার জন্যে ক্ষতিকর। কাজেই কালক্রমে আবার বেকার। 

রাজনীতিতে এই রকম ছেলে ছোকরাদের যা হয় তাই হল। সকাল সন্ধ্যা মদে ডুবে গেলো হেতেন দা। আর পরিণতি আমাদের ছেড়ে ওর চলে যাওয়া। ছ-বছর হলো হেতেনদা যার  ডাকনাম বাঁটুল, দিয়েছিলো আমার ভাই, সে অভিমানী হয়েছে। আমাদের সাথে আর কোনদিন সে দেখা করবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন