মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

যদি থাকতো বনফুল

 :১:

তিনদিন পরে আজ একটু লিখতে ইচ্ছে হলো। তিনদিন যে খুব ব্যস্ত ছিলাম তা নয় তবে আনন্দে ছিলাম। রোজকের কাজের ব্যস্ততা নেই, অফিসের তাগাদা নেই, খাওয়ার তাড়া নেই, সব কাজকর্ম আনসিডিউলড। অনিয়ম হয়েছে বিস্তর তবে শরীর ভালোই আছে। আসলে পিঠে, ঘাড়ে,মাথায় কোথাও কোনো ভার নেই। ফলে আদি অকৃত্রিম শরীর পুরোনো অবস্থায় ফিরে গেছে। এখানে এখন শুধু খাওয়া আর প্রকৃতি দর্শন চলছে। দু-চারটে কূটকচালি ছাড়া তেমন কোনো জটিলতার কিছু নেই। আসলে বিয়ে লেগেছে দিদির মেয়ের। মিশ্র সংস্কৃ‌তির বিরল বিষয় বাঙালির সমাজে কতটা প্রভাব বিস্তার করছে এই প্রথম তার দর্শন পেলাম।

এক বৈচিত্র্যময় উৎসবের সাক্ষী হলাম।

:২:

পাকাপাক চলছে। ঘুরছে কনে, বর বসে আছে আরাম কেদারায়। ফুল দিচ্ছে বরের পায়ে আর লাফ দিচ্ছে ছেলের বাড়ির কর্তা থেকে কামকরণি সকলে। না সকলে নয় হক্কলে। এর পর মালা বদলের পালা। আমি ওদের ভাষা নকল করে বললাম "কাম সারছে"। দেখো কান্ড ঠিক সেটাই হলো? মাগুর যায় কাদার তলে আর রুই ভাসে আকাশ তলে। এক সুন্দর বেঠিক প্রেমপর্ব। চারিদিকে রাশি রাশি হাসি হাসি মুখগুলো আমি এর আগে একবার দেখেছিলাম। সেটা ছিলো পুরুলিয়ার গন্ডগ্রামে। এই শহুরে মানুষের কাছে এরকম কিছু পাবো, আশা করিনি।

বুঝলাম বৈচিত্র‍্যের মধ্যে ঐক্য ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য।

:৩:

বিচিত্র এ পৃথিবী, কতটুকু জানি? জানতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেললাম। বিয়েতে বর আসে কখনো মাদল কখনো সানাইয়ের শব্দে। পথের পাঁচালীর অপু এসেছিল শব্দের বাহিরে। 

না এ বর তেমন নয়। হাট, বাজার, রাস্তা সব বন্ধ করে উল্লাস করে সদলবলে বর এলো। এখন সহসা আর বর্ষা আসে না। জগৎ সংসার এখন উপদ্রবের মতন। 

আমি দেখলাম এক নতুন সভ্যতা, যেখানে সতত মানুষ থাকতো। 

:৪:

এ হেন কাম কাজ দেখে আমি মূর্ছা গেলাম। সবাই বললো তিনি  মূর্ছা গেছেন। আমি ছিলেম জাগ্রত। এইসব ঢলাঢল দেখতে দেখতে কথা হলো এক মাতালের সাথে। সে বললো "সব ঠিক হ্যায়।"


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন