আমার আবহমান অবস্থা
:১:
নানান কাজের ফেরে কলেজ ছাড়ার পর কে কোথায় ছিটকে ছড়িয়ে আছি খুঁজতে ইচ্ছে হলো। ইচ্ছে হলো পরাণের চা এর দোকানে বসে সন্ধ্যেবেলায় চা খাওয়ার। পরাণ বললো দাদা এতদিন কোথায় ছিলে? মৃদু হেসে বললাম, কেনো? চা টা বাড়িয়ে দিয়ে বললো ভেবেছিলাম তুমিও মারা গেছো। চমক লাগলো ওর কথা শুনে। ভাবছিলাম এমন ভাবনা ওর কোথা থেকে এলো?
ও নিজেই শুরু করলো। বললো তোমাদের দলের প্রায় সবাই চলে গেছে। ভাবতাম তোমরা সবাই বিদেশ-বিভুঁইয়ে ঘর বেধেছো। তারপর খবর এলো হাওয়ায় ভর করে।
বিপ্লবদা বর্ধমান রোড পার করে মাঝেরহাট ব্রিজের মুখে বাইক এক্সিডেন্টে মারা গেছে।
রমেশদা মারা গেছে হার্ট অ্যটাকে। ঠিক তার পরেই দেবুদা সুইসাইড করলো। ওনার ক্যানসার হয়েছিলো।
পার্থদা যে কিনা তোমার ছাত্রী নীলাঞ্জনার প্রেমে ডগমগ ছিলো সে মারা গেছে সেরিব্রাল অ্যাটাকে স্নান করতে এসে পল্লীমঙ্গল ক্লাবের পুকুর পারে।
আর ভাষ্কর দা এই সেদিন চলে গেলো। ওর গলাটা খুব ভাবগম্ভীর ছিলো। সুন্দর গল্প বলতো। তোমরা যেমন শুনতে আমিও শুনতাম।
শেষে বললো এখন এখানে তোমাদের মতন কেউ আসে না। বিক্রি বেড়েছে অনেক তবে তোমাদের মতন এই অনেক কাল পরে তোমাকেই পেলাম।
এতগুলো মৃত্যুর খবর এভাবে কখনো আসেনি। কিছুক্ষণ স্তব্ধ ছিলাম।
গরম চা এর গ্লাসটা হাতে দিতে চেতনা ফিরলো। বললাম এত খবর কে দিয়েছে?
বললো সমাজ দিয়েছে। বললো তোমাকে দেখে আজ আমি আবার সেই পুরোনো পরাণ হয়ে পরেছি।
বলো তো কত বছর পরে এসেছো?
কথা খুঁজে পাইনি তখন। পেলাম ওর কথাতেই। চা এর দাম দিতে গিয়ে ও নিলো না। বললো আবার এসো দাদা।
:২:
পরাণের দোকানে ঘুগনি-মুড়ি আর ডিম ভাজা কোনো এক কালে আমার সকালের টিফিন ছিলো। আমার নাম করে অনেক লেবার-মিস্ত্রীও খেয়ে যেতো। সন্ধ্যায় বিল দিতাম আমি। বলতাম এতো কে খেয়ে গেছে বল। বলতো নামতো জানি না। বলতাম তবে কেনো দিয়েছিস? বলতো তোমার নাম বললে না দিয়ে পারি?
কিছু বলতে মন সায় দিতো না। রাগ হতো বেজায়। শেষে একদিন ওকে বলছিলাম তুই নিজেও খেয়ে নিস আমার নাম নিয়ে। সেদিন ওর মুখে প্রথম কটু কথা শুনলাম।
বললো তোমার লোকেদের আর খাবার দেবো না। যদি উপোস ভাঙতে আসে বলবো না ভাই।
বড্ড খারাপ লাগলো। বললাম ভুল হয়েছে।
এরপর থেকেই খাবারের সাথে ওর সান্নিধ্য। ভিখারির খাবারের ব্যবস্থা ওই করতো। আমিও কখনো কিছু আর বলি নি।
বেশ ছিলো সেই দিন গুলো যা আজ নেই।
:৩:
সবাই বলে জীবনটা খুব ছোটো। আমার একথা কখনোই মনে হয়নি। ভীষ্মের জীবন আমার কাঙ্খিত নয়। আমি শরশয্যায় চিৎ হয়ে মা গঙ্গাকে এক গন্ডুস জল দিয়ে গলা ভিজিয়ে দিতে বলবো না কখনো।
জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, এ কথাও আমি বলবো না। শুধু একটাই কথা বলতে ইচ্ছে হয়।
অশীতিপর যারা তারা স্পন্দনের সাথে তাল মিলিয়ে চলে। সেই স্পন্দন যখন সভ্যতা ধ্বংসে মত্ত হয় তখন ভগবানের নাম স্মরন করারও সময় থাকে না।
পরে থাকে শরীরের স্কেলিটন টুকু।
এই কথাগুলো জীবনের সায়াহ্নে এসে ধরা পরে। পুরোনো প্রেম উঁকি দেয়। উঁকি দেয় ফেলে আসা জীবনের দারিদ্রতা অথবা বিলাসিতা।
সে শেখায় শেষ কথা যেগুলো কখনোই আগে না বলা ছিলো।
কুমির ছানা গুলো ঝুলি থেকে বেড়িয়ে স্বরূপ দেখায়। দেখায় অনেক অকৃতকাজের অসমাপ্ত দিন। দেখায় বাস্তব আর ঐশ্বরিক ধারণার এক মেলবন্ধন।
যৌবনের খুরধার অস্ত্র হয়ে পরে ভোঁতা। মালকোচ্চা দিয়ে পরে থাকা ধুতির কোঁচা খুলে পরে। আসপাশ থেকে ফিরে আসে হাস্যরব। মাথা হয়ে পরে ভীমের গদা। মন হয়ে পরে জরাথ্রুষ্টের মতন।
এ যেন সেই পুরোনো কথার পুনরাবির্ভাব।
' ইতি তোমার হাত পা বাঁধা বাবা।'
:৪:
জীবনের কোনো এক পর্যায়ে কৌমার্য শেষ হতেই পেয়েছিলাম ফুটফুটে একটা সন্তান। তাকে নিয়েই নতুন জীবনের শুরু।
কি সুন্দর সেই সময়টা। ফুটফুটে চেহারার জীবন্ত পুতুল নিয়ে চলা।
তাকে বাদ দিয়ে অন্যের সাথে কথা বলা নিষেধ। যদিওবা বলা শুরু হলো বাধ সাধলো সামনে এসে।
এ অধিকার আমি দেখেছি ওই পুতুল ছানার মধ্যে।
বাবা আর মা শুধু ওর সাথেই কথা বলবে। আসলে সবেমাত্র কথা বলা শেখা ময়না, টিয়া, কাকাতুয়া যেমন ঠিক তেমন।
এই বাচ্চাটা যখন বড়ো হলো তখনো বাচ্চা শব্দবন্ধ থেকে গেলো।
এটা আমার আবহমান অবস্থা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন