জলকে যদি প্রশ্ন করা হয় সে কোথা থেকে এসেছে তার উত্তর কোনো এক অর্বাচীন এক বাক্যে বলে দিতে পারেন। প্রথম উত্তর , পৃথিবীর তিনভাগ জল থেকে সূর্যের উত্তাপের ফলে তার আগমন এই খোলা আকাশে। দ্বিতীয় উত্তর, মাটির অন্তঃস্থলে কোনো এক স্তরে তার আভাস।
এই অর্বাচীনের উত্তর শিক্ষকের পছন্দ হলো না। তিনি বললেন আপনার উত্তর অসম্পূর্ণ।
প্রথমে খেদ অতঃপর ক্ষোভ তৈরি হলো ওই অর্বাচীনের মনে। খুঁজতে খুঁজতে সে প্রথমে পেয়েছে বন্যার জল, এরপর তৃষ্ণার জল শেষে সে খুঁজে পেয়েছিল ঘর্মাক্ত শরীর।
শিক্ষক মানবেন্দ্র প্রত্যুষ ও সায়াহ্নের পাড়ে অতি পরিচিত। সে প্রত্যুষ বা সায়াহ্ন কোনো প্রাকৃতিক বিষয় নয়। সেখানে শুধু একটা নরদেহ।
নরদেহের শ্রেষ্ঠ দুয়ার হলো চোখ। শ্রেষ্ঠ জল হলো অশ্রু।
অশ্রুর আবার প্রকারভেদ আছে। তিনি দুঃখেও আছেন আনন্দেও আছেন।
বড় ভ্রম বেঁধেছে এই অর্বাচীনের। তার কাছে যে বিষয়টি ছিল জলবৎ তরলং সেটা হয়ে উঠলো না বুঝতে পারা নর দেহের বিলম্বিত লয়।
শিক্ষক বললেন বেতালের আবার লয় বোধ?
এর কিছুদিন পর ওই অর্বাচীনের মাতৃ বিয়োগ হয়। চোখ দুটো সেদিন বাঁধ মানে নি। তখনো তিনি এই জলের উৎস সন্ধানের কথা ভাবেন নি।
কয়েক বছর পর তার আরো এক প্রিয়জন চলে গেলেন। তখনো চোখ তার বাঁধ মানে নি।
শেষে যেদিন তিনি নিজেই মৃত্যু পথযাত্রী, সেদিনও তার অশ্রু ঝরছিল দু'চোখ বেয়ে।
শিক্ষক বললেন এই অর্বাচীন মৃত্যুর সময় নিশ্চয়ই বুঝেছে চোখের জলের মর্ম।
এরপরে এই শিক্ষক আর জীবনের পাঠশালায় পড়াতে আসেন নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন