ঝড় বলেনি আসছি। মেঘ দেখা দেয়নি আকাশে। সূর্য সবে মাত্র পাটে বসেছে। সকাল থেকে ঘরে বসে বসে একটা একঘেয়েমি লাগছিলো। কাঁঁঠাল পাকা গরম নেই। বাজারে এবার লিচু ওঠেনি। বারুইপুরে এবার লিচু ফলেনি। সেদিন কচি তালশাঁস কিনেছিলাম। ভাবলাম খেয়ে মিষ্টি তাড়ির স্বাদ পাবো। শিউলিকে বললাম হ্যাঁ রে শাঁসটা কচি তো? যতবার বাবু বাবু করলো তাতে পাকা শাঁসও কচি হয়ে যাওয়ার কথা। হলো বিপরীত। ব্রয়লার মুরগির কচকচ করা হাড়ের মতন।
পরদিন বাবু বাবু বলে ডেকেছিলো। কিছু বলিনি। বললে পাছে ওর ক্ষতি হয়।
বাড়ি থেকে কয়েক পা এগোলেই পালদার চা এর দোকান। ঝড়-ঝঞ্ঝা নেই দেখে বসলাম আড্ডায়। গরম কাপে মুখ লাগিয়েছি সবে। পশ্চিমে মেঘ সদর্পে ধেয়ে এলো।
আশপাশে ছাদের উপর বানানো বে-আইনী টিনের ছাউনি গুলো রব তুললো। ঝড়ের গতির থেকে ওই টিনের হুঙ্কার অনেক বেশী।
ঠিক যেন হারে রেরে রেরে শুরু হয়েছে।
আমি দোকানিকে বললাম, আর এক পেয়ালা চা বানাতে।
দোকানি বললো দুধ নেই। বললাম তাহলে লিকার দাও। হেসে বললো এই রে? বললাম কেনো? বললো ফ্লেবার বেড়োবে এবার।
রাগ হলো। পয়সা দিতে উঠে পরলাম। হয়তো বুঝে বা না বুঝে বললো, রাগ করছো কেনো দাদা? জানোতো জামাইষষ্ঠী আজ।
বুঝলাম বাজারের বিষয়। বুঝলাম কেন দুধ কেনেনি আজ।
বললাম অন্তত ব্ল্যাক কফি তো হবে? দিলো বানিয়ে। এরপর দুজনে দুটো সিগারেট ধরালাম।
কিছু সময় গেলো সিগারেটের টানে। এরপর কথার শুরুতেই জিজ্ঞাসা করলো আপনি যাননি? বললাম কোথায়? ইতস্তত ভাবে বললো শ্বশুরবাড়ি?
ঘুরিয়ে আমি বললাম তোমার আজ দোকান খোলা থাকবে আমি ভাবিনি। আজ যাওনি কেনো?
বললো থাক এসব। কিন্তু আপনি?
আমি নিশ্চিত কতগুলো কথা বললাম। আমার শ্বশুর থাকতে মেঘালয়ে। তিনি যমালয়ে গেছেন আমার বিয়ের বছর চারেকের মাথায়।
আমার খুড়শ্বশুর থাকেন আলিপুরদুয়ার এ। বছর দশ এক আগে তার সেরিব্রাল অ্যাটাক হয়েছিলো। আর খুড়শাশুড়ি ক্যান্সারে ভুগছেন।
কি করি বলবে?
কোনো কিছুই বললো না এ সব শুনে। যখন বেঞ্চ ছেড়ে বাড়িতে ফিরতে উঠছি, বললো এবছরই ও নেই। ও থাকলে আজ দোকান বন্ধ থাকতো।
বলার কথা খুঁজে পেলাম না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন