:১:
যখন ফাঁসুড়ে সকাল-সন্ধ্যা মোম গালিয়ে ফাঁসের রশির সাথে নট্ এর সহজ গেঁড়ো নিয়ে ব্যস্ত ঠিক তখন নিব ভাঙা পেনটা সংরক্ষণে রাজ্যের কাগজ নিয়ে ব্যস্ত সংগ্রহশালা। কয়েদিদের মধ্যেও গুঞ্জন চলছে। কারারক্ষী চাবি সামলাতে রাতদিন এক করে দিবাস্বপ্ন দেখছে। দেখছে আসামী পালিয়ে গেছে কারাগার থেকে। চাবির গোছাও পাওয়া যাচ্ছে না। পাগলা ঘন্টির শব্দে তোলপাড় জেল চত্ত্বর। আর যার ফাঁসি হবে তিনি নিরুত্তাপ। গীতা পড়ছেন মন দিয়ে।
এটা একটা চিত্রকারের তৈরী পোর্ট্রেট। এঁকেছেন এক অনামি শিল্পী। ভোরের সূর্যোদয় সে দেখতে চায় না। ওর তুলির আঁচড় হনুমানের মতন সূর্যকে বগলে ধরে রাখতে চায়। না তা হয়নি।
:২:
বাজ পড়লে যেমন শঙ্খধ্বনি হয় গৃহস্থের বাড়িতে ঠিক তেমন এক অবস্থার অবতারণা হলো এই শিল্পীর কারুকার্যে। সবাই বললো ধরে আনো শিল্পীকে। তিনি তখন পরের শ্লট নিয়ে ব্যস্ত। দরজার কড়া যখন বাজছে তখন দ্বিতীয় শ্লটটাও শেষ। শববাহী গাড়িটা ছুঁটে চলেছে কোনো এক শ্মশানের দিকে। দিনের আলো ফোটার আগে ফিরে যেতে হবে।
নাটা ফাঁসুড়ের ফাঁস যে রাতে মাষ্টারদা গলায় পরেছিলো আমি সেই রাতের কথাই বলছি। শিল্পীকে বললাম তোমার নামটা বলো। বললো আমি সূর্য সেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন