মারিয়া আর আমি
:১:
বাংলা ছেড়ে ভিন রাজ্যে গেলে নিজেকে কেমন এক অর্বাচীন মনে হয়। মনে হয় উল্কাপাতের পর বদলে গেছে ভিটেমাটি। একটা গহ্বর বানিয়ে অন্য গ্রহে পাঠিয়েছে আমাকে। না বুঝেই পৌঁছেছি বলে হা হুতাশ নেই। দেশে আছি বলে চিন্তা কপালে ভাঁজ ফেলেনি। অচিরেই ভাঁজ পড়লো কপালে। মাছ, মাংস, ডিম খাওয়া নিষেধ আর জল, দুধ, ভাত সেটাও অমিল। আটার বা বাজরার রুটি, সাথে রসুনের চাটনি পাওয়া যায় এখানে।
একটা লাউ কিনলাম, মটরের ডাল কিনলাম, আতপ চাল নিলাম। বাপ-মা মরলে হবিষ্যি করার মতন খাবার খেয়ে বেঁচে থাকা। এটাও আমার দেশ। মনে যাই থাকুক মানতেই হবে এসব। এখানে গরমকালে লু বয়, শীতকালে তুষার পরে। গাছপালা বলতে কিছুই নেই। পাখির দল এখানে আসে না। সকালে শালিক জাতের কতিপয় পাখি মহুয়া গাছের গায়ে চাপ ধরে থাকা শুয়োপোকা খেতে আসে। ঠোঁটে নিয়ে ধোপার আছাড় মারে। শুঁয়ো গুলো ঝরে যাওয়ার পর গিলে নেয়। এখানে এদের নতুন নাম শুনলাম। এরা ময়নি। তিনটে শালিকের ঝগড়া শুনে এরা বুঝে ফেলেছে এদের ভাষা। সবাই বলে ময়নি কথা বলে।
:২:
নর্মদার পাড় ধরে দাঁড়িয়ে আছে শতেক মন্দির। কারণে অকারণে নারকেল ভেঙে অনন্ত আশীর্বাদ পেতে লোকের ভিড়। শুকনো ফল পকেটে নিয়ে পুন্যার্থীর ভিড় লেগে থাকে সকাল সন্ধ্যায়। জল পিপাসায় যখন প্রাণ যায় যায় তখন পান বা সুপারি মুখে দিয়ে পিক ফেলে কি ভাবে এদের গলা ভেজে আগে বুঝিনি। বুঝলাম এক ছিলিম গাঁজা ফুঁকে। নর্মদার কথা বাদ দাও একটা নর্দমা পেলেও জীবন বাঁচতো। তাও নেই এখানে। অদূরেই আবার শেল ফাটছে। ওখানে যাওয়া নিষেধ। তবুও গেলাম। পুলিশ ধরলো আমাকে। থানার গারদে বসে প্রাণ ভরে জল খাওয়া ভুলবো না।
:৩:
গারদে পরিচয় হলো মারিয়ার সাথে। বললো তোকে কেনো এনেছে এখানে? বললাম শেল ফাটানোর গল্প। বললাম তুমি? বললো দেহ ব্যবসার কথা। বললাম সত্যি? বললো কেনো? না মানে এতো কম বয়েস। বললো এটাইতো সবার কাছে প্রিয়। বললাম বুঝলি কিভাবে ? বললো তোমরাই বুঝিয়েছো।
খুব খারাপ লাগছিলো। গা ঘিনঘিন করছিলো। হাতের মুঠো শক্ত হয়ে উঠলো। ঘুষি মারলাম গরাদে। হাত থেকে রক্তের স্রোত মেঝেটা ভিজিয়ে তুললো। মারিয়া বললো ব্রাউন না হোয়াইট? সময় গেলো বুঝতে। বুঝতে পারার আগেই পুলিশ আমাকে ছেড়ে দিলো।
আমি রাস্তার পাশে বসে থাকলাম সারা রাত। ওরা মারিয়াকে ছাড়লো সকালে। মুখের দিকে অনেকক্ষন তাকিয়ে ছিলেম। বললো দাদা আমরা সকালের দিকে তাকিয়ে থাকি। প্রেমে বাঁধতে ওকে বললাম যাবি আমার সাথে? চুপ করে থাকলো কিছুক্ষন। বললো প্রেম আর আসে না।
:৪:
সাহারা মরুভূমিতে ওকে পেয়েছি। ও এখন দিন গোনে, পাছে ফেলে দেই কোনো এক শ্রাবস্তীর কারুশিল্পের মাঝে। যেখানে মানুষ নেই, যেখানে এই সব অযান্ত্রিকের ভীড়। যারা দেহ খোঁজে চিতার আগুনে।
বুকে টেনে নিয়ে বললাম তুই শুধু আমার আর আমি শুধু তোর।
:৫:
খেয়া নিয়ে চললাম, সাথে মারিয়া। বাড়ি পৌঁছলাম প্রায় দুবছর পর সঙ্গে মারিয়া। বাবা বললেন কাকে আনলি সাথে করে? বললাম মারিয়াকে। মা বললো মুসলিম? মারিয়া বললো ছিলেম তবে এখন তা নই। মা কি ভাবলো বুঝিনি, বাবা মারিয়াকে বললো কি সুন্দর তুমি, কি সুন্দর তোমার কন্ঠ। একটা গান শোনাবে?
মা বললেন থাক ও সব।
:৬:
ধর্মের লড়াই পিছু ছাড়ে না। মা তার ইষ্টকে দেখেন মেয়ের রূপে অথচ এই মেয়েটাকে সেই ভাবে দেখতে বিমুখ। মনে হয় সুন্দর যা কিছু এই এক ধর্মের আবহে দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। আমার প্রিয় মারিয়াকে আমার মা নারাজি। থাক এসব। মনে পরে যায় গন্ধ বিচার। আতরের সাথে অগরু, পচাগলা মানুষের সাথে পচাগলা অশিক্ষা একদম এক রকম লাগে। ওরে বাবা বায়ো অর্গানিক ডিকম্পোস্ড আলাদা হতে পারে? যতসব ধর্মাধর্মে মানুষের সমাজেই তেরী হয়েছে এক নরক। গোটা সমাজ দুর্গন্ধে পরিবৃত।
মারিয়াকে মা এবার কাছে টেনে নিলো।
:৭:
বাবা নাকের আগায় চসমা নিয়ে একটা সিগারেট ধরালো। চা এর কাপটা তখনও গরম। বললো বৌমা চা বানাবি? মারিয়া একবার আমার আর একবার মাএর মুখের দিকে তাকালো। মা বললো চলো। এ সংসার তো তোমার। বুঝে নাও । ওরা চা আনতে গেলো আর আমি, মা আর মারিয়াকে দেখছিলাম চোখ বুজে।
অনেক দূর্ভাবনায় ঘুম আসেনি কয়েকদিন। ভাবছিলাম জমি-জায়গা নিয়ে বিবাদ দেখেছি, টাকা পয়সার বিবাদ দেখেছি, মানুষে মানুষে বিবিবাদ দেখেছি। যা দেখিনি ভেবেছিলাম সেটা এবার দেখবো। না তা হয়নি। মানুষে-ধর্মে কোনো বিবাদ হয়নি।
মা আর মারিয়া চা নিয়ে এলো। আনন্দে চুমুক দিয়ে বাবার ঠোঁট ছেঁকা খেলো। নতুন করে আরও একটা সিগারেট ধরিয়ে বললো এই না বৌমার হাতের প্রথম কাপ?
:৮:
বাবা সেদিন খেতে বসে মা কে বললো বৌমার একটা নতুন নাম দিলে কেমন হয়? বললো আমার দুটো নাম খুব পছন্দের। একটা মুসকান আর একটা নাতাসা। মা চুপ করে ছিলো। আমি বললাম হতেই পারে। মারিয়াও হাসছিলো। এই দুটো নামই আমার পছন্দের এটা মা ও জানতো বাবাও। মা বললো না মারিয়া নামটা খুব সুন্দর আর এই নামেই ও ঐ দূর থেকে কাছে এসেছে। থাক এসব। মা এর মুখের দিকে তাকিয়ে মারিয়া কি ভাবছিলো জানি না। রাতে যখন একসাথ হলাম তখন কেঁদে ভাসালো।
বেশ চলছিল সংসার। মারিয়া রান্না না করলে তখন খাওয়া হতো না বাবার। মা এর রান্নাঘরে যাওয়া প্রায় বন্ধ করার মতন। আর আমি মশগুল কাজে। কাজের পর কাজ আর রাতদিন প্রায় এক হয়ে পরেছে।
:৯:
সেদিন সকাল হয়েছিলো সকাল আসার কিছু আগে। তখনো পাখিরা জাগেনি। পেঁচারা বাড়ি ফেরেনি। শুনশান অন্ধকারে একদল মানুষ এসেছে আমার বাড়ির দোর গোড়ায়। বন্দুক উপরে তুলে গুলি মারছে।
সূর্য তখন তার প্রথম রশ্মী পাঠালো। উজ্জ্বল হলো আকাশ। শুকতারা বললো চললাম। মা বললো কারা যেন ঠক ঠক করলো দরজায়। আমি দরজা খুলতে গেলাম। হাত টেনে ধরলো মারিয়া। না বুঝেই বললাম কেনো? বললো ওরা আমাকে নিয়ে যেতে এসেছে , বললাম তুমি চলে যাবে? মৃদু হেসে বললো যদি চলেই যাই দুঃখ পাবে? চোখে জল এলো । বললাম যাও।
দরজা খুলে দিলো মারিয়া। ওরা তুলে নিয়ে গেলো ওকে। শেষ কথা বলে বিদায় নিলো মারিয়া। ওর কথা আজও আমাকে বাঁচতে শেখায়।
যাওয়ার সময় বলেছিলো তোমার মা যদি আমায় নতুন নামে ডাকতো আমি এই দরজাটা খুলতাম না ।
আমার চোখের জল মুছে মা বললো বড়ো ভুল হয়েছে। মারিয়ার নাম যদি মলিনা হতো তবে এমন হতো না।
মারিয়াকে ওরা মেরে ফেলেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন