সেই প্রথম বোঝা বড় হয়েছি
:১:
মাটির ঘর তখনও পাকা হয়নি। ঠাকুর দেবতাদের জন্যে উঁচু করে একটা তাক বানানো হয়েছে। সেখানে লক্ষ্মী, নারায়ণ, মহাদেব, মা কালী সবাই বসে আছেন। ঘরের দরজার পরে বেশ চওড়া বারান্দা। তারপর উঠোন। বাড়ির থেকে উঠোনটা অনেক বড়। সারিসারি সুপুরি গাছ লাগানো আছে সুতো মেপে। একটা জামরুলের গাছ, টোকো আমড়া গাছ, একটা হিমসাগর আমগাছ মাথা উঁচিয়ে ফল দিয়ে টিনের চালটা ঠান্ডা রাখে গরম কালে।
মা একটা কৃষ্ণচূড়া গাছ লাগালেন দোরগোড়ায়। তিনি আবার বছর-দুবছরেই লাল ফুলে ভরে গেলো। ওর ঝরা ফুল ঝেঁটাতে মা এর কোমরের ব্যাথাটাও বাড়লো।
বললাম কেটে দেবো গাছটা? মা এর চোখ দুটো চিক চিক করে উঠলো। বুঝলাম বলাটা ভুল হয়েছে। পরের দিন থেকে আমিই উঠোন ঝাঁট পাট শুরু করলাম।
কৃষ্ণচূড়ার হাসি আর থামে না।
:২:
গ্রীষ্মের দুপুরে বুলবুলি, বসন্তবৌড়ি বড় একটা দেখা যায় না। আম, কাঁঠাল, জাম-জামরুল খেতে ওরা আসে না। ওরা শীতের সময় তাল-খেজুরের রস খেয়ে চলে যায় অন্য কোনো দেশে।
গ্রীষ্মে ভিড় করে টিয়া, ময়না, ছাতার, দোয়েল এরা সবাই। এদের ফল না পেলেও দিব্যি চলে যায় পোকামাকড় খেয়ে।
তবে ময়না একটু ব্যাতিক্রমী। ফলাহার তার কাছে উৎকৃষ্ট। সে পাকা আম, পেঁপে এসব পেলেই ঠোঁট বসায়। ভালো লাগলে খায় আর না লাগলে গোটা গাছ ধরে ঘোরে আর ঠোঁকরায়।
একবার একটা টিয়া পেয়ারা গাছের পেকে যাওয়া পেয়ারাটা প্রায় পুরোটাই খেয়ে ফেলেছিল। গাছতলায় শেষ টুকরোটা আমি মুখে দিলাম। মা বললো মরবি বিষ খেয়ে।
খাওয়ার পর বললাম, মা মধুর স্বাদ এই প্রথম পেলাম ফলে।
মৃদু হেসে বললো তুই ঠিক আমার মতন হয়েছিস।
এরপর পাখিদের ঠোকরানো আম গুলো আমরা দুজনেই খেতাম মুড়ি দিয়ে মেখে।
কালের নিয়মে তিনি চলে গেছেন। রেখে গেছেন আমি ছাড়া আরো চার চারটি সন্তান।
আমি আম খাওয়া বাদ দিয়েছি।
:৩:
বিয়ের পর আম-কাঁঠালের ভিড়েই জৈষ্ঠ্যে এলো জামাইষষ্ঠী। একদিকে বৌ বললো ষাটের জল আর মা বলে ষষ্ঠীর ফল।
শেষে চললাম হিমালয়ের পথে আমার নিজের শ্বশুর বাড়িতে। শ্বাশুড়ি মা কি সব আনলেন বলি। একটা তালপাতার পাখা, একটা করমচা গাছের ফলসুদ্ধু ডাল, লম্বা লম্বা ঘাস আর ঘাসফুল, তার সাথে স্বাভাবিক নিয়মে যারা এলো তারা হলেন ঘাস ফড়িং আর ঘুগরা পোকার দল।
এই নানাবিধ উপকরণে সমৃদ্ধ ছেঁটানো জল আমার আয়ুকে প্রলম্বিত করলো।
এদিকে আবার মা আমার তালপাখা দিয়ে বেজায় হাওয়া দিয়েছে ইটের দেওয়ালে।
বাড়িতে ফিরে এসে এসব বুঝলাম। বুঝলাম ব্যাপক ফ্যাসাদ বেধেছে।
সব ঠিক হয়ে গেলো বাড়িতে ফেরার কিছু পরে মা এর চোখের জল দিয়ে।
সেদিনই প্রথম বললাম, কোথায় যাবো বলতে পারো?
কিছু না বলার ভাষা আমি বুঝি।
এই প্রথম বুঝলাম আমি বড়ো হয়েছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন