যাক আমার মা এর কথা। এখন আমার গৃহিনীর কথা বলা প্রয়োজন। আসলে কুকুর যেমন প্রভুভক্ত, একই ভাবে মানুষও বড্ডো কুকুর ভক্ত।
এই পাড়ায় চারটে কুকুর আছে। এরা একেবারেই নেড়ি গোত্রের। তাদের লাফ ঝাঁপ, অভাব অনুযোগ, মান অভিমান, ভালোলাগা ভালোবাসা এসব প্রকাশ পায় বৃতি'র কাছে। কখনো সামনের পায়ে ডন কখনো পিছনের পায়ে ডন, শেষে গায়ে উঠে কাউমাউ আরো কত কি।
বৃতি রোজ সকালে আমাদের খাবার বানানোর আগে, ওদের জন্য খাবার বানায়। সময় নিরপেক্ষ ভাবে ওরা পাত পেড়ে খায় বৃতি'র হাত ধরে।
এই আনন্দে আমি আমার মেয়ে বা একবাক্যে বললে বলতে হয়, খুব সুন্দর সময় কাটে ওদের লেজ নাড়িয়ে প্রভুর সাথে আলাপচারিতায়।
আমি পাখিদের কথা বুঝি একদম ছোট বয়েস থেকে প্রযত্নে আমার মা। অনেকেই বলতেন, আমার মা কাকের কথা বুঝতে পারে। কল্যাণ অকল্যাণ শুনে তিনি চুপ করে থাকেন।
থাক সে সব কথা।
আসলে এই পাখির স্বভাব শিখেছি ওই মিনাক্ষী দেবীর কাছে। তিনি দুটো শালিক দেখলে কপালে হাত ছোঁয়াতেন না কিন্তু তিনটে দেখলে হাসতে হাসতে বলতেন, এবার ঝগড়া শুরু হবে। তিনি বলতেন রবিঠাকুর প্রকৃতিকে দেখতেন শত চোখ দিয়ে; আমি আমার দু চোখ দিয়ে এর বাইরে কিছু দেখিনি।
সেদিন সকাল থেকে বৃষ্টি। পাড়ায় থাকা শালিক গুলোর মধ্যে বুড়ো শালিক টা গলা ফুলিয়ে নানান কথা বলছিল।
কথাগুলো আমি বুঝতে পারলাম। বৃতি কে বললাম, হলদিরামের ভুজিয়ার প্যাকেটটা দেও তো। প্রাচীরের উপরে ছড়িয়ে দিলাম ভুজিয়া। আহা ওই বুড়ো শালিকের আনন্দ তখন দেখে কে?
নাতি নাতনি, ছেলে মেয়ে, বৌ বাচ্চা সকলকে নিয়ে নিশ্চিন্তে মাথা ফুলিয়ে সে কি আনন্দ!
এই দৃশ্য বৃতি দেখেছিলো। এর পরেই শুরু হলো তার শালিকের সাথে সকাল কাটানো।
আমি বললাম বৃতি খরচ বাড়ছে যে?
সে বললো খেয়ে আনন্দ না খাইয়ে?
আমি কিছুই বলতে পারিনি তখন, পরে বলেছিলাম আমার মা মিনাক্ষী থেকে অনেক কাল আগে মিনতি হয়েছিল, আজকে তুমি বৃতি থেকে শর্বরী হলে।
ও কিন্তু মিষ্টি হাসি হাসে নি তখন। যেদিন দোয়েল পাখিটাকে সাপ ধরে ফেললো আর আমি ওই পাখিটাকে বাঁচালাম সেদিন থেকে সে এই নতুন নামটা মেনে নিলো।
এবার একটু এই আমাকে নিয়ে বলা প্রয়োজন। আমার পৈতৃক নাম বাল্মীকি আর পদবী বেতাল। বাল্যকালে বন্ধু পরিজন কখনো কখনো আমাকে শুধু প্রথম দুটো অক্ষরে সম্বোধন করতো অথবা আমার পদবী।
যারা এই বাংলার সংস্কৃতির সাথে সম্পৃক্ত তারা ছোট্ট কৃষ্ণ কে বাল গোপাল নামে চেনেন। যে মেয়েরা খুব কম বয়সে বিধবা হতেন তাদের বাল বিধবা বলা হত; এছাড়া বালখিল্য, আবাল-বৃদ্ধ-বনিতা অথবা বালবিবাহ শব্দবন্ধ আমরা আজ ভুলতে বসেছি।অযথা এত কথা আজ লিখতে হচ্ছে।
যাই হোক আমার ওই নামটা আমার মা বাল্যকালে বদলে দিয়েছিলেন। তিনি আমার প্রতিদিনের কাজকর্ম দেখে নাম দিয়েছিলেন রত্নাকর।
সেই সময় বড় মধুর। পরনে খাকি রঙের হাফ প্যান্ট, গলায় গুলতি, পকেটে মাটি দিয়ে বানানো গুলি।
স্কুল থেকে বাড়িতে ফিরে, ছুটির দিনে অথবা স্কুল পালিয়ে পাখি শিকার করাটা ছিল গুরুত্বপূর্ণ।
একটা ফিঙে মারলে একশো তে একশো, একটা ঘুঘু মারলে ভুরিভোজ, একটা গিরগিটি ধরলে স্যান্ডো গেঞ্জিটার রঙিন হয়ে ওঠা আর একটা কাক?
না কাকতালীয় নয় বরং কাকের মধ্যে যে ভয় সেদিন সবাই দেখেছিলো সেটা তাদের কর্কশ কা কা শব্দে।
এটা বলার একটা অন্য কারনও আছে। আসলে সন্ধ্যা আসার আগে আমি বাড়ি ফিরলে আমার মা মিনাক্ষী অনেক আগেই বুঝতে পারতেন প্রযত্নে ওই কা কা রব।
এরপর একটা ঘটনা বলতেই হয়। আমার বাড়ির উঠোনে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। আমার মা বলতেন তিনি ভুলক্রমে এই গাছটা লাগিয়েছেন।
তার শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া বড় প্রিয়। কিন্তু বাড়ির উঠোন ঝাঁটা দিয়ে দিয়ে তিনি ক্লান্ত।
থাক সে কথা।
কোন এক বসন্তে আমি গুলতি বাগিয়ে গুলি ছুড়ে ছিলাম একটা পাখির শব্দ শুনে। পাখিটা খুব ছোট কিন্তু স্বর বড় তীক্ষ্ণ।
অবশেষে মাটির গুলির সাথেই আমাদের উঠোনে এসে পরলো একটা টুনটুনি পাখি।
তখন সে মৃত।
আর সেই থেকেই আমি আমার গলার হার গুলতি টা টাঙিয়ে রাখি ঠিক ধর্মাশোক এর মতন।
কখনো কখনো ইচ্ছে হয় গুলতি টা হাতে নিতে। যেমন বিড়ালের ঝগড়া, যেমন টক আমড়া গাছে ঝুলে থাকা আমড়ার থোকা অথবা ছিপ দিয়ে মাছ ধরার সময় ঢোঁড়া সাপের জলের উপরে মাথা তুলে শ্বাস নেওয়া।
এসব ক্রমেই বিফলে গেছে।
বুঝেছি আমি বড় হয়েছি, আমি আর বাল নই, বাল্মীকি। হয়তো এজন্যেই আজ যুগান্তরকে লিপিতে রেখে যাওয়ার এক ভীষণ ইচ্ছা।
বৃতি বিয়ের পর আমাকে বলতো, তুমি বড্ড রাজনৈতিক হলেও প্রান্তিক মানুষ। বলতো যদি প্রান্তিক না হতে তবে আমি হতাম রাজমাতা।
কথাটায় একটা কটাক্ষ ছিলো কারণ আমার মাকে পরোক্ষে রেখে আমার বৌ কি কারনে রাজমাতা?
বুঝেছিলাম বৃতি, শর্বরী হওয়ার পর।
তখন শালিক যেমন আমার হাতে বসে, মাথায় বসে ঠিক তেমন শর্বরীর।
কুকুর গুলো আজকাল একেবারে আমার সাথে মিলে মিশে একাকার। মাঝে মধ্যেই মার খায় আমার হাতে। তবুও তাদের আনন্দ আর ধরে না।
এটা ঠিক এরকম, আমদের মার খাওয়াতেই আনন্দ শুধুমাত্র তোমার ওই দু'হাতে।
এই পরিসর শর্বরী কে বুঝিয়েছে রত্নাকর শুধরে গেছে। তবে বেতাল পদবী টা যার নামের পিছনে আজও বহাল আছে ঠিক অতীত দিনের মতন শর্বরী বা বৃতি তাকে আদর যত্ন না করে পারে না।
বেতাল শব্দের অর্থ একটু আশ্চর্য বৈ কি?
না এই বেতার রাজা চন্দ্র ভানুর প্রেতাত্মা সম্বলিত বিদ্যাসাগর মহাশয়ের বেতার পঞ্চবিংশতির বেতার থেকে উৎপন্ন নয়।
এই বেতাল কোনো তাল কাটা বায়েন এর বাজনায় ইন্টারফেরেন্স নয়। এই বেতাল চোখ হীন ভাদ্রের এক আঁটির তাল কানা তাল নয়।
না সর্বশক্তিমান কাগজের পাতায় কোনো মানুষও নয়।
প্রশ্ন এখানেই, এই বেতাল শব্দটা তার পরিবারের প্রত্যেকের নামের পিছনে সংযুক্ত হয়েছে কি ভাবে?
এর উত্তর প্রথম খুঁজে পেয়েছিলেন তার মা মীনাক্ষী। শর্বরী বৃতি অবস্থায় বুঝতে পারেনি, পেরেছে শর্বরী হওয়ার পরে।
শর্বরী শ্বশুর কুলের পারে সম্পৃক্ত হয়েছিল তার শাশুড়ির কাছে।
হ্যাঁ মিনাক্ষী।
তিনি বলতেন এই রত্নাকর আসলে অনেক পুরুষ আগের এক স্মৃতিসৌধ; আর বাল্মীকি তার বর্তমান রূপ।
না রূপ নয় অরূপ।
তিনি বলতেন সমাজের তালে তালে পা রেখে কোনো এক সময়ের বাঁকে এই পরিবার বেতালা হয়েছিল। এই পরিবার অসংখ্য চিরকালীন বন্ধ হয়ে থাকা তালার চাবি বানিয়েছিলেন। হয়ত কালের নিয়মেই কোন মহান মানুষের হাতে তৈরী হয়েছিল এই পরিচয়। হয়ত এজন্যেই আজ রত্নাকর দস্যুর নতুন পরিচয় তৈরী হয়েছে বাল্মীকি বেতাল হিসাবে কোনো একটা ছদ্ম নামে।
জীবন স্মৃতি এজন্যেই এতটা মন মেদুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন