রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

সেকালের হল্লাগাড়ি

 :১:

হাতিবাগান থেকে হাওড়ার মঙ্গলা হাট, বেহালা থেকে গড়িয়া হাট ছোট ব্যবসার প্রাণ ভ্রমর। পসরা সাজায় যে যার মতন। হাঁক ডাক শুনে রাস্তায় হেঁটেচলা মানুষ দরদাম করেন বেজায় তবে কেনাকাটা যার যার। 

একটু পুরোনো দিনের পদছায়ার কথা বলবো। পদছায়া বলছি এই কারণে এই ছায়া ব্যবসায়ীদের কাছে ভয়-ভীতির এক হিমালয় পর্বত। ডাকনাম হল্লাগাড়ি। হল্লাই বটে। পসরা সাজিয়ে বসে দুপয়সা রোজগার করতে বসা ব্যবসায়ীরা মাঝে মধ্যেই উদ্বাস্তু হয়ে খালি হাতে খালি পকেটে চোখের জলে বুক ভিজিয়ে ফিরে যেতো বাড়ির পথে।

আহারে, ওদের ব্যবসা করতে দিলোনা প্রশাসক। নিস্ব হয়ে নতুন ভাবে দ্বিতীয় বার কোদাল-কুড়োল ধরার শপথ নিতে হলো নতুন করে।

:২:

কাব্যিক লিখবেন,

 " হকারের উৎপাত, 

খালি নেই ফুটপাত, 

রাস্তায় ভরপুর গাড়ি।

জাম জট বিস্তর

লক্কর লস্কর

ফিরবে কখন কে বাড়ি?"

গ্রামের মানুষ যখন শহরমুখী হয় রোজগারের তাগিদে তখন এক অনিবার্য কথা বলতে হয়; গ্রামে আহার নেই, আহার আছে শহরে। আড়ে-বহরে বেড়ে উঠছে গরীব রথ পরিসেবা, ঠিক সেই পুরোনো প্রবাদের মতন।

" রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি;

মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী।।"

:৩:

ছেলেটা তখন লায়েক হয়েছে। ব্যবসায় লক্ষ্মী তখন দু'হাত তুলে আছেন। ছেলেকে রেখে বাড়িতে ফিরে শান্তিতে ঘুমিয়ে ক্লান্তি দুর হলো। সেদিন গরম ভাত, ডাল আর মাছের ঝোল খেয়ে ট্রেন ধরেছিল প্রশান্ত। দুপুরে পৌঁছে ছেলেটাকে রিলিফ দেবে ভেবে সকাল সকাল বাহিরপোয়া হল্টে বসেছিলো অনেকক্ষণ। ট্রেনটা ধিকধিক করে  থামলো। তখন সময় দুপুর দু'টো। বালিগঞ্জ থেকে হেঁটে গড়িয়াহাট পৌঁছে ছেলে, দোকান, পসরা খুঁজে পেলোনা। 

অজানা পথে চলা যার অভ্যাস তাকে ভয় দেখাবে কে? হল্লাগাড়ি সব নিয়ে গেছে শুনলো পথিকের মুখে। ছেলেটা কোথায় ? 

লায়েক তখন খোশমেজাজে রফায় ব্যস্ত। হ‍্যাঁ সব কিছু নিয়ে সে ফিরেছে। 

এটাই আজকের সমাজ, ছিঃ …....



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন