সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

শিখন্ডী না থাকলে মহাভারতেই মহাবিপ্লব হয়ে যেত

:ক:

:১:

ওই ছাতু বাবু লেন এর কোনো এক ললনা সুষুম্নের মনে ধরেছিলো। সে সময় আনন্দ বোঝাতে সামনে একটা শব্দ বসতো বিশেষণ এর মতন। বন্ধুরা সবাই মিলে এষণা নামের ঠিক সামনে লিখলো রক্তিম এসনা। সবাই সবকিছু জেনে গেছে জেনে সে সুষুম্ন কে বললো এটা ঠিক নয়। সুষুম্ন একটু সাবধান হলো। লাস্যতায় তার এষণা পাছে অন্য কাউকে ডেকে বসে এসো না বলে।

রক্তিম মুখটা দেখে সেদিন সাহস হয়নি রক্তিম অভিনন্দন কথাটা বলার। এই উত্তর কোলকাতার বেশিরভাগ দক্ষিণপন্থী মানুষের মাঝখানে একমাত্র তাদের পরিবার বামপন্থায় বিশ্বাসী। এজন্যেই উপদ্রবও অনেক এই পরিবারের। 

সেই উপদ্রবের শরিক হতে চায় না অনেকেই। এষণা একথা জানতো তবুও ওই কি যেনো বলে না? হ্যাঁ, প্রেম পরিণয় ইত্যাদি এসব মানে না। 

এই ছাত্র জীবনে, ছাতু বাবু লেন এর এই এষণা কম বেশী সাতাশটা লিখিত অভিযোগ অনুযোগ করেছে পক্ষে বিপক্ষে এই সুষুম্নের। 

উত্তর পেয়েছে তিনবার। প্রথম তার প্রেম নিবেদন গ্রহণ, দ্বিতীয় বার বাড়িতে আসতে বলায়, আর তৃতীয় বার একযোগে একটু বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাওয়ার বিষয়ে হ্যাঁ করা। আর বাকি গুলোর প্রাপ্তি স্বীকার করতে অ্যাকাডেমিতে, নন্দনে, শিশির মঞ্চে নাটকবা সিনেমা দেখার পরে হাত ধরে একসাথে হাঁটা। এষণা বুঝতে পেরেছিল সুষুম্ন অত্যন্ত হার্ডকোর পুরুষ। অনেক অপছন্দের বিষয় গুলো তাই ভালোবাসতে তার জীবনের পথে অন্তরায় হয়ে ওঠে নি।।

এসনা বুঝেছিলো এই রুক্ষ শুষ্ক খোলার আড়ালে একটা শাঁস আছে। নিজের এই সবুজ আবরণের সাথে যেমন এক শীতল জল আছে ঠিক তেমনই ওই শুষ্ক ছোবরার মাঝে এক শাঁসালো মিষ্টির হদিশ সে খুঁজে পেয়েছিলো একেবারে নিজের মতন ভাবে।

সুষুম্ন ছিলো এসব কল্পনা প্রসূত প্রেমের ঊর্দ্ধে। সে শুধু প্রেমের আড়ালে লুকিয়ে থেকে সংসার করার মতন জীবন চায় না।

সমাজ পরিবর্তন হয় নি ঠিকই, তবুও এই সুষুম্ন জন্মেছে পরিবর্তনের স্বপ্ন নিয়ে। এষণা এত সাত পাঁচ কখনো ভাবেনি; পারস্পরিক এক মিষ্টি সম্পর্কের সূচনার পর এই প্রাসঙ্গিক বিষয়টা সে বুঝেছিলো।

:২:

এবার একটু শশধর আর সুমনার কথা বলা যাক। শশধর মহুয়া বন থেকে কোলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের ছাত্র। আর সুমনা বিজ্ঞান বিষয়ক। পরিচয় রাস্তায় আলাপচারিতায়। এরপর বহুদিন শুধু পড়া আর পড়া নিয়েই কেটে গেছে। এর পরে এসেছে পরিবার। সেখানে ভাই, বোন, মা-বাবা, কাকু-কাকীমা আরও কত কে। সেই ধাপ পার হতে সময় লেগেছে অনেক। বয়সও বেড়েছে, তবে কখনো সেটা মনে হয় নি।  

জঙ্গলে সংসার পেতে সেদিন এসব কথা মনে পরলো সুমনার। মনে পরলো মা এখনো বেঁচে আছেন। মনে পরলো শশধরের বাবার কথা। সে শুনেছে তিনি এখন ভিক্ষা করেন রেলের কামরায়।

অতিষ্ঠ লাগে। মনে হয় চাকরির অভাব পরেনি তাদের। মনে পরে তার মা চরম দারিদ্রের মধ্যে আছেন, আর অন্যজন ভিখারী।

সুমনা সেদিন বলেই ফেললো, এ কেমন স্বার্থপরতা? 

শশধর দুহাত মুঠো করলো রাগ সামলাতে। তারপর আকাশের দিকে তাকিয়ে বললো সব মা-বাবা ঠিক আমাদের মতন সন্তান চায়।

তারা চান সন্তান সুখে আজীবন সুখী হতে। ঐ যে সাময়িক সুখ দুঃখের কথা তুমি ভাবছো এটা মস্ত এক মোহ। 

ভেবে দেখো রেনেসাঁর কথা। কি দায় পরেছিল তাদের? কোন সেই অব্যাক্ত কথা তাঁরা শুনেছিলেন? 

সুমনা সেদিন আর কথা বলে নি।

আসলে এই শশধর আর সুষুম্ন দুই বন্ধু।

:৩:

সেদিন কোলকাতার ছাতু বাবু লেন এর বাড়িতে একটা ঘরোয়া  সভা বসেছে। এটা কে ওরা সভা বলে না, বলে স্কুল অব পলিটিক্স। আলোচনার বিষয় ১৭০৫থেকে ১৮৮৫ পর্যন্ত রেঁনেসা। 

ওরা চারজন ছাড়াও প্রান্তিক কোলকাতার কয়েক জন এসেছিলো সেদিন।

সুষুম্ন সেদিন শ্রোতা, আর শশধর বক্তা। 

রাজনীতিতে ব্যাক্তিত্বের লড়াই কখনো থেমে থাকে নি এ কথা যেমন সত্যি ঠিক একই ভাবে এই লড়াই কখনো আদর্শ বিচ্যুত ও হয় নি প্রাথমিক পর্যায়ে। এজন্যেই এখানে সেটা প্রাতিষ্ঠানিক রূপ পায় নি। তবুও এই কয়েক জনের সম্মিলিত প্রতিবাদের ফলে কিছুটা ভাটা পরেছে একাত্মতার একথা সামান্য শব্দ বন্ধে বলতেই হয়।

না হলে কেনো সুষুম্ন নিরুত্তাপ, নিরুদ্বেগ?

এটা কি দর্শনের খামতি, কিংবা পুস্তক আর বাস্তবের পাঠশালা বিষয়ক?

শশধর শাল আর মহুয়ার জঙ্গলে বেড়ে উঠেছে; সুষুম্ন বেড়েছে রাজপথের পাশে পুস্তক এর ভান্ডারে।

লক্ষ্য স্থির থাকলেও পথ অস্থির হতেই পারে। এটা এই যুগে অথবা শুধু রেঁনেসার যুগে হয়েছে এমন নয়, এটা অনেকটা প্রকৃতির নিয়মের মতন। 

এটা ব্যাক্তিত্বের লড়াই নয়, এটা একান্তই এই সভ্যতায় স্বাভাবিক সহানুভূতিশীল মানুষের আভ্যন্তরীন নির্বিষ একটা বাস্তব।

এ বিষয়ে যেমন সুষুম্ন ঠিক তেমন শশধরও রাজনৈতিক পাঠ নিয়েছে। এ নিয়ে তাদের মধ্যে কোনো সংকট নেই; যা আছে সেটা শুধু গ্রাম আর শহরের দূরত্বের বিষয়।

সুমনা ঘামের গন্ধ চেনে আর এষণা সুষুম্ন কে চেনে। সুমনা আর এষণা এখানে ভিন্ন মত পোষণ করে।

এখানেই এক সংঘাত।

বক্তব্যে শশধর এর কথাগুলো খুব সিগনিফিকেন্ট। সে কঠিন কন্ঠে প্রশ্ন করলো এই কংগ্রেস দলটার জন্ম কেনোই বা হয়েছিল ওই ১৮৮৫ সনে? কেন সেটা ১৭৮৫ তে হয় নি? কেনো কোনো এক ইংরেজ এর গর্ভে তার জন্ম? 

এগুলো চর্চায় আনলে এ কথা পরিষ্কার ভাবে বুঝতে পারা যায়, সবটাই তাদের প্রতিভূ বানানোর একটা প্রক্রিয়া। 

এই পাপেট বানানোর কারিগর প্রতিটা যুগেই জন্মেছে। সে সত্য, দ্বাপর বা কলি যে কালই হোক।

একটু ইতস্তত ভাবে বলল কলিকালে কতিপয় কৃষ্ণ নামের ব্যাক্তির কষ্টকর কুযুক্তির কথা। ওই কথা গুলোর সারবত্তা হিসেবে গীতা বুকে নিয়ে চলা ফেরা করা বিপ্লবী দের কথা বলতেও সে পিছপা হলো না।

সে আরও বললো ১৯১৭ এর পর একমাত্র রাসবিহারী ছাড়া অন্য কোনো এমন ব্যাক্তিত্বের প্রকাশ হয়নি যে বা যারা আধুনিক দর্শন গ্রহণ করেছেন।

হয়তো বা এই কারণেই সুভাষচন্দ্র তাঁর বুকে আগলে রাখা গীতা এক সময় ছেড়ে দিয়ে রাসবিহারী'র পথে পা মিলিয়ে ছিলেন।

এষণা বিরক্ত প্রকাশ করলো নানান সংকেতের সাথে। সুষুম্ন তাকে নিরুত্তাপ রেখেছিলো বক্তৃতা পর্যায়ে। এরপর সেটা বিষ্ফোরণের পর্যায়ে পৌঁছলো।

এষণা  বিদ্রুপাত্মক শব্দে ভারতের সংস্কৃতির কথা দিয়েই কথা শুরু করলো। 

বললো সংস্কৃতির শ্রেণী বিভাজন শুধুমাত্র তারাই করতে পারে, যে বা যিনি এই সাংস্কৃতিক পরিমন্ডলে বড়ো হন নি। যেমন, ডিরোজিও। তাঁর ইয়ং বেঙ্গল সে যুগে যে সমস্ত কাজে ব্রতী হয়েছিলেন সেটা এদেশের কৃষ্টি বিবর্জিত। অনতিক্রমেই  সেটা হয়ে পরেছিল এক অসামাজিক বিষয়, হয়ে পরেছিল এনার্কিজম।

সে বললো মহাভারত বা রামায়ন আজকের বিষয় নয়। কয়েক সহস্রাব্দ প্রাচীন এই আখ্যান এবং সেখানেও  যুক্তিগ্রাহ্য বিষয় বস্তুই মূল প্রতিপাদ্য। 

আধুনিক যুক্তিবাদী দর্শন এই ভিতের উপরে দাঁড়িয়ে আছে। কোনো মানুষ যদি আজকের পরিমন্ডলে এসে সেই শিকড় ছিঁড়ে নতুন শিকড়ের কথা বলেন, সেটা অবৈজ্ঞানিক ও অপাংতেয় বললে ভুল হবে। বিজ্ঞান আর সমাজ উভয়েই এক পরিবর্তনশীল বিষয়। নেতাজী সুভাষচন্দ্র, রাসবিহারী বসু, রাজা রামমোহন রায় অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কখনো কোনোদিন এই শিকড়কে অস্বীকার করেন নি। এই উৎপটাং অনুভূতি একালের ডিরোজিও দের হতে পারে তবে আমার এমন কখনো মনে হয় না।

এজন্যেই একথা বলা আজ খুব দরকার, সামাজিক পরিবেশ এবং তার অনুকূল -প্রতিকূল বিষয় বুঝে আমাদের এগোতে হবে।

আমি নষ্টালজিক নই। তবে অতি আধুনিক সভ্যতার সাথে এই দেশকে মেলালে ভুল হবে এই সত্য আমি অনুভব করি।

বাকিটা সুষুম্ন আর শশধর বুঝবে।

:৪: 

মফঃস্বল এর সমাজ জীবন বদলায়নি। নামভূমিকায় সবে সে শহর হয়েছে। সেই শহরের রূপকথা, অরূপ কথা সব সে জানে। সে কচি ধান টিপে মিষ্টি রসের স্বাদ পেয়েছে। সে শিউলিদের খেজুর, তাল, নারকেলের রসের এর সম্ভারে গাছে চড়তে শিখেছে। সে পৌষের শীতে মাঝ রাতে খেজুরের রসের স্বাদ জানে। সে শুনেছে সেই অতীতে ব্যাপক প্রচলিত সেই গান, "কাস্তেটায় শান দিও।" এই কথাতেই সে সমাজ পরিবর্তনের কথা সাময়িক ভাবে বুঝেছে। 

সে বুঝতে চায় না এই আধুনিকতার সাথে বদলে যাওয়া সমাজ ব্যবস্থার কথা। সে সুষুম্ন কে মনে করে বুকিস। তার মনে হয় এই বই পড়ার সাথে সমাজ উত্তরণের কোনো সম্পর্ক নেই।

আজকে একদিকে শশধর আর অন্যদিকে এষণা যা কিছু বলেছে সুষুম্ন তাদের কিছু বলতে চায়।

কে বলতে দেবে তাকে?

সুষুম্ন তখনও আকাশ দেখছে আর অন্যেরা  বসে আছে সুষুম্নর কিছু বলার অপেক্ষায়।

সুষুম্ন কথা বললো। বললো বিপ্লব তুমি নিশ্চয়ই কিছু বলবে। মনে রেখো তোমার কথাগুলো যেন সংগঠন বিরোধী না হয়।

এখানে বিপ্লবের একটা পরিচয় দেওয়া বিধেয়। ওর জন্ম প্রত্যন্ত দক্ষিন চব্বিশ পরগনার এক গন্ড গ্রামে। ওর বাবা ছিলো শিউলি। ও ওর বাপ কেলে নামটা ছেড়েছে কিছুদিন আগে। ও স্বপ্ন দেখে সুন্দর নতুন এক সমাজের। ওর মনে একথা আজ অত্যন্ত সত্যি হয়ে পরেছে। ও ভেবেছে বেশ থাকবো সবাই এক সাথে। খাওয়া-থাকা আর পোষাক পরিচ্ছদ থাকবে একদম স্বাভাবিক। 

মাঠে ধান ফলবে, গাছে রস ঝরবে, কারখানায় উৎপাদন হবে, শিল্প বেড়ে উঠবে তরতর করে আর আমরা মানুষেরা নিশ্চিন্তে পদচারণ করবো একদম পূর্ণ স্বাধীনতায়। জাতপাত, ধর্ম কিছুই থাকবে না। থাকবে শুধু মানুষ আর মানুষ, কাজ শুধু কাজ।

সম্ভবত এই চিন্তাতেই সে অন্য কোনো এক জগতে এতক্ষণ কাটাচ্ছিলো। সুষুম্ন তাকে জাগালো। 

বললো বিপ্লব কি রে কিছু বলবি না?

বিপ্লব দীর্ঘশ্বাস ফেললো। মাটির দিকে তাকিয়ে সে বললো, প্রভুত্বের শেষ নেই এই পরিবর্তনে। বললো আমি কিন্তু এরকম ভাবিনি।

আর এষণা?  সে চোখের জল মুছে এই সভা থেকে বিদায় নিলো।

আসলে যারা জেগে ঘুমোয় তাদের ঘুম ভাঙাবে কে? শুধু এক মনে তাদের চোখের দিকে চোখ রেখে মনের কথা বুঝতে হয়, এ কথা সুষুম্ন জানে।

অনেকটা সময় এভাবেই সে কাটিয়েছে। সে শুনেছে প্রতিবাদের ভাষা। সে এইমাত্র দেখলো চোখের জল। এর আগে বিপ্লবের আক্ষেপও সে দেখেছে। 

সে বুঝলো ওই সামন্ততান্ত্রিক প্রভাব থেকে মুক্তি এক মনস্তাত্ত্বিক বিষয়। ওসব ভেবে বসে থাকলে আগামী দিনের সমাজ সংস্কার সম্ভব নয়। স্তর বিন্যাসে এষণা ও আছে। 

সুষুম্ন সামান্য কিছু কথা বলতে সেদিন উঠে দাঁড়ালো। বললো, মানুষের চিন্তায় আঘাত করা আমার কাজ; আমার ধারণা শশধর যা বলেছে তার থেকে একটু আলাদা। 

আমি মনে করি এটা একটা অভিযোজন বিষয়ক পরিবর্তন। এজন্যেই এত আক্ষেপ, এত অশ্রুপাত। এসব দেখে আর কারোর কি হয় না হয় আমি জানি না আর আমার খুব আনন্দ হয় একথা বলতে পারবো না। কারন আমিও অভিযোজন বিষয়টা বুঝি এবং সেই উন্নীত পর্যায়ে হয়তো আজও আমি পৌঁছতে পারিনি।

শশধরের ধৈর্যের বাঁধ ভাঙলো। কঠিন শব্দে সে প্রকাশ করল তার উপলব্ধির কথা। এই আক্রমণ সরাসরি সুষুম্ন কে।  

নিশ্চল জঙ্গলের ইতিকথা যাদের কাছে উপকথা তারা নানান বিজ্ঞান বিষয়ক উপলব্ধি নিয়ে থাকতে পারে। আমি জঙ্গলের মানুষ, আমার কাছে বাঘ-বানর আর মানুষ একই কথা। আমার কাছে অভিযোজন এর ফলে সৃষ্ট উৎকৃষ্ট সম্প্রদায়ের প্রাণীও আপন নয়। চরিত্র গত ভাবে এনিম্যাল ইনস্টিংক্ট আজও এদের মনে থেকে গেছে আর এজন্যই এত সামাজিক বিভ্রাট। 

কথা গুলো খুব দাগ কাটলো বিপ্লবের মনে। বিপ্লব  প্রতিবাদ  করলো। শানিত কন্ঠে  বললো, আদিম সাম্যবাদী সমাজের সাথে আজকের সমাজকে এক করলে মানুষের মুক্তি হতে পারে না।মানুষের অস্তিত্বের বিকাশ কখনোই বিজ্ঞান বিবর্জিত  ভাবে হতে পারে না। সেখানে ইমোশন থাকবে , সেখানে ব্যাক্তি থাকবে আর থাকবে  সমষ্টির বহিঃপ্রকাশ।

তবেই সমাজ এগিয়ে চলবে। 

অনেকটা সময় কেটে গেল নিঃশব্দে। বিপ্লব এর মনে হচ্ছিল সে শিউলির ঘরে জন্মেছে, তার কথাগুলো কি কোনো গুরুত্ব পাবে?

মনে পরলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর কথা। মনে পরলো মাইলফলক দেখে সেই সংখ্যা শেখার অতীত। মনে পরলো তার শেষ জীবনের কথা। তার মনে হলো হয়তো এ জন্যেই রেঁনেসা এসেছিলো ঠিকই তবে সে এসেও আসে নি। 

সুষুম্নও নিরব ছিলো। মনের মধ্যে অনেক কিছু বাজছিলো। একদিকে চোখের জল অন্যদিকে জঙ্গল আর রাজপথের মধ্যে এক বিভাজন রেখা। সে খুঁজে বেড়াচ্ছিলো এই সরলরেখা দুটো কখন কোনো একটা বিন্দুতে পরস্পর কে ছেদ করবে। সেই বিন্দুটাই হবে এক ও  অন্যতম নির্দিষ্ট পথে চলার বিন্দু। 

এষণা  নিঃশব্দ থাকতে পারে না। তার গুনগুন গানে সবাই জেগে উঠলো। 

:৫:

এ যেনো এক নিপাতনে সিদ্ধ বিষয়। ঠিক যেমন জৈব আর অজৈব পদার্থের সংমিশ্রণ হয় না ঠিক তেমন। বিপ্লব এখন নিজের গ্রামের উন্নয়ন নিয়ে ভাবে। সে অঞ্চল নিয়েও ভাবতে নারাজ। শশধরও ওই মহুয়ার জঙ্গল নিয়েই পরে আছে। তার পৃথিবী ওই মহুয়ার জঙ্গল। সুষুম্ন লাইব্রেরীতে বই এর পাতায় চোখ রেখেছে। সেখানেই সে সামগ্রিক সমাজের উত্তরণের পথ খুঁজে পাবে এই বিশ্বাস তার শিক্ষায়।

অদ্ভুত হলেও সত্যি, এখন এষণা আর সুমনা দুই বন্ধু এই সবের বাইরে। ওরা ভেবে পায় নি এ রকম কেনো হচ্ছে?

সুমনা বললো কষ্ট তো কষ্টই। কষ্ট কি গ্রাম শহরে আলাদা কোনো কিছু? ক্ষুধা কি শহর আর গ্রামের মানুষদের আলাদা? বস্ত্র কি জঙ্গলের মানুষের লাগে না? 

গাছ কি গ্রামে বাড়ে, শহরে সে বেড়ে উঠতে পারে না?

চিন্তা আর চেতনা কি জঙ্গল, গ্রাম আর শহরের মানুষের আলাদা?

তাহলে এই মানুষ গুলো কি ভিন্ন ভিন্ন গ্রহের? তাদের খাদ্যাভ্যাস কি ওই গ্রহান্তরের মতন? লোভও কি ওই গ্রহের হের-ফেরের সাথে সংযুক্ত?

এষণার মনে পরলো, প্রথমবার সুষুম্ন র তার ছাতু বাবু লেন এর বাড়িতে আসা। মনে পরল সেই প্রথম কোনো এক আদর্শের নিরিখে এক হওয়া, আরো কত কি।

শুধুমাত্র একটা কথাই এষণা কে এতকিছু ভাবিয়েছে। কথাটা সুমনা বিষয়ক। সুষুম্ন বলেছে বড়ো সুন্দর ওর দর্শন। ও অনেক দূর পৌঁছবে। ওর শিক্ষা নির্বিকল্প।

এষণার কাছে এই শব্দগুলো খুব পরিচিত। এটা সে হাড়ে হাড়ে বোঝে। 

ও বুঝতে পারে এই সুমনা শশধরের পাশে থাকবে না। থাকবে সুষুম্নর পাশে।

ওর ভয় হয় পাছে সুষুম্ন কে হারাতে হয়।

:৬:

এষণা বা সুমনা যে'ই সুষুম্ন'র সামনে আসে তাঁদের বড় প্রতিকী মনে হয়। ওর মনে হয় এই এরাই একমাত্র উত্তর দিতে পারে জীবন জিজ্ঞাসার। এরা তাদের গর্ভে লালন করেন নতুন জিবন। এরাই হয়ে ওঠে আগামীর প্রতিনিধি। এরাই চিন্তা করে। এরাই নতুন সমাজ গড়ার কারিগর। সে ভাবে এই মায়েদের কথা।

মুখে কিছু না বললেও মনে মনে এ কথা ভাবতে তার ভালো লাগে, এরা সৃষ্টির সাথে আছে আর আমরা পুরুষেরা তাদের প্রাপ্য সম্মান কখনো দিতে পারি নি। শুধু এক মুষ্টিবদ্ধ হাতকে ভেবেছি আগামী দিনের একমাত্র বিকল্প। 

একবারও এ কথা মনে হয়নি ওরা সৃষ্টি করে আর আমরা মানে পুরুষেরা ওদের সৃষ্টিকে শ্রদ্ধা করি না। একবারও ভাবিনা জন্মদাতা মা এর কথা। মনে করি না সেই অবলার গর্ভেই এই প্রতিবাদী, সৃষ্টিশীল, সুকুমার ছেলেটা বড় হয়েছে।

একবারও ভাবি না, কিন্তু মুখে বরাভয় শব্দে বলে ফেলি উনি রত্নগর্ভা।

সুষুম্নর মনে হয় এই শব্দ গুলো ব্যাঞ্জনা। মুক ও বধির এর মতন নন মাসকুলার ফেমিনাইন বড় কষ্ট করে সহ্য করে এসেছে।

না লক্ষ্মীবাই সবাই হয় না। 

সেখানেও সেই এক ব্যাঞ্জনা। স্বাধীনতা নয় শুধু ব্যাক্তি স্বার্থের লড়াই হয়েছিলো ১৮৫৭ সনে।

সুষুম্ন ইউরোপীয় সভ্যতার বিরোধী নয়। শুধু এই সমাজে ওই সভ্যতা পরিপূরক নয় এ কথা সে জানে। কখনো প্রত্যাশা, কখনো হতাশা এমন নয়। সে ভেবে চলেছে এই সুন্দর পৃথিবীকে আমাদের থেকে বেশী সুন্দর কে করতে পারবে?

সে খুঁজে বেরায় বেড়াজালহীন এক সমাজ। সেখানে লেসার রশ্মির বেড়াজালও যেন হয়ে পরে খেলনার মতন।

সেই থেকেই শুরু হল সুষুম্নর সাথে হাতে হাত ধরে এষণা, সুমনা আর বিপ্লবের পথ চলা।

তবে সেটা স্থান পায় নি বেশিদিন। এই যে বিবেক বৈরাগ্য নিয়ে সমাজের চলাফেরা সেখানেই এক স্খলন। এই মানবিক উষ্মা তার পছন্দের নয়। 

:৭:

উজানের স্রোত বড়ো মধুর। শুধু হাল‌ ধরে রাখলেই, ডিঙি চলে আপন মনে। শুধু দিক দেখানোই কাজ হলধরের। মনের মধ্যে শীর্ষে পৌঁছনোর অদম্য উচ্ছাস। এই স্রোতের অতলে কোনো হিমশৈলের আনাগোনা নেই। এই সমতলে থেকে পাহাড়ের চরাই উতরাই দেখা হয়ে ওঠে নি। হয়ে ওঠেনি ভাটার টানে পিছিয়ে যাওয়ার পাঠ পরে দেখা। শুধুই চরৈবেতি চরৈবেতি।

সমুদ্র ঝর নাবিকেরা জানে। মাঝিরা নদী থেকে সাগরে পৌঁছনোর আগে সুরেলা ডাক পেরে আর্জি জানায় জল দেবতাকে। ভাটার টানে খাল, বিল, নদী, নালা থেকে ভেসে আসা কচুরিপানা অথবা পশুদের শবদেহ গুলোও ভীড় করে স্রোতস্বিনী নদীর বুকে। নদীর কিনারে মাছ খেকো পাখিগুলো প্রমাদ গোনে। এই যে জোয়ার ভাটা তার প্রথম প্রহর, দ্বিপ্রহর এক সুরে বাজে না।

ললিতের সকাল আর পূরবীর সায়ংকাল যত সব স্বপ্নভঙ্গকারী। যারা ভোরবেলায় স্বপ্ন দেখে তারা ভাবে এটাই সত্যি, আর যারা সন্ধ্যে বেলায় স্বপ্ন দেখে?

ধ্রুবতারা বললো এই সত্যি-মিথ্যায় আমি নেই। আমি উত্তরের প্রতিক। নাবিকেরা আমাকেই দেখে পথ চলে। ক্লান্ত হয়ে পরলো কালপুরুষ। বললো একান্ত এই আকাশ ছেড়ে আমার আর যাওয়ার জায়গা নেই। থাকলে এক মূহুর্তেই আমি পৌঁছে যেতাম। 

এত কথার সাক্ষী থাকলো সপ্তর্ষিমন্ডল। ওই মুনি ঋষিদের কথাতেই উদ্বুদ্ধ সাংসারিক জীবন।

হঠাৎ উল্কাপাত দেখে সুষুম্ন মাটির দিকে তাকালো। দেখলো বিভৎস শব্দে ঝরে পরেছে মানুষের মন। 

তাদের কাছে উল্কাপাত এক অশুভ সময়। 

সুমনা বললো শশধর ভালোই আছে ওই মহুয়ার জঙ্গলে। চলো সবাই একসাথে সেখানে যাই। ওর অব্যক্ত কথাগুলো বড় শুনতে ইচ্ছে হয়। 

এষণা রাজি হলো। আর সুষুম্ন? থাক সে কথা।

:৮:

সুমনা কল্পনায় দেখেছিলো মহুয়ার জঙ্গল। ও ওখানে  গিয়ে দেখেছে ওই মিষ্টি ফুলের মধু আহরণ করতে যাওয়া প্রজাপতিদের। শশধরের বাড়িতে পৌঁছে সে দেখেছিলো বাড়ির সমস্ত দেওয়াল জুড়ে শুঁয়োপোকা ভরে আছে। ওখানে শালিক পাখিদের মৈনি বলে সবাই। এই পাখির দল সকাল-সন্ধ্যা কথা বলে দেওয়ালের পাশে বসে। ওরা গলা ফুলিয়ে ঝগড়া করে। আবার সেই ঝগড়ার শেষে ঠোঁটে ঠোঁট লাগিয়ে মিটিয়েও নেয়। এক অপূর্ব সুন্দর শুঁয়োহীন ভালোবাসা।

সুষুম্ন আর বিপ্লবের হাতে হাত রেখে ওরা চারজন যখন শশধরের বাড়িতে পৌঁছালো তখন শালিক পাখি গুলো সন্ধ্যের আগে শেষ বারের মতন ঠোঁট ঘষছে গাছের ডালে। শশধর তখন বাড়িতে নেই।

রাত কাটাতে একটা আশ্রয় দরকার। পাখিরা ঠোঁট ঘষে গাছের ডালে ঘুমিয়ে পরতে পারে, কিন্তু এই জঙ্গলের অন্দরে কোথায় থাকার মতন একটা ঘর পাবে তারা?

সেই রাতটা তাদের খারাপ কাটে নি। জঙ্গলের দেবতা বললে ওকে সবাই চেনে। ওর ডাক নাম বাঁটুল, বাপকেলে নাম হেতেন, জাতে কোচ।

সন্ধ্যা নামলেই হেতেন গঙ্গাফরিং ধরতে আলো খোঁজে। বিজলীর আলোতে গঙ্গাফড়িং, ঘুঘরা পোকার দল একসাথে এসে জোটে সেখানে। আর বাটুল খপ খপ করে ওদের ধরে আর নাইলনের ব্যাগ ভর্তি করে।

আসলে ও শালিক পুষেছে। আর শালিকেরা এই খাবারে খুশী। ওর প্রতি সন্ধ্যায় এই একটাই কাজ।

এই অন্ধকার জঙ্গলে সামান্য আলো দেখে সুষুম্ন বলেছিল চলো যাই। নিশ্চয়ই থাকার মতন কিছু পেয়ে যাবো। সেখানেই এই হেতেন এর সাথে পরিচয়। খাওয়ার আয়োজনও হেতেন এর। জঙ্গলের মুরগির ঝোল আর মোটা দানার ভাত। সেই রাতটা হেতেন এর বাড়িতে সুন্দর কাটলো।

পরের সকালে সুষুম্ন হেতেনকে বললো আমাদের হাত ধরে ভুল করেছিস। এই হাত তোকে আর ছাড়বে না।

হেতেন সরল এক হাসিতে সেদিন  তাদের বিদায় জানালো।

সেদিন জঙ্গলে বারুদের গন্ধ। 

এই জিবন বৈচিত্রের পথেই শশধরের দেহটা চলেছে। এই বারুদের গন্ধ তার ভালো লাগতো। ভালো লাগতো সংসার করতে। সেই সংসারে যারা ছিলো তারা আজও বেঁচে আছে। তাদের ভরসায় সে আজ চলেছে সংসার ছেড়ে স্বপ্নবীল নতুন কোনো এক জগতে যেখানে কোনো একদিন সুমনাও হয়তো আসবে এমন কথা ভেবে।

না সুমনা আসে নি। সে ভেসে গেছে বাস্তবের আঙিনায়। তার মনে হয়েছে শশধর মরে নি। সে আবার ফিরে আসবে অজ্ঞাতবাস কাটিয়ে। প্রশাসনিক শব্দে তাকে এনকাউন্টার করা হয়েছে বললেও তার মনে হয়েছে সে মরে নি; সে অ্যাবসকন্ডেড।

:৯:

সেই সকালটা বড় কঠিন। শুরু হয়েছে বিরামহীন বৃষ্টি। বনের সমস্ত গাছ-গাছালি মাথা নিচু করে আছে। এই আবহে বাঁটুল বললো, চলেন যাওয়া যাক শশধরের বাসায়। বললো ভয় করেন কেন্? জঙ্গলে শশধরের অভাব নাই।

সুষুম্নর কাছে বাঁটুল এর কথা গুলোর অর্থ কিছু আলাদা। সে সামাজিক সৌজন্য জানে না এমন নয়। তবুও এই আতিথেয়তা তার মনে অসংখ্য প্রশ্নে টেনে আনলো। সে ভাবছিল তবে কি বাঁটুলও?

সুমনা বলল আমি না হয় বাঁটুলকে নিয়ে যাই?

সুষুম্নর মুখে কোনো কথা সরলো না। কপালে চিন্তার ভাঁজ বেড়েই চলেছে।

এষণা এবার কথা বললো। বললো তোমরা এখানে থাকো, বরং আমি ঘুরে আসি।

এষণার সাথে শশধরের দূরত্ব সুষুম্ন দেখেছে। সে দেখেছে সামান্য মতবিরোধে ওদের মধ্যে পারস্পরিক দূরত্বের পরিমাণ। তবুও এভাবে যেতে চাওয়া তার কাছে একটু আলাদা ঠেকলো। এই বর্ষা মূখর দিনে  নতুন কোনো এক দুর্যোগের আভাস সে দেখতে পেলো। নিঃশব্দে আকাশের দিকে সে তাকিয়ে থাকল যদিও সেটা বেশীক্ষন স্থায়ী হোলো না। শেষে বাঁটুল কে বলল চল আমরা দুজনেই দেখে আসি।

এষণা আর সুমনা পরষ্পরের মুখের দিকে তাকালো। তাদের চাহনিতে কোনো এক ভয়-ভীতি যেনো ভর করে আছে। তারা কিছু বলতে পারলো না সুষুম্ন কে। শুধু ভেবে চলেছে এক শশধর আজ নেই, সুষুম্ন ও ফিরবে কি?

ওই মহুয়ার জঙ্গলে এক চিলতে উঠোন। উল্টোদিকে পাহাড়ে বৃষ্টি হচ্ছে বলে টিলা থেকে ঝরে পরা জল গর্জন করছে। ওর বাড়ির লোক বলতে একজন। তিনি ওর বাবা। ছেলে কি করছে, কোথায় যাচ্ছে, কেমন আছে সেসব তার জানা হয়ে ওঠে নি। ট্রেনের কামরায় ভিক্ষা করে যা উপার্জন করে তাতে তার চলে যায়। ঘর-বাড়ি বলতে ট্রেনের প্লাটফর্ম। আর সুখ? ছেলে তার উচ্চশিক্ষিত, সে বিপ্লবী। এ সব নিয়েও সে অনেক গান বেঁধেছে বাউল সুরে। সে সব গান তার উপার্জনও বাড়িয়েছে কয়েক গুন। 

সুষুম্ন তাকে বললো এটা কি শশধর এর বাড়ি? 

প্রথমে বললেন তোমর কারা বাবা?

সুষুম্ন বললো আমরা ওর বন্ধু।

তিনি মাথায় হাত রেখে বললেন জানো ও ঠিক তোমার মতন। শুধু পেশী গুলো আমার মতন। বলল, ওর আরও একটা গুন ছিলো। ও অর্জুনের মতন লক্ষ্যভেদ করতে অকপট। ওর চওড়া বুকের ছাতিতে কেউ কোনো দিন হাত লাগাতে পারে নি। ও এই মহুয়ার বনে এক ব্যাতিক্রম। ও পড়াশুনো করেছে আমার ভিক্ষার পয়সায়। শুনলাম গতকাল ও মারা গেছে। কে যেন এই প্রথম বার ওর ছাতিতে তীর মেরেছে। তবে আমার এসব বিশ্বাস হয় না। তবে ওর দেহটা এত ছোটো নয়। ওর হাত দুটো অরণ্যদেবের মতন। ওর ওই বিশাল ছাতিতে প্রেমও ছিলো। মেয়েটাও খুব সুন্দর।

ও চলে গেছে, বলে গেছে ফিরে আসবে। মনে হয় এসেওছে। তবে এই বারুদের গন্ধের সাথে ওর পরিচয় ছিল তাই আড়াল থেকে হয়তো এদিকেই ও তাকিয়ে আছে।

সুষুম্ন শুধু শুনছিল আর মেলাতে চেষ্টা করছিল এই শায়িত দেহটাকে। কোন মিল পায় নি সে।

এরপর শুধু ফিরে যাওয়া বাঁটুলের বাড়িতে। সে দেখলো বাঁটুল নেই তার পাশে। তার পাশে দাঁড়িয়ে যে তিন জন তারা হলো বিপ্লব, এষণা আর সুমনা।

সুষুম্ন এই প্রথম বুঝলো শহর আর জঙ্গলের পার্থক্য। আর বুঝলো বাঁটুল জঙ্গলের কেউ নয়।

:১০:

থানার ছোট্ট কুঠুরিতে ওরা তিনজন। বিপ্লবকে ওরা আলাদা কোনো কুঠুরিতে রেখেছে। 

যখন নিয়ে এলো তখন সে কথা বলতে পারছে না, শরীরটা এলিয়ে পড়েছে। একটু জল খেতে চাইছে বারবার। সেটাও দেওয়া নিষেধ। এরপর ডাক পড়লো সুষুম্নর। 

শুরু হলো নানান ইন্টারোগেশন। ভয়ে হাত পা তার ঠান্ডা হয়ে আসলো। শুধুমাত্র একটাই কথা সে বললো। উত্তর কোলকাতার ছাতু বাবু লেন এ আমি বড় হয়েছি। সুমনা আমার বোন, এষণা ভাবি স্ত্রি আর বাকি দুজন আমার এগিয়ে চলার সাথী।

জল্লাদ প্রথম যখন লাঠিটা তুললো সে হাসলো। দ্বিতীয় বার যখন তুললো সে ধরে ফেললো, আর তৃতীয় বার সেই লাঠিটাই ঘুরে দাঁড়ালো।

শুরু হলো সরষের মধ্যেই ভূতের আবাহন। 

মহুয়ার জঙ্গল থেকে  অসংখ্য মানুষের সাথে থানাটাকে ঘিরে ফেলেছে শশধর। না বন্দুক নয় শুধু কিছু গোলাপ এনেছে। সেই গোলাপ গুলো এখনো ফোঁটে নি। সবে মাত্র কুঁড়ির পর্যায়ে তারা।

বিপ্লবকে এই জল্লাদ মারে নি। তাকে এভাবেই এখানে এনেছে নাটকীয় ভাবে।

চার থেকে পাঁচ হলো তারা। প্রশাসক তখন সমাজের কোনো এক উত্তরণ দেখে ভয়ে মূহ্যমান।

এরপর তারা ছয় হল, জঙ্গলে যার প্রতি সুষুম্নর চরম অবিশ্বাস সেই অর্বাচীন যে আজকের জল্লাদের ভূমিকায় ছিল, সে কথা সে আগে বোঝেনি। এই প্রথম শহুরে সুষুম্ন আত্মস্থ হল সরল জঙ্গলের মানুষের সাথে। বুঝলো, শশধরকে ভালোবেসে, সুমনা কোনো ভুল করেনি।

আসলে সেই সকাল থেকে সারাদিন এক অসহায় অবস্থার মধ্যে কাটাতে হয়েছে। সন্ধ্যায় যখন থানার লক আপে বন্দী, শরীরটা ছেরে দিয়েছিল। হয়তো তার অবচেতন মন কোনো এক সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিলো। সেই স্বপ্নের ইতি পরলো লক আপের তালা খোলার শব্দে। 

এই ঘন জঙ্গলে নিভু নিভু আলোয়, কে যেন রাতের খাবার এনেছে তাদের জন্যে। খাবার মুখে রুচলো না। সবাই সবার মুখের দিকে তাকিয়ে থাকল পরের দিন সকালের অপেক্ষায়। এই কঠোর বাস্তব তাদের কাছে এই প্রথম।

:১১:

আজকের এই আর্থিক বৈষম্যের সমাজে অধিকার শব্দটা ত্রিমাত্রিক। 

যারা তাদের অধিকার খর্ব হচ্ছে বলে ভূবন বিদীর্ণ করেন তারা অধিকার বিষয়টাই বোঝে না।

যারা অধিকার আদায়ে অগ্রগামী তারা ব্যাক্তি স্বার্থের উর্ধ্বে উঠতে পারেন না।

আর যারা অধিকার আদায় করেন তারাও সেই পুড়ানো পদ্ধতির এক নতুন রূপ আনেন।

এই তিনটি মাত্রা শতাধিক বছর ধরে ফলিত। 

এই যে প্রতিনিয়ত সমাজ তার মুক্তির পথ খোঁজে এটাও ব্যাক্তি কেন্দ্রিক। ওই ব্যাক্তি বোতলে করে পানিয় জল বহন করে। খাওয়ার পাতটাও সে ঠিক তার মতন করে বানাতে বাধ্য করে। 

এই যে শারীরিক বিষয় আসয় একে ব্যাতিরেকে এখনও সমাজ এগোয় না। 

এর কারণ কি?

সুষুম্ন আজ যে মধ্য পন্থায় পৌঁছেছে, কে তাকে এখানে এনেছে?

কেনই বা শহর আর গ্রামের মধ্যে লক্ষ যোজন ফারাক? কে করেছে এসব? 

এই যে শশধর জীবন আর মৃত্যুর মাঝে দিন কাটাচ্ছে; এই যে সুষুম্ন সামান্য অনিয়মে ক্লান্ত হয়ে কোনো এক স্বপ্নের দেশে পৌঁছে, কড়া নাড়ার শব্দে জেগে উঠে পরের সকালের কথা ভাবছে; এই যে সামান্য বেতনের কর্মীরা মনস্তাত্ত্বিক সহাবস্থানের পথে আসে নি; এই যে ন্যায়ালয় চোখে পট্টি বেঁধে অসামান্য সমান হওয়ার কথা বলে সেটা কেনো?

বড় ভ্রম লাগে চোখে। কে যেন এই আমাদের চোখে একটা চশমা পরিয়ে নির্বিবাদে আছেন।

যখন চশমা ভেঙে যায় নতুন চশমা না পাওয়া পর্যন্ত এই সামাজিক বিষয়টা মানুষ দেখতে পায়।

আর যার চশমার প্রয়োজন হয় নি সে কি ভাবে সমাজ কে দেখে?

এ এক অন্য চোখ। এই চোখ সামাজিক মননের বাইরে নয় অভ্যন্তরেই জাগ্রত।

অন্যেরা চোখের আলোয় যা দেখেছিলো সেটা মনে কোনো আলোকপাত করে নি। করেছে ওই অন্য চোখটা।

:১২:

চোখ বাঁধা খুড়োর কলে বাকি সকলের মুক্তি হয়েছে, সুষুম্ন ছাড়া পায় নি। তার ঘর বদলেছে, থানার কুঠুরি থেকে জেলের কুঠুরিতে। পরিসর বড় হয়েছে দেখে সে খুশি। সে বুঝে উঠতে পারে নি কোন অপরাধে সে অপরাধী। 

সবাই সবার মতন বাড়িতে ফিরে গেছে। এষণা কখনো ভাবছে সুমনার সাথে কোনো এক অজানা সম্পর্ক, কখনো ভাবছে সুষুম্ন এত সাধারণ? ভাবছে ওই মহুয়ার জঙ্গলে শশধরের বাড়িতে যাওয়ার কি দরকার ছিলো? পরক্ষনেই মনে হচ্ছে সুমনার কথা। হয়তো কোনো এক আকর্ষণ সুষুম্ন কে ওখানে টেনে এনেছিল। বিপ্লবের মুখটা মনে পরতেই সে ভাবলো বাপকেলে নাম যে বদলাতে পারে তার দল ছেড়ে নতুন দলে চলে যেতে কখনো কোনো আক্ষেপ হবে? মনে হলো সমাজ পরিবর্তনের কথা তার জীবন জীবিকার অঙ্গ নয়, শুধুমাত্র সুষুম্নর সান্নিধ্য তাকে ওই জঙ্গল পর্যন্ত যেতে বাধ্য করেছিল। তার একথাও মনে হলো আমার এই পুঁথিগত শিক্ষা কি শুধুমাত্র ব্যাক্তি স্বার্থের সাথে আপস করতে বলেছে? সেখানে কি এই সামাজিক পরিসর, এই উন্মুক্ত জীবন বোধের পাঠ দেয় নি?

সেই রাতে তার দু-চোখের পাতা এক হয় নি। যদিও ভোর বেলায় পাখিরা জেগে ওঠার শব্দ সে শোনে নি। সেই তন্দ্রাচ্ছন্ন চোখে সে শুনেছে সুষুম্নর ইচ্ছার কথা। সুষুম্ন তাকে বলেছে যতদিন আমার পরিসর এই ছোট্ট কুঠুরি ততদিন তুমি সামলাতে পারবে আমার বিশ্বাস।‌ সুমনা, বিপ্লবকে ও তুমি পাশে পেয়ে যাবে।

আসলে সংসারের হ্যালুসিনেসন কিছুতেই তার পিছু ছাড়ছে না। সে এটাও উপলব্ধি করলো সে বদলে যাচ্ছে, তার পরিবার বেড়ে উঠছে। তার জীবনের পরিসর ক্রমেই পরিবার থেকে আরো এক বড় পরিবারের সাথে সংযুক্ত হচ্ছে। তার জীবন বোধ শুধুমাত্র মা-বাবা, সুষুম্ন থেকে এগিয়ে চলেছে সমাজ আর সভ্যতার সাথে। 

:১৩:

জেলখানার দিনগুলো সুমধুর। কাগজ, পেন, পেন্সিল দিয়ে গেছেন আধিকারিক। লিখতে লিখতেই দিন শেষ হয়, খাবার গুলো ফেরত যায় প্রতিদিন। এভাবেই তৈরি হয়েছে সমাজ দর্পণ। সেই দর্পণে তার মুখাবয়ব নেই আছে শুধু পাতার পর পাতা লেখার ভান্ডার। সেই ভান্ডারে না আছে শশধর, না আছে এষণা। 

শিক্ষার কিছু খারাপ দিক আছে। সে কখনো বাস্তবকে মেনে নেয় কখনো চলে গাণিতিক অ্যাবস্ট্রাক্ট কে সাথে নিয়ে। তার মনে হয় রাজনীতিতে শিল্প, সাহিত্য, সংস্কৃতির কোনো স্থান নেই। এগুলো ঠিক ম্যাথেমেটিকাল ক্যাওস এর মতন। এই ক্যাওস চলছে শতাধিক বছর ধরে। 

এই সময়ে যে সব গাণিতিক উত্তরণ হয়েছে তাকে অসম্মান করে এগিয়ে চলতে চেয়েছে এই রাজনীতি। সামনে রেখেছে এক বৃহন্নলা কে।

কে এই বৃহন্নলা? 

এই শিল্প, এই সংস্কৃতি, এই সাহিত্য আজ যে রূপরেখা রেখে নিজের মতন ভাবে রাজনীতির পরকাষ্ঠা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যাস্ত, এ ই সেই বৃহন্নলা।

না যূপকাষ্ঠের অতীত ভুলে নয়, এই আধুনিকতার বিরুদ্ধেও নয়, এ এক গাণিতিক বিষয়। যতোসব ন্যুনতম শিক্ষাদীক্ষা হীন মানুষের রাজনীতিতে প্রবেশ ওই পরকাষ্ঠা মানুষদের সময়ের সাথে নিজের মতন ভাবে উপজিব্য করে তুলেছে।

আমি সেই অর্বাচীন সুষুম্ন, যে এই ছ্যাবলামোকে ঘৃণা করে। জেলের ঘানি ঘুরিয়ে খাঁটি সরষের ঝাঁঝ আজ আমি নিশ্চয়ই দেখাবো‌।

বিদগ্ধ রাজনীতিকরা বললো পাগলের প্রলাপ, সাংস্কৃতিক পরিমন্ডলের মানুষেরা বললো আমরা কি নিষ্প্রদীপ! সাহিত্যিক বললেন আর কিছুই লিখবো না!

সুষুম্ন এই প্রথম কথা বললো। বললো আপনারা আকাশ দেখুন, সূর্য দেখুন, আমাকে দেখবেন না। আমি আপনাদের দেখেছি ধ্রুবতারার মতন, দেখেছি কালপুরুষের কুকুরের মতন। আপনারা এসব পাঠ নেন নি। শুধু খাতার পাতা, মঞ্চ আর ওই বুভুক্ষু মানুষের সাথে দ্বিচারিতা করে সুখে স্বাচ্ছন্দে দিন কাটাচ্ছেন।

ছিঃ।

সমাজকে বিজ্ঞান বিবর্জিত শিক্ষায় শিক্ষিত করার অধিকার তোমাদের নেই। তোমাদের চলা ফেরা অপাংক্তেয়। কঠিন বাস্তবতার সাথে কি সম্পর্ক তোমাদের? জীবন শুধুমাত্র পুরস্কারে ভরে গেছে তোমাদের, হয়তো এই প্রথম বার তোমরা তিরস্কৃত।

সে এক সময় ছিলো যখন সামাজিক পরিপ্রেক্ষিতে দর্শন আর শিল্প সাহিত্য এগিয়ে চলতো। সাহিত্য সংস্কৃতির উপজিব্য বিষয় গুলো মঞ্চস্থ হতো অশিক্ষার আধাঁরে চলমান মানুষ গুলোর বিবেকের কাছে সহজে পৌঁছনোর লক্ষ্যে।

আজকের দিন আর সেই দিন এক নয়। এখন সাহিত্য আর দর্শন এক মুখে চলে না। এখন মননশীলতার বিরুদ্ধে সমাজ প্রগতিশীল হয়ে আস্ফালন করে না। প্রশাসকের কাছে তারা মেরুদন্ড বিক্রি করে দিয়েছে।

যদিও এটা এই প্রথমবার নয়। ফরাসি বিপ্লব থেকে নাৎসি বাদ, রাশিয়ার সমাজতন্ত্রে পদার্পন থেকে চিন এর সাংস্কৃতিক বিপ্লব প্রতিটা পর্যায়েই সুপরিকল্পিতভাবে এসব হয়ে এসেছে বায়াসড ভাবে। এখনও সেই প্রক্রিয়া চলছে। তারা বলছে বিজ্ঞানের অগ্রগতির সাথে যুগপৎ এগিয়ে চলতে হয়। 

সুষুম্ন জেলখানায় মাঝে মধ্যে নিজের মনে অট্টহাসি হেসে ওঠে আর বলে ম্যাথমেটিক্স অ্যবস্ট্রাক্ট হতে পারে তবে সে রুচিশীল। ম্যাথমেটিক্স কে কখনো বাজারি পন্য বানানো যায় না। সে চলে যুক্তির ভান্ডার কাঁধে নিয়ে। সে বলে শিল্প-সাহিত্য-সংস্কৃতি এই কথাকেই নিজের মতন ভাবে প্রতিষ্ঠিত করেছে, শুধু একটাই শব্দ বন্ধে সাধারণ মানুষের কাছ থেকে তাকে দূরে সরিয়ে রেখেছে সে নাকি অ্যবস্ট্রাক্ট!

এষণা দিস্তা দিস্তা কাগজ দিয়ে আসে সুষুম্ন কে। প্রতিবার একটাই কথা সে জানতে চায় আমাকে পথ দেখাও। প্রতিবার কাগজগুলো যখন ফেরত আসে, সে কিছু বুঝতে পারে না। কারণ কাগজগুলোতে শুধু গণিত আর গণিত।

এই গাণিতিক শিক্ষায় সে শিক্ষিত নয়।

:১৪:

এষণা অবৈতনিক পাঠশালার বিরোধী। সে সাহিত্য চর্চার আসরও খোলে নি। নাটক, কাব্য-সাহিত্য পাঠ বিষয়ক চা পান এর মহামিলনও তার কাছে অনেকটাই মাদক সেবনের মতন মনে হয়েছে। ছাদ তাকে বড় কাছে টানে কারন একমাত্র সেখানেই এই শহরে আকাশ দেখা যায়। দেখা যায় লুব্ধক, স্বাতি, সপ্তর্ষি, মঘা আরও সহস্র কোটি নক্ষত্র কে। সে নক্ষত্র দেখে, কাঁদে, গান করে সুরেলা কন্ঠে। কখনো সুমনাকেও ডেকে আনে এই উন্মুক্ত আকাশের নিচে। কথা বলতে গিয়ে কখনো কখনো গলা ভারী হয়ে ওঠে। হাত মুঠো করে পাগলের মতন বলে ফেলে সুষুম্নর কোনো কথাই বুঝতে পারছি না। দিস্তা দিস্তা কাগজ দিয়ে আসছি অথচ ওর লেখার ভাষা আমার জানা নেই।

সুমনার মনে পরে যায় কোনো এক পুরোনো কাব্যের কয়েকটা পংক্তি। নিরানন্দ নিরালোক স্তব্ধ শোক, মরনের অধিক মরন।

একথা মুখের উপর সে বলতে পারে না, কথাগুলো মনেই রাখে। কারন কিছু বললে  হারাহারি কয়েক শতাংশ ভালোবাসা যদি তার ভাগে পরে?

শশধর বেঁচে আছে একথা সুমনা বিশ্বাস করে, আর মতাদর্শের কাঠিন্যে তাকে বর্বর মনে হয়। মনে হয় সামান্য কোনো ভুলের মাশুল তাকে প্রান দিয়েও গুনতে হতে পারে।

সুষুম্ন তেমন নয়। হয়তো এই জন্যেই আজকাল ওই সব যুক্তি-তর্ক-গল্পের আসরে তার মন লাগে না। সে চা বানায়, মুড়ি মেখে দেয় তারপর সপাটে অসমাপ্ত বইয়ের পাতা গুলোয় চোখ রাখে। কখনো সুষুম্নর কাছ থেকে ফেরত আসা দিস্তা দিস্তা কাগজে মন দেয়। ভাবে এই গণিত কি এতটাই কঠিন?

:১৫:

বিপ্লব বলুন আর পরিবর্তন বলুন এটা সমাজের অভ্যন্তরে গড়ে ওঠা শেষ বিষ্ফোরণ। এই সমাজ পরিবর্তনের রূপরেখা যে ভাবে রচিত হয়েছিলো আর আজকের যে রাজনৈতিক পরিমন্ডল সেখানে সেই সত্তরের দশকের সাথে এর একটাই পার্থক্য। ওটা ছিলো কোনো এক আদর্শের প্রতিক আর এটা আদর্শের ধার ধারে না।

আশ্চর্য লাগে একথা ভেবে, আদর্শ আজকাল মূল্য হীন। খালি পেটের ভাত দিয়ে নিজেকে মহান, মহামহিম হিসাবে প্রতিষ্ঠিত করে কোনো ব্যাক্তি নিজেকে রাষ্ট্র নেতা বানিয়ে ফেলেছেন, আর অন্যজন সে পথকে আগলে ধরে আন্দোলনের নামে মানুষকে বিপথগামী করে তুলেছে।

সুষুম্ন গরাদের ভিতর থেকে লিখেছে,যদি তারা সঠিক পথ খুঁজে পায় তোমাদের বুঝে নেবে। এই জেলখানার আর দরকার পরবে না, কারন আমি থাকবো তাদের সাথে প্রথম সারিতে।

গুলঞ্চের তিক্ত স্বাদ যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত বুঝে বা না বুঝে সুগার মুক্ত জীবন পেতে ছুটে যায়, সেভাবেই এই সুষুম্ন কে সমাজ গ্রহন করলো। 

সুষুম্ন জেলখানায় ভালো আছে। দিস্তা কাগজ ছেড়ে এখন সে কাগজের রোল পায়। এই কাগজের রোল নেমন্তন্ন বাড়ির খাবার টেবিলে পাতা হয়। এখন সে এই কাগজেই তার গাণিতিক সত্যি গুলো লিখে রাখে। এষণা বুঝেছে সুমনা এই গাণিতিক ভাষা বোঝে। সুমনা যা বোঝায় সেটাই তাকে বিশ্বাস করতে হয়। কখনো কখনো বলে ফেলে এই আমাকে এই গণিতের ভাষা শেখাবি?

সুমনা বলে ওটা দাদার কাছেই শিখে নিও।

সন্দেহের তীর এই প্রথম এষণার পিছন ছাড়লো।

:১৬:

এষণা গণিত বুঝতে পারে না। এটা তার আক্ষেপ। তবে জ্যামিতিটা বেশ বুঝতে পারে সামাজিক পরিসরে। সুমনা যান্ত্রিক ভাবে হলেও গণিতের কঠিন অঙ্কগুলো কষতে অভ্যস্ত। সে সুষুম্নর কথাগুলোর আক্ষরিক অর্থ না বুঝলেও অঙ্কের উত্তরের সাথে সাযুজ্য রেখে চলতে শিখেছে। এই দুইয়ের মিলন একটা যথার্থ সমাজ সমীক্ষণে তির্যক ভাবে  এগিয়ে এলে পরিবর্তনের সম্ভাবনা আগ্রাসি হওয়াটাই দস্তুর একথা সুষুম্ন জানে। শশধরও তাত্ত্বিক তকমার বাইরে থেকে দেখলে সুষুম্ন কে শ্রদ্ধা করে। আসলে সমস্যা শুধু বই পড়ার বিষয় নিয়ে।

ফরাসি বিপ্লবের উদাহরণ থেকেই এর জন্ম। বস্তুবাদের কাছে এটা একটা সমস্যাও বটে। যে মানুষ মিছিলে হাঁটেনি, বাড়ি বাড়ি পৌঁছে মানুষের জীবনযাত্রা দেখে নি, বন্যায়-খরায় অথবা শীতের দিন গুলোয় মানুষের জীবনযাত্রার সাথে একত্রিত হয় নি, তার কথাতে বিপ্লবের পথ প্রসারিত হবে একথা তাদের বিশ্বাস হয় না।

এজন্যেই কখনো কার্ল মার্কস, কখনো লেনিন আবার কখনো মাওসেতুং কে পাথেয় করে নানান যুক্তিতে মুক্তির তর্জমা করেন। 

বস্তুত এই শশধর হলো আজকে এদেশের পরিমন্ডলে বিপ্লবী। এরা ওই সব বিপ্লবের গল্প শুনেছে কোনো কারোর কাছে, ভালো লেগেছেও বিস্তর আর ওই বিস্তর ভালোবাসার ফলস্বরূপ বন্দুক হাতে তুলে নিয়েছে। সেই বন্দুকের গুলিতে সে তার স্বজনকে হত্যা করেও লজ্জিত হয় নি বরং স্পর্ধা বেড়েছে। এরপর একদিন নিজের কপাল লক্ষ্য করে সে গুলি করেছে। এটা সেই বাংলাভাষায় নত্ববিধানের মতন।

মৃত্যু যে প্রাচুর্যে বড় হয়ে ওঠে এই বিদ্যা না থাকলে এরকম মৃত্যুকে মানুষ বুকে টেনে নেয় এ কথা আজ শশধর বিশ্বাস করতে শিখেছে।

:খ:

:১:

সুষুম্নর কাছে এই পৃথিবী চিরকালই উন্মুক্ত। এই বছর কয়েক  চার দেওয়ালের মধ্যে থেকেও তার কখনোই একথা মনে হয় নি সে বন্দি। পৃথিবীর কোনো কারাগার নেই যেখানে গণিতের চলা ফেরা  বন্ধ রাখা যায়। সুইস ম্যাথমেটিশিয়ান অয়লার চাইতেন এরকম এক বন্দিশালা। যেখানে সে নিজের, একেবারে নিজের মতন ভাবে কাজ করতে পারবেন। 

সুষুম্ন নিজেকে ভাগ্যবান মনে করে। সে সেই চার দেওয়ালের মধ্যে থেকে নিজের অসম্পূর্ণ কাজ টুকু শেষ করতে পেরেছে। ওই চোখ বাঁধা দাঁড়িপাল্লা যেদিন তাকে মুক্তি দিতে ইচ্ছুক হলো তার বিরক্ত দেখে কে। কি সব বেলবন্ড বিষয়ক ব্যাপারে সে বলল, ওসব আমি দিতে পারবো না, কয়েক বছর বাড়িয়ে দিন এই জেলখানায় থাকার মেয়াদ। না তা বাড়লো না।

বললো বাইরের ওই মুক্ত হাওয়া, মুক্ত পরিবেশ, উন্মুক্ত সমাজের জেলখানার থেকে এই স্বল্প পরিসরে আমি বেশ আছি। খাবার পাচ্ছি সময়ে সময়ে, বাকি সব ঠিক পাখি সব করে রব রাতি পোহাইলো পংক্তির মতন।

জেলার ভেবেছিলেন সেদিন শত-সহস্র মানুষ আসবে এই জেলবন্দী মুক্তি পাওয়ায়। পুলিশের জিপ গুলো ইতস্তত বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে জেলখানার আস পাস জুড়ে। 

গণিতের কথামত সেদিন একজন আসার কথা ছিলো। না একজন নয় এসেছেন দুজন, সুমনা আর এষণা।

জেলার ভেবেছিলেন পুষ্প স্তবকের ঘ্রানে ভরে উঠবে জনপথ। 

না তাও হয় নি।

একান্ত আবেগ, অশ্রুজল অথবা বাপ মা এর আকুতি?

না সে সবও হয় নি।

বিপ্লব বসে আছে তার নিজের ঘরে। সেখানে শীতের দিনে যে নতুন গুড় তৈরি হয়। এই নতুন গুড়ের স্বাদ সে পৌঁছে দিতে চায় সুষুম্ন কে।

আর মৃত শশধর তখন মহুয়ার তাপে তাপিত। সে বারবার বুক চাপড়ায়। তার মৃত্যুর সাথে এই জেল যাত্রার যে সম্পর্ক সেটা ভেবেই সে আর এক পাত্র মহুয়া রস নিয়েছে। সে ভেবেছে অন্তত আজকের দিনটা তো ভুলে থাকি।

কাল সকালে সামনে দাঁড়িয়ে বলবো, এতো ভালোবাসা তুমি কোথায় পেয়েছো?

সেই রাতটা শশধরের চোখ বাঁধ মানে নি। সেই জলের স্রোতে সেদিন সুমনাও ভেসে গেছে।

গাণিতিক চোখ সব দেখেছে। 

এই বছর কয়েক এর জীবন তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। সে তার গাণিতিক প্রকল্প থেকে শিখেছে অঙ্কের উত্তর মিলে গেলে প্রশ্ন গুলো আশ্রয়হীন হয়ে পরে। আরো এক নতুন কিছুর সন্ধান খোঁজে। যদি এমন কিছু না পাওয়া যায় তখন ওই পুড়ানো কষা অঙ্ক গুলো শুধু পরে থাকে কাগজের পাতায়। তবুও মানুষ তাকে বুঝতে না পেরে অ্যাবস্ট্রাক্ট বলে। আর সমাজ জীবন?

প্রথমে খড়ের চাল আর বাঁশের বেড়া। তারপর মাটির দেওয়াল আর টালির ছাউনি। তারপর?

তারপর ইটের গাঁথুনি আর কংক্রিটের ছাদ। তারপর?

না তার পর আর কিছু নেই। সমস্ত রাস্তার গা বেয়ে অসংখ্য অট্টালিকার সমারোহ। আর যারা সেখানে বাসিন্দা তারা মোটর গাড়ি চেপে চলেছে রাজপথ ধরে। থামার কোনো নিয়ম নেই। ঠিক যেন ইচ্ছে থামা। 

এষণা হাঁ করে এতক্ষণ ওর কথা গুলো শুনছিল। বললো তারপর?

বললো না আমি গ্যালিলিও নই। দূরবীক্ষণ যন্ত্র আমার চোখ নয়। আমি আকাশ দেখি নিজের ইচ্ছায় আর তোমরা যে সমাজ দেখো, সেই দেখার চোখ আমার নেই। 

এষণা দীর্ঘশ্বাস ফেললো। বুঝলো গ্যালিলিওর দূরবীন দিয়ে জেলের গরাদের আড়াল থেকে সে সমাজ দেখেছে। হয়তো তার মনে হয়েছে এই শ্রম আসলে পন্ডশ্রম। হয়তো এজন্যেই বারবার এই গণিতের অবতারণা। তার বড় বিরক্ত লাগছিল সেদিন। মনে হচ্ছিল ওই সপ্তর্ষিমন্ডল এর মাথার দুটো তারা দিয়ে যে সরল রেখা তৈরি হয় সেই রেখার উপরেই থাকে ধ্রুবতারা এ কথা সে শুনেছে সুষুম্নর মুখে। আকাশ দেখেছে ঠিক সেভাবেই। 

মনে হলো কোটি কোটি নক্ষত্রের ভিড়েও সুষুম্ন আছে অথচ সে নেই।

শুরু হলো দর্শন আর গণিতের সংঘর্ষ।

হায়রে কোথায় সমাজ পরিবর্তনের রূপরেখা আর কোথায় কোনো এক বিদেহী আত্মার প্রতি সমর্থন। বিপ্লবের শেষ পর্যায় যা কিছু হয়ে থাকে সেটা প্রাচীন কে বিদায় দেওয়া আর বিদেহী কে সম্মান করা।

এই সুষুম্ন যেভাবে তার চলার পথ দেখিয়েছে সেখানে না আছে সামন্ত প্রভু, না আছে ধনতন্ত্র। এক মিশ্রন চলছে। এ যেন হুইস্কির সাথে জল মেশানো। থাক এসব। বেশিকিছু ন্যারেটিভ সুষুম্নর অপছন্দ।

বিপ্লবের সাথে অত্যন্ত একাত্মতা থাকলেও গাণিতিক ভাবে যে সব অমিল প্রতিনিয়ত সে দেখতে পায় সেই হিসাব ঠিক হিজাবের মতন। মুখ দেখানো যাবে না।

না এটা কম বয়সের প্রথম প্রণয় নয়। এই প্রণয় ব্যাভিচারী জীবনের সম্পদও নয়, নেহাত কোনো এক দূর্বিপাক এ পরে সামাজিক জীবনে সহাবস্থান।

সুষুম্নর কতগুলো কথা শুনে শশধর জেগে উঠলো। বললো বিপ্লব আর বিপ্লবী বিষয় যারা বুঝতে শেখেনি এটা সেই পর্যায়ের বিষয়। এই সমস্ত বুকিস নিয়ে সমাজ চলে না। সমাজ মানুষের আশা আকাঙ্খা নিয়ে চলে। সেখানে যেমন কিছু অসামাজিক মানুষ থাকে ঠিক তেমন কিছু সমাজ বিরোধীও থাকে। সমাজ বিরোধীর মধ্যেও প্রকার ভেদ আছে। কারো হাতে বন্দুক, কারো হাতে কলম।

অনেকদিন পর আজ সুষুম্ন অট্টহাসি হাসলো। তার হাসি আর থামে না। এই হাসতে হাসতে কখন তার চোখ জলে ভরে উঠেছে কেউ দেখে নি।

এষণা দেখেছে। বুঝেছে খুব কষ্ট হচ্ছে। বুঝেছে শশধর জঙ্গলের আর সুষুম্ন শহরের। আরো বুঝেছে এক দাঁড়িপাল্লায় এভাবে সবকিছু মাপা ঠিক নয়। তবুও সে মুখ বুজে সুষুম্নর মুখের দিকে তাকিয়ে ছিলো। আশা ছিল, সুষুম্ন নিশ্চয়ই প্রত্যুত্তরে কিছু বলবে।

হ্যাঁ সুষুম্ন সেদিন চিৎকার করে হাত আকাশে উঠিয়ে প্রত্যুত্তর দিয়েছিলো। ভাষাটাকে প্রাধান্য না দিয়ে কথা গুলো সেদিন গোটা সভার লোকের মনে প্রশ্ন তুলে দিয়েছিল।

সুষুম্ন বললো এই সমাজ ব্যবস্থায় কতজন আছেন যে বা যারা এই ইতিহাসের কথা জানে?

শশধরও জানে না। ও শুনেছে কোনো কারোর কাছে।সেই কথাতে তার এতো বিশ্বাস কোথা থেকে এলো?

সামাজিক পরিমন্ডলে শুধু মাত্র স্বল্প শ্রমে প্রতিষ্ঠিত হওয়ার স্বার্থে। 

এরকম কেনো হয়? কি ভাবে হয়? 

আসলে এটা একটা অবলম্বন। বিদগ্ধ সমাজের স্বার্থে যারা ইতিহাস কে সাক্ষী রেখে পাতার পর পাতা পড়ে শিক্ষা নিয়ে সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে তাদেরকে বুকিস বলে দাগিয়ে দেওয়ার এক কৌশল।

প্রশ্ন উঠল তবুও তারা এভাবে এগিয়ে আসে? জেলখানার অন্ধকারে দিন কাটায়? কোনো এক পরবাসে থেকেও লিখে রেখে যায় আগামী প্রজন্মের মুক্তির তাগিদে?

সুষুম্ন আর কথা বললো না। সুমনার হাত ধরে বললো ' বিপ্লব দীর্ঘজীবী হোক'।

:২:

নদী যেখানে সমুদ্রে এসে মেলে সেই মোহনা থিকথিক করে পাখিদের ভিড়ে। তবে ওই পাখিগুলো ঝাড়ুদার শ্রেনীর। একমাত্র ব্যাতিক্রমী পাখি শঙ্খচিল।

এই শঙ্খচিল অনেকটা আমাদের মতন কালার্ড পাখি। চিল এর রং কালো ধূসর, কন্ঠস্বর ডায়াবেটিক রসগোল্লার মতন। 

চিল চিৎকার শব্দটা প্রচলিত। কোনো এক উচ্চ স্থানে বসে চিঁ হা হা শব্দ প্রতিনিয়ত শুনেই এই চিল চিৎকার শব্দটা এসেছে। 

শঙ্খচিল চিল হতে পারে তবে সে সাঙ্গীতিক ভাবে মার্গ সঙ্গীত কে তার কন্ঠে বসিয়ে দিব্বি গান গেয়ে চলেছে। এই শ্রেণী বিন্যাস ঠিক সামাজিক পৌরুষ প্রতিষ্ঠার মতন।

সাগর সঙ্গমে সাঁতার কাটতে গিয়ে যেমন শ্রান্ত হয়না শরীর ঠিক তেমন এই শঙ্খচিল। কোন সুদূর অস্ট্রেলিয়া উপকূলের একটা পাখি পাখা মেলে হাওয়ায় ভর করে এসেছে এ দেশের মোহনায়। খাবার পাচ্ছে যথেষ্ট তবে মনের খাবার সে পায় না।

উড়ে চলে আকাশের ভরসায়। সে জানে যেদিন আকাশ মিশে যাবে মাটিতে, দিগন্ত বললে কেউ আকাশের দিকে তাকাবে না সেই দিন বড় কঠিন। এই শঙ্খচিল কতকাল ধরে কবি-সাহিত্যিক দের  অভিধানে যথেষ্ট মূল্যবান একটা ন্যারেটিভ হিসেবে ছিলো আর সেই পাখিটা এখন আর আসে না।

কখনো কখনো সেই আদি অকৃত্রিম আরশোলা গুলোও চিন্তিত হয়ে পরে। তারা ভাবে তারাতো বেশ সুখে স্বাচ্ছন্দেই আছে, তাহলে ওই শঙ্খচিল?

না প্রত্যুত্তরে তারা কিছু বলেনি। তারা সৈকতের গা ঘেঁষে উড়ে বেড়ায় আর খুঁজে ফেরে নিজের অস্তিত্ব। 

সেদিন মাঝি মাল্লা প্রকৃতির সাথে কথা বলছিলো। প্রকৃতি বিরূপ হয় নি, সে বলেছে আমি আর কতদিন সুস্থ থাকবো জানি না, আর আমার অসুস্থতা তোমাদেরকেও ছেড়ে দেবে না।

সুষুম্ন মন প্রান খুলে এই প্রথম হাসলো। তার মনে হলো এই পরিবেশে তার দমবন্ধ হয়ে আসছে। মুক্ত বাতাস এখানে নেই আছে শুধু অন্তর্কলহ । আছে কিছু বোহেমিয় বিভ্রাট। সেই বিভ্রাটে তার পরতে ইচ্ছে হয় না। ইচ্ছে হয় লেনিনের নেতৃত্বে রাশিয়ার বিপ্লবের পর তার ঘনিষ্ঠ সহচর যারা ছিলো, ওই কামেনেভ, জিনোভিয়েভ আর বুখারিন এর মতন এক উৎকর্ষ। সেখানে থেকে যদি তার মৃত্যুও হয় সেটা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হবে। কোনো স্তালিন গোত্রীয় মহামানবও ইতিহাসের পাতা থেকে তাকে মুছে দিতে পারবে না।

তার এই বুকিস সমীক্ষার চশমায় ধরা পরেছে দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্খা। সেখানে ধরা পরেছে প্যারিস কম্যুন এর সেই দোর্দন্ড মানুষের ইচ্ছের বিষয়। ধরা পরেছে বলশেভিক দের সমাজ উত্তরণ। ধরা পরেছে বাংলাদেশ এর সেই ভাষা আন্দোলন থেকে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন।

তার মনে হয়েছে এ দেশে তেমন কিছু হয় নি। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস থেকে যা কিছু আজ অব্দি পাওয়া গেছে সেটা সশস্ত্র আর নিরস্ত্র ব্যবহারিক বিষয় আশয়। সেটা নিতান্তই একটা পরিকল্পিত নিরস্ত্র দর্শনের নিরীক্ষণ। সেখানে বাংলার অথবা দেশের বিভাজন ছিলো কায়েমি স্বার্থে বিবেচ্য। 

এছাড়াও যে বিষয়টা তার মনে এসেছিলো সেটা এই অশিক্ষার আঁধারে ধর্মের নামে চৌর্যবৃত্তিয়। আগে এসব বলতে তার ভয় হতো, এখন হয় না শাসকের রোষ তার কাছে আশীর্বাদ। যদি আরো কিছুকাল তাকে সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয়, সে বড় শান্তিতে বই পড়তে পারবে, পাতার পর পাতা অঙ্ক কষতে পারবে। 

:৩:

শংসাপত্র বিহীন যে রাষ্ট্র যন্ত্র সেদিন স্বাধীনতা হিসেবে এসেছিলো, খন্ডিত হয়েছিলো এই ভূখন্ড আজ সেটাই আলোচনার বিষয়বস্তু। রাস্তার পাশে কয়েকটা প্ল্যাকার্ড, কয়েকটা ফেস্টুন টানানো ছিলো। সেখানে উপস্থিত ছিলো গুটিকতক লোক আর যারা ছিলো তারা বক্তা। একদিকে সুষুম্ন অন্যদিকে শশধর। একদিকে এষণা অন্যদিকে সুমনা। না বিপ্লব আসে নি। সে মোহিত এই চলমান ব্যবস্থার পক্ষে।

না সেদিন কোনো আলোচনাই হয় নি। সেদিন প্রশাসক উপস্থিত সকলকে ধরে নিয়ে গেছে। তারা বলেছে এটা রাষ্ট্রদ্রোহিতা। 

সুষুম্ন কয়েদে সবাইকে একসাথে পেয়ে সরব হলো। বললো ক্ষমতার হস্তান্তর বুঝেছো? বুঝেছো এদেশ স্বাধীন হয়েছে বলা হয়, কার্যত এটা ক্ষমতার হস্তান্তর। বললো কোনো একদিন আমাকে তোমরা বলতেই পারো পাপাত্মা, এই শব্দে আমার আপত্তি নেই। যে আত্মা বিষয়টাই মানে না তার কাছে এটা প্রাগৈতিহাসিক এক হাস্যকর বিষয়।

গণিতের মাধুরীতে আমি আগুয়ান, কে রুখবে আমাকে?

আমি শঙ্খচিল এর মতন এই দূর্ভাগা দেশে যদি না থাকি আমাকে ডেকে আনার জন্যে স্বয়ং রামানুজন স্যারও আসবেন না আমি জানি।

থাক এসব। সেই সেকালে সমুদ্র পারাপার ছিলো জাত সংযুক্ত। কালের নিয়মে আজ হয়তো সে নেই, তবুও তাকে আনতে প্রশাসন সক্রিয়।

কি সেই কারণ?

এই প্রশ্নের শেষে সে গারদের দরজায় কড়া নাড়লো। কেউ এলো না, আবার নাড়লো, না এবারও নয় তবে তৃতীয় বার তার কড়া নাড়তে হয় নি।

তাকে এই গরাদ থেকে নিয়ে গেলো কয়েকজন এসে। তারা প্রশাসক হলেও তাদের পোষাক দেখে বোঝার উপায় নেই। 

কয়েদের মধ্যে তখন শুধুই শান্ত এক উত্তেজনা। 

সুমনা কাগজ কলম না পেয়ে মেঝের উপর চোখের জল দিয়ে লিখলো,

দাদা তোমায় আটকাবে আজ কে?

মানুষের এই জন সমুদ্রে,

আমরা ছাড়াও অনেক মানুষ আছে,

তোমার সাথে একই পাতে বাঁচে।।

এই কথাগুলো শশধরের চোখ এড়ালো না। শুধু মনে হলো এটাই আদর্শ, এখানে আমি কে?

এই শশধর কে? 

কোনো এক এনকাউন্টারে অধুনা  মৃত শশধর? না কি নতুন পরিচয় নিয়ে আবির্ভূত সেই আদি অকৃত্রিম সেই এনকাউন্টারে নন ডেথ শশধর যে সেদিন পাল্লা ভারী করার চেষ্টার পরে সামাজিক ভাবে পর্যদুস্ত?

শশধর কে  খুঁজতে গিয়ে, তার বাড়ির অলিন্দ থেকে যে কজন সেদিন প্রশাসকের রোষানলে দগ্ধ তারা আজ আবার নতুন করে সমাজ পরিবর্তনের চিন্তা করে চলেছে এ কথা প্রশাসক জানতো। সেখানে জীবিত-মৃতের মাঝখানে শশধর প্রশাসনের চোখে এক নির্ণায়ক ব্যাক্তি। এষণা বুঝলো শশধর কে এই সংগঠনে আর রাখা যাবে না। 

সুষুম্ন ফিরলো ঠিক প্রখর গ্রীষ্মে শুকিয়ে যাওয়া নদীর রূপ নিয়ে। শরীর তার আর বইছে না। তবুও কিছু কথা না বললে দায়িত্ব এড়িয়ে যাওয়া হবে বুঝে সুষুম্ন মৃদু হেসে বললো, যে ভাবনা তোমাদের আজ সবচেয়ে বেশী ভাবাচ্ছে সেখানে ব্যাক্তি হিসেবে একটা নিরপেক্ষ চোখ দরকার। 

সমাজ পরিবর্তনের প্রক্রিয়ায় এই পরিবেশ অত্যন্ত স্বাভাবিক ও প্রাসঙ্গিক। সেখানে শত-সহস্র মানুষ, লক্ষ-নিযুত তাদের আশা আকাঙ্খা কাজেই সেখানে নির্লিপ্ত মানষিকতার কোনো স্থান নেই। সুষুম্ন বললো, গাণিতিক ভাবে এটা একটা লিমিটিং কনসেপ্ট। এটা এমন একটা চিন্তা যেটা কথায় বললে বলতে হয়, "তুমি যত ক্ষুদ্র ভাবছো এটা তার থেকেও ক্ষুদ্র।" 

সুমনা বললো বড় সুন্দর কথা দাদা, দিদিকে এটা বোঝাতে পারবে?

এই প্রথম এষণার কাছে গণিত শাস্ত্রের একটা উদাহরণ স্বচ্ছ মনে হলো। তার কাছে এই প্রথম স্বশব্দে গণিত পৌঁছলো। আবেগে সে চোখ মুছলো, সুমনাকে আঁকড়ে ধরে বললো, আমি গণিত বুঝতে পেরেছি।

পিছন ফিরে ওরা আর শশধরকে দেখতে পেলো না। আসলে শ' শ' এরকম শশধর আছে প্রশাসক এর রাজমহলে থাকে। তারা বীরবল লয় তারা দূর্বল। দূর্বলতা পেট ভরে খেতে না পাওয়ার বিষয় নয়, বিষয়টা আদর্শ বিষয়ক। সাময়িক বৈপ্লবিক চোখের আড়ালে আরও একটা চোখ তাদের দেওয়া হয়েছে। 

কে দিয়েছে এই চোখ? প্রশাসক। 

কে এই প্রশাসক?

মহাকাব্যের যুগ থেকে নীতিমালায় যা কিছু পাওয়া যায় সেখানে যেমন বিভীষণ ঠিক তেমনই শকুনী। এই দুটো চরিত্রই এস্টাব্লিসমেন্ট এর বিরুদ্ধে আঙুল তুলে নিজেদের লাইমলাইটে এনেছেন। এই আধুনিক সমাজ জীবনেও এর কোনো ব্যাতিক্রম ঘটে নি। 

তবুও বলতেই হয় বিভীষণ যদি বিভীষিকার নামান্তর হয়, শকুনী ও আলাদা কিছু নয়। তার নাম ঠিক গৃধ্র পাখির মতন। চরিত্র সৃষ্টিতে সামাজিক সাজুয্য এক নৈব্যাক্তিক বিষয়। সেদিনের সেই সমাজ দর্পণ আজকের সমাজ দর্পণের সাথে মিলেমিশে একেবারে একাকার। 

সুষুম্নর এই সব কথাগুলো খুব প্রাঞ্জল হিসেবে প্রতিটা কর্মীর কাছে সেদিন পৌঁছলো। 

এরপরে শশধর নামের কোনো কেউ আসে নি। নতুন নামে যে এসেছে তার নাম সূত্রধর।

কে এই সূত্রধর?

:৪:

এই সূত্রধর কোনো ব্যাক্তি নন এটা মানুষের বিবেক। প্রতিদিন, প্রতিনিয়ত পরিচিত পরিমিতি দেখতে দেখতে এই বিবেক বড় ক্লান্ত। ক্রমবর্ধমান মস্তিষ্কের এই রক্তক্ষরণ এক বিবেকের তাড়নায় তাড়িত হয়ে এই সূত্রধর কে পাঠিয়েছে। 

এই সূত্রধর গ্রীবা উঁচিয়ে বলতে চায় একই সূত্রে বেঁধে নেও সহস্র লক্ষ জিবন কে। সে বলে, ধরে নেও পৃথিবীর সব গলিপথ এসে মেলে কোনো এক রাজপথে। গলিপথ গুলো সবার আলাদা হতেই পারে কিন্তু তার যোগসূত্র এই রাজপথ। এই পথকে তোমরা পাষাণী করে তুলো না। তার প্রাণ ফিরেছে অনেক ক্লিচ্ছসাধন এর শেষে, আবার তাকে পাষাণী হতে দিও না।

এ যেনো সেই আলমোরা থেকে নৈনিতালের সুন্দর পায়ে চলার পথ। প্রতিটা রূপ তার অরূপ, প্রতিটা পাথর ঠিক যেন কষ্টি পাথর, আর এই কষ্টিপাথরে ধরা পরেছে অসংখ্য সোনার টুকরো। একেবারে নিখাদ। যেটুকুও খাদ সেখানে আছে অনতিক্রমেই তা আর থাকবে না। এই আজকের আনাচ- কানাচ সূত্রধরের নখদর্পণে। সে জানে স্বাভাবিক রসরঙ্গে এসব এক প্রাতিষ্ঠানিক বিষয়। নানা জাতি, নানা মত, নানা পরিধান সে দেখেছে; সে মিলনও দেখেছে। সে দেখেছে এই সামান্য ব্যাতিক্রম ইতিহাসের পাতায় কতবার সংগঠিত সমাজকে ধ্বংস করেছে। তার বারবার বলতে ইচ্ছে করে এই পরিপ্রেক্ষিতে, এ  দেশের রূপরেখা বদলেছে, ঠিক এই কারনেই বিপ্লবের রূপরেখাও বদলেছে, এ জন্যেই রূপ-সনাতনের তর্ক আজ বিধেয় নয়।

চিন্তায় লঙ্কাকান্ড বাঁধলো। সূত্রধর দেখতে পেলো লোটা কম্বল নিয়ে পালিয়ে যাওয়া, শুনতে পেলো কতিপয় ছদ্মবেশী পরাভূত এই দলের পরিজনেরা ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে আর বলছে " য পলায়তি স্ব জীবতি।"

এই প্রথম সুষুম্নর কন্ঠরুদ্ধ হয়ে পরলো। যতসব গণিতের বিষয় নিয়ে এতকাল সে চলেছে সেখানেও সে খুঁজতে বসলো ভুল নিয়ে। 

সে বুঝলো সবাই যা সহজে বুঝতে পারে না এটাই ছিলো তার এড়িয়ে যাওয়ার সম্বল। কোনো এক বিবেক তাকে চ্যালেঞ্জ করেছে সূত্রধর নাম নিয়ে। মনে হলো জেলের মধ্যে সুখে ছিলাম কথাটা নিপাট এক বাজে কথা।

জীবন কখনোই জেলবন্দী অবস্থায় ভালো থাকতে পারে না এ কথা এই বিবেক বুঝতে পেরেছে। বড় সহজ এক রাজনৈতিক বালখিল্যতা এই সূত্রধর নাম ধারী বিবেক সমাজের সামনে আনলো সুষুম্নর পরিপন্থী হিসেবে। 

:৫:

কথা নয় অন্যমনস্ক ভাবে এই বিবেক এর শেষ কথাগুলো এষণা শুনছিল। খুব কষ্ট হচ্ছিল এই কথা ভেবে সুষুম্ন তুমিও? 

না সুমনাকে সে কিছু বলে নি। সে জানে এ কথা সুমনার কানেও পৌঁছেছে। বড় লজ্জা লাগছিলো এ কথা ভেবে যে সমাজ পরিবর্তন নিয়ে সুষুম্ন আমাদের সাথে নেই? সে ভাবছিল আমাদের গণিত শাস্ত্রের কেওসের কথা বলে রাজনৈতিক বিভ্রাটে ফেলেছে?না এটা মেনে নেওয়া যায় না।

বাড়ির দরজায় কড়া নাড়লো কেউ। উপর তলা থেকে নিচে আসতে কিছু সময় লাগলো। অবাক লাগলো সুষুম্ন আর সুমনাকে এক সাথে দেখে। এষণা দরজার তালা খুললো না। দরজার ওপার থেকেই বললো, কাল এসো। সুষুম্ন এষণার চোখ থেকে চোখ ফিরিয়ে নিলো। সুমনা বললো আমাকেও ফিরিয়ে দিচ্ছো দিদি?

সুমনাকে সে ফেরায় নি। সে বলেছে আর ছায়ার সাথে যুদ্ধ নয়। এ যুদ্ধ আত্মার সাথে, সে হয় পরমাত্মা অথবা পাপাত্মা।

সুষুম্ন ভাবলেশহীন ভাবে হাত-পা ছুড়ে প্রলাপ শুরু করলো। সে বললো আমি সোনালী ডানার চিল। বললো তোমাদের এই চিল চিৎকারে আমি আজ চললাম তোমাদের বিপরীতে, দেখি তোমরা কতদূর এগোতে পারো।

সুমনা বললো গেট আউট, এষণা বললো গেট লষ্ট।

সূত্রধর নামের সেই বিবেক প্রশ্ন করলো এই বার করে দেওয়া আর হারিয়ে যাওয়ার মধ্যেই মানুষের জীবন স্থিত। এই জীবন আর মৃত্যু শারীরিক। ওটা ওই মানুষের দেহের পর্যায় ক্রমিক কোনো এক বাস্তবতা। প্রশ্নটা অন্যখানে অন্য মাত্রার। কিন্তু এই দার্শনিক শব্দ চয়নে কারোর মন আর নেই। 

এ যেন সেই সুরের সখ্যতায় ললিতের সাথে পূরবীর সেই সব মিল, যা না চিনলে বিশাল এক পার্থক্য মনে হয়। উভয়েই উচ্চ মার্গিক তবুও পথ নির্বাচন পূর্বাঙ্গ আর উত্তরাঙ্গের এক নয়। কারন একজন সূর্যোদয় আর একজন সূর্যাস্তের সাথে সাথে সুর সম্মৃক্ত।

সুষুম্ন পিছন ফিরে নিজের উপলব্ধি প্রকাশ করলো আবৃত্তির বোলে। 

"দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল!," 

কিন্তু কে তিষ্ঠবে?!

:৬:

শাল-মহুয়ার জঙ্গলের সৌন্দর্য শুধু জঙ্গলে নয়, পুস্তকের পাতায়ও তা পাওয়া যায়। উপলব্ধি বিষয়টা আজ অত্যন্ত বিবেচ্য। পাতার পর পাতা পড়া আর ওই বনজঙ্গলে পাতার উপর বসে প্রকৃতিকে কাছে পাওয়া একটু আলাদা। শুকনো পাতার উপর দিয়ে সরীসৃপের চলা ফেরা দেখা আর বই এর পাতার বর্ণনায় পাতার খসখস শব্দ কথাটা একটু অন্য মাপের। একটা প্রকৃতিকে দেখা অন্যটা তার উপলব্ধির প্রকাশ। 

আসলে ক্ষুধা স্তিমিত না হলে যেমন প্রকৃতি দেখতে পাওয়া যায় না ঠিক তেমনই পাতার পর পাতা পড়েও উপলব্ধি তে কিছু সারা মেলে না। 

এই ক্ষুধা জীবনের মূল প্রতিপাদ্য এ কথা কে বোঝে? আসলে বইয়ের পাতায় চোখ রেখে চলা দের সাথে প্রকৃতির কাছে পৌঁছানোদের যে দ্বন্দ সেটা এক স্রোতে তখনই এসে মেলে যখন জীবনের মূল প্রতিপাদ্য মানুষ বুঝতে পারে। 

আরো একটা কথা না বললে খামতি থেকে যায়; সেটা ক্ষুধা আর সুধার মধ্যে বৈরিতা। ঠিক যেন ক্ষুধা আছে প্রকৃতিতে আর সুধা আছে পুস্তকে। 

এই ধারণা কোথা থেকে এসেছে? নিশ্চয়ই আকাশ থেকে আসে নি? 

তবে কোন দৈবের প্রভাবে সমাজ আজ এভাবে প্রভাবিত? জেলখানার বাইরে এসে সুষুম্ন যখন একা হয়ে পরলো, সে নিজেকেই প্রশ্ন করলো। না উত্তর মেলে নি। এই প্রশ্ন তাদের দরজায় ও কড়া নেড়েছে যারা ওই সুষুম্ন কে নানান শব্দবন্ধে বর্জন করেছে। তারাও উত্তর পায় নি। এক গ্রহান্তরের মানুষের মতন হাতরে বেড়াচ্ছে তারা সকলে। এ ঠিক নিজেকে নিজে খোঁজার মতন। 

সূত্রধর আড়াল থেকে এসব দেখছিলো। সে বললো, বলুনতো এভাবে কে নিজেকে খোঁজে? কি উত্তর পায়?

সুষুম্ন বললো, উই এর ঢিপির উপরে বসে যে ভূকম্পন আমি বুঝেছি সেটা কে বোঝে? 

এরকম একটা উত্তর সূত্রধর ভাবেনি। সে বললো একদিন একসাথে না হয় ওই ঢিপির উপর বসে কথা বলবো।

সুষুম্ন বদান্যতায় অভ্যস্ত নয়। সে বললো থাক এ সব গৃহপালিত আশা আকাঙ্খা। দাঁতগুলো আজ বড়ো নির্বিষ।

এর পর সূত্রধর আর কিছু বলে নি।

নিয়ামক ভাবে সমাজ উত্তোরণে কখনো কোনদিন দর্শনের অভাব হয় নি, অভাব ছিলো চলার পথ চরিতার্থের। এ বিষয়টা মহাকাব্যের যুগে যেমন ছিলো, আধুনিক যুগেও তার ব্যাতিক্রম হয় নি। জ্ঞান-প্রজ্ঞা চিরকালই অবজ্ঞার স্বীকার হয়েছে সাধারণ মানুষের স্বল্প মেধার কাছে। এর ফলে প্রজ্ঞাবান দের  স্থান হয়েছে হয়  ক্রুশেড-গিলোটিনে নয়তো ফায়ারিং স্কোয়াড অথবা ফাঁসির দড়িতে। ইতিহাস সাক্ষী আছে।

রামায়ন-মহাভারতের যুগে বনবাস-অজ্ঞাতবাস ছিলো আর এ যুগে আছে কারাবাস। সেই সামন্ততন্ত্রের যুগে যে মানবিকতা ছিলো এই আধুনিক সভ্যতায় সেটা নেই। সে যুগে সরলতা-বর্বরতা দুটোই ছিলো আর এ যুগে শুধুই বর্বরতা আছে।

মহাকাব্যের যুগের পর বর্বরতার প্রথম পাঠ সেই ক্রুশ বিদ্ধ যীশুখ্রিষ্ট থেকে শুরু হয়েছিল আজও সেই বর্বরতাই চলছে। 

কি বলবে সমাজ? কি বলবে স্তন্যপরা?

:৭:

এষণা মনে করতো স্বল্পায়ু হলে কিছু করে যেতে হবে। এখন তেমন মনে হয় না। মনে হয় এইতো সেদিন বাবার হাত ধরে পাহাড়ে ঘুরে এলাম, এর পরে চললাম সমুদ্রে। ক্রমে ক্রমে বড় হলাম, সঙ্গি সাথি বাড়লো, বেশ স্বাধীন হলাম। সবাই একসাথে এক পাতে খেতে শিখলাম কোনো এক আদর্শকে বুকে নিয়ে। এই আদর্শের উত্থান সুষুম্নর হাত ধরে। একে একে শশধর, সুমনা, বিপ্লব সবাই এসেছে। জনারণ্যে ভাসতে ইচ্ছে হয়েছিল। বেশ চলছিল জীবন আর জিজ্ঞাসা। সমাধান হচ্ছিলো তড়িৎ গতিতে। এরপর একদিন ফিরে এল একাকিত্ব তখন সে ছিলো কারাগারে। সে মুক্ত হলো অথচ হারিয়ে গেলো এক নিমেষে। যার হাতে হাত রেখে এই স্বপ্ন দেখা সে হাত ছাড়ে নি। হাত ছেড়েছে সে নিজে। কিছুতেই বুঝে উঠতে পারছেনা কি ভুল ছিলো সুষুম্নর। শশধর আগন্তুকের মতন এসেছিলো সুমনাকে সাথে নিয়ে। সুষুম্ন ভালোবেসেছিলো। কোনো এক মানষিক প্রলয় সেদিন শুধু এক সন্দেহের আবহে সুষুম্ন কে ভুল বুঝেছিলো। এরপরে বুকিস আর বাস্তবের সংকটে কি যেনো কি হয়ে গেলো। গেট লস্ট কথাটা আজ বড় বুকে বাজছে। চোখ বাধা মানছে না। 

সমুদ্র, পাহাড় আর জঙ্গল পার করে এই কোলকাতায় জাহ্নবীর তীরে বসে ওই বিদগ্ধ গণিতজ্ঞের কথা আর একবার  মনে এলো। ইচ্ছে হলো একটা ফোন করতে, উত্তর মিললো this number does not exist. 

বাড়িতে ফিরে সে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে প্রশ্ন করতে। প্রতিচ্ছবিতে ধরা পরলো দুটো মুখ। সুমনা কখন এসেছে সে জানে না।  কান্নায় সে ভেঙে পড়লো। হায়রে চিঠি পৌঁছতে যে সবার বাড়িতে যায়, কে তার খবর রাখে?

ওই যে নিপাতনে সিদ্ধ যে বলেছিল সে'ই এখন প্রত্যক্ষ। পরোক্ষে অনেক কিছু আছে  যা সব অশুদ্ধ। এই যে শুদ্ধ আর অশুদ্ধ নিয়ে বাক্য ব্যায় হচ্ছে সেটা শুধু বাক্য নয়। এটাই ফোকাস,‌এটাই কনসেন্ট্রেশন।

এই সমাজের স্বার্থে কিছু বলা, সমাজকে সাথে নিয়ে নিজের ব্যাক্তি অস্তিত্বকে তেজুড়িতে বন্দি রেখে চলা সমাজ উত্তরণের প্রথম পশচুলেট। এই পশচুলেটের সংখ্যা ক্রমবর্ধমান হওয়াটাই নিয়ম আর এই নিয়ম নিষ্ঠা রক্ষার তাগিদ সুষুম্নর ছিল। তবুও তাকে ধরে রাখা গেলো না। এই দায় সুমনার ঘারের উপর বড্ড চেপে বসেছে। হয়ত এ জন্যেই চোখের জল আর মনের কষ্ট দেখে মনে হয়েছে আসল অ্যানার্কিষ্ট তার শশধর।

সামন্ততন্ত্রের প্রভাব নিরন্তর। তাকে ত্যাগ করা অথবা কাটিয়ে ওঠা বস্তুত অসম্ভব। এর পিছনে যে সত্য লুকিয়ে আছে সেটা সংস্কৃতি। আমরা মন খুলে গান গাইবো না? দেবী দূর্গার আসা-যাওয়ার ঢাকের বোল ভুলে যাবো? ঈদের সময় কিংবা বিজয়ার কোলাকুলির যে মানবিক বন্ধন সেটা ডাষ্টবিনে ফেলে দেবো? চন্দ্রগুপ্তের রাজসভার রত্ন বিক্রমাদিত্য  কে বাদ দেবো? আকবরের বীরবল কে এই প্রজন্ম তা জানবে না? 

না এমন ভাবনা ঠিক নিজের মৃত মা- বাবাকে ভুলে যাওয়ার সমান। সুষুম্ন এ কথা বারবার স্মরন করে গেছে আর এষণাও সেই পথের পথিক। 

নানান প্রসঙ্গ এসেছে, পুঁথি পড়াও বেড়েছে। আধুনিক সভ্যতায় এই প্রসঙ্গ কখনো আলোচ্য বিষয় হয়ে ওঠে নি তাদের উঁচু গ্রীবার কারণে। প্রথম বিশ্ব বলে যে স্বীকৃত দেশ দশ আছে সেখানে এদেশ নেই। ওই লুঠেরা ভয় পায় এই সংস্কৃতি কে। কাজেই নিপাট সভ্য মনুষ্য সভ্যতার প্রকাশ আমাদের ভূ-ভারতের এই ঐতিহ্যকে এক মিলিমিটার জায়গা দিতে চায় না। সুষুম্ন সেই জায়গাটা ফিরে পেতে চেয়েছে আর সেখানেই দ্বন্দ। বুকিস শব্দের আড়ালে আসল সত্যিটা এই প্রথম এষণা বুঝলো।

:৮:

বিভেদের সমস্ত রণতরী সেদিন একই পোত এ নোঙর বাঁধলো। সৈনিকেরা নিরস্ত্র। যে অস্ত্রে তারা বলিয়ান সেটা তাদের শিক্ষা। শিক্ষাকে যারা ভয় পায় তারা শিক্ষিতের বিরুদ্ধে শিক্ষিত দের উদ্বুদ্ধ করে। এই বিষয়ে তাদের যা উদ্দেশ্য ছিলো সেটা অসফল। এ যেনো বিপ্রতীপ ভাবে এক যাত্রায় পৃথক ফল। 

মাঝি-মল্লা সকলেই এক সাধারণ হাসিতে ভরিয়ে তুললো এই বাণিজ্য পোত। প্রশাসক বুঝতে পেরেছে যা হয়েছে তা অলাভ বাণিজ্য শুধু কেচকেচানি সার। কিন্তু প্রশাসকের আর পালাবার পথ নেই। 

আসলে এই দীর্ঘ লড়াইয়ে যে ফসল ফলেছে সেখানে কৃষক, মজুর, শ্রমিক, শিল্পী, সাহিত্যিক, ব্যুরোক্রাট, সৈনিক, মন্ত্রী, সান্ত্রী সবাই এক সাথে এক পথে এসে হাজির হয়েছে। 

প্রশাসক হারমানাহার গলায় পরিয়ে দিয়ে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। আনন্দের জনজোয়ার এসেছে দেশে। সবাই বুক বাজাচ্ছে, শাঁখে ফুঁ দিচ্ছে, ঢাক পেটাচ্ছে, ঢোল বাজাচ্ছে, উদাত্ত্ব কণ্ঠে গান ধরেছে শিল্পিরা, আকাশের দিকে তাক করে বন্দুকে ট্রিগার টিপছে সৈনিক, হামাগুড়ি না শেখা বাচ্চাগুলো দিব্বি আছে চুষি কাঠি মুখে নিয়ে, হাত পা ছুঁড়ছে।

যখন ঘুম ভাঙলো তখন ভোরের পাখিরা জাগে নি। এষণা বুঝলো অবচেতনে সে অলৌকিক কিছু ভাবে আজকাল। যা হওয়ার তাই হোক এই ভাববাদী কোনো এক সমস্যায় সে জড়িয়ে পরেছে। সে জানে এটা তখনই হয় যখন পরিশিষ্ট হিসেবে পরে থাকে ব্যাক্তি স্বার্থ। 

এষণা নিজেকেই প্রশ্ন করলো, কেনো এমন একটা স্বপ্ন এলো মনে? তবে কি আমি আর সেই আমিতে নেই?

এই প্রথমবার তার মনে হলো বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগান তুললেই সে দীর্ঘ জীবন পায় না, এর জন্যে রসদ লাগে। সেই রসদ দুপক্ষের হাতের স্পর্শে আসে। সেখানে শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ বলে কিছু হয় না। এ হলো সর্বসাধারণের মনের কথার নির্যাস। সামগ্রিক ভাবে ঘুন ধরা কাঠের সাথে সমস্ত কাঠ এক হয়ে গিয়ে সমস্যা তৈরী করে। সেই বিতর্কে না গিয়ে তাত্ত্বিক আর সমাজে বিচরণকারী মানুষকে এক হতে হবে। 

আসলে নগর সংকীর্তনের যা কিছু কথা মুখে মুখে ফেরে সেটা কোনো এক ব্যাক্তির সমাজ দর্শনের উপলব্ধি। তাকে বাদ দিয়ে সমাজ এগোতে পারে? না পারে না।

এই স্বগোতক্তি তার উপলব্ধির মধ্যে নতুনভাবে স্থান পেলো। আনন্দ সে একার কাছে সীমাবদ্ধ রাখতে পারলো না। প্রথমে সুমনা এর পর এক এক করে সকলের জীবনের দৈনন্দিন বাগিচায় ফুটে উঠলো।

কচি আখ আর বুড়ো আখের পার্থক্যের স্বাদ এই প্রথম তার মনে এলো। তার মনে হলো রাজনৈতিক স্বাদ ওই বুড়ো আখের রসের মতন। সে নোন্তা থেকে মিষ্টি হয়েছে এই প্রকৃতির বুকে। তাকে উপেক্ষা করার অর্থ নিজের মা-বাবা কে ভুলে যাওয়া।

শুরু হলো শেষের শুরু। কাব্যিক ভাবে বললে বলতে হয় " শুরু হলো শেষ বজ্রপাত, নামিল আঘাত।" সেই আঘাত উপর্যূপরি ভাবে জনতার দরবারেও পৌঁছলো। শুরু হলো ভীম ও দুর্যোধনের গদা যুদ্ধ। অনৈতিক ভাবে সেদিন যা যা ঘটেছিল তার প্রতিফলনের অভাব ঘটলো না। শুরু হলো সমাজের বুকে ধর্ম আর অধর্মের সংজ্ঞা নিয়ে বাস্তব বাগীশদের যুদ্ধ। এই যে 'যদা যদা হি ধর্মশ্চ.....' সেই দুর্নীতির অনুকম্পার পক্ষে অবিসংবাদিত চরিত্র শ্রীকৃষ্ণ ম্রিয়মান হয়ে পরলো আধুনিক সভ্যতার শিক্ষার কাছে। বন্ধ হলো সেই স্তুতি " হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।"  না শ্রদ্ধা নয় এ ছিল এক ভয় মিশ্রিত  শ্রদ্ধার  বাতাবরণে শ্রদ্ধা জ্ঞাপন।

মনুষ্যত্বের জন্ম হয়েছে এই একালে। সেই সেকালে পশুত্ব থেকে উন্মুক্ত চেতনাকে বলা হতো উন্নত চিন্তা। সেখানে যেটুকু পশুত্ব ছিলো তাকে অনুসরণ করে ধর্মের নাম নিয়ে কতিপয় কচি রাজনীতিক ওই সব পুরাতন বাক্যকে আধুনিক সমাজে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লম্বা দাড়ি-চুল রেখে,  নগ্ন শরীরে কাঠ জ্বালিয়ে অথবা ওই পুরাতন পোষাক পরিচ্ছদে নিজেকে দেবতার আসনে বসিয়ে, এই মূর্খ দেশবাসীকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনায় মত্ত হয়েছেন। এ কি সম্ভব?

হ্যাঁ সম্ভব।

সম্ভবের পুরোভাগে অর্থের অনর্থ দন্ডায়মান। আর পিছনের সারিতে দাঁড়িয়ে এই সুষুম্ন, এষণা, সুমনা ছাড়াও অনেকে আছেন। কথিত আছে সমাজের উন্নয়নে একপাল ভেড়ার থেকে একটা বাঘ থাকা বেশি কার্যকরী। 

সমাজ সে কথা সামাজিক পরিসরের সাপেক্ষে ক্রমশঃ বুঝে উঠতে পারছে। ফল ফলছেও বিস্তর। সেই ফল আজ তার বীজ  তৈরী করেছে এক আধুনিক দর্শন। সেখানে অতীত কে বিসর্জন দেওয়া হয় নি বরং তারা সেই শিক্ষায় সমৃদ্ধ হয়েছে। 

আর এই আধুনিক দর্শনকে যারা ত্যাজ্য  করেছেন তাদের শরীরের উত্তাপ বেড়ে উঠছে। কোনো এক কালাজ্বর তাদের মৃত্যুর ভয় দেখাচ্ছে। ওষুধ থাকলেও পুরোনো বিশ্বাস তা খেতে চায় না।

আধুনিক সভ্যতায় শত্রুর শত্রু আমার মিত্র এই বাক্য যে দিন থেকে সমাজের গহ্বরে প্রবেশ করেছে সে দিন থেকেই মনুষ্যত্বের মৃত্যু হয়েছে রাজনীতিতে।

থাক এসব কথা। শুধু ভবিষ্যতের কাছে জানাতেই এত কথা।

:৯:

তিনি নাম রেখেছিলেন দেবতার গ্রাস। সে দেবতা আসলে প্রকৃতি। তার কাব্যের সামান্য কিছু না লিখলে বিষয়টা উপলব্ধ হবে না সেজন্যেই লিখছি। সেই কোন্ এক মোক্ষদা যিনি পূণ্য লোভাতুর। তিনি দাদা ঠাকুরের সাথে পূণ্য অর্জন করতে সাগর মেলায় যেতে চান। তারপর?

না এটা দেবতার গ্রাস নয়, এখানে মোক্ষদাও দোষী নন। তাহলে দোষী কে? 

এর আসল কারণ নৌকোর বহন ক্ষমতার থেকে অনেক বেশি ভর নিয়ে সে মোহনায় এসেছে। মাঝি অকুতোভয় বলে এই অতিরিক্ত ভর নিয়ে অন্তত একবারের জন্যে বিখ্যাত কোনো এক মানুষকে নির্বোধের মতন মেনে নিয়েছেন। দোষী কোনো এক বিদ্যে বোঝাই বাবু মশাই। 

না ললাটের লিখন বলে কিছু নেই। কে কার ললাট পড়ে দেখেছে? যে পড়েছে তার ললাট কে পড়বে?

বাস্তবের সাথে থাকা মানুষ বা ব্যাক্তিরা এভাবেই ভাবে। স্বীকৃতি মেলা বা না মেলার পরোয়া করে না সে।

কে এই সে? সে সুষুম্ন।

সুষুম্নর ধ্যান জ্ঞান কিছু শব্দকে অসম্মান করে। প্রথম শব্দ নিরপেক্ষ দ্বিতীয় শব্দ কুসংস্কার। সে মনে করে এই শব্দগুলো সুবিধার স্বার্থে তৈরি হয়েছে। যদি এই দুটো শব্দ স্বয়ং বিদ্যাসাগর মহাশয়ের মস্তিষ্কপ্রসূত হয়ে থাকে সেটাও গ্রহণযোগ্য নয়। সভ্যতার বিচারে নিরপেক্ষতার কোনো স্থান নেই। এটা শুধুই একটা পরিকল্পিত অসামাজিক শব্দ। এর মূলে যে কথা বলা যেতে পারে, সেটা হলো এই শব্দ বস্তুত মূল্যবোধ হীন বিষয় বস্তুর নিরিখে শুধুমাত্র বাচিক। যেমন বৃহন্নলা হাততালি দেয় ঠিক তেমন বক্তৃতার শেষেও হাততালি পরে।

কি পার্থক্য এই করতালির?

এই প্রথম এমন একটা শব্দ বিপর্যয় শুরু হলো। সুষুম্নর হৃদপিন্ড হৃদি হলো আর সমাজ সহৃদয় হয়ে পরলো শুধুমাত্র সুষুম্নকে বাঁচিয়ে রাখতে। অন্যেরা হাত রাখলো সুষুম্নর হাতে।

:১০:

অনেক সময়ের পরে এক ক্লান্ত প্রাণ অক্সিজেন এর স্বাদ পেলো। তত্ত্বের প্রভাব সামান্য হলেও প্রতিষ্ঠিত হল। প্রাতিষ্ঠানিক বিষয়ে তাত্ত্বিক মানুষকে উচ্ছিষ্টের পর্যায় থেকে সামান্য পরিমাণ হলেও উন্নত পর্যায়ে বসার একটা আসন ছাড়া হলো। 

অশিক্ষার প্রভাব রাজনীতিতে পরাটাই দস্তুর। শিক্ষার প্রসারের সাথে সাথে তত্ত্বের গ্রহণ যোগ্যতা বেড়ে ওঠে এ কথা মূর্খ দেশবাসী এই প্রথম নতুন ভাবে বুঝে সমাজের জঠোরে স্থান দিলো এটাই এক প্রাপ্তি।

এটা ঠিক যুগ পরিবর্তনে শিক্ষিত মানুষকে সামাজিক ভাবে কিছু জায়গা ছাড়তে বাধ্য করা। অতীতে এমন দৃষ্টান্ত এদেশে দেখা যায় নি। এর বিপরীত দেখা গেছে সেই রেঁনেসার যুগ থেকে। সেখানে রামমোহন রায়, বিদ্যাসাগর মহাশয় যেমন ছিলেন, ছিলেন সুভাষচন্দ্র। কোনো এক ব্যাতিক্রম এই প্রথম। দেশবন্ধুর প্রয়াণে কোনো শূন্যতা আসেনি, কারন সুভাষচন্দ্র ছিলেন শিষ্যের মাটিতে শিক্ষার আধারে। এর পরে বিদগ্ধ সুভাষ প্রতিবাদ করেননি। তিনি পাশে যাদের পেয়েছিলেন তারা উন্মুক্ত বাতাস পেয়েছিলেন শুধুমাত্র ওই সুভাষের শিক্ষায়।

শিক্ষাকে স্বীকার করার প্রক্রিয়ার সেটাই শুরু। এক দিকে গান্ধী উল্টোদিকে সুভাষচন্দ্র। সেদিনই সভ্যতা প্রথম শিক্ষার স্বাদ পেয়েছিলো।

এর পরে কুঁহু কুঁহু কোয়েলিয়া গান ও মহুয়ার রসে আচ্ছন্ন হয়ে পরেছিল অনেক মানুষ সুর ও শব্দে। এই সুর ও শব্দের যারা মসিহা হিসেবে মাথা দোলাতেন সেই সব মাথা দোলানো নির্বোধদের বুঝে উঠতে কিছু সময় নষ্ট হলেও শেষ পর্যন্ত ওই সব ব্যাঘ্রাচার্যদের তারা চিনতে পেরেছে। 

এটাই আসলে সমাজ উত্তরণের প্রাথমিক শিক্ষা। সুষুম্ন আত্মস্থ করলেন এই সামগ্রিক সমর্থন পেয়ে। বললেন সমাজ যেমন পরিবর্তিত হয়, হয় শিক্ষাও। 

এ ঠিক ব্যাধের হাত থেকে বেদ এর নিষ্ক্রমণ, এই প্রথম হেগেল, মার্কস এবং অসংখ্য যুক্তিবাদী শিক্ষিত মানুষের নিষ্ক্রমণ মূর্খের সমাজ সংক্রমণ থেকে। 

না আনন্দ নয়, উচ্ছাস নয়, শুধু উপলব্ধি। শিক্ষার মোদ্দা কথা হলো শিক্ষার নিরিখে সমাজ সংস্কৃতির উপলব্ধি।

পথিক যেমন পথ হারায় ঠিক তেমন পথ হারানো বিপ্লব পড়তে বসলো। তার প্রথম শিক্ষা পথের দাবী থেকে। সেখানে এই সমস্ত প্রাঞ্জল বিষয় আসয় ছিলো না। শুধু এক বিপ্লবের পথে প্রতিবিপ্লবী ছিলো সুমিতার সাথে। সেদিন সমস্ত বৈপ্লবিক পরিবর্তন স্তব্ধ হয়েছিলো কোনো এক ব্রজেন্দ্রর নপুংসক কল্পনার কারনে। যখন সেই পৌরুষ নির্বাসিত হলো উপস্থিত হলো ক্রোধ, লোভ আর মোহ।

এই আধুনিক যুগেও এমন হয়। শুধু পার্থক্য একটাই , তখন ভুল সংশোধনে সময় লাগতো বিস্তর আর এখন?

এখন সময়  জীবন জীবিকার মধ্যমনি। বিপ্লব কখনোই তার পরিপন্থী হতে পারে না। যদিও তাপ এর ব্যাতিক্রান্ত সম্প্রসারণ নামের একটা শব্দ আছে পদার্থ বিদ্যায়। সেই সম্প্রসারণ কে সাথে নিয়ে কোনো এক প্রশাসক  রাজনৈতিক কর্মযজ্ঞ চালিয়ে চলেছে অসামাজিক ভাবে।

মানুষ এর পরে আর উত্তর চাইবে। এটাই তার শিক্ষা। সে যুগে কারবারিরা তিমিরে থাকতো, রাজনীতিকেরা থাকতো সূর্যালোকে। এখন ঠিক তার বৈপরীত্য। এখন কারবারির আলোকে আলোকিত হয়ে অন্ধকার জগৎ রাজনৈতিক ব্যাক্তি বর্গের বাসস্থান হয়েছে আর কালো রঙের উপরে প্রলেপ দিয়ে দিব্বি দিনের আলোয় আলোকিত কালা কারবারিরা।

হায়রে মানুষ! এখনো পেঁচারা অশ্বত্থের ডালে বসে খুঁজে চলেছে সেই লাশকাটা ঘর। সেই ঘরে মৃত মানুষেরাই সমাজের কথা বলে পচা গন্ধের আড়ালে।

:১১:

সুষুম্ন দধীচি মুনির উপাখ্যান নিয়ে এই প্রথম ভাবতে বসলো। কে এই দধীচি? তার পরিচয়ের আগে তার শক্তির উপাদান বুঝতে বসে বড় অসহায় লাগছিল। তার মনে হয়েছিলো এতো মুনি নয়, এ মানুষের রক্ত, মাংস আর হারের স্বাদ। 

মুনির নামের আড়ালে সেদিন ওই বিদ্রোহী কবি বলেছিলেন বাষ্প শকটের কথা আর এখন সুষুম্ন শ্রমের মূল্যের নিরিখে সম্পদ বৃদ্ধি দেখতে পায়। সে বলতে চায় তোমার শ্রমের মূল্যে আজ যারা সম্পদশালী হে মানুষ তুমি কি তাদের?

যারা ক্ষুধাতুর তারা প্রতিবাদ এ নেই, যারা ক্ষমাতুর তারা শুধু ক্ষমা করতে বলে, আর যে গরু গুলো হাল না বেয়ে শুধু গুঁতোয় তারা বললো, পারবে আমাকে ছুড়ে ফেলে দিতে? 

সুমনা বললো সোজা কথা বলতে পারো না? এষণা বললো আসলে ওর হৃদয় পাঁজরের নিচে থাকে না, ওটা থাকে ওর মাথার খুলির মধ্যে। সেখানে কে পৌঁছাবে?

ছায়াপথ ধরে যেদিন মানুষ অন্ধকার পথে চলতে শিখেছিল সে বুঝেছিল নিশ্চয়ই কোনো আলো পরোক্ষ ভাবে পথ দেখাচ্ছে। সুষুম্নর কথাগুলো বিপ্লবের কাছে ঠিক তেমন মনে হলো। তার আরো মনে পরলো এই যে গ্রহ -তারারা লক্ষ কোটি যোজন দূরে মিট মিট করে জ্বলছে তাদের মনে রাখার জন্যেই এই ছায়াপথ তৈরী হয়েছে আর এই পথ ধরেই উপরে ওঠার সোপান। সেই সোপান সুষুম্ন দেখতে পায় আর অন্যদের মনে হয় এ এক হেয়ালি। 

সুষুম্ন বললো মাথা তুলে চলার ইচ্ছেই মানুষে আসল সত্ত্বা। সেই সত্ত্বা কে বাঁচিয়ে রাখার চেষ্টা থেকেই মানুষ বিপ্লবী হয়ে ওঠে। যে বৃহত্তর সংখ্যার জনতা সর্টকাট পথে পা বাড়ায় কখনো না কখনো তাকে মুখ থুবড়ে পরতেই হয়। সেই অতীত থেকেই এই পরে যাওয়া আবার উঠে দাঁড়ানোর প্রক্রিয়া চলছে। আর এই উঠে দাঁড়ানোর পিছনে যে শক্তি কাজ করে সেটাই শিক্ষা। 

প্রত্যেক যুগেই তাত্ত্বিক মানুষকে দাগিয়ে দেওয়া হয়ে এসেছে এবং আজকেও তার অন্যথা ঘটছে না কারন এই সম্প্রদায় চিরকালই সংখ্যালঘু। প্লেটো, সক্রেটিস বা গ্যালিলিও এ জন্যেই যেমন পথ দেখিয়ে ত্যাজ্য হয়েছিলেন সমকালীন জনতার বৃহৎ অংশের কাছে ঠিক তেমনই অনেক যুগ পরে মানুষ তাদের বুঝেছে এবং সত্য মান্যতা পেয়েছে। তবুও এ কথা এখন না বললেই নয় শিক্ষা যাদের কাছে নেহাতই একটা পন্য তারা সমাজকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবতেই ব্যাস্ত। এই ভাবনার মধ্যেই আজও বেঁচে আছে মানুষের সেই এ্যনিমাল ইন্সটিংক্ট। এ জন্যেই মানুষে মানুষে এই বিভেদ, অসাম্য আর লড়াই। অভিযোজন এর শেষ লগ্নে আজও আমরা পৌঁছতে পারিনি, যেদিন সেখানে পৌঁছব সেদিন সার্থক হবে এই মানুষ শব্দটা।

সকলে এক মনে সুষুম্নর কথাগুলো শুনছিল। এষণা এই প্রথম গাণিতিক কাঠিন্যের আড়ালে এক যুক্তিবাদী দার্শনিক হিসেবে সুষুম্ন কে খুঁজে পেলো; বিপ্লব পেলো পথ চলার শিক্ষা;  শশধরের অলৌকিক ছায়া অশ্রদ্ধার যূপকাষ্ঠে রেখে শ্রদ্ধা জ্ঞাপন করলো আর সুমনা তখন গরম চা বানিয়ে সবাইকে পরিবেশনে ব্যাস্ত হয়ে উঠলো।

:গ:

:১: 

বিপ্লব জীবন জীবিকার স্বার্থে একটা চাকরী নিয়েছে। নিয়ম অনুযায়ী দশটা- ছটার ডিউটি হলেও যাওয়া ফেরা মিলিয়ে বারো তেরো ঘন্টা লেগে যায়। হিঁদু ঘরানায় ব্যাপটিষ্ট এর মতন জীবন যাপন। অর্থশালী হলে এই সব থাকতো চিন্তার বাইরে। নেই বলেই সমস্যা। মরদেহকে এখন প্যারিসেবেল আইটেম বলা হয়। সেখানে মৃত মাছ, মৃত পশু আর মৃত মানুষ একগোত্রীয়। অথচ দেহদান করে যে প্রাণী সে নাকি মানুষ? আজকাল মরা কাঁকড়া ধর্মপ্রাণ হয়ে উঠেছে। কারন কাদা মাটিতে গর্ত খুঁড়েও তারা বাঁচতে পারে না। মানুষেরা সতত তাদের মাংসের স্বাদে লোলুপ। বিপ্লব এসব বুঝেছে এই মাছের আড়তে চাকরী নেওয়ার পরে। এই চাকরীতে এসে সে শিখেছে মাৎসন্যায় যুগের ইতিবৃত্ত। বড় মাছের পেট কেটে যখন অসংখ্য ছোটো মাছ গুলোকে সে দেখে তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। সে দেখতে পায় অসংখ্য বিপ্লব মরে পরে আছে কোনো এক পেটের ভিতরে শুধুমাত্র পেট চালানোর জন্য। তবুও তার পেট ওই সব পেট এর পেছন ছাড়ে না। একদিন হাপর থেমে যায়, কয়লা নিভে যায় পরে থাকে কিছু ছাই। 

আশ্চর্য লাগে তার। মনের মধ্যে যে অসহায়তা সে অনুভব করে সে কথা সে গোপন করে না। সে চিৎকার করে বলে দেখ্ বড় মাছের পেটের ভিতরে কতো ছোটো ছোটো মাছ। সে বড় মাছগুলোর যখন পেটটা কাটে তখন পাগলের মতন হাসে আর বলে এত খেয়েও জালে জড়িয়ে গেলি? শেষ খাওয়াটাও তোর হজম হলো না। এর পর সে বাঁশি বাজায় ঠিক ফেরী করা বাঁশিওয়ালার মতন।  তার বাঁশিতে সুরের লহমায় বেজে ওঠে "ক্ষুদ্র তাপে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা"। 

সে ভাবে এই ক্ষুধা যদি না থাকতো তবে কি হতো? সে ভাবে জগন্নাথ দেব এর মতন যদি মানুষের শরীর হতো, যদি হাত নেই, পা নেই, মস্তিষ্ক নেই এরকম অজড় অমর হতাম অথবা ভগবান হতাম তা হলে সভ্যতার বিকাশ হতো কি? যখনই এসব কথা তার মনে আসতো সে হাত পা ছুড়ে বিকট শব্দে হেসে উঠত। তখন ওখানে থাকা মানুষ গুলো ওকে চ্যাংদোলা করে নিয়ে শুইয়ে দিতো, মাথায় জল ঢালতো আর বলতো এ মৃগী রোগ বড় বিষম। বিপ্লব আকাশের দিকে চোখ রেখে বুঝতো কোনো এক মানবিক সহানুভূতি তার সাথে আছে। 

যে দিন চাকরীটা গেলো সেদিন বিপ্লবের আনন্দ দেখে কে? এ যেন ওই সব পেটের ভিতরে থাকা দমবন্ধ হওয়া মাছ। পৃথিবীর উন্মুক্ত বাতাসে সে শ্বাস নিচ্ছে। অসংখ্য ওই নতুন ভাবে শ্বাস নেওয়া প্রান যেনো জীবন খুঁজে পেয়েছে। আজ আরও সে দেখলো চামড়ার বুট এর পেড়েক ছাড়িয়ে চামড়া চিবিয়ে পেট ভরানোর সেই নির্বাক দৃশ্য যা আজ থেকে শতবর্ষ আগে কেউ রেখে গেছেন।

এই প্রথম শুরু হলো বেঁচে থাকার ভীতি। শুরু হলো মরার পরে ভুত অথবা ভগবান হওয়ার ইচ্ছা। শুরু হলো লুন্ঠনের বিরুদ্ধে লুন্ঠিতের গর্জে ওঠা। শুরু হলো লুঠ করে দান করার মতন বল্লাল সেনকে চিনিয়ে দেওয়া। শেষ হলো এই ভাবে বেঁচে থাকার আশ্বাস দেওয়া। যেটা শেষ না হয়েও শেষ হলো সেটা জীবনের ছোটো গল্প।

:২:

হায়রে কোনো এক শুভক্ষণে হয়তো বিপ্লবের জীবনে এসেছিল বিথী। বিথী সেই ছোটোকাল থেকেই দারিদ্রতা দেখতে অভ্যস্ত। এই বছর দু-বছর শঙ্কাহীন জীবনে কিছু নতুন নাচার এসেছে যেমন হোটেল থেকে রাত্রের খাবা, ইচ্ছে হলে একটু কোথাও বেড়াতে যাওয়া, আত্মীয় পরিজনদের ভালো মন্দ রেঁধে খাওয়ানো অথবা প্রতিবেশীর অসহায়তার সময় সাময়িক ভাবে তার হাত ধরা। 

বিপ্লবের চাকরিটা চলে যাওয়ার পর সে পেলো নতুন এক অনুভূতি। রাষ্ট্রযন্ত্রে স্বরাষ্ট্র নামের একটা দপ্তর আছে। সেই দপ্তর নজর রাখে এই সব বিপ্লবের মতন ছেলে ছোকরার দিকে। যৌবনের দমন পীড়ন তার অধীনে। 

চাকরির শেষ হয়েছিল উৎপটাং এক মৃগী রুগীর কথায়, আর ধরপাকড় ও শুরু হলো ওই কথার নিরীখে। বিপ্লবকে ওরা ধরে নিয়ে গেলো। 

সেদিন সন্ধ্যায় বিথী গলা মেলালো রবিঠাকুরের কথা ও সুরে। এ এক অনন্তের ইঙ্গিত।  উদাত্ত্ব গলা গেয়ে উঠলো " মম দুঃখের সাধন যবে করিনু নিবেদন।" এ গান বিপ্লব শুনতে পায় নি, শুনেছে তার প্রতিবেশীরা। প্রেমাখ্যান না বুঝলেও এ কথা তারা বুঝেছে কি নির্দয় এই রাষ্ট্র যন্ত্র। তবুও স্বীকার করে নি, কারন পাছে অন্ন বস্ত্র বাসস্থান থেকে তারা নির্বাসিত হয়ে পরে!

কাব্যিক ভাবে বিথী লিখেছিলো "দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে" ..এরকম কিছু কথা 

ওরা সব শুনেও না শোনার অছিলায় বন্ধ করলো দুয়ার। বিথী তাদের চিনতে পেরে সম্মোহিত হয়ে পরলো। বললো জঙ্গলে ভালোই ছিলাম, এটা দেখছি আধুনিক সভ্যতায় তৈরী এক উন্নত জঙ্গল যেখানে পশুদের থেকেও পাশবিকতা দেখা যায়।

সুষুম্ন যখন বিপ্লবের বাড়িতে পৌঁছলো তখন বিথী গান বেঁধেছে ইমন রাগে। শব্দ গুলো বড় মরমে আঘাত করে। " নারায়ন জিনকি হৃদয়মে সো কুছ করম করে না করে"। বিথী এই শব্দ আর সুর শুনেছিল কোলকাতার কতিপয় মৈথিলীভাষীর কন্ঠে। সুরটা মন কেড়েছিল, শব্দ গুলো সে আজও বোঝেনি।

সুষুম্নর শুরু হলো আবার ওই খোলা আকাশ দেখা। কি প্রকান্ড এক ছাউনি আর তার নিচে আমরা সবাই। সেখানে দিনের আলোয় যারা ডুবে থাকে রাত এলেই তারা রূপ দেখায়। এটা আসলে অরূপ। তার অনুভবে সে দেখতে পায় বিপন্নতার সময় কোনো এক অলীক অবলম্বন মানুষের মনে ভর করে। সেই অবলম্বনই আসলে এক নিরাকার ব্রহ্ম। 

বিথী বললো দাদা বসুন, একটু চা বানিয়ে আনি। চা এর কাপে চুমুক দিয়ে সুষুম্ন বিথীর মুখের দিকে তাকালো। চোখের নিচের কালো ছাপ তার চোখ এড়ালো না, চা'এ কাঠের ধোঁয়ার গন্ধটাও তার নাকে এলো। এর পরেও যেটা তাকে নাড়িয়ে দিয়েছে সেটা ওই নিরাকারের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া।

সুষুম্ন বললো, দেখো সেই আদিম সাম্যবাদী সমাজেও মানুষ লড়াই করেছে প্রকৃতির সাথে। সেই প্রকৃতিতে যারা ছিলেন তারা হলেন সূর্য, অগ্নি, বায়ু এবং জল। এদের সাথেই সেদিন লড়াই ছিলো ওই প্রাগৈতিহাসিক মানুষ প্রজাতির। সেখানে না ছিলো কোনো ঈশ্বর না ছিলো নিরাকার ব্রহ্ম। তুমি আজ যে অসহায় অবস্থার মধ্যে জীবন কাটাচ্ছো সেটা অবশ্যই সাময়িক। বিপ্লব যেদিন বাড়িতে ফিরবে সেদিন তাকে এই সমস্ত দেব দেবীর আশীর্বাদ এর ফল হিসেবে ভেবো না। মনে রেখো এসব এসেছে চিন্তাকে স্তব্ধ করতে, এগিয়ে যাওয়ার ইচ্ছাকে থামানোর স্বার্থে। 

তুমি দেখো বিপ্লব বাড়ি ফিরে তোমাকে এই কথাগুলোই বলবে। আসলে এই বিপ্লব বাস্তবের সঙ্গে থেকে বড় হয়েছে। তোমাকেও ও পেয়েছে এই বাস্তবের আঙিনায়। তোমার সুরেলা কন্ঠ ওকে শক্তি জোগাবে। দেখবে ও খাতার পাতায় মনের অনেক ইচ্ছের কথা লিখবে আর তুমি থেকো তার পুরোভাগে। তোমার সুর আর ওর কথা হয়ে উঠবে সমাজের কাছে এক নতুন সংগীত। সেই গানের উৎকর্ষে গলা মেলাবে আরো অনেক প্রতিবেশী। সে সঙ্গীত হয়ে উঠবে গণসঙ্গীত। তুমিই সেদিন হয়ে উঠবে জনগনের প্রতিভূ। আজ আর নয়। আমি চললাম। 

বিথী বললো আবার এসো দাদা।

:৩:

না কোনো কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে অপরাধ কবুল করতে হয় নি। সে অপরাধী না নিরপরাধ সে কথা সে আজও জানে না। সহজাত ভাবে মানুষ জানে বিনা অপরাধে সে অপরাধী। এজন্যেই মানুষের ভাবনায় আগামী দিনের নতুন এক অনুভূতি।  আর বিপ্লব জেলের অন্দরে থেকেও পেতে চায় একটা সুন্দর জীবন, একটা সুন্দর সংসার, একটা সুন্দর সমাজ। 

জেলখানার জীবন আর বোহেমিয়ান জীবনের মধ্যে একটা সাদৃশ্য আছে। একটা চার দেওয়ালের মধ্যে অন্যটা পৃথিবীর তাঁবুতে। বিপ্লব জেলখানায় এই কারনেই সমৃদ্ধ হয়েছে। সে বুঝেছে যে বিলাসিতা চাকরি জীবনে তার এসেছিল সেটা নাচারিতা। আসল আচার ব্যাহার লুকিয়ে থাকে বাস্তব সমাজ সংসারে। সেখানে আয় আর ব্যায় অপ্রাসঙ্গিক। 

মানি কমোডিটি মানি এই বিজ্ঞান, সুখ সমৃদ্ধি আনে ঠিকই তবে সেটা ঠিক কয়েক জন কায়েমি মানুষের স্বার্থে। সেখানে সাধারণ মানুষের কোনো স্থান নেই। এই সামাজিক অবস্থান গনতন্ত্রের নামে এক কালিমা।  গনতন্ত্র তাকেই বলে যেখানে বেশিরভাগ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। যেখানে রাজনীতি জন্মগ্রহণ করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে। 

বিপ্লব যেদিন এভাবে জেলখানায় বসে এসব কথা বললো ঠিক সেই সময়ের প্রাক্কালে তার জেলের মেয়াদ বাড়লো। 

:৪:

শত শব্দে কত বাক্য তৈরি হবে সেটা শব্দ জানে না। আর বাক্য? সে তো মানুষের চিন্তা প্রকাশের মাধ্যম। সেখানে স্তন্যপ দের প্রাধান্য থাকলেও চিন্তার প্রকাশে যে স্তন্যপায়ীর সংখ্যা দিনে দিনে কমেছে একথা আজ সত্য। কারন বাক্য বল এখন স্তিমিত। এখন বাহুবল প্রাধান্য বিস্তার করছে যেটা পশুদের পাশবিকতাকেও আজ লজ্জা দেয়।

বিপ্লবের এই কথাগুলো সবার কাছেই অত্যন্ত প্রাসঙ্গিক কথা হিসেবে উঠে এলো কিন্তু এ ব্যাপারে তারা বাক্য ব্যায় করতে চায় না। এখানেও এক ভীতি কাজ করে তাদের, পাছে প্রশাসক তাকে নিয়ে কিছু ভাবে। 

এই এক নতুন ভাবনার জন্ম হয়েছে এই আধুনিক সমাজ ব্যবস্থায়। নিজেকে নিয়ে ভাবতে সবাই ব্যাস্ত। একবারও পিছন ফিরে তারা তাদের অতীত কে দেখে না। শুধু বর্তমান আব ভবিষ্যৎ তাদের কাছে বাস্তব। ভবিষ্যত যে অতীতের ভিত এর উপর দাঁড়িয়ে সেখানে কোনো এক অজ্ঞানতা তাদেরকে পিছিয়ে রাখে। তারা বুঝতেই পারে নি যে কোনো এক বল্মীক এর ঢিপির উপরে তারা ঘর বেঁধেছে। 

বিপ্লব কঠিন বাস্তব দেখেছে, সে দারিদ্র্য দেখেছে, সে ক্রমবর্দ্ধমান ধন দেখেছে তবে সেটা  সাধারণ মানুষের নয় অন্য কারোর কাছে। সেই অন্য মানুষটা দেখতে অবিকল আমাদের মতন হলেও সে আমাদের নয় এ কথা সে বুঝেছে। সে শ্রম দিয়েছে বিনিময়ে যা পেয়েছে তার থেকে বেশী পেয়েছে লাঞ্ছনা। মুখ ফুটে যখন বলতে শিখেছে, পেয়েছে জেলখানার গরাদ। 

অতীতেও এমন হয়নি এমন নয়। মাষ্টারদার সহপাঠী, বাঘাযতীন এর সহপাঠী, নেতাজীর সহপাঠী যারা ছিলেন তারা কখনোই সমাজের স্বার্থে ত্যাগ এর কথা ভাবেন নি। তল্পি বহন না করেও পরোক্ষভাবে তল্পিবাহী হয়ে ঠিক ওই বল্মীক এর ঢিপির উপর তারা ঘর বেঁধে নিশ্চিত উন্নতির স্বপ্ন দেখে কোনো এক ঘেরাটোপে ঝুলে প্রাণ ত্যাগ করে নরকে রয়ে গেছেন। আর তাঁরা? নিজের হাতে ফাঁসির দড়ি পরে স্বর্গের পথে চিরকালীন এক পথ দেখিয়ে আজও পথ দেখাতে পদচারণা করছেন।

পুরোনো কিছু সংলাপ আবার তার মনে উদয় হলো। গরাদের মধ্যে দু-বাহু উপরে তুলে সে বলতে শুরু করলো " ক্ষুদ্র তাপে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা।"

জেলার তাকে বেঁধে, নতুন করে নতুন কারাগারে নিক্ষেপ করলো। 

:৫:

বিথী আজকাল আর উনুন ধরায় না। সে চিতা সাজিয়ে  আগুন ধরায়। সেই চিতায় মানুষের দেহ জ্বলে। সেই ঝলসানো দেহ থেকে খুবলে নিয়ে পোড়া মাংস খায় কিছু মানুষ। আধুনিকতার যুগেও এই সব অঘোরীর দল দিব্বি ঘুরে বেড়ায় সমাজ সভ্যতায়।

এরা অর্থ লোলুপ আপন স্বার্থের আড়ালে। এরা শেরিফ উপাধি নিয়ে অযান্ত্রিক সমাজে যান্ত্রিক সমাজ নিয়ন্ত্রক। এই যন্ত্রের বাহ্যিক রূপ এই সব শিক্ষিত ব্যুরোক্র্যাট। 

সুষুম্ন শুনছিল বিথীর কথা। এই কথার আড়ালে যে ক্ষোভ সেটা সে জানে। সে এটাও বোঝে এই বক্তব্যকে অসাধারণ বলা যায় না। সে এটাও জানে একে আস্তাকুড়ে ফেলে দেওয়া যায় না। এই কথা জনমানুষের কথা, সংসারের কথা। ব্যাথা যখন হৃদয়কে আঘাত করে সেই ব্যাথা প্রশমন কেবল মাত্র প্রত্যাখ্যাত হৃদয়ই বলতে পারে। সেখানে সুষুম্ন কে?

সুষুম্ন এই প্রথম বুঝলো তত্ত্বগত ভাবে সে যা কিছু বুঝেছিলো তার বাইরেও কিছু আছে। এষণা, সুমনা, শশধর যে তথ্যের উপরে দাঁড়িয়ে সমাজের প্রক্রিয়াগত পরিবর্তন দেখেছিলো, সেটাও আজ একটা আঙ্গিক। তা না হলে কেনই বা উনুন না জ্বালিয়ে বিথী চিতা জ্বালিয়েছে? কেনই বা শশধর চলমান সমাজ আর পুঁথিগত সমাজকে এক লহমায় আলাদা করেছে? আজ সে নতুন করে লিখতে বসলো পরিবর্তীত সংস্কৃতির পক্ষে সমাজকে প্রগতি মূলক হওয়াটা স্বাভাবিক। সে জানে ভাবনার জয় সর্বত্র, যদি সেই ভাবনা সমাজ নিরপেক্ষ হয়। এই ভাবনা থেকেই সে হাঁক পাড়লো। ডাকলো ওদেরকে শুধুমাত্র সামাজিক সংক্রমনের বিষয় নিয়ে নতুন এক পথের ভাবধারা কি হওয়া উচিত সে কথা বুঝতে।

সেদিন সবাই এসেছিলো তবে সুমনা ছিলো অন্তরীক্ষে। সুমনার কাছে শুধু চা বানিয়ে পরিবেশন করাটাই এখন প্রতিপাদ্য। সুমনা জটিল অঙ্ক কষতে অভ্যস্ত, জটিল মন নিয়ে নয়। শশধর কথা বললো ঠিক সহস্রশীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাৎ  .. এই সমস্ত শব্দের সাথে। তবে শেষ শব্দ যেটা ছিলো সে কথাটা সে না বললেও সুষুম্ন সে কথাটা জানে। সুষুম্ন সংস্কৃত শব্দে শেষ শব্দ গুলো তর্জমা করতে থাকলো। বললো শশধর ওইটুকু বাদ রাখলে কেনো? ওই যে অত্যতিষ্ঠ  দশাঙ্গুলিং ছিলো শেষ লব্ধে।

শশধর থামতে  শেখে নি। এক বার ধরিয়ে দিয়েও তার মনে অপরাধ বোধ জন্ম নেয় নি; এরপর অনেক কাজ সংগঠিত হয়েছে সেখানে সুষুম্ন ছিলো না তবুও ওই যে মহুয়ার আস্বাদ সে পেয়েছে সেখানে সে ভাগ বাটোয়ারা চায় না। 

সুষুম্নর হাত মুঠো করাটা এষণার চোখ দেখেছে। এষণা এর অর্থ বোঝে। ও বোঝে এই মুষ্টিবদ্ধ হাত কি করতে পারে। সে সুষুম্নর হাতটা ধরলো, বললো চলো চলে যাই। ও থাক ওর মতন।

সুমনা বাধ সাধলো। বললো এই জঙ্গল রাজ দাদা চায় না। শশধর প্রথমে সংসার ছাড়া হয়েছিলো আর এবার সুমনার দৃঢ়তায় সে হয়ে পরলো সমাজ ছাড়া।

:৬:

বরফের স্তুপের উপর দিয়ে যে ভাল্লুক পথ চলে তার শরীরের রং ঠিক বরফের মতন সাদা। সেখানে যখন সূর্যের রশ্মি পৌঁছয় তখন বিচ্ছুরিত রশ্মি সাত রংয়ের রামধনু হয়ে ওঠে। এ যাবৎকালে কখনো তাকে কেউ কৃষ্ণ হতে দেখে নি। যদিও নিল বর্ণের কেষ্ট মূর্তি এই কলিকালে মানুষ দেখেছে। তবে বর্ণময় অধ্যায়ে সে যে আসলে কালো সে কথা তারা জানে। 

যা পৃথিবীর কাছে অজানা ছিলো সেটা এই কালো মাটিতে সাদা তুলোর চাষ। ওরা পন্ডিত ওরা জ্ঞানি। আমরা যে মাটিকে কালো বলি ওরা তা বলে না। ওদের ভাষায় এটা ব্ল্যাক কটন সয়েল। আশ্চর্য এটাই যে ওই কালো মাটির গহ্বরে এই সাদা তুলোর চাষ। 

এটা বাগারম্বর নয় এটা বাস্তব, কালো মাটির ফসলের রঙ সাদা। এই সাদা মাটা জীবনে সুষুম্ন শুধু সমস্ত রঙ গুলো দেখেছে। এরপরে এই রঙের কেমিস্ট্রি বুঝেছে। তারপর আবার ফিরে গেছে নতুন কোনো দর্শনের পিছনে। সে দর্শন সুদর্শন। সে লিপি রোজকের দিনলিপি। সে শিল্প ঠিক মোনালিসার অবয়বের মতন। সে শিল্পি তুলি আর কলম নিয়ে এই সব আঁকিবুঁকি রেখে গেছেন সেখানেও এক ফেমিনাইন। 

কি ভেবেছিলেন লিয়োনার্দো? কেনো এমন ভাবনা এসেছিল তার মনে। কেনো তার তুলির আঁচড়ে এরকম এক অসুন্দর মেয়ে মুখ আজ দৃষ্টান্ত? এটা কি দেশ মাতৃকা? 

আসলে এটাই শুভবুদ্ধির শেষ স্বাক্ষর। এটাই কোনো এক মানুষ আগন্তুকের রূপ নিয়ে অরূপ এক সৃষ্টির রাম রহিম। এটাই মানুষের সামাজিক পরিচয়। এটাই মনুষ্যত্বের বিচারে সর্বশেষ কথা।

:৭:

বকুল ফুলের মালা গেঁথেছে বীথি। অসংখ্য মালা গেঁথে বাঁকে ঝুলিয়ে হেঁকে বেড়াচ্ছে সে। স্বাভাবিক ভাবেই এই কন্ঠ শুনে জানলা দিয়ে উঁকিঝুঁকি শুরু হয়ে গেছে। যে মালা সে গেঁথে ছিলো সে গাঁথা আজ বিফলে গেছে। সুঁচ সুতোয় সে যে মালার পাহাড় বানিয়েছিল সেগুলো বিফলে না যাওয়ার কথা ভেবেই কোনো কারোর কাছে এভাবেই সে  দান করতে বেরিয়েছে। দাতার কাছে যখন কোনো গ্রহীতাই এলো না তখন তার ভ্রম বাঁধলো। 

তার মনে হলো এই জগৎ সংসার ঠিক তার পাতানো সংসারের মতন নয়। জগৎ সংসার যদি নিরপেক্ষ না হয় সংসার কি? এই ভাবনা থেকেই সে ছুঁড়ে ফেললো গাঁথা মালা গুলো। ততদিনে তার মাথার চুল গুলোয় জট ধরেছে, চোখের কোণে কালি পরেছে, পোষাক হয়েছে মলিন; আর মন? তখন মস্তিষ্কের মধ্যে সেই পুরোনো প্রান আর বিরাজ করে না শুধু মুখ থেকে অট্টহাসি আর থুতু ছেঁটে। 

বিথী পাগল হয়েছে। সে সমস্ত ভূবন দেখতে পায় ওই কোটরে যাওয়া কালো চোখে। কখনো সে হাউহাউ করে কেঁদে ওঠে, ঠিক তার পরেই আবার হাসে আর থুতু ছেঁটায়। 

বিপ্লব জেল থেক বেড়িয়ে এসব কথা শুনেছে। শুনেছে বীথি পুকুরে ডুবে মরেছে। বিশ্বাস হয়নি। সে বলেছে পাগলেরা জলকে ভয় পায় আর বীথি জলে ডুবেছে? 

অনেক খুঁজেছে সে বীথিকে, খুঁজে পায়নি। সে খুঁজে পেয়েছে সেই বকুল গাছটা, যে গাছের ফুল নিয়ে বীথি মালা গেঁথে ছিলো। সে ওই বকুলের ছায়ায় বসে শুনেছে বকুল ফুলের বৃন্তের কথা। তারা বলেছে ওই ঝরা ফুল গুলো আমরা আমাদের বৃন্তে ফিরিয়ে নিয়েছি। দিদিকে বলেছি যেদিন আসবে সেদিন আবার তোমাকে এ ফুল ফিরিয়ে দেবো। 

প্রকৃতি অনেক কিছুই করতে পারে। সে ফুলের মালা গাঁথতে যেমন বীথিকে ফিরিয়ে আনতে পারে ঠিক তেমন ফুল ফুলবিহীন একটা মৃত প্রাণ হয়েও দাঁড়িয়ে থাকতে পারে। শুধু পন্ডশ্রম করা তার অভিধানে নেই।

বিপ্লব মহাপ্রস্থান চেয়েছিলো, তা হয় নি। বীথি তাকে কানে কানে বলেছে এ তোমার পথ নয়।

তখন থেকেই শুরু হয় পথ পরিক্রমা। সে পথে অনেকেই এসেছে। সে খুঁজেছে তার বীথিকে? না পায়নি। আরো দূর সমুদ্দুর কে সে পথ বানিয়েছে। শুধু চলছে আর চলছে আপন দিশায়।

সে গান শুনতে পায় সলিলের কথা-সুরে। কখনো তার কন্ঠে ভেসে ওঠে সেই গান " নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ সে যে তুমি বিন জানে না। হায় বিধি হল বাম, মোর শ্যাম শুধু বাঁশিতে ডাকে, আসিতে চাহে না।"

না তাতে মন ভরে না। প্রান বরং আরো চঞ্চল হয়ে ওঠে। মনে হয়, কোনো এক বিগ্রহের পায়ে মাথা মাথা রেখে সে খুঁজে চলেছে এই আমি নামের কোনো এক বন্ধুকে। এই সত্য কারোর জীবনের কাছে বিরম্বনা আবার কারোর কাছে এটা ফ্রাস্ট্রেশন। আরো কিছু আছে কবির কাছে। তিনি লেখেন ' নিরানন্দ নিরালোক স্তব্ধ শোক মরনের অধিক মরন"। 

সুষুম্ন অনতি দুর থেকে এসব দেখেছে। শেষে সে বলেছে, বস্তুবাদের জন্ম হয়েছে ভাববাদের চিন্তার তিমিরে। সে তিমির ভাববাদী মানুষেরা জানেন না তবে এটা আশ্চর্যের বস্তুবাদী মানুষজন এখনো সেই তিমিরেই পদচারণা করেন।

কে বোঝাবে তাদের?

যে সংস্কার তার পাঁচ পুরুষ ধরে বয়ে চলেছে সেই গতি কে থামাবে? 

এ যেনো এক প্রাকৃতিক দুর্যোগ কে আহ্বান করা। এ যেন কৃত্রিমতার বিরুদ্ধাচরণ। এ যেন এক মনুষ্যত্বের প্রকাশ প্রাণীকুলে।

কে যেনো অন্তরীক্ষে দাঁড়িয়ে বলে উঠল, প্রানহীন এর কাছে প্রাণীকুল? 

বিপ্লব চোখ বুজে কিছুক্ষনের জন্যে মূর্ছা গেলো। যখন তার জ্ঞান ফিরলো সে হয়ে উঠলো বিপ্লবী। চোখ বুজে সে দেখতে পেলো ঠিক তার কাঁধে হাত রেখে ম্লান মুখে দাঁড়িয়ে বীথি।

আসলে ওরা দুজনেই একটা নতুন সমাজ খোঁজে। এই লক্ষাব্দ প্রাচীন ভাবধারাই কি এই সামাজিক জীবন?

:৮:

অতীতের জীবনধারা চার পর্যায়ে চলতো। এক ব্রহ্মচর্য, দুই গার্হস্থ  বাকি দুটো বানপ্রস্থ আর সন্যাস। এর পর নতুন আরো এক পর্যায় এসেছে রেঁনেসার হাত ধরে। সমাজ তাকে নতুন এক আঙ্গিকে নাম দিয়েছে বোহেমিয়ান। এই বোহেমিয় জীবন অনেকটা নির্বিকল্প জীবনের মতন। অর্থাৎ সে এক ঐশ্বরীক সত্ত্বা। সে তার জীবনধারা দিয়ে প্রমান করতে চায় না ছিলেম স্বর্গে না থাকবো নরকে। এটা অনেকটা তাপ উত্তাপহীন মোহনার মতন। সেখানে জল বেড়েছে না কমবে সেটা সমুদ্র জানে, মোহনা জানে না। আধুনিকতার যুগে এরকম অনেক বোহেমিয়ান এর আবির্ভাব হয়েছে। এরা দোল যাত্রায় যেমন আছে ঠিক তেমন দূর্গোৎসবেও আছে। এদের চিনতে গাঁ উজার। ভাগ্যিস তাদের সন্তানকূল প্রশ্ন করে নি 'এলাম আমি কোথা থেকে?'

আদপে এদের জীবন সাধারণ মানুষের মতন ভাবে চলে না। চলার গতিপথ অন্য কোনো এক সমাজ বিজ্ঞান মেনে চলে। জলস্রোত উঁচু নিচুর উপর নির্ভর করে কিন্তু এই উচ্চতার তফাৎ হয়েছে কতিপয় বোহেমিয় ধারনার নিরিখে সমাজ জীবনে।

সমাজ প্রশ্ন করে কে সেই মানুষ যাদের চাল-চুলোর সন্ধান পাওয়া যায় না? উত্তরে শুধু একটা কথা শুনতে পেয়েছে মানুষ। তারা শুনেছে ওরা পরিবারের ঊর্ধ্বে উঠে সমাজের স্বার্থে কৃচ্ছসাধনে জীবনকে উৎসর্গ করেছে। 

অহর্নিশি পাষাণী অহল্যা যেমন কারোর স্পর্শে প্রাণ পেয়েছিলো ঠিক তেমন বীথি প্রাণ পেলো সামাজিক বার্তায়। 

বীথির ঘুম ভাঙতেই তাকে অনির্দিষ্টকাল ঘুম পাড়াতে এসে পরলো কোনো এক মানুষ যে বোহেমিয়ান। না ঘুম ভেঙে গেলো সকলের। যারা প্রতিনিয়ত ঘুম পাড়ায় তারা সেদিন ভয়ে ঘুমিয়ে পরেছিল অথবা ছল করে পালিয়ে বেঁচেছিল। নির্ভীক মহিলা সেদিন কোনো কথা বলে নি, বলেছিলো দিন কয়েক পর। 

সে কথা শুনেছে সুষুম্ন, এষণা আর বিপ্লব। 

কি সেই কথা?

বীথি সত্যিই জলে ডুবে মরেছিল। সে জল পুকুর, নদী অথবা সাগরের নয়; সে জল চোখের জল। বীথির উন্মাদনা জেল বন্দি নিরপরাধ  বিপ্লবকে নিয়ে। তার কিছু মামুলি কথায় তাকে বন্দী করেছে যারা এই উন্মাদনা তাদের বিরুদ্ধে। তারা যখন উপায়ান্তর না পেয়ে তাকে মুক্ত করে দিল সেই দিনটা বড় সুখের। সেই সুখের দিনে যখন সে বিপ্লবের কাছে এক মৃতদেহ তখন তার আক্ষেপ হলো। 

সে আহ্লাদির মতন হেসে উঠলো। কাতর স্বরে সে বিপ্লবকে বললো ওগো তাকিয়ে দেখো, তোমার বীথি মরে নি!।

এষণা কাব্য সাহিত্যে হাত পাকিয়েছে তার শিক্ষা জীবনে। সেদিন কতগুলো কাব্যিক কথা তার মনে পরলো। কথাগুলো বীথি শুনেছে। সে শুনেছে এষণা দীপ্ত কন্ঠে বলছে " আজিকে আমার নিশার স্বপন হয়েছে  ভোর। মালা ছিলো যত ফুল গেছে ঝরে রয়েছে ডোর"।

:৯: 

নিষ্ঠায় অনিষ্ঠ আর অনিষ্ঠায় কৃতকার্য সামাজিক জীবনে নতুন ভাবে প্রতিভাত। এই কথা বললে শুনতে অসুন্দর লাগে আর চরিতার্থ হলে  গৌর নিতাই এর মতন দুহাত তুলে নৃত্য করে জানান দিতে বেশ ভালো লাগে। 

এই অসামাজিক পৌরুষ এখন বিরাজমান। কে রুখবে তাকে? 

বীথি এই প্রথম তার উগ্রতা প্রকাশ করলো। বললো জগন্নাথ যদি অঙ্গহীন হয়েও স্বামী হতে পারেন তবে কাপড় খুলে আমিও মা কালী হতে প্রস্তুত। আমার অঙ্গ প্রত্যঙ্গ আজও বেঁচে আছে। 

সুষুম্ন সাময়িক ভাবে চুপ থেকে এষণার চোখে চোখ রাখলো। সে বুঝলো এই সংস্কৃতি এষণা মানতে পারে নি, আর তার এই চুপ করে থাকাটা প্রচ্ছন্ন ভাবে যে বীথিকে মদত দেওয়া এ কথাও তার চোখে পরিস্ফুট। 

সুষুম্ন ভাবছিলো কোনো এক বৃহন্নলা যদি সেই মহাভারতের যুগে পরমানু অস্ত্র রুখে দিয়ে থাকে; যদি রামায়নের যুগে কোনো এক হনুমান লঙ্কা রাজ্য ধ্বংস করতে পারে; যদি যুডাস খৃষ্টকে ক্রুশ এ পাঠাতে পারে; যদি চৈতন্য মহাপ্রভু পুরীর সমুদ্রে বিলীন হয়ে যান; যদি সুভাষচন্দ্র বসু অমৃতের সন্তান হয়েও মৃত্যুহীন প্রান হয়ে হারিয়ে যেতে পারেন, তাহলে বীথি এমন কথা বলতেই পারে।

কথায় আছেনা  য তিষ্ঠতি স্ব জীবতি ?

সঙ্ঘবদ্ধ জীবনে তিতীক্ষার যে অরূপ সে দেখেছে সেখানে সে ফিরে যেতে চায় না। এজন্যে যদি এষণা কে হারাতেও হয় সেটা সে জীবনের প্রতিপাদ্যে লিখে রেখে যেতে প্রস্তুত কিন্তু বীথির বাহ্যিক প্রকাশকে সে কোনো ভাবেই অসম্মান করতে রাজি নয়।

ভাবনার তিমিরে এসে তার মনে হয়, শুরু করেছিলাম কৈশোরে, এর পরে যৌবন এসেছিলো। সেখানেও ছিলাম ঠিক আগের মতন। আর আজ ওই সব পার করে নতুন এক সংসার পেতেছি শুধুমাত্র শেষ জীবনে অবিকৃতভাবে বেঁচে থাকতে। সুষুম্ন এখন দেখতে পায় এষণার চুলেও পাক ধরেছে, সে দেখেছে সুমনা এখন আর আগের মতন চনমনা নেই, সে বুঝেছে এই বয়েসে এই কাজের ভার কোনো একজনকে দিয়ে যেতে হবে। সেখানে প্রথম সারিতে দাঁড়িয়ে বীথি আর বিপ্লব।

এই প্রথম সে অনুভব করলো সমাজ পরিবর্তনের শুরু থেকে শেষ পর্যন্ত। সে বুঝলো পিতামহ ভীষ্ম কেনো পরাজিত, সে বুঝলো কেনো আজ পরাজিত এই পৃথিবী,  সে বুঝলো বয়েস বড় দায়, সে বুঝলো শেষ দিন তার খুব কাছে এসে পরেছে, সে বুঝলো সে পরমাত্মা হয়ে উঠতে পারে নি; তার অভিব্যাক্তির আড়ালে শুধু বেঁচে থাকলো অসংখ্য আকাঙ্খা।

হায়রে গঙ্গাপুত্র! শরশয্যায় শুয়েও তুমি সেই সুন্দরীর মুখটা হয়তো ভাবছিলে। হয়তো ভেবেছিলে সময়ের সাথে শেষ হয়ে যাবে সবকিছু। অবিকৃতভাবে মেনে নিয়েছিলে অস্ত্র ত্যাগের কোনো এক বাহিরি বিষয়। সেই মানুষ রূপের ক্লীব এর কাছে তুমি সেদিন পরাজিত হয়েও মৃত হও নি। তোমার মৃত্যু হয়েছিলো মহাভারতের যুদ্ধ জয় এর শেষে। মৃত্যু বরণ করার আগের মূহূর্তে তোমার কি মনে হয় নি শিখন্ডী না থাকলে মহাভারতেই মহাবিপ্লব হয়ে যেতো?

মা গঙ্গা ন্যায় নিষ্ঠ সন্তানকে কোলো তুলে নিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন