শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মধূ করের স্বপ্নভঙ্গ

:১:
আজ একটা উদ্ভট চিন্তা মাথায় এসেছে করবীর। সে বুঝতে পারছে না আমরা গান শুনে গান গাই না কি গান শিখে গান গাই।
কাকলী বললো পাখিরা সব শব্দ নকল করে। তুই শিশ দিলেও, ও শিশ দেয়। তুই কাকলী বললে ও কাকলী বলে।
এটা আসলে নকল নবিস বিষয়। এখানে শেখা শিখি ব্যাপারটা নেই।
কেয়া একটু হাসছিল কাকলীর কথা শুনে। সে ইতিহাসের ছাত্রী। এই বর্তমান তার কাছে নকল নগরের ছয় লেন এর রাস্তার মতন।
ইউরোপ, আমেরিকায় এই সব ব্যবস্থা আছে সে জানে। সেখানে ঘর না থাকলেও একটা গাড়ী আছে এ কথাও সে পড়েছে। সেখানে যা নেই সেই কথাটাই সে বলতে চায়।
সে কাকলী কে বললো, 'আমার এই পথ চাওয়াতেই আনন্দ ' এই গান টা কার কাছে শিখেছিস?
সে বললো, ' আমি যদি চাতক হই তুমি হয়ো বৃষ্টি ' এই পাখির নাম শুনেছিস?
কাকলী থাকলো  তার নিজের জগতে।
করবী অনেকটা আহাম্মকের মতন গর্জে উঠলো। সে বললো যত শুনি তত শিখি।
কিছুক্ষণ একটা নির্জনতায় ভরে উঠল।
মধূসুদনের সৃষ্ট চিত্রাঙ্গদার উদয় হলো সঙ্গে হেমাঙ্গি সঙ্গিনী দল।
সত্যিই সেটা ছিল চিত্রাঙ্গদা নৃত্য নাট্য। 
মধু এই মধূ ভান্ড ভেঙে দিলেন।
এই মধুর একটা ব্যাক্তি পরিচয় আছে সমাজে।
তাকে সবাই লাইট চোর বলে।
তার নিত্যদিনের কাজ একটাই, লাইটপোষ্টের বাল্ব চুরি করা।
কোনো এক রাতে সে পোষ্ট বেয়ে সবে মাত্র বাল্বটা খুলতে যাবে, হঠাৎ গম্ভীর গলায় সে শুনতে পেলো, কে রে মধু?
এই গম্ভীর গলার মানুষটার নাম বলতেই হয়।
তার নাম গোপেন বায়েন, উচ্চ বংশজাত।
সেই রাতটা খুব সুন্দর একটা ন্যারেটিভ এর সাথে তুলনীয়।
গোপেন দু হাতে দুটো ইট নিয়ে চলেছে আর লাইটপোষ্টের উপর মধু বাল্ব খুলছে।
মধুর উত্তরটাও খুব মিষ্টি। সে বললো গোপেন দা আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করছি।
আসলে এতগুলো কথা না বললে মধু কে চিনতে পারবে না কেউ।
এই মধু নির্জন রাস্তায় হাত পা ছুড়ে শচিন কর্তার গান ধরতো মধ্য রাতে। চোখের জল তার বাঁধ মানতো না। শুধু গেয়ে যায়, তুমি চলে আইবা রে বন্ধু রে কবে আইবা রে।
কেয়া নিজের দিকে তাকালো। সে বুঝলো তার প্রশ্ন , প্রশ্নই রয়ে গেছে উত্তর আসে নি।
দুটো চোখ একটু সমস্যায় ফেললো তাকে। একটু ঝাপসা চোখে সে দেখতে পাচ্ছিল একজন মধূ কর কে। এই মধু জন্ম থেকে চেনে এই মধূ কর কে।
মধূ কর গুন গুন গুন সুরে গায়, অথচ সে কোনো পাখি নয়।
প্রথমে করবী ভাবতে বসলো, এরপর কাকলী শেষে মধু।
মধু যেমন মধু কবির নাম জানে, তার থেকেও বেশী করে জানে এবং নিজের কানে শুনেছে মধূ কর এর গুঞ্জন।
এনার নামটা এই প্রথম তার বলতে ইচ্ছে হলো।
কেয়া আড় চোখে তাকালো মধুর দিকে, আর কাকলী বললো আমার মনে হচ্ছে মধু যে মধূ করের কথা বলতে চায় তিনি আমাদের সবার কাছে ই পরিচিত। নামটা এখন আমি বলতে চাই না। এটা দিদি কেই বলতে বলছি।
না দিদি সেদিন এর উত্তর দেয় নি। কারোর চোখের সাথে তিনি চোখ মেলান নি। যে চোখ দুটোতে তার জীবনবোধ, সমাজ বোধ তৈরী হয়েছিল, সে তার দিকেই তাকিয়ে ছিলো।
দিদির উপলব্ধিতে মধু যে মধূ করের কথা বলেছে তিনি এখন কতটা একা এ কথা মধুও জানে না, জানে শুধু সে একা। সেখানে তার পাশে না আছে করবী, না আছে মধু এমন কি কাকলীও নেই।
এটা ঠিক ভালোবাসা নয় বরং উৎকৃষ্টের কাছে মাথা নামিয়ে চোখ দুটোতে জলে ভরে রাখার বিষয়।
জল থাকলো জলাশয়ে, মন থাকলো এক অবাক জলপান নিয়ে শুধু দিদি, দাদা আর বোন দের সাথে কোনো এক বর্ষা শিক্ত শীতের স্বল্প দিনের রৌদ্রে আর আকাশ তাকিয়ে থাকলো সকলের মুখের উপর।
কারোর একটা সুন্দর মুখ হয়ে উঠলো নির্ঝরের স্বপ্নভঙ্গের মতন। অথচ সে কোনো স্বপ্ন দেখেনি তার জীবনে।
আজকে একটা নতুন বাস্তবতা তাকে স্বপ্নের কাছে পৌঁছে দিলো। এই প্রথম তার মনে হয়েছে এই স্বপ্নের মালিকানা আজ আর তার সাথে নেই।
একটু উষ্মা এলো প্রথমে, পরে একটা কঠিন শীতলতা তাকে চেপে ধরলো।
এরপরে দিদি শুধু চোখ মুছতে বিদায় নিলো।
:২:
হায়রে মন কখন কি খুঁজে ফেরে সেটা সেই জানে। এটা কোনো ভবিতব্য নয়, এটা জীবনের পাঠশালায় প্রকাশিত একটা বাৎসরিক উৎসব।
এখানে যেমন করবী ফুল আছে, আছে কাকলী আর আছে মৃত একজন।
সত্যিই সে মৃত। তার ইতিহাস, তার কল্পনা , তার বেঁচে থাকার পাথেয় যা কিছু ছিল, সেগুলো আজও আছে। শুধু সে নেই।
করবী চোখ মুছতে মুছতে বললো, কেনো নেই আজ?
কাকলী মুখ বুজলো ঠিক আলেয়ার মতন। মধু এসব দেখে নিজের পা দুটো কে জড়িয়ে ধরলো। প্রনাম করলো নিজেকেই।
আর করবী বা কাকলী যাকে দিদি সম্বোধন করতে অভ্যস্ত তিনি তখন কোনো এক বিবাহের শূন্য ভোজন কক্ষে একাকী পদচারণায় রত।
খুব সুন্দর এই দিদি। সে মধুর সাথে গল্প করতে চায় না, সে হাতরে বেড়ায় অন্য কোনো কিছু অন্য কোনোখানে।
মধু চোর হতে পারে কিন্তু স্বাভাবিক জীবন যাতে মধুরেণ সমাপয়েৎ হয়ে‌ ওঠে এটা তার জৈবিক অঙ্গীকার।
মধূ করের গুঞ্জনের মধুরতা কেয়া আত্মিক ভাবে বুঝেছে যৌবনে। ইতিহাস তাকে দেখিয়েছে প্রাগৈতিহাসিক স্বপ্নের নানান দিক।
কিছু কাল সে থেমে ছিল । এর পর সে ছুটে বেড়িয়েছে নানা স্থানে। সে যাকে খুঁজেছে সে যে তার সাথেই আছে এটা বুঝতে তার একটু সময় লেগেছে এ কথা ঠিক হলেও কোথায় যেন একটা অর্থের অনর্থ তাকে কুড়ে কুড়ে খেয়েছে।
তার কখনো মনে হয়েছে এটা আলেয়ার ভ্রম, কখনো মনে হয়েছে না এটা ভ্রম নয়। কারন পান্তাই ছিলো না যার ঘরে সে নুন খুঁজতে যাবে কেন?
যে জীবন মাখন আর ভাত মা এর হাতের ছোঁয়ায় মুখে উঠতো তখন নুন আর পান্তা বুঝে ওঠা ওই দিদির পক্ষে সম্ভব হয়ে না ওঠাটাই স্বাভাবিক; এই বাস্তবতা যেমন মধূ কর হাসি মুখে বুঝতে পারে ঠিক একই ভাবে বুঝতে পেরেছে করবী আর কাকলীর বড় প্রিয় তাদের মৃত কেয়া দি।
এই মৃতের অমৃত কথা শুনতে ইচ্ছে হয়েছে মধূ করের। ইচ্ছা হয়েছে তিনটে শালিকের মধ্যে যে দুটো এখনো বেঁচে আছে। তেমনটা কিছুতেই হয়ে ওঠে না। এ দুটো না মাথা ফুলোয়, না কথা বলে। শুধু মধু করের মুখের কথায় তাদের পেট ভরে যায় নিশ্চুপ কোনো একটা আফসোসে। 
আজকাল আর গোপেন দার ইট বওয়া কিংবা মধুর লাইটপোষ্টের আলো চুরি করা বিষয়টা নেই। নেই সেই নির্বাক অথচ শব্দের সুন্দর চুরি করার বিষয়ে অলঙ্কৃত শব্দবন্ধ। শুধু মন চুরি হয়ে যাওয়ার পরেও যে স্বীকার করতেই হয়, সেই অনর্থের কাছেই নশ্বর শরীরের অবাধ স্বীকারোক্তি।
মধূ কর তার কলমে লিখলো, আমি অজান্তেই যদি এত মধুর তোমার কাছে তাহলে ইতিহাস ছেড়ে একটু সাহিত্য অঙ্গনে এসে দেখো। যে লিপি একসাথে শব্দের ভান্ডার তৈরী করে, সেখানে কিন্তু তুমি নেই। অশ্রু প্রত্যেকের জীবনে দুর্মূল্য যা দিব্যি এসে ভিজিয়ে দেয় চোখ।
আসলে সঠিক সময়ে চোখ খোলা যেমন জরুরি ঠিক তেমন বন্ধ করাটাও পাপ।
মধূ করের সামনে এই প্রথম মৃত এক মনিয়ার জলে ভরা দুটো চোখ এসে পরলো।
সে বুঝলো মরার পরেও কান্না পায়, জ্বলজ্বল করে ওঠে হাড়িয়ে যাওয়া কোনো এক তৃষ্ণার্ত চোখ।
মধূ কর আবার গুন গুন সুরে নিজের মনেই পুরানো গানটা অস্ফুটে গেয়ে উঠলো।
:৩:
মধূ করের কলম এখন কাগজের উপরে আঁচড় কাটে। সেই আঁচড়ে ফুটে ওঠে জীবনের প্রথম সিকি। সেখানে আকাশ  মেঘলা হয়ে ওঠে, ময়ূরীরা নাচ ধরে, ময়ূর পেখম মেলে। আবার আকাশ পেঁজা তুলোর পাহাড় বয়ে আনে, মাঠে, কাশবনেও সেই একই তুলোর সমভূমি মাথা নাড়ে। এই সিকি অংশে শিউলি একটু আলাদা। সন্ধ্যায় বড় মিষ্টি তার ঘ্রাণ, রোদ ফুটলেই সে ধরাশায়ী। শিশির মাখা গায়ে কেউ যদি তাকে সাজিতে তুলে রাখে তবে সে দেবতার পায়ের কাছে মাথা রাখতে পারে, না হলে সে শুধুই শুকিয়ে শেষ হয়।
এরপর আধূলীর গোধূলি বেলা। তখন মেঘ থাকলেও ময়ূর পেখম গুটিয়ে রাখে, ময়ূরীর নাচ আসে না, শুধু মেঘের আস্তরণের নিচ থেকে চিকচিক করে ফুটে ওঠে অসংখ্য তারা। 
এটা ঠিক অনেক আলোকবর্ষ পরে চোখ মেলে তাকানোর মতন। জ্যোতি থাকলেও কোনো একটা সুদূর একবার চোখ মেলে দেখে ঠিক পরক্ষনেই চোখ বুজে শ্বাস নেয়।
বড় ঝামেলায় পরেছে মধূকর। এই যে প্রতিক্ষণ কাগজ, কলম আর ঘিলু একসাথে এক পাতে একমুঠো ভাত নিয়ে নাড়াচাড়া করে, সেখানে এক চিমটি লবণ দেওয়ার মতন কাউকে সে খুঁজে পায় না। পাতের মাথায় লবণ রেখে সে কখনো পাত পাতে নি, হয়ত এজন্যেই আজ একা থাকার অভ্যাস গড়ে উঠেছে।
মধূ কর সিকি- আধুলীর পার করে বারো আনা জীবনের দুয়ারে পৌঁছে পুরানো ইতিহাস বইয়ের পাতার একটা নাক ভাঙা মুখ এর দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর ভাবে প্রত্নতাত্ত্বিক এর নিরন্তর ইচ্ছা থাকলেও ওই ভাঙা নাক কখনো জোড়া লাগে নি। বেচারা না বুঝে সেদিন প্রবল উচ্ছাসে যে কোপ পৃথিবীর বুকে মেরেছিল সেটা শুধু মাটি নয় কোনো এক সৃষ্টির সৌন্দর্যের মুখে যে ক্ষত তৈরী করেছিলো তাতে মাটির প্রলেপ লাগানো হয়ে ওঠেনি।
স্বপ্নের রাজ্যে বিচরণ করতে বেশ লাগে কারন সেখানে ভাগ বসানোর কেউ নেই। ঘুম ভেঙে গেলেই মনে হয়, যদি এই স্বপ্নটা সত্যি হতো?
এভাবেই কেটেছে সামগ্রিক একটা জীবন। 
একা থেকে একাধিক হওয়ার পরেও নিজেকে নিঃসঙ্গ নিয়ামক হিসেবে রেখেও জীবনের স্বাদ, প্রানের ভালোবাসা অথবা নিশ্ছিদ্র মনের কোনো একটা কোনে কোনো একটা মধূ করের গলায় গুন গুন সুর বড় অসহ লাগে। এজন্যেই চোখ চিকচিক করে এজন্যেই মধূ করের কলম সংসারের পথ ছেড়ে কালি আর কলম নিয়ে মৃত মানুষের পুড়ে যাওয়া ব্রেনের কাছে কিছু কথা লিখেছে।
তার লেখা শুধু লেখা থেকে যায়নি বরং চোখ দুটোতে জল ভরে উঠেছে কালি কলমের খোঁচায়।
মধূ কর সময়ের সাথে একটু বৃদ্ধ হয়েছে। তার কন্ঠ এখনো উচ্চাঙ্গে গান গায়, তার হাতে তারের যন্ত্রটা অসম্ভব সুরেলা সুরে এখনো বেজে চলে। শুধু এই বাদ্যযন্ত্র গুলো আজকাল খুব কাঁদে কারন যার ছোঁয়ায় এরা বেঁচে থাকে তারা ক্রমশই আজ ম্রিয়মাণ।
একজন অবশ্য বলেছে নির্বাক ভাবে। বলেছে 'মোর ঘুম ঘোরে এলে মনোহর নমো নমো...'
মধূকর বুঝতে পেরেছে ' মন মোর মেঘের সঙ্গী।'
এই বিষয়ে করবী যেমন নিষ্পাপ ফুল ঠিক তেমন কলকাকলিতে ভরে উঠলো কাকলীর মন।
মধূকর আজ নিরুত্তাপ।
:৪:
জৈবিক বিষয়টা সকলে বুঝতে পারে না। এটা স্রেফ একটা শব্দের মতন এই সমাজে। যৌগ আর মৌলের পার্থক্য যারা জানে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পার করা কতিপয় বন্ধু-বান্ধবী। মধূ কর বড় প্রিয় পাত্র তাদের কাছে। এতৎসত্ত্বেও তার পাত্র হওয়া অদ্যবধি হয়ে ওঠেনি।
মধূ কর নিজের মনেই হেসে চলে কারন সবাই তার মধূ কর নামের সাথে তাকে মৌলিক পদার্থ নাম দিয়েছে।
বান্ধবীরা একটু উচ্চ মার্গের। তারা ফিস ফিস করে  বলে মধূ কর জৈব যৌগের মধ্যমনি। মধূ ছাড়া কোনো কিছুই মধূরেণ সমাপয়েৎ হয়ে ওঠে না।
সেই শিক্ষাজীবনের বিড়ম্বনা তার পিছু ছাড়েনি। তখন তার কেশ দেখে সুন্দরীরা তার নাম রেখেছিল সুকেশ। তার গাল ভরা চাপ দাড়ি থেকে কতিপয় বান্ধবী তার নাম রেখেছিল আঁতেল।
সব নাম গুলোই তার পছন্দের। সে ভাবতো অষ্টোত্তরশতনাম আগামী দিনে তার অবশ্য প্রাপ্তি। কখনোই তার এ কথা মনে হয় নি আগামীতে তার নাম নিয়ে একটা সিনেমা হবে। কখনোই মনে হয় নি সেই সিনেমার নাম হবে ' মেরা নাম জোকার।'
এই আজকে একাকীত্বের মালিকানা নিয়ে সে শুনতে পেয়েছে 'এমন বন্ধু আর কে আছে?'
তার মনে পরলো সে যখন খুব ছোট্ট তখন তাকে পরিবারের সকলে নাম দিয়েছিল বীরপুরুষ।
এটার অন্য একটা অর্থ আছে।
মধূ কর ছিল মা ভক্ত হনুমান। থাক সে সব পুরাতন, শুধু সৃষ্টি নিয়েই সারাক্ষণ ভেবে চলে এই মধূ কর। 
আজ সে বড় ক্লান্ত।
তার কাছে সবাই আসে। আসে করবী, আসে কাকলী,আসে লাইটপোষ্টের মাথায় উঠে বাল্ব চুরি করতে অভ্যস্ত মধু, আসে গোপেন দা। শুধু আসে না করবী-কাকলির বড় প্রিয় তাদের কেয়া দি। 
আসবেই বা কেনো? যে আকাশে ঝরে বাদল সে আকাশে ঝড় কখনোই ওঠে না।
শেষে একটা ঝড় উঠলো। এটা প্রাকৃতিক নয়, এটা মানষিক। এক এক সময় মধূ করের মনে হয় নির্ঘাত কোনো কারনে তার ব্রেনে রক্ত জমাট বেঁধে ছিল আর এজন্যই এত শত নাম জন্ম নিয়েছে। আর এখন সেই জমাট বাধা রক্তটা দূর হচ্ছে ঘিলু থেকে। তার স্মরণে যা কিছু হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ফিরে আসছে।
এক সকালে তার মনে হলো করবী, কাকলী এবং তাদের কেয়া দি কে নিয়ে কিছুক্ষন কাটাতে। ইচ্ছে হয়েছে গাছ তলায় পরে থাকা, শুকিয়ে যাওয়া শিউলির সাথে একটু কথা বলার।
সমুদ্রের পারে বসে ঢেউ গুনতে গুনতে সে বুঝলো এরা সবাই ওই ঢেউয়ের আড়ালে বসে তাকে দেখছে আর হাসছে।
একবার তার মনে হয়েছিল নদিয়ার নিমাই যেভাবে সমুদ্রের বুকে বিলিন হয়েছিলেন ঠিক তেমন হতে। না সেটা হয়ে ওঠেনি।
আগেই বলেছিলাম একটু তাদের সাথে মিলতে চাই কিন্তু কেউ আসে নি। সমুদ্রের ঢেউয়ের সাথে যখন আমি মহাসমুদ্রের পথে চলেছি তখন আমার হাতদুটো ধরেছিল এদের মধ্যেই কোনো একজন।
ইচ্ছে হয়েছিল জানবার। শুকনো শিউলি ফুল তখন শিউলি গাছের দিকে তাকালো।
মধূ করের স্বপ্নভঙ্গ হলো।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন