:১:
আমরা যখন গভীর চিন্তায় থাকি তখন মাথার চুল ঘাটি, গায়ের চামড়া চিড়বিড় করে না। যা কিছু সব মাথার কয়েকশো কোটি চুল সে কথার জানান দেয়। গায়ের চামড়া, লোম, এমনকি চোখদুটোও কচলে কচলে আমি নাজেহাল।
প্রথমে ভাবছিলাম এই পাহাড়ের গায়ে এত বড় এক দেওয়াল কে তুললো? তারপর সেই উড়ে বেড়ানো রোঁয়ার কথা ভেবে সারা শরীরটা শিরশির করে উঠলো।
মনে হলো এ যাত্রায় পালিয়ে বাঁচি। কিন্তু তা হওয়ার নয়। এদিকে আবার ঠোঁটে নিয়ে আছাড় দিয়ে রোম ছাড়িয়ে পেট ভরাচ্ছে শালিক। এখানে শালিকের নতুন নাম শুনলাম। ওরা ওকে ময়নি বলে ডাকে।
লাখ কোটির প্রোজেক্ট, ছেড়ে আসাও এক ভাবনার ব্যাপার। তাই থেকে গেলাম কয়েক লিটার ডেটল কে ভরসা করে।
অম্রুত বাগোয়ানি হবে এই পাহাড় চূড়োয়। মহুয়া গাছের পাশে গোল হয়ে ডালপালা মেলে ফলে ফুলে ভরিয়ে দেবে পাহাড়। ফলাহার করবে টিয়া, চন্দনা, বুলবুলি আর আমরা মানে মানুষেরা। সেই আনন্দেই থেকে গেলাম।
ঝুমরিতালাইয়ার পাশে আরে-বহরে যেমন পাহার ঠিক তেমন মহুয়ার জঙ্গল। মহুয়ার গাছ এখানে কাটাকাটি করা নিষেধ। এই মহুয়ার পাহাড় সবার প্রাণের ভোমরা অনেকটা দেবতার মতন। মহুয়া আর অম্রুত পাশাপাশি। বাংলায় পেয়ারা আর ওখানে অম্রুত।
এতক্ষণ হাজারীবাগ দেখছিলাম।
:২:
ভোররাতে ট্রেন থামলো কোডরমা স্টেশনে। একটা আবছায়া আর স্যাঁতস্যাঁতে রাস্তায় চললাম পায়ে হেঁটে। স্টেশনের আশপাশে জেগে থাকা দোকানগুলো সবেমাত্র পসরা সাজাচ্ছে। কেউ ভাজছে জেলিবি, কেউ ভাজছে সমোসা। পুরি-সব্জিও বিস্তর ভাজা হয়ে গেছে। সবাই কি সুন্দর শালপাতার ঠোঙায় নিয়ে ঐ ভোররাতে খাচ্ছে দেখে আমি ভরসা পেলাম। খিদে পেয়েছে বিস্তর তবে এই ভোররাতে আমি চা-বিস্কুটে অভ্যস্ত। ওদের খাওয়া দেখে সাহস করে পুরি-সব্জি নিয়ে নিলাম।
অন্যদিকে আবার আমার সাথে থাকা মানুষ জন তখন ভাজা তালমাখানা আর ভৈষী দুধের চা খেতে ব্যস্ত।
কোলকাতায় বসে ইচ্ছে হলেও সাহস হয় না এসব খেতে। ওই আবছায়া আর অন্ধকারে খাওয়া খাবারগুলো সূর্যোদয়ে পরে হারিয়ে গেলো পাকস্থলী ছেড়ে।
বুঝলাম সেদিন জল আর জীবন ব্যাপারটা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন