:১:
প্রেম নিবেদন আমার করে ওঠা হয়নি। যদি তা হতো নির্ঘাত তিনি এই প্রকোপে পরে দেহ রাখতেন।
একটা উদাহরণ দেওয়া প্রয়োজন।
যেমন " হাজার জনম ধরে তোমারি ছিলাম। তোমারি হয়েই আমি থাকবো।"
আমি একদম নিশ্চিত এ বিষয়ে তার অভিব্যক্তি। তিনি বলতেন .... মেরেছে।
বাস্তব আর নৈসর্গিক বিষয়টা এই রকম।
ভাবুন ভাবাতুর মন বলছে তোমারই ছিলাম আর সে বা তিনি ভাবছেন.... মেরেছে।
আচ্ছা এই মেরেছে কথাটার অর্থ কি?
না অশ্লীল নয় শ্লীল ভাবে বলুন।
অসংখ্য আধুনিক শ্লেষ ভরে তুললো ওই কথা ক'টার ব্যাখ্যায়। যদিও ইচ্ছে ছিলো ভুল ধরানোর, হয়ে উঠলো না।
আমি এই গানটা যখন শুনতে বললাম, বললো অসাধারণ। বললাম কেনো? বললো এতো ভালোবাসা কোথায় পেয়েছো বলবে?
মৃদু হেসে অট্টহাসি চেপে বললাম মেরেছে।
প্রেমের কথোপকথনে কতোগুলো কথা এসে পরে। যেমন তুমি কে?
আমি বলতাম ধরে নাও রক্তমাংসের এক বস্তু।
কানের পাশে মুখ এনে চুপিচুপি জোর গলায় বললো, এতো গরু ছাগলের মতন।
ওগুলো খাদ্য, আর তুমি?
বুঝলাম ভুল হয়েছে। বললাম তোমার মতন একটা ব্রেইন যদি আমার থাকতো!
তিরিক্ষি মেজাজে রেগে উঠলো। কথা বলা বন্ধ হলো।
বিরহ তখন আমার আর ধরে না।
শরৎবাবুর দেবদাস পড়ে ফেললাম। কাঁদলাম বেজায়। যেটা না বোঝা রয়ে গেলো, সেটা প্রেমালাপ।
এরপর থেকে আলাপ, বিস্তার, জোড়, মধ্যলয়, বন্দিস সব বাজিয়েছি।
তবে প্রেমালাপ নেই সেই পর্যায়ে।
দেখি খুঁজে পেতে পাই কি না?
:২:
এই প্রেম প্রণয় আলাপ বিষয়ক কিছু রিসার্চ পেপার পড়ে বুঝেছি ওটা ভুল ছিলো।
সেই ভুল সংশোধন করে দ্বিতীয়বার প্রেমালাপ এর সময় বললাম " আমার অলিন্দ-নিলয় ভেদ করে যা এসেছে, তা তুমি।"
কথার মানে বুঝতে প্রথমে তিনি মাষ্টারের কাছে এলেন। এই মাষ্টার খুব নামকরা দর্জি।
তিনি বললেন বুঝতে পারছি না, বোন!
এরপর গেলেন ফেলে আসা স্কুলের প্রধান শিক্ষকের কাছে।
তিনি বললে দে! কি কি এটাষ্টেড করতে হবে।
বললো না স্যার এসব নয়।
বললেন তবে কেনো জ্বালাতে এসেছিস?
সেদিন কিছু না বলেই বাড়ি ফিরতে হলো। শরীর অসুস্থ হলো। মন পর্যদুস্ত হলো।
মনে হলো রক্ত মাংসের কথা মানুষের মুখে শোনার পর কেন এমন মনে হয়েছিলো সেদিন?
মনে পড়লো আধুনিক জীবন।
সেদিন তার মনে হয়েছিল পৌঁছতে, ওই নিবেদকের বাড়ির দরজায়।
লজ্জায় সেদিন যাওয়া হয়নি। পরের দিন খোঁজ নিতে পৌঁছনোর পর শুনলো তিনি বৃন্দাবনে গেছেন।
বৃন্দাবনের সখী সমরায় তাকে প্রেমে বাঁধলো। ঠিক যেন " সব ছেড়ে দিয়ে করলেম বিয়ে।"
এসবের শেষে একদিন দেখা হলো দু'জনায়।
সেদিন শুধু শোনা আর শোনা। সব সোনা দেওয়ার পরেও সে শুনতে চায়।
তখন এক কপর্দকহীন ছেলেটা এক নতুন গান বাঁধলো।
নিজেকে আড়ালে রেখে শুরু করলো।
" সেদিনের সোনা ঝরা সন্ধ্যা...... "
:৩:
কি একটা কথা ছিলো না সেকালে? কি যেন সেই অসূর্যম্পস্যা? তাদের ঠোঁট খুব সুন্দর আর চিকন।এটা পাওয়ার পর ভুলে যাওয়া মন শুধুই হয়ে পরে শারীরিক।
লজ্জা হলো এ সমস্ত ভেবে। বয়সের ভার আর হাতে পেলো না দুর্নিবার রাইফেল।
এক কোমল হাতের স্পর্শ সেই সেদিনই প্রথম পাওয়া।
আবার সেই প্রথম দিনের গানটাই মনে এলো। হাজার জনম না লিখে লিখলাম শতেক জনম।
সেখানেও সেই একই শব্দ…মেরেছে।
পরিশেষে বললাম ঘাট হয়েছে ওই সব লিখে।
বললাম এক জনমের কথা।
বললাম " যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে..."
না এসব যান্ত্রিক চিন্তন আমার নেই।
প্রেম যেন আজ মানবতার শত্রু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন