বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

ভালোবাসার সেই সাত সপ্তক।


ভালোবাসার সেই সাত সপ্তক।

 :১:

কাকলির মাথায় হাত দিয়ে চুল গুলোকে পাট করছিলো। বললো জট ছাড়াতে হবে; চিরুনী এনেছিস? বললো হ্যাঁ এই নে। চিরুনির আঁচড়ে জট ছারলো, পাট করা চুলের গোছা হাতে ধরে বললো তেল মাখবি? বললো হ্যাঁ দিয়ে দে।

আঙুল গুলো তেল নিয়ে পৌঁছলো চুলের গোড়ায়। কখন যে ঘুম এসেছিলো ও জানে না। ডেকে তুলে একসাথে খেতে বসলো। কাকলির মা তখন শুয়ে পরেছে। গ্রামের পথ তখন ঝিঁঝিঁ পোকার কান্না শুনছে আর তখন ভাত, ডাল আর বেগুন পোড়ার স্বাদেই সন্তুষ্ট। সেই সুন্দর মুখ দুটো আমি এখনো দেখতে পাই। প্রথম দেখে ছিলাম কয়েক যুগ আগে , ইউক্যালিপটাস এর জঙ্গলের ধারে চন্দ্রোকোনায়।

খুব সুন্দর এই জুটি এক হয়নি। দুজনে দুটো নতুন সংসার পেতেছে অথচ দুজনেই খুঁজে বেড়ায় দুজনকে। আর আমি শুধু খাতার পাতায় এদের কথা লিখি।

:২:

সে বছর বসন্ত এলো চৈত্রের শুরুতে। পাতা ঝরা গাছে সবুজ পাতা দেরি করলো মুখ দেখাতে। পাতার খসখস শব্দে সাপের হাটাচলা জানান দিতো। গরমের আবহে এলো চাঁচর উৎসব, মাঠের মাঝে তৈরী হলো বুড়ির ঘর। শুকনো পাতায় সাজানো ঘরগুলো সন্ধ্যের পর জ্বলে উঠবে নানা প্রান্তে, দিগন্তে লাল স্ফুলিঙ্গের সাথে চাঁদের হাসি বাঁধ ভাঙবে। ব্যাঘাত ঘটালো পশ্চিমে আকাশ। দানবের চেহারায় চৈত্রের শুরুতেই কালবৈশাখী। 

যখন বৃষ্টি থামলো, বুড়ির ঘর তখন হারিয়ে গেছে। 

:৩:

আমের মুকুল ধরা, গাছে সবুজ পাতা গজানো, শিমুল-পলাশ সবাই এবারে দেরি করলো। যদিওবা এলো সূর্যের তাপে যৌবন ফিরে পেলো না। একে একে চৈত্র-বৈশাখ শেষ হলো বিনা কালবৈশাখীতে।  মাঠের মুথাঘাস গুলো লাল হয়ে আছে। শুকনো মাটিতে এখানে ফাটল ধরে না। এলোমেলো শুকনো হাওয়ায় যে ধুলো ওরে তার রং লাল। গাছের পাতায় এই লাল ধুলো বাসা বেঁধেছে। এখানে মাটির রং পোড়া মাটির মতন। এক ফোটা জল পেলে ছড়িয়ে পরে পেলব এক দুধ-আলতায়। 

যখন সন্ধ্যা নামে, উঠোনে ঝ্যাদলা বিছিয়ে তালপাতার পাখার হাওয়ায় একটু শীতল হওয়া এক অভ্যাসে পরিণত হয়েছে। লাল মাটির সাথে গা মিলিয়ে শীত ঘুম ভাঙা সাপ গুলোও শুয়ে থাকে এখানে সেখানে। হাতে টর্চ নিয়ে এখানে ভয়ে ভয়ে পথ চলে সকলে কিন্তু কে বুঝবে পুকুর ঘাটে জোলো হাওয়ায় শরীর ঠান্ডা করছে চন্দ্রবোরা সাপের দল? হাঁসফাঁস গরমে শরীর ঠিক ছিলোনা। ঘুম ভেঙেছিলো সূর্য ওঠার আগেই। পুকুর ঘাটে নেমে হাতে মুখে জল দিয়ে একটু আরাম পেতে চেয়েছিলো কিন্তু তা হলো না। 

কাকলির মা'কে সাপে কাটলো।

:৪:

স্বাভাবিক জীবনে  অস্বাভাবিক বিষয় ঠিক যেন জীবনবোধেরই পরাকাষ্ঠা। বোধোদয়ের ঠেলায় আকাশের দিকে তাকিয়ে মনে হয়, না এটা তাঁবু নয়। দিগন্ত কিছুতেই তখন মাটিকে স্পর্শ করে না। যতই এগিয়ে যাও দিগন্ত যেন ততই সুদূর হয়ে ওঠে। হাসপাতালের লাউঞ্জে বসে কাকলি এমনই এক অনুভূতির শিখরে পৌঁছেছিলো। খুঁজে বেড়াচ্ছিলো কোন একটা সহায়-সম্বল। চোখের জল শুকিয়ে গেছিলো ভোরবেলায় যখন পায়ে দু-দুটো বাঁধন দিয়েও জীবন ও মৃত‍্যুর মাঝে সে একমাত্র সেতু। কোনো এক নির্ভরশীল হাত যখন মাথায় পরলো চোখ আর বাঁধ মানলো না। 

মুখের দিকে পলকহীন চোখে তাকিয়ে শিশুর মতন বলে উঠলো, এই, মা বাঁচবে তো?

:৫:

মা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর থেকে ইচ্ছে হলো কোলকাতায় একটু বাসস্থান। সহসা বর্ষা এলেও বাসা মেলে না। বাড়ির বারান্দায় বসে সহস্র কথার শেষে, মা বললো চলে এসো। কাকলি এলো আমার বাড়িতে। সবে মাত্র ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং'এ। জ্যামিতির বোধ একদম ঠিকঠাক। বেশ মিলে গেলো পরিবারের সাথে। গানের গলাও মধুর। মা যেন কিছু একটা পেলো। 

ওদিকে ও আবার আমার বন্ধুর বান্ধবী। সম্পর্কের জাল আমাকে অতিষ্ঠ করছে, আর আমি বন্ধুর ইচ্ছে জেনে বুঝে এনেছি ওকে শুধুমাত্র বাসস্থান দেবো বলে। 

নির্বাক থাকার একটা সুবিধে হলো শতক্রোশ পেরোনোর পরও সে বলবেনা পথের কথা। এখানে একটা কথা বলতেই হয় আমিও তার পছন্দের নই। আমারও পছন্দ হয়নি। তবে যৌবন কোনো বাঁধ মানে না। ভেঙে চলে সময়ের বাঁধন। 

কাকলি মনে হয় রূপ নয় অরূপ পেয়ে শুধুমাত্র একটা বাসস্থান খুঁজছিল। কে কি বলবে জানি না তবে সমুদ্রে খড়কুটো ধরে প্রাণ বাঁচানোর কাজ এত সহজেই হবে হয়তো ভাবনার অতীত ছিলো। বাস্তব কঠিন থেকেও যখন সরল সাবলীল হলো তখন আমাকে আমার মা বললো বড়ো ভুল হয়ে গেছে। তুই আর বড় হবিনা।

আমি আমার বন্ধুর চেতনার নিরিখে বিমূর্ত।

:৬:

কখনো কখনো সামান্য এক ছোঁয়া নেশা ধরায়। সেই নেশা কিছুতেই পিছু ছাড়েনা। কাকলি ঠিক এমনই এক নেশা ধরিয়েছিলো। সন্ধ্যায় সে কিনেছে একটা জুঁই ফুলের মালা । খোঁপায় গোল করে পরেছে একদম নিজের মতন। হয়তো কিছু না ভেবেই পরেছে। আসলে আমার শহর এমন কিছু ভুলেছে বহুকাল আগে,  আর গ্রাম তা ধরে রেখেছে আজও।  পারফিউমের ঠেলায় প্রকৃতির ঘ্রাণ মলিন হয়েছে শহরে এটা ওর ছোঁয়াতেই শেখা। 

এখন অফিস থেকে ফিরতে দেরী হয়। বাসের ভীড় এড়াতে কার্জন পার্কের পাশে চিত্তদার দোকানে চাএর আড্ডায় বসি। তারপর ফাঁকা ট্রাম ঘন্টা বাজিয়ে সরীসৃপ কেন্নোর মতন চলতে থাকে রেসকোর্সের গা ঘেঁষে। ফ্যানের হাওয়ায় চোখ বুজে পৌঁছই ট্রামডিপোয়। বুঝতে পারি আর সময় নেই, দেরী হচ্ছে বলে মা চিন্তা করবে। তড়িঘড়ি বাসে চেপে বসি।

এভাবেই সেদিন পৌঁছলাম। ঘরে ঢোকার আগেই বুঝলাম মা মেতেছে কাকলিকে নিয়ে। গান বেঁধেছে প্রতিমার গাওয়া 'চলকে পরে কলকে ফুলে....'। দেখলাম কাকলির মাথায় লেপটে থাকা জুঁইয়ের মালা। সেই সেদিন থেকেই শুরু এই নেশা। তবে ইচ্ছে হলেও কেনা হয়নি কখনো কোনো এক লজ্জাবোধে। তখন একটু আরাম চাইছিলো শরীর, হোলো না। মা বললো তানপুরাটার তার ছিঁড়ে আছে একটু বেঁধে দে। ঠিক তখনই একটা ফোন এলো। বুঝলাম এটা কাকলির আত্মীয়ের ফোন। বললাম সবে ফিরলাম, চলে আয়। কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলাম ও বটে। এ যেনো এক মিছে জালাতন।

মা এক গ্লাস জল আনলো।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন