শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

থাক, আজ থাক

 :১:

যখন প্রথম হারিয়ে যাই তখন মায়ের হাত ধরে হেঁটে বেড়াতাম। সবেমাত্র টলোমলো পা'টা সবল হয়েছে। রাস্তায় হাত ছাড়া পেলে গাড়ি, বাড়ি, অটো বাসের বাধা মানে না। দূরন্ত প্রান্তর তখন চোখের তারায়। অদম্য উৎসাহে ছোটো বাচ্চার মনে চরৈবেতি চরৈবেতি। মা এর চোখও বাঁধ মানে না। হারিয়ে ফেলেছেন সন্তানকে কোনো এক মেলায়। 

বাবার দশা খুব করুণ । একদিকে চোখের জল মোছা অন্যদিকে চোখের জল ঢাকা। সন্তান তার হারিয়ে গেছে অনেক মানুষের ভিড়ে। গুটি গুটি পায়ে বৌ আর বাচ্চার পিছনে থাকা সেই মানুষটা আকাশ-বাতাস-অন্তরীক্ষে পৌঁছতেও প্রস্তুত। 

যখন আমাকে খুঁজে পেল পিঠের চামড়ায় কালসিঁটে দাগ ধরায়নি। বুকে জাপটে নতুন করে ফিরে পাওয়ার বুকভাসা জলে সেদিন স্নাত হওয়া। এরপর কেটে গেছে  দু-দুটো যুগ। বয়সের মাপে সেদিন স‍রকারি চাকরির বয়েস প্রায় শেষ সীমায়। সেদিন দ্বিতীয়বার হারিয়ে যাওয়া। 

সেদিনের মা-বাবা একটু আলাদা মানের। সেদিন কোন এক অপদার্থ সন্তানের ভারে তারা ক্লান্ত;  সন্তান তখন তাদের বোঝা। যদিও ছেলে আর মেয়ের মধ্যে একটা তির্যক ফারাক দেখা যায়।

:২:

দ্বিতীয়বার হারিয়ে যাওয়াটা দ্বিমাত্রিক। প্রথম মাত্রায় যে কথাগুলো ব্যবহারিক সেগুলো এরকম।

মেয়ের বিয়ের পর সর্বস্বান্ত হয়ে অদৃষ্টের কাছে এ-কথা বলা "শত পুত্র কন্যা সম যদি পাত্রে পরে।" আর দ্বিতীয়টা ? না লিখবো না। কারণ আমি এক পুত্র সন্তান।

তবে শিশু শ্রমিকের পরিসংখ্যান দেখে আমার এখন মনে হয় এ কেমন রঙ্গ যাদু এ কেমন রঙ্গ। এই সব দেখেই বুড়ো হলাম তবে বড় হলাম না। 

অন্ধমুনির পুত্র সিন্ধুর মতন দুই বাঁকে মা আর বাবাকে নিয়ে আমার মতন অনেক ছেলেরা পথ চলে। কোনো এক সকালে সে যখন বৃদ্ধ হয়, ইচ্ছে হয় আবার একবার সেই মা এর হাত ছেড়ে হারিয়ে যেতে। যেখানে মা-বাবা দুজনের চারটে চোখ চিকচিক করে কয়েক ফোঁটা জলে শুধু তার সন্তানকে খুঁজে পেতে।

ফুল ফল কুঁড়ি নিয়েই বৃক্ষের জীবন‌। তিনি আজ বৃদ্ধ হলেন।

থাক, আজ থাক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন