মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

বৃহন্নলা

তারা বৃহন্নলা, আমাকে ভাই মানে। রাস্তায় দেখা পেলেই কি ভাবে আপ‍্যায়ন করবে ভেবে পায় না। আমি একদিন বললাম, "দিদি তুই আমায় খুব ভালোবাসিস আমি বুঝি, কিন্তু সমাজ তোদের কোনো সম্মান করে না। আমাকে তোরা মায়ার বাঁধনে আর বাঁধিস না।"

দিদি বললো, "ভালো বলছিস ভাই। আমরা সবাই তোকে শুধু ফোঁটা দিয়ে যাবো। ঐ দিনটা আসতে ভুলিস না।"

এভাবেই চলছিল। সেবার আমি ব্যাবসায়িক কারনে কোলকাতার বাইরে ছিলাম। সেবার ভুলেই গেছিলাম দিদির কথা। বাড়িতে ফিরলাম ভাইফোঁটার কয়েক দিন পর। 

আজও বলতে দ্বিধা নেই, আমার মেয়ে বললো, "পিসি সেই থেকে উপবাসি। তুমি আগে পিসির বাড়ি যাও।"

সেদিন গেছিলাম। দিদি ফোঁটা দিয়েছিল। তারপর একসাথে বসে আনন্দ করে দু'জনে দুপুরের খাওয়া- দাওয়া সেরে বাড়ি ফিরেছিলাম। বলে ছিলাম, "দিদি আর ভুল হবে না।"

এরপর কি ভাবে বছর ঘুরে গেছে জানি না। কালীপূজোর পর দিদির নেমন্তন্নের অপেক্ষায় ছিলাম। না দিদি ডাকলো না। ভাবলাম হয়তো পরীক্ষা করছে আমাকে।

ভাইফো়ঁটার দিন সকালে সাজগোজ করে পৌছলাম ওর বাড়িতে।

কিন্তু কোথায় কে? 

শুনলাম ওর কোভিড হয়েছিল। 

বৃহন্নলাদের মৃত্যুর খবর পরিবেশিত হয় না। মৃত্যুর পর তার সমাজ তাকে মৃত ঘোষনা করেনা। অন্ধকারের আড়াল তাদের সমাহিত করা হয়।

দিদি চলে গেছে তবে স্মৃতি রেখে গেছে। আমার কাছে এটাই অমৃত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন