:১:
স্কুলে ঘন্টা বাজতো, আর সবাই ব্যস্ত হয়ে দৌড়োতো লাইন দিতে, প্রার্থনা গান করার জন্যে। রবিঠাকুরের লেখা জনগণমন। একদম এটেনশান এ দাঁড়িয়ে গাইতে হয়। গান শেষে আবার ঘন্টা বাজতো। হৈ হৈ করে স্কুল ঘরে দৌড়োনো। এবার একটু ঐ ঘন্টাটার কথা বলি। ওটা রেললাইনের একটা টুকরো। কামারশালে নিয়ে গিয়ে একটা ফুটো করে এনেছে নন্দদা। ওটার উপর যখন হাতুড়ি দিয়ে আঘাত করে তখন যে শব্দ শোনা যায় সেটা ঠিক কামারের গরম লোহায় হাতুড়ি মারার মতন। লোহার রড বেঁকিয়ে একটা S বানিয়ে ঝোলানো হয়েছে অফিস ঘরের দরজার সামনে। ওটা স্কুলের টিচারদের বসার ঘর। ঘন্টা বাজায় নন্দদা। ভালো নাম সর্বেশ্বর নন্দ। জাতে উড়ে। নস্যি নেয় বলে 'ন কে ল' বলে। সেই নিয়ে মাস্টারমশাইরা তাকে খেপায়। তবে ফাইভের অঙ্কের শিক্ষক এই নন্দদা। বাচ্চাদের জন্যে অনেক কিছু নিয়ে আসে পকেটে করে। এগুলো নিজের হাতে বানানো। কোনোদিন চাল-ছোলা ভাজা, কোনোদিন তেঁতুলের বীজ পোড়া, কোনোদিন তিলের নাড়ু। ক্লাসের সাথে চলে পুরস্কার বিতরণ। অঙ্ক কষার আনন্দ আনে এই পুরস্কার।
:২:
নন্দদা বিপত্নীক। তার সংসার বলতে সে একা। চাল কেনে, ডাল কেনে মিশিয়ে নিয়ে জল দিয়ে ফোটায়। এটাই তার খাবার কয়েক যুগ ধরে। একটা টিয়ে পাখি আছে। খাঁচা নয় দাঁড়ে বসে নন্দদাকে ডাকে নন্দ নন্দ বলে। আদর করে টিয়েটাকে বলেছে যেদিন আমার আর চাকরি থাকবে না সেদিন আমিও মুক্ত হবো তোকেও মুক্তি দেবো। তুই ছাড়া আমার কে আর আছে? তুই উড়ে গেলে আমিও উড়ে যাবো তোর সাথে। বেশ হবে, তাই না? টিয়ে টা শুধু গোঁ গোঁ করলো।
:৩:
শীতের শেষে পাতাঝরা গাছগুলোতে নতুন করে সবুজ কচি পাতায় ভরে উঠত। বিদ্যার দেবী বীণাপানি পায়ে পায়ে বছর কাটিয়ে স্কুলে আসতেন। হলুদ বা বাসন্তী রংয়ের কাপড়ে সাজার কথা ভেবে স্কুল পাখা মেলতো। আমের মুকুল আসতো; শিমুল আর পলাশ মুখ বুজে আকাশের দিকে তাকিয়ে থাকতো নতুন করে ফোটার ইচ্ছায়। শুকিয়ে যাওয়া ঘাস গুলো শেষ শীতের বৃষ্টির জল পেয়ে মাথা তুলতো মাঠে। শুকনো উলুবন থেকে সাপের আনাগোনা শুরু হতো। উলুবনে আগুন লাগিয় চুপ করে বসে থাকতো বাগানের মালি। হেডস্যার ডাক পেরে বলতেন নন্দ ঘন্টাটা টানাও।
নন্দদা নির্বিকার। মটকার কাপরটা রোদে তাপিয়ে নিশ্চিন্তে পাট করছেন তিনি। স্কুলের পূজোর সব ব্যবস্থা করতে হবে তাকে। বাচ্চাদের নিয়ে গোটা স্কুলটাকে নতুন বছরের জন্যে আনন্দে ভরিয়ে তুলে শুরু হবে লেখা পড়া। এই আনন্দ তার পিছন ছাড়ে না।
:৪:
এদিকে আবার নন্দকে হাঁক পেরে ডেকে পাঠিয়েছেন রাখালদা। স্কুলের করণীক হলেও ন-দশ ক্লাসের ইংরেজি গ্রামারের পাঠ তিনিই দিতেন। এ ব্যাপারে নন্দদা আর রাখালদার খুব মিল। হাঁক দিয়েছেন অন্য কারনে। সরস্বতী পূজোয় রাখালদা পুরোহিত আর নন্দদা হলেন তন্ত্রধার। বরাবর অঞ্জলি দেওয়ানোর দায়িত্ব থাকে নন্দদার। মুখে এক খিলি গুন্ডিপান দিয়ে নন্দদা গেলো রিহার্সাল দিতে।
ক্লাস শুরু হয়নি ঠিকই তবে স্কুল খুলে গেছে। টিচার্স রুমে চলছে পুজোর রিহার্সাল আর মাঠে চলছে ছাত্রদের হৈ হুল্লোর। দুপুর দুটোয় ঘন্টার পর যে যার বাড়ি ফেরা। সেই শুকনো মাঠের ধূলোর গন্ধ আজও নাকে লেগে আছে।
:৫:
এবার শেষ কথায় ফিরি। যে কথা লেখার জন্যে এই লেখা এখন সেটাই বলবো। সেদিন নন্দদার রিটায়ারমেন্ট। সাজানো হচ্ছে অফিস ঘর। ছাত্রদের এ কথা কেউ জানায়নি। নন্দদাও মুখ ফুটে বলেনি কাউকে। শুক্রবারের বিকেলে শেষ বারের মতন ছুটির ঘন্টা বাজলো। সবাই চললো যার যার বাড়িতে। নানান উপহার দিয়ে শিক্ষকেরা শেষ সম্বর্ধনা জানালো। এক হাতে ছাতা, অন্য হাতে ঘড়ি নিয়ে বাড়ি ফিরলো নন্দদা।
আর আসেনা স্কুলে। ঘন্টার বদলে এখন কলিংবেল বাজে প্রার্থনার সময়। আর ছুটি? সে না হয় আর না ই লিখলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন