বুধবার, ১০ মে, ২০২৩

দৌড়োনো শেষ অলোকদার কথায়

দৌড়োনো শেষ অলোকদার কথায়

:১:

এই কোলকাতা অলোকদার কাছে অপরিচিত। না না করে প্রায় সত্তর বছর ধরে সে দেখছে একে। হরিরাম গোয়েঙ্কা লেনের বাড়িটা দু-পুরুষ আগের। এখানেই কেটে গেছে ছেলেবেলা থেকে এই পর্যন্ত। সকাল বেলায় পায়ে হেটে গঙ্গার পারে বসা। ব্যায়ামের  পর গঙ্গামাটি গায়ে মেখে স্নান করা। সন্ধ্যের পর ঘাটপাড়ে পা দুলিয়ে বসে হাওয়া খাওয়া এসব এখন আর হয় না। এই বৈশাখের তাপে জ্বলে ওঠা কোলকাতা তার কাছে একেবারে নতুন।

আগেও সূর্য উত্তাপ ছড়াতো, ঘেমো শরীরটা ক্লান্ত হতো। বিকেল বেলায় পাটে ডোবার আগেই তাকে আড়াল করতো কালো মেঘ। পশ্চিম থেকে পূবে ধেয়ে আসতো তারা। ল্যাম্পপোস্টের আলো গুলো জ্বলতো না দিন কয়েক। শরীর শান্তি পেত। গাছের পাতারা সজীব হতো। আম বৃষ্টি পেয়ে মিষ্টি হতো। ট্রাম ড্রাইভার এর জামা-কাপড় ভিজতো। টিকি ছেড়ে গিয়ে মাঝ রাস্তায় সারি বেঁধে দাড়িয়ে থাকতো। লোডশেডিং হতো। বাড়ি ফিরতে দেরী হতো। আরো কত কি!

এখন এসব হয় না। এখন পশ্চিমে মেঘ ওঠে না। সান্ধ্যকালীন বৃষ্টি বিদায় নিয়েছে। কিছু গাছ তার পাতায় ডিজেলের কালি মেখে তার সবুজ রং হারিয়েছে। লোডশেডিং বন্ধ হয়েছে। রাস্তার তাপ বেড়েছে। কংক্রিটের জঙ্গল হাওয়া বাতাস আটকে আকাশ দেখছে। তার শরীরের তাপ সকাল থেকে রাত বিকিরিত হচ্ছে। এসি চলছে সারে সারে। মাঠ-ঘাট সব শুকিয়ে গেছে। গঙ্গার পার কংক্রিটে ঢাকা পরেছে। ইডেন গার্ডেনে গেট বসেছে। মিলেনিয়াম নামে একটা পার্ক হয়েছে। মায়ের বাড়িতে মা নেই। তুলো গাছের তুলো ফলগুলো সময়ের আগে ফেটে সাদা তুলো উড়িয়ে হাল্কা হয়েছে। নিমতলা ঘাটের ভেঙে যাওয়া গেটটা সারানো হয়েছে। হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটে লোক চলাচল বেড়েছে। থাকার বসত ভিটেতে পলেস্তারা খসেছে। এসবের পরেও অলোকদা নির্বাক ছিলেন।

কথা বললেন সেদিন, যখন ঠোঁটে জিভ লাগলো‌। আগেও লাগতো। এটা ঠোঁট ভেজানো। এখন ঠোঁটের স্বাদ হয়েছে নোনতা। শালিক দুটো এখন আর আগের মতন উঠোনে বসে ঠোঁটে ঠোঁট লাগায় না। শাবক গুলো হাঁ করে থাকলেও মা শালিক মুখে খাবার গুঁজে দেয় না। যদিও দিয়ে ফেলে এই গরমে নোনতা খাবার তারা খেতে পারে না। 

ঠিক যেন ছোটো বয়েসে নুন খাইয়ে মেরে ফেলার মতন। 

একদিন এক সৃষ্টিছাড়া ঝড় উঠলো। পাখিরা তখনও বাসায় ফেরেনি। গৃহস্থের রান্না হয়নি। অফিস থেকে ফেরেনি গৃহকর্তা। ছাদের ট্যাঙ্কে জল তোলেনি গৃহবধূ। কুকুরগুলো জিভ বার করে লীনতাপ দিয়ে শরীর ঠান্ডায় ব্যস্ত। চাষিরা ফসল কেটে ঘরে তোলেনি। গাছগুলো নতুন পাতা দেখেনি। বসন্ত এসেও আসেনি। অলোকদার স্কুটারটা তখনো উঠোনে রাখা। বৌদি জানালা দরজা বন্ধ করতে ব্যাস্ত হয়ে পরেছে। শাঁখ বাজছে গার্হস্থের ঘরে ঘরে। উড়ে যাচ্ছে দোকানের সাইন বোর্ড। ফুটপাতের হকাররা গুছিয়ে উঠতে পারেনি পসরা।

সূর্য সেদিন হঠাৎ করে ঘুমিয়ে পরেছে। সেদিন সব লন্ডভন্ড হলো। তবে কংক্রিটের রাস্তা, দেওয়াল, ঘাট সবাই একেবারে নিজের মতন দাঁড়িয়ে থাকলো।

পরের সকালে অলোকদা ঠোঁটে জিভ লাগালেন। সে মিষ্টি হলো না। ঠোঁট দুটোতে যেন নুনের পাহাড়।

:২:

অলোকদা বলতেন কোলকাতার প্রি-মনসুন খুব সুন্দর।কেটে দেওয়া মোটা মোটা ডালগুলোর পাশ দিয়ে সবুজ পাতাময় ডাল দেখা দেয়। ফুলপরীরা এসে পরে ওই সবুজ পাতায় ভর করে। তালপাতার পাহাড়ের নিচে তালশাঁস নিয়ে বসে শিউলিরা।

সেইসব দিন দেখেছেন তিনি।

এখন দেখেন কাঁচের বাক্সে নিয়ে যাওয়া নরদেহ আর কাকের কলরব।

কখনো দেখেন ভূতনাথ মন্দিরে শিবের গাজনের দিনে হিন্দি শব্দে জয় ভোলে নাথ। বাবা ভোলানাথ বলার দিন যেন শেষ হয়েছে। 

অলোকদা বলেছিলেন তার ছেলেবেলায় বেহারী কিছু চাকর বাকর ছিলো। তখন বিহার রাজ্যের লোকেদের কোলকাতায় বেহারী বলা হতো। তখন সন্ধ্যা নামার পর গঙ্গা স্নান শেষে তারা দেহাতি গান গাইতো নিজেদের মতন ভাবে। সে গান তার আজও মনে আছে।

হিন্দি ভাষা জানেন না বলে একটু ইতস্তত করছিলেন। শেষে সুরেলা গলায় কোনো এক শব্দে গাইলেন সেই গান।

গানটার কথাগুলো এরকম ' আরে কানহা লে গয়ে মখনিয়া দধিয়া কে কে কে মা হো ।'  শব্দবন্ধের ব্যাপারে কিছু ভুল থাকতে পারে একথাও বলতে ভোলেননি।

আরো একটা নতুন বিষয় তার মুখেই শোনা। তখন নাকি চামড়ার ব্যাগে জল নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে উড়েরা। ওদের সেকালের নামটা মনে পরলো না। 

বললেন বয়েসের সাথে মাথাটাও দিন দিন মোটা হচ্ছে। বললেন আমার মাথাটা হনুমানের গদা হয়ে পরেছে।

আবার শুরু করলেন নিজের মতন। বললেন সেকালে বাগানের কাজ করতো উড়ে মালি। আরো বললেন সুকুমার রায় মহাশয়ের কবিতার একটা লাইন। বললেন তার ছড়াটার সামান্য একটা লাইন। "বাগানের এক উড়ে মালি, মালি নয় সে মেহেরালি। মনের সুখে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্ত রাগ।' 

কি অসাধারণ তার গল্প বলা। শুনতাম আর ছেলে বেলায় ফিরে যেতাম।

অলোকদার বাড়ির পিছনেই কুমোর পাড়া। রবিঠাকুর এদের দেখেই না কি লিখেছিলেন ' কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি।'

বললেন কোলকাতায় যখন টাঙা চলতো তার সহিসকে তার দাদু ডাকতেন বংশীবদন নামে। সেও খুশী হতো। এরপরে ফিটন এলো। সেই ফিটন গাড়িতে তার বাবা চড়েছেন। তার তা পাওয়া হয়নি। 

অলোকদা অ্যাম্বাস্যাডারের সওয়ারি। হিল্লি-দিল্লি না গেলেও দক্ষিণে ডায়মন্ড হারবার আর উত্তরের দার্জিলিং পাহাড় ঘুরেছেন।

বললেন নিজের গাড়ি এসেছে বছর বিশেক আগে। বললেন ঠিক তার মতনই তার গাড়িরও শরীরের কথা।

বললেন আমার শরীর নরম হয়েছে বার্ধক্যে আর নতুন গাড়িটা যৌবনেই বৃদ্ধ।

বড় সুন্দর তার উপলব্ধি। 

কোলকাতার এই বৈশাখী গরম তাকে বড় ক্লান্ত করে আজকাল। আবারও বললেন এই কোলকাতা তার কাছে আজ বড়ো অপরিচিত।

:৩:

সত্তরের দশক অলোকদার কলেজ জীবন শুরু। পায়ে হাঁটা পথ পেরিয়ে কলেজস্ট্রিটের বিদ্যাসাগর কলেজে  আসা শুরু। সে সময় কলেজ পাড়াটা ছিলো কৃতী ছাত্র-ছাত্রীদের কলাকেন্দ্র। সেই উন্মুক্ত রাজনৈতিক পরিসর তাকেও টেনে এনেছিলো রাস্তায়। গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গণসঙ্গীত এর সুর বেঁধে প্রতিবাদের সূচনা। কলেজস্ট্রিটে কৃষ্টির কখনো অভাব হয়নি। দু-আড়াই দশক আগে ব্রিটিশ ছিলো।প্রশাসক  এর পরিবর্তন হয়েছে। তবুও আন্দোলনের রেশ রয়ে গেছে ছাত্রদের শরীরে। 

ছাত্র, বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী সকলেই বন্দে মাতরম মন্ত্রে তখন দীক্ষা নিয়ে ইংরেজ রাজ এর দৃষ্টিতে ছিলেন আর আজ?

স্বাধীন দেশের শাসক ঠিক যেন একই শ্যেন দৃষ্টিতে তাকিয়ে। তবে আন্দোলন থামেনি এই কলেজ পাড়ায়। সেই একই কথা আর একই সুরে গলা ফাটাচ্ছে একই দেশের মানুষ আর দমন, পীড়ন, হত্যা রয়ে গেছে আগেরই মতন।

আক্ষেপের সুরে তিনি বলতেন বাবা-কাকা ব্রিটিশ তাড়াতে পথে নেমেছিলেন কিন্তু আমরা?

বলতেন আদর্শের চাবিকাঠি রয়ে গেছে আমাদের কাছে আর শাসক থেকে গেছে শাসক। 

বলতেন কি পেয়েছেন আমার পূর্বজ সেটা যেন তাদের কাছেই রয়ে গেছে অজ্ঞাত।

সময় একটু বেশি লাগলেও পড়াটাকে ছাড়তে পারেননি। তিনি কোলকাতা ইউনিভার্সিটির ছাত্র হলেন।

:৪:

যুক্তিশাস্ত্র আর ন্যায়শাস্ত্র এক পথে চলে না এ কথা তিনি রাজনৈতিক ভাবে বুঝেছিলেন। এজন্যেই তার পঠন পাঠন এর থেকে অনেকটাই উচ্চ মার্গের। সাধারণ ভাবে যে বিষয় নিয়ে তিনি গভীর নিবন্ধে নিজেকে বেঁধেছেন সেটা অ্যাবস্ট্রাক্ট বিষয়। গানের তাল-লয় যেমন ওই বিষয় মেনে চলে ঠিক তেমনই ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনোমিক্স, স্ট্যাটিস্টিক্স সকলের জন্যেই এই বিষয়টা প্রাথমিক বিষয়।

এটা এমন এক বিষয় যেখানে যুক্তি-ন্যায় দুটোই অকাট্য ভাবে এক পথ ধরে চলে।

আমি বললাম একটু সহজ করে বলবেন?

বললেন ওরে অঙ্ক কর বোকা।

যখন তার কাছে একথা শুনছি তখন আমিও পঞ্চাশ পার করে ফেলেছি।

বললাম বড় দেরী হয়েছে আপনার কথাটা বলতে।

মৃদু হেসে বললেন বলেছিলাম। তবে তখন তুই সবে কথা বলতে শিখেছিস।

বুঝলাম দু-দশক কাকে বলে, বুঝলাম দু-দশক পিছিয়ে থাকার ফল। চুপ করে আকাশ দেখছিলাম। কাঁধে হাত পরলো। বললাম হ্যাঁ বলুন। বললেন সমাজটাই পিছিয়ে পরেছে। তুই তবু আকাশ খুঁজছিস, অন্যেরা এই বিপর্যয়ের পরেও খরকুটো ধরে অনর্থের সমুদ্রে নিজেকে ভাসাতে মশগুল।

বললেন, আসলে এরা প্লবতা বোঝে না। কখন যে কোথায় হারিয়ে যাবে কে জানে? 

বললাম অলোকদা আমিও কি সে দলে? 

একটুকাল চুপ করে থাকলেন। তারপর তিনিও আকাশ দেখলেন। আকাশের নির্দেশ শুনে বললেন, এটা হতেই পারে না। এইতো তোরা এসেছিস। আমিও মরিনি। বললেন সত্য বড়ো কঠিন। সেখানে পৌঁছনোও কঠিন। তবুও আমি আছি। হাল ছাড়িনি। তোরাও এসেছিস সেখানে।

মনে হচ্ছে আমরা সঠিক রাস্তায় চলেছি।

:৫:

জ্যাকলন্ডনের গল্প পড়ে অলোকদার খুব ভালো লেগেছিল। কারণটা অ্যডভেঞ্চার নয়। কারনটা আলাদা। সেখানে একজন সাহেব নিজের চরিত্রকে নেকড়ের সাথে তুলনা টেনেছেন তাই। এই পাশবিক রূপ এদেশে যারা অ্যাডভেঞ্চারকামী তারা হতে পারে নি। তারা মানুষই রয়ে গেছে। তিনি সমাজ পরিবর্তনের রূপরেখা বদলাতে চেয়েছেন কোনো এক অভাবহীন সমাজের কথা ভেবে। যারা এসবের বিরুদ্ধে তাদের সামনে গিয়ে লাঠি, গুলি জুটেছে। একের পর এক সহপাঠী হয় এ জগৎ সংসারে আজ নেই অথবা না বাঁচার মতন ভাবে অন্ধকার ঘরের কোনে একেবারে একা পদচারণা করে চলেছেন। মুক্তির আকাঙ্খা তার শেষ হয়নি। পাহাড়ের নিচে ঘন জঙ্গল হয়েছে তার বাড়িঘর। একদিকে জঙ্গলের নেকড়ে অন্যদিকে মানুষের রূপ ধরা নেকড়েরা নখ দাঁত উঁচিয়ে আছে।

তবু এই জঙ্গলেই সে প্রাণ খুঁজে পায়। খুঁজে পায় তাদের যারা সেদিন স্বনাম ছেড়ে ছদ্মনাম নিয়েছিলো। মনে পরে যায় কিঙ্করের কথা। নাম বদল করে আশ্রমের সাধুদের মতন নাম হয়েছিলো বিপ্লব। মনে পরে যায় আস্তিন গুটিয়ে ঝাঁপিয়ে পরা বন্ধু হিরন্ময়ের কথা। সে নাম নিয়ে ছিলো হিরু। আর শেষ বার যাকে দেখতেও যেতে পারে নি সেই বিনোদদার বাপকেলে দেওয়া নামটা আজও বড় মন খারাপ করায়। তিনি দক্ষিণ ভারত থেকে আসা গণেশন।

এ যেনো এক গল্পদাদুর আসর। ছোটোবেলায় রেডিওতে শুনতাম আর আজ অলোকদার মুখে শুনি। দু-কাপ লিকার চা দিয়ে গেলো সুকুমারদা। সুকুমারদা অটো রিক্সা চালান। অলোকদার ছোটো বেলার বন্ধু।

আজ লিখতে বসে মনে হচ্ছে বড়ো ভুল হয়ে গেছে লিখতে বসে। এই অলোকদা থাকলে আরো অনেকেই এসে পরে ফেলে যাওয়া পৃথিবীর পথে। সেখানে কেউ মৃত, কেউ জীবিত, আর যারা অর্ধমৃত হয়ে আদর্শের সাথে বেঁচে আছেন তিনি এই সুকুমার দা।

সেদিন চা আমার গলা দিয়ে নামলো না। 

সুকুমারদা চলে গেলেন।

:৬:

ফেলে আসা বা চলে যাওয়া যা'ই বলি না কেনো তারা যায় না। তাদের সাথেই আমরা হাত ধরে চলি। তারাই আমার অতীত, তারাই জীবন সংসারের ইতিহাস। 

যারা চলে যায়, কিছু রেখেও যায়। সেখান থেকেই নতুন প্রজন্ম শুরু করে। 

আসলে চলে যাওয়ার অর্থ এই নয় যা হয় আমার মতন সাধারণের ক্ষেত্রে। শ্মশান আমার শেষ যাত্রাপথ আমি জানি অথচ অনেক কাল আগেও যার শ্মশানে পৌঁছনো হয়নি তারা আজও জীবিতের ভূমিকায়।

এই হলো আদর্শ‌ । 

বিরাজ বৌ যেমন বিরাজ করতো ঠিক তেমন।

অলোকদা বললেন আর কতদিন এভাবে থাকবি? এবার সংসারী হ।

বললাম ব্রুটাশ তুমিও?

বললেন হ্যাঁ। বললেন যখন একা হয়ে পরলাম তখন থেকেই এ কথা মনে হয়েছে। মনে হয়েছে আমার একবিন্দু রক্তও যদি রেখে যেতে পারি ...। 

থেমে গিয়ে বললেন বিপ্লব হবে না। যে পথের শেষ সীমা গণিতে নেই সেই সীমার পিছনে দৌঁড়ে পন্ডশ্রম করে কি লাভ?

বললাম তুমি নির্ঘাত বলতে চাইছো নেকড়ের বংশধর রেখে যেতে হয়।

বললেন ঠিক তা নয়। তবে তাও সত্য। 

এই দেখ এখন আমার নাতনি জন্মেছে। ইচ্ছে হয় পাহাড়ে চড়তে বলি।

কিন্তু আমার এই নিরবচ্ছিন্ন জীবন যাপন, জীবনের নিরিখে একটা নির্দিষ্ট সময় পার করেছে। সেই সময় পার করে সংসার পাতাটা শুরু হয়েছিল। আর নাতি-নাতনিকে টলমল পায়ে চলার দিনে নিজের পা দুটো ঠিক ওদের মতন। মেয়ে এসেছে ছোট্টো বাচ্চাটাকে নিয়ে। তার সাথে হাঁটতে চলতে মন চায়। হয়ে ওঠে না।

সবমানাদের দলে আমি নেই। বললাম আমার রক্ত আমার কাছেই থাকুক।

অলোকদা শেষ বার কথা বললেন। বললেন নেকড়ের যায়গায় এখন পতঙ্গ এসেছে। আদর করে শরীরের রক্ত খায়। আর মরে যায় ঠিক জন্মানোর তিন দিন পর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন