কাননে আজ আর কাঁদে না কোনো পাখি। ভ্রমরের গুঞ্জন থেমে গেছে বহুকাল আগে। আর পাপিয়া?
পাপীরা এসেছে আজ পাপিয়া নাম নিয়ে।
আসলে পাপী এখন জগৎ সংসারের শ্রেষ্ঠ সম্পদ। যত মত তত পথ বাক্যের মতন যত পাপ তত প্রতাপ এই বিষয়টা সামাজিক পরিমন্ডলে আজকে অতিশয় গ্রহনযোগ্য।
পাখি সব করে রব রাতি পোহাইলো এই শব্দবন্ধ আজ ভুল। আজকের রাত বড়ো বৃহৎ। দিবারাত্রি বিষয়টা সামাজিক পরিসরে আজ অমিল।
রাত নিঝুম, হোক না আঁধার কালো বলার পর সুরস্রষ্টা বলতেন সকাল বেলায় নতুন রবির কিরণ এর কথা।
এখন জেগে উঠতে নেই, এখন শীতের সাপ ঘুম দরকার। ইঁদুর পাশ দিয়ে হেঁটে গেলেও আক্রমন করতে নেই এ কথা বিষধর সাপও এখন বোঝে।
নিয়ম মেনে খোলস বদলে একটু নিশ্চুপ নিরুত্তাপ থেকে, সময় মতন ফোঁস করতে অভ্যস্ত সাপ। কিন্তু কে লৈবে মোর কান্ড এ কথা এ যুগের সন্ধ্যা রবি আর বলে না পাছে ' বলদের গো বধে আনন্দ ' এরকম কিছু অলঙ্কার তার নামের পাশে যোগ হয়!
এই যে রূপ, বর্ণ, গন্ধের আনন্দ সেটা অতীতের পরাকাষ্ঠা।
আধুনিক নয় , অরূপ নয়, মিথ্যা নয় এটা সত্য। এখানে শুধু মনস্তাপ থাকবে, মৃত্যু থাকবে, অপমৃত্যু থাকবে, হত্যা থাকবে, ধর্ষণ থাকবে, থাকবে যুযুধান নানা বিষয় যা সভ্যতার পরিপন্থী, থাকবে শিক্ষা হীন কিছু পাপিয়া।
এরা পাখি নয় এরা পাপী। আজ না হয় আমি এদের নাম রাখলাম পাপীয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন