শক্তিতে সিক্ত সঞ্জয়বুড়ো
:১:
সঞ্জয় সেদিন বেরসিক কতগুলো কথা বলতে শুরু করলো। তবে বলার শুরুতেই তাকে থামতে হলো। ভুল বললাম ওকে থামানো হলো। শক্তি থাকলে থামানো যেত না। শক্তি নেই। তার কলম-দোয়াত পরে আছে টেবিলের উপর। ধূলো ভরা টেবিলে ছড়িয়ে ছিটিয়ে পরে আছে টুকরো কাগজ, বাংলা মদহীন শুকনো গ্লাস। দোয়াতের কালিটা শুকিয়ে গেছে। কলমের নিভটা এখনো উদ্যত মনিবহীন মসি। সে অথর্ব হয়েছে শক্তি চলে যাওয়ার পর। সঞ্জয় নির্লিপ্ত ভাবে এই কথাতে শুরু করেছিলো। কোলকাতার বারদুয়ারীতে দুয়ার কমেছে। বেড়েছে আধুনিকতার সম্ভার। কে চেনে এই শক্তিকে?
এই এগারো বছর পেড়িয়ে সঞ্জয়ের মনে পরলো তার কথা। শুরুতে বললো সেই মহাকরণ যা আজ সংগ্রহশালা হতে চলেছে শালা। আসলে পেটে ওই দু-চার বিন্দু সোমরস শক্তি যোগায়। নির্ভীক হয়ে পরে মন। সেই নির্ভীকতার ফসল এই শালা।
আরো কয়েক ফোঁটা পরতেই শুরু করলো অতীত ভোলানোর কোনো এক কারিগরের কথা। বললো ওই যে বিনয়-বাদল-দীনেশ এর রক্তের ছাপ লাগা দেওয়াল সেখানে বসে থাকা যার অসহ্য লাগে, মনে হয় কোনো এক উগ্র টেরোরের রক্ত, শ্যেন দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, সে'ই পারে মহাকরণ ছেড়ে মহানরকের পথে যেতে।
এরপর তার কন্ঠ রোধ করা হলো। বার করে দিলো বারদুয়ারীর বারোমেস্যেরা। তাতে কি আর সঞ্জয়ের অলৌকিক চোখ আটকানো যায়?
রাস্তার মোড়ে চা এর দোকানের খালি পরে থাকা বেঞ্চ আছে। সেখানেও মানুষ আসে। মান নির্ণয়ে তারা যতই অবুঝ হোক না কেন, দিনের আলো আর রাতে আঁধার তাদের না বোঝা নয়।
সারি সারি অন্ধ ধৃতরাষ্ট্র এসে বসে সেখানে। সঞ্জয় তাদের শোনায় সমাজের কথা। শেখায় নতুন এক যুদ্ধে নতুন এক অস্ত্রের কথা। যে অস্ত্র অতি ক্ষুরধার। যে অস্ত্রের আরেক নাম শিক্ষা। যে শিক্ষা আসে অতীতকে সমুখেতে রেখে। যে অস্ত্রে ছবি আঁকতে বসেন শিল্পী। কথায় আর সুরে সে সুর পৌঁছে যায় মূর্খ ভারতবাসীর দরবারে।
এই এগারোটা বছর বলার কারণ নতুন এক স্থাপত্য। অযুত-নিযুত পার করে পুরোনো বাদশাহদের স্বেচ্ছাচারিতার মতন একালের আরো এক নব তাজমহল।
এই অদৃষ্টের উৎপত্তিস্থল এই বাংলায়। বাংলা চিরকালই পথ দেখিয়ে এসেছে একালেও সে থেমে নেই।
ওয়াজির-এ-আজম এবার নতুন করে গড়ে ফেললেন এক ইমারত প্রযত্নে এগারো বছর আগের বাংলার অনুকরণে।
আসল কথা অতীত হলো ইতিহাস। নতুন প্রজন্ম পাছে অতীতের পথ বেয়ে আদর্শবান হয়ে পরে? তাই ওই সব গৃহের গৃহস্থালি রাখা যাবে না। ঐ সব আদর্শবাদী তরুনের স্বপ্ন নতুনের কাছে পৌঁছলে সমূহ বিপদ। তাই এ যুগে তাদেরকে লাশকাটা ঘরে পাঠিয়ে সাময়িক শান্তি পেতে অনুভবে বৃহৎ এই ইমারতের সৃষ্টি।
সঞ্জয় তার দিব্যদৃষ্টিতে এসব দেখতে পেয়েছিলো। আর ওই সোমরসে ভর করে শক্তির মতন বলতে শুরু করেছিলো এই সমাপতনের কথা। তাকে থামানো হলো। না সে থামেনি।
শক্তির কলমটা মুঠো করে ধরে শুরু করলো লেখা। এ লেখাটা কয়েক কাল ধরে ওকে লিখতেই হবে।
:২:
সঞ্জয়ের চুলে পাক ধরেনি কখনো। ওর বন্ধুরা চুলে কালি করে বয়েস কমাতো। ও এসবের ঊর্দ্ধে। আসলে জন্মগতভাবে ওর এটা খুব বড়ো প্রাপ্তি। স্কুলে ভর্তির সময় ওর সাদাচুল দেখে শিক্ষকেরাই নাম রেখেছিলেন বুড়ো। এখন ওকে সবাই বলে বুড়োদা। সঞ্জয় নামটা খাতায় কলমে।
স্কুলের পাঠ শেষ হওয়ার কিছু পরে সে প্রাপ্তবয়স্কদের দলে পৌঁছয়। আর সেখানেই শুরু হয় জন্মবৃত্তান্ত বিষয়বস্তু। কখনো তার মা, কখনো বাবা লাঞ্ছিত হন তাহাদের কথায়।
অশিক্ষিত সমাজ জিনের বৈশিষ্ট্য বোঝেনা। তারা শুধু সামাজিক ব্যাভিচার বোঝে। এই জন্মগত সাদা কেশ কখনো কখনো তাকে ক্লেশ দিতো। আজ আর দেয়না।
আসলে শতসহস্র সাম্রাজ্য যখন ভেঙে পরে তখন এই চুল নিয়ে চুলচেরা বিচারে বসতে মন দেয় না। তার সঙ্গে আবার এক নতুন সমস্যা এসেছে। রং করা কেশ। কালো, বাদামি তো আছেই সাথে জুটেছে কালো চুল সাদা করা। এখন ঠগ বাছতে গাঁ উজাড়।
সঞ্জয় সেদিন বলছিলো ভাগ্যিস পূর্বপুরুষেরা কোনো দুষ্কর্মের মধ্যে আসেননি। নাহলে ওই জল ঘোলা করার অজুহাতে আমাকে জেলের ঘানি টানতে হতো।
দুর্যোধনকে সবাই কাপুরুষ বললেও এই বুড়ো তা বলে না। সে বলে এটা অসত্য কথন। তার মাথাটা ভীমের গদার মতন হতে পারে। তবে মা এর কাছে সে নগ্ন শরীরে যেতে পারে নি। ওই কৃষ্টি বলে একটা কি আছে না?
যে যাই বলুক না কেনো এই লজ্জাই আমাদের সংস্কৃতি।
:৩:
শক্তি কখনো বুড়োকে দেখেনি। বুড়ো খুঁজে পেয়েছিলো শক্তিকে। শক্তি সঞ্চয়ও খুব কম হয় নি। আর যা হয় নি সেটা এই বুড়োর বয়েসে বুড়ো হওয়া।
যেদিন চুলে পাক ধরেছিলো লাইনের রিক্সাওয়ালার মুখে সে শুনতো, দাদা তুমি কেনো বুড়ো হচ্ছো?
শক্তি শুকনো গ্লাসটা সিক্ত করে শুকনো মুখে বলতো, শোন শক্তি শুকোয় না, সে নশ্বর নয়। বলতো কলমের কালি আর গ্লাসের জল যেদিন শুকিয়ে যাবে সেদিন তোরা ভাবিস শক্তি নেই শক্তির স্টমাকে।
সঞ্জয়বুড়ো এ ব্যাপারে খুব অহংকারী। সে মনে করে সে মরুভূমের মহীরুহ। তার মরুদ্যান লাগে না। সে সেই সেকালের দর্পনাথ খুড়ো।
এই সাদা কেশ, সাদা দুধ আর সাদা খাতা তার খুব ভালো লাগে। এই সাদা সাতরঙ এর রঙ্গ যারা বোঝে না তাদের তার বলতে ইচ্ছে হয়, আমি জন্ম থেকে যা পেয়েছি সেটা পেতে তোমাদের চার-সাত দশক লেগে যায়। শক্তিও আফশোস করে। বলে হায় যদি জন্ম হোতো সেই নরকূলে যেখানে চোখের রং নীল, কেশ শ্বেত বর্ণ, আমি কোনোদিন বুড়ো হতাম না।
এই প্রথম সঞ্জয়ের জগৎ পরিপুষ্ট হলো সফেদ কেশে।এই যে অর্কেস্ট্রার দল আছে না, সেখানে একটা ম্যারাকাস আছে। বাঙালিদের ভাষায় এটা ছোটো বয়সে বাজানো ঝুমঝুমির রূপান্তর। শক্তি বলতো এ কথা। বলতো আমি এখন ম্যারাকাস হয়ে পরেছি। বলতো অশক্ত শরীরে আমি থাকতে চাই না।
সেটাই সেদিন ঘটলো। সংসার হলো শ্মশান, শ্মশান হলো পুণ্যভূমি। অসংখ্য মানুষের ভিড়ে সঞ্জয়বুড়ো ও সেদিন শ্মশানঘাটের পথে।
সঞ্জয়বুড়োর মতন কেশ তখনো তার পাওয়া হয় নি।
:৪:
না হয় রহিলো কাশের গুচ্ছ, না হয় রহিলো শেফালী মালা। সংসার চলবে কি ভাবে? শক্তি বললো কেনো? বললাম আপনার সংসার বিমুখতা এ কথা কি ভাবে বুঝেছে বলবেন?
বললেন অথর্ব বেদের ভাষায়। সে ভাষা কেউ না বুঝলেও এই বুড়ো বুঝলো।
আসলে এই দুটোই জাতে বামন। ধম্মকম্ম সব ছিলো হাতে। কতিপয় অপাংক্তেয় বামন প্রতিবাদী হয়ে যথেচ্ছ বাজে কথা বলে ওই সব ম্লেচ্ছদের বুকে টেনে সংসার পেতেছিলো। ইংরেজের বেতের গুঁতোয় বলে ফেলেছে এসব। বলেছে চৈতন্যদেবকে মেরেছে পুরীতে। তার কাঠামোটা আজও আছে ওই গর্ভগৃহে। বলেছে এসবের পিছনে না পড়াই ভালো। বলেছে দানবেরা আপনাকেও ভাসিয়ে দেবে ওই স্বর্গদ্বারের সামনে প্রবাহিত সমুদ্রে।
ওখানেই না কি সমুদ্রে বিলীন হয়েছিলেন মহাপ্রভু।
কিঞ্চিত চিন্তা এলো। বঁধূকে বললাম, বাঁচার পাথেয় আছে কি?
ছলছল চোখে বললে আছে।
বললাম তাহলে আমি এখন চললাম পৃথিবীর পথে। পথহারা পাখি হলাম সেদিন থেকেই। পথের ধূলোয় খুঁজে পাই ঈশ্বরের পদধূলি। এ ঈশ্বর সে ঈশ্বর নয়। এ হলো রক্ত মাংসের ঈশ্বর। গরীব গুর্বরা ওর কাছে ভুট্টা খেতে আসতো। আবদার করে পা ছড়িয়ে উঠোনে বসে হাঁক পেড়ে বলতো বিদ্যাসাগর খেতে দে। ভুট্টার সাথে সাথে দিব্বি তারা হয়ে উঠতো স্বাক্ষর।
এর পরে পথের পাসে বসে থাকা মূর্তির পায়ের কাছে দাঁড়িয়ে থেকে মনখারাপ হল। পায়ের ধূলোর সাথে মুক্তির মন্ত্র পেলাম নিচের ফলক পড়ে। এই ছত্রধরকে ছাতা ছাড়া এই প্রথম দেখছি। মাথায় বসে আছে সাতটা ছাতারে। কেউ কাঁধে, কেউ পায়ে, কেউ মাথায়। ওদের চ্যাঁচামেচিতে তার ভ্রুক্ষেপ নেই। সাড়া নেই প্রকৃতির ডাকে ছাতারের সারার পরেও।
মন চাইলেও বেয়ে উঠে মাথায় হাত দেওয়া এখানে অপরাধসূচক। ওনার এই পুঁতিগন্ধে বসে থাকাই আজকের দিনের দস্তুর।
সঞ্জয় জয়স্তম্ভ খোঁজে। পায় না। আবার শুরু করে পথ চলা। ভাবে নিশ্চয়ই শেষে কিছু পাবে। কোলকাতার রাজপথে সাজিয়ে রাখা ক্লেদার্ত মূর্তিগুলো মধ্যরাতে হেঁচকি তুলে কাঁদে। এসব সে দেখেছে এই নগরকীর্তনে। সে দেখেছে দিনের বয়ে চলা পাপ এই মূর্তির পাদদেশে বহমান।
এক রাতে তার সাধ হলো সে প্রশ্ন করবে এই সব চিরকেলে দাঁড় করিয়ে রাখা মহামানবদের। প্রশ্নের উত্তর এলো না। এলো চোর-ডাকাত-পুলিশেরা। তবে আটক করেনি তাকে, পাছে খেতে দিতে হয়!
শক্তি বলেছিলো নাক অবধি নিয়ে, মূর্তির সামনে দাঁড়িয়ে পুরোনো এক ইতিহাস। বলেছিলো মূর্তি স্থাপনের ব্রিটিশ সংস্কৃতির কথা। একটা করে জয় আর নতুন নতুন জয়স্তম্ভ স্থাপন। তার উপরে বসানো হতো কোনো এক নেকড়ের মূর্তি। নেকড়ে গুলো শৌর্যর আর স্তম্ভগুলো যুদ্ধের।
স্বাধীনতার পরে ওই স্তম্ভের উপরেই বসিয়ে দিয়েছে এদেশের কৃতি সন্তানদের। শক্তি বললো এমনি কি ওই দাড়িওয়ালা বুড়োটাও এসব বলেছিলো। না কেউ কথা শোনে নি।
মনে পরে সেই ব্যাঞ্জনা? "রাজছত্র ভেঙে পরে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে ....।" আহারে? এত শোকতাপ সব বিসর্জিত? বড়সড় বিপর্যয়ের পর কীট-পতঙ্গও সাবধান হয়। আর আর না জানি মানুষ?
শহরের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মর্মর মূর্তিগুলো চোখের জল হারিয়েছে। বুঝেছে এই জলে গঙ্গায় বান আসবে না। পয়ঃ-প্রণালির উচ্ছিষ্টে তারা রিক্ত, এই অবয়ব মূর্তি গুলোর মতন।
আজকাল মূর্তি ভাঙার রেওয়াজ চলছে। শুরুতে সেই ঈশ্বর। তারপর?
সঞ্জয় বললো আমার দৃষ্টিতে যা দেখতে পাই তা বলতে নেই। এই যে কৃষ্ণ, এই যে কৃষ্ণচূড়া, এই যে বোহেমিয়ান ভীষ্ম, এই যে ধর্মপুত্র, এই যে দ্রোণ, এই যে শিখন্ডী, এই যে হাতি অশ্বত্থমা এটাইতো ধর্মযুদ্ধের পাথেয়। শক্তি বলতো আমি আজও বুঝলাম না ধর্ম।
সঞ্জয় মিচকি হাসি হেসে বলতো এটা সত্ত্বার বিষয়।
:৫:
শেষ সত্ত্বা ভেবে ওইসব সাধুদের সাথে মিলিত হল সঞ্জয়। এবার নর্মদা পরিক্রমণ। মনে পরলো এই কোলকাতার মধ্যে এক বিপ্রর কথা। তিনি মিথ, তিনি ঠাকুর অথচ তিনি সাধু নন। এই ঠাকুর দিক্ষা দিতেন। সে দিক্ষা সাধু হওয়ার জন্য নয়। সে যেনো কোনো এক লোকোশিক্ষার মাধ্যমে মানুষের মনকে বিবেক বৈরাগ্যের পাঠ। এই সামাজিক পরিসরে শত-সহস্র বর্ণের কাছেও তিনি ঠাকুর।
সেই সাত সকালে ধূপ-দীপ জ্বেলে মা'কে জাগানো, শিব মন্দিরের পিছনে গঙ্গার পারে বসে তার সাথে কথা বলা।
এসব দেখে পাশের পঞ্চবটিতে থাকা বানর গুলো খুব হাসতো কিচির কিচির করে। ঠাকুর প্রসাদের ফল ছুঁড়ে দিয়ে দিব্বি কথা বলতো ওদের সাথে। এসব দেখে কিছু উন্নত মার্গের বিপ্রর দল তাকে বলা শুরু করল পাগল ঠাকুর। কিছু কাল পর এই নাম'ই হলো তার অলঙ্কার। তাহলে এরা কারা?
সঞ্জয়ের এই প্রথম উপলব্ধিতে এলো শক্তি। বুঝলো কেনো তিনি ধর্ম বুঝে উঠতে পারেননি। কেন ডাক পেয়েও নর্মদা পরিক্রমণ না করে কোলকাতার কোনো এক নর্দমার পাসে বসে তার ওই দর্শন শেষ হয়েছিল।
সঞ্জয় স্মৃতিপটের চিত্র দেখতে পায় না। সে বর্তমানের সব চিত্র দেখতে পায় ঘরের কোনায় চোখ বুজে বসে। সেখানে নর্মদার দু-পারের ধ্বজায় ভরা মন্দির, দেব, দেবী ছাড়াও ভক্তদের সমারোহ সে দেখেছে। অতিকায় গোঁফ-কেশের বহরে পোকামাকড়ের নিরবচ্ছিন্ন পাত পাওয়া সে দেখেছে। সে দেখেছে মূল্যহীন শ্রমের এক মুঠো ভাত (প্রসাদ) পাওয়ার নির্মম ধর্মোৎসব। দেখেছে ঝাঁ ঝাঁ রৌদ্রে এই সব জটাধারীদের শীততাপ নিয়ন্ত্রিত পাহাড়ের গুহায় বসে দিন যাপন। দেখেছে অর্থের, অন্নের, বস্ত্রের জোগান আসছে কোথা থেকে। শুধু দেখা হয়নি চরম পাওয়ার আসক্তিতে চলা এই ভক্তবৃন্দকে স্বর্গে পৌঁছতে।
শক্তির স্মৃতিপটের সাথে সপাট বর্তমান তার কাছে বড় গোলমেলে লাগলো।
গল্প শোনাতে শোনাতে কত যুগ চলে গেছে সে বুঝতে পারেনি। চারিদিকে অসংখ্য মানুষের আর্তনাদ তাকে সজাগ করলো।
বন্ধ চোখ খুলে সে বুঝলো তার সেই চোখ আর নেই। সে অন্তর্দৃষ্টি হারিয়েছে। সে এখন সমাজ সংসারে বাঁধা পরা একজন। সে শেষ বারের মতন চোখ বুজলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন