আর আমাকে ডাকিস না
অনেকক্ষণ সময় ধরে ওদের কথা শুনছিলাম। ওরা দুজনেই আমাকে ওদের মাঝখানে রেখে নানান শব্দবন্ধে বিদ্ধ করে চলেছে। আমার ধৈর্যের বাঁধন শক্ত শিখলে বাঁধা।
রাখিকে বললাম, তবে আজ যাই?
বললো কিছু না বলেই চলে যাবেন?
একটু খারাপ লাগলো। ভাবলাম রাখিও ভাবসাগরে?
অন্য প্রান্ত বসে থাকা ছেলেটা এই প্রথম আমাকে দাদা বলে সম্বোধন করলো। ওর নামটা আমার জানা ছিলো না। এই মাত্র জানলাম।
বললাম তুমি যখন আমাকে দাদা বলে ডেকেছো, আজ থেকে তোমাকে আমি ভাই বলেই ডাকবো।
বললাম সংগ্রাম আমি কখনো রাস্তায় নেমে করিনি। আমি পর্যবেক্ষণ করেছি যারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে।
সেখান থেকেই আমি মানুষের বিরুদ্ধে ও পক্ষে থাকার মানুষ খুঁজে পেয়েছি।
আর সেই মানুষের দলে তোমাদের মতন কোনো কাউকেই আমি সমর্থন করি না।
আমি পরিষ্কার এ কথা বুঝি মানুষ তার অধিকার প্রতিষ্ঠার জন্যে নিজেদের মধ্যে থেকেই কোনো এক অর্বাচীন কে বেছে নেয়। এটাই আসলে মানুষের মধ্য থেকে উঠে আসা কন্ঠস্বর।
বললাম, ভাই আজ চলি। ভেবে দেখো সত্যি আর মিথ্যার ভান্ডার খুলে।
বললাম আমি কোনোদিন তোমাদের বিড়ম্বনার মধ্যে আসবো না।
তোমাদের ভালোবাসায় ব্যাঘাত ঘটাবো না। আমি আমার পুঁথি-পুস্তক নিয়েই থাকবো।
আমার পুস্তক আমার কাছেই থাক, তোমার মাঠ-ময়দান থাকুক তোমাদের কাছে।
দাদা-ভাই এর সম্পর্কে চিড় ধরালো রাখি। বললো দাদা তুমি আমাকে ভুলে থাকতে পারবে?
বললাম হয়তো পারবো, হয়তো বা পারবো না।
সেদিন সেখানেই রাখির সাথে মিলিয়ে ভাই এর নাম রাখলাম গোরা। শেষে একটাই কথা বলেছি, তোরা আমাকে আমার পড়াশুনোর মধ্যেই থাকতে দে।
প্রয়োজনে আসবি।
নিজেকে সেদিন থেকেই আমি চিনতে পারি না। মনে হয় কখনো যদি এমন একটা বই লিখতে পারি যা ওদের মনে ধরবে।
হয়তো তেমন কিছু আমি লিখে উঠতে পারিনি। তবে গোরা মাঝে মধ্যে এলেও রাখি প্রতিদিন আমার খবর নেয়।
প্রশ্ন করে দাদা তুমি বাঁচবে তো?
আক্ষরিক অর্থে সেদিনই আমার মৃত্যু হয়। সেদিন থেকেই আমি বিমূর্ত।
রাখি, গোরা আরো কত কে আসে আমার সমাধির পাশে। নানান প্রশ্নে আমাকে জর্জরিত করে।
আর আমি ওই প্রশ্নের উত্তর খুঁজি। কখনো খুঁজে পাই কখনো পাই না।
আসলে চিরকালই গণিত নিয়ে চলেছি। এই অগণিত মানুষের পাশে এই প্রথম।
রাখি কে দেখেছি বাগ্মী আর গোরা বড় নিস্পৃহ।
শেষে সমাধানের সূত্র পেলাম গাণিতিক ভাবে। বললাম সে কথা। ওরা মানলো না, ওরা বললো তুমি ভুল বলছো।
মেনে নিয়ে বললাম, আর আমাকে ডাকিস না।
রাখি বললো ডাকবে, গোরা বললো থাকুন আপনার পুস্তক নিয়ে।
আমার শেষ লেখা বইটা গোরাকে উপহার দিলাম।
এর পরে আর ফিরে তাকাইনি।
আমি আমার জগৎ নিয়েই ছিলাম।
কোনো এক সকালে বাড়ির ঘন্টাটা দুর্মর ভাবে বেজে উঠলো। আমি লাঠিতে ভর করে দরজার সামনে এলাম।
বললাম ভাই বলুন কি বলবেন।
আমার কাঁপা হাত দরজা খুলে দিলো। আমার লাঠি আমাকে আমার চেয়ারে বসালো।
ওরা তখন চোখের জলে ভাসছে। আমি দেখছি আর হাসছি।
যখন আমার হাসি থামলো তখন ওরা দেখলো, সত্যিই আমি মৃত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন