শীত এসে পরেছে। লেপ, কাঁথা কম্বল রোদে দিতে হবে। এ বছর আট আটটা মাস গরম দাপিয়ে বেড়িয়েছে। জল নেই পুকুরে, মাঠ সেই চৈত্রে যে ফেটেছিলো আর জোড়া লাগেনি। মাঠে জল জমেনি। ব্যাঙ গ্যাঙোর গ্যাঙোর করতে পারেনি। রোয়া ধানের চারা মাঠেই লাল হয়ে গেছে। কালে ভদ্রে এখন শাপলা শালুক ফোটে অল্প জলের জলাশয়ে। শুকনো সেই জলাশয় ভরে গেছে উইয়ের ঢিপিতে। পিঁপড়ের বিষ বেড়েছে বেজায়। ছোট লাল পিঁপড়ের কামড়ে প্রাণ ওষ্ঠাগত। ঘামের গন্ধে বিছানায় জড়ো হয়ে বসবাস। ঝাঁটার বারিতে ছড়িয়ে পরে নিজেদের মতন। নিদেনপক্ষে জলে পেট ভরিয়ে চোখ বুজে ঘুমোনোর চেষ্টাও হয়ে ওঠেনি।
যখন বর্ষা এলো তখন নতুন করে ধান রোয়ার টাকা নেই। যাদের ছিলো তারা চাষ করলো। অনেকটা মাথা মুন্ডনের সাথে শিখা রাখার মতন। কয়েকশো একরের মাঝে বিঘে কয়েক কোমর দোলাচ্ছে কাশ বনের পাশে তবে ফুল নেই আগায়। ধান পাকার সময় ধান জন্মালো। পাকার আগে দুগ্গা পরলো এসে। তারপর? তারপর এলেন কোজাগরী লক্ষ্মী। ধান তখনও কচি। ধানের ছরা পেতে গা উজার হলো। পাওয়া গেলো না। পেলেম না হলুদ গাছ, গুরি কচুর চারা, জয়ন্তি ফুল। পেঁকো পুকুরে শুধু ফুটে আছে কচুরিফুল আর ঢোল কল্মির দল।
প্রবাদ আছে , দুগ্গা বিসর্জনের পর ঠাণ্ডা আসে উত্তর দিক থেকে। মানে কৈলাশ থেকে। না তা হলো না। এলো এক ঝড়, ভয়ঙ্কর। বাংলায় আছড়ে পড়লো। সে অবিভক্ত বাংলাকে চেনে। সে যেমন বড়িশাল, ফরিদপুর কে দেখেছে ঠিক তেমনই সুন্দরবন, নামখানা, কাকদ্বীপকে চেনে একডাকে। ক্রমিক তর্যার পর আশ্বিন অস্তাগত। শ্যামা মা আসবেন। মন্দির গুলো সেজে উঠেছে। বারুদের গন্ধ বন্ধ হয়েছে প্রকৃতিকে সাক্ষী রেখে।
বিড়ম্বনা বাঁধলো শ্যামা পূজোর আগে শ্যামাপোকার না আসায়। প্রকৃতিবিদেরা বললো বিশ্ব উষ্ণতা ইত্যাদির কথা। গ্রামের চাষি ভাই বললো, ধান না পাকলে শ্যামা পোকা আসে না। নবান্নের ঘ্রাণ তার প্রান কাড়ে। এবছর ওরা আর আসবে না। ওদের আয়ু বাড়লো এক বছর।
না আসেনি তারা, মরে পরে থাকেনি লাইটের নিচে। মশা গুলো ঝাঁক বেঁধে কালো চুল মাথার উপরে আসেনি।
এ বছর শীত একাই এসেছে। ওরা আজ বিমূর্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন