সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

আগামীর উত্তর

:১:
না আলবিদা নয়, মজে যাওয়া নদীতে বন্যা হয়। যে রসালো দিন গুলো হেলায় পেরিয়ে এসেছি সে দিন গুলো আজকেও জাগ্রত। এটা মানব মন্ত্রণালয়ে যৌবনের আধিপত্য। যন্ত্রনার জীবনবোধ অস্বাভাবিক এক উন্মাদনায় ফিরে পায় অতীতের সুখ। কবি-সাহিত্যিক সকলেই বেঁচে থাকে এই ভাবনায়। হতে পারে ব্যাতিক্রমী ভাবনা কিন্তু বাস্তবতার নিরিখেই ভাবনার জন্ম। তাকে অস্বীকার করবে কে? আমি তাকে স্বীকার করি। হেঁটে চলে থাকার সাথে যে আমাকে উজ্জীবিত করে সে আমার প্রেম। অনেকে বকুল ফুলের মালা গাঁথে, অনেকে আবার খোঁপায় জুঁইয়ের মালা পরে মাতিয়ে রাখে সকলকে। সেসকলের বাইরে থেকেও আমি আহ্লাদ করি। এই আনন্দই আমি পেতে চাইলাম, আর পেলাম এই সায়াহ্নে। আমি পেয়েছি। এটাই সান্তনা।
:২:
কলমের কালি ফোরালো তখন যখন উপসংহার লিখছি। এটা পরীক্ষার খাতা নয়, এটা নিজের মনের খাতা আর কলমটা হলো আমার মন। মন আর হৃদয় এক হয় দর্শনের সখ্যে। ওদিকে আবার বুকে হাত দিয়ে হৃদয়কে চালু রাখতে ডাক্তারের দল গ্রাফ দেখে কম্পিউটারের মনিটরে। মনিটরটা আমাদেরই হাতে তৈরী। আশ্চর্য লাগে না? না লাগে না। কারণ আমরা জানি এই পৃথিবীর বুকে আমরাই অনাদি, অনন্ত, অরূপ এবং অক্ষয়।
কোটি তারার আকাশে যেমন চাঁদ, সহস্র কোটি চিন্তার শেষে পৃথিবীর বুকে মানুষ। 
:৩:
আমরা কবে সুর, তাল, লয় বুঝেছিলাম জানি না। কি দরকার পরেছিলো? কেনো এ সব বুঝতে ইচ্ছে হলো? কেনো এতসব যন্ত্র সুর করে বেড়ায়? কেন তুমিও গলায় সুর তোলো কানে হাত চেপে? ঢাক-ঢোল কে বানিয়েছেন? কি দরকার হয়েছিল? সাতটা তার নিয়ে কেন এই সপ্তক নির্মাণ? কেনো তানপুরার তার বেঁধেছো? কেনো তার ছিঁড়ে যায় ভায়োলিনের? কেনো রবিঠাকুর গীতাঞ্জলি লেখেন? 
প্রশ্নমালা তৈরী হয়েছে কয়েক কাল ধরে। আমি উত্তর খুঁজি বোহেমিয়ান এক জীবনবোধের নিরিখে। 
ফেলে দিতে পারো আমাকে কিন্তু প্রশ্ন গুলো থেকে যাবে। আমি এর উত্তর দেবোনা। তোমরাই দেবে কোনো একদিন, যেদিন স্বর্গের পথে আমি পদচারণ করবো।
থাক আজ আর নয়, আরো লিখবো আগামীতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন