গ্রামের রাস্তায় চলতে চলতে মনে হলো এটা গ্রাম নামের একটা শহুরে পাড়া। কি আছে না লিখে কি নেই লিখছি। না কোনো কিছুর অভাব নেই। না অভাব আছে, অভাব মানসিকতায়। এই কারনেই রাস্তা গুলো হয়েছে গলি আর সময় বাঁচাতে মূল রাস্তায় পৌঁছতে রাস্তা ছেড়ে মাঠের পথ ধরতে হয়। পথের সর্পিল চলনে পথ হয়েছে পথহারা আর আশেপাশের বাসিন্দারা জমি আগলে বসে আছে হনুমানের মতন। হনুমানের সূর্যকে বগলে চেপে রাখাটা ছিলো মহাকাব্যের প্লট আর এই হনুমানের কান্ডকারখানা হলো নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ।
হনুমান সেকালেও ছিলো। সুতানুটি তার সাক্ষী। এখানে পথ যেমন নিজেকে দেব ভাবে না ঠিক তেমনই রথও ভাবে না। এটা সংকীর্ন স্বার্থপর অবৈষয়িক অশিক্ষার এক স্বাক্ষর। এখন শহরের কোনো সুবিধা সেখানে পৌঁছয় না। আকাঠ পিতৃপুরুষ কে নতুন করে প্রতিনিয়ত নাতি-নাতিনের দল আদ্যশ্রাদ্ধ করেও অসুখি থেকে যায়। তাদের মনে হয় শালা লক্ষ্মীছাড়া।
সত্যিই তাই। এইসব জমি- যায়দাত আকন্ঠ মদগিলে যারা রক্ষা করে গেছেন তারা গলি আর রাজপথের পার্থক্য বোঝেন নি। শুধু শরিকি বিবাদ করে নিজেদের সাথে যুদ্ধ করে, গালমন্দ করে, ছিঁড়ে, গুটিয়ে, না বেঁধে, কাপড়ের গুটি ধরে, একখিলি পান মুখে গুঁজে আবালের মতন স্বর্গের আশেপাশে বিরাজ করছেন আর নাতিপুতির লাথিতে মাথা চুলকোচ্ছেন।
সেই ঐতিহ্য আমাদের পিছু ছাড়েনি।
:২:
এ বাংলার প্রত্যন্ত গ্রামে একটা গাধা-ঘোড়া এক হওয়া খচ্চর মার্কা বৈশিষ্ট্য দেখা যায়। রাস্তার পাশে একটা পুকুর কাটার পর বাকি পরে থাকা জমিতে ঘরবাঁঁধা। পুকুর কাটার কারন ওটা ভরাট হবে রাস্তা ভেঙে। পুকুর আর রাস্তা ডোবার পর সাঁকো দিয়ে নিত্যদিনের চলাচল।
বলদের গো বধে আনন্দ। এই প্রচলিত সত্য প্রতিষ্ঠায় কূপমন্ডুকের দল আজও পথের কথা ভাবে না। সাপ কামড়ালে ভেলায় ভাসিয়ে দিয়ে বেহুলা চুপচাপ গালে হাত দিয়ে এই শহরের দক্ষিণে বহমান গঙ্গার পাড়ে চুল ছেড়ে সে বসেছিলো। জানিনা তবে লোকশিক্ষা থেকে বুঝেছি বেহালার এই নামকরণ।
পড়তে পড়তে পড়া হয়নি বুঝলাম। বুঝলাম এ রাস্তার দায় নেই আমার। আমার দায় শুধু বলে যাওয়া। পরতে পরতে লিখে যাওয়া অসত্য এখন সত্যের শিখরে। রাস্তার সাথেই ঠিকানা লেখা আছে যাদের তাদের নামের পাশে এবার হয়তো কিছু ইডিয়াম লেখা হবে।
রাস্তার সাথে সাযুজ্য রেখে এই ইডিয়াম গুলো কালকে লিখে জানাবো, আজ আর নয়।
জানিনা সেই কাল আসবে কি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন