শুক্রবার, ১৯ মে, ২০২৩

কে থামাবে এদের?

 :১:

আকাশের কোণে মেঘ উঠলে ময়ূর পেখম তুলে দেয়।কোলকাতার পুরুষ মানুষ এখন সেই পর্যায়ে আছে। ঝাঁঝাঁ রোদ্দুরে শুকনো হাওয়ার পরে আর মেঘলা দিনে ঘেমো গরম এর পরে আকাশের কোণে যখন কালো মেঘ ওঠে তখন পুরুষ মানুষগুলো পেখম ম্যালে। বাড়িতে ফিরে ভিজে গামছায় গা মুছতে হয় না গৃহ বঁধূর। গা মুছে আরাম দেওয়ার ফলে  পরের দিন সকালে খক খক কাশিতে গৃহকর্তা গলা সেধে, আগের দিনের ওই সাময়িক আরাম ভুলে, গালি দিয়ে গা গরম করে অফিসে যাত্রা করে। সেদিন কপালে চুমু দেওয়াটা বাদ পরে। 

এই যে মেঘ উঠতে দেখেই পেখম মেলা, ফুটপাতে দাঁড়িয়ে চা এর পেয়ালায় তুফান তোলা, তারপর যথারীতি সেই ঘরে পৌঁছনো এবং প্রাত্যাহিক গা মুছে দিয়ে এক গ্লাস জল হাতে নিয়ে চা এর অর্ডার দেওয়া এসব ওই খক খক কাশি ভুলিয়ে দেয়। 

নিয়মের ধার না ধেরে চলা পুরুষ নিয়ম মেনে চলা মেয়েটার উপর রাগ বর্ষায়। অফিস থেকে বাড়ি ফেরার পথে এ কথাই তাকে আঘাত করে। কিন্তু কাজের ভিড়ে অসংখ্য ভুলের হিসাব সে রাখে না।

তবে গৃহবঁধূ রাখে। এই পেখম না মেলা তার অপছন্দের। বকাঝকা সহ্য করা যায়, শুধু তার পুরুষ যদি পেখম মেলে দেয় আকাশের মেঘ দেখে।

মলিনার মুখ কখনো মলিন হয়নি মিলনের ব্যবহারে। বরং ভালো লেগেছে। এরকম রাগ না থাকলে এরকম আদরও পাওয়া যায় না একথা সে অনুভব করে।

এই যে সকালে কপালে চুমু জোটেনি এটা জীবনবোধের অঙ্গ। এই একটা চুমু শত চুমু হয়ে ফিরে আসবে এটাও সে বুঝেছে।

মিলনকে কখনো সে বলেনি। তবে মনে মনে সে বোঝে মিলনের পৌরুষ। ফুটপাতে চা খাওয়া মিলনও এখন বুঝতে শিখেছে  সংসারের আনন্দ।

:২:

ঘর সংসার যারা চায় মিলন সেই দলের নয়। হিল্লি-দিল্লি, পাহাড় -পর্বত, সমভূমি-মালভূমি, নদী-সাগর এসব ঘুরতে তার মন চায়। তার মন জঙ্গলের পথ ধরে পৌঁছয় পাহাড়ের নিচে ছায়াপরা শান্ত এক গ্রামে। রান্না হয় বিস্তর, খাওয়াটা সামান্য। সকলের খাওয়াতেই তার পেট ভরে যায়। এভাবেই একটা আলোক থেকে অন্য আলোকে তার পৌঁছনো।

অধিক শ্রম যেমন ক্লান্ত করে ঠিক তেমন পন্ডশ্রম। ওই যে ভেজা গামছা ঠিক তেমন ফুটপাতে বসে চা পান।

হারানো সুর যে পর্দায় বাজে জীবনের সুরও সেখানেই পৌঁছয় প্রতিদিন।

আসলে আমরা তো অমৃতের সন্তান। আমাদের কে কি বোঝাবে? 

অসংখ্য বোঝা পিঠে করে চলে সমাজের অভ্যন্তরে এই মলিনা আর মিলনেরা।

আনন্দও কম নেই।

আদ্যপ্রান্ত স্বাভাবিক সত্ত্বায় এই পথ চলা। কখনো অভাব কখনো অতিশয‍্য।

কে থামাবে এদের?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন