শনিবার, ১৭ মে, ২০২৫

আমার স্কুল শিক্ষা শেষ হয়েছিল ১৯৮২ সালে। তখন এই সমস্ত প্রাইমারী, উচ্চ প্রাইমারী ছিলো না; ছিলো প্রাইমারী, জুনিয়র হাইস্কুল আর হাইস্কুল। ছিলেন শিক্ষক -শিক্ষিকা, করণিক এবং ছিলেন ঘন্টা বাজানোর জন্যে দপ্তরী।
একটা কথা না বললে সত্যের অপলাপ হবে এবং এই কারনেই লিখছি এই মনে থাকা স্মৃতি।
তখন স্কুলের করণিক, দপ্তরী আমাদের ক্লাস নিতেন।
এই প্রজন্মের ছাত্র -ছাত্রীরা এসব স্বপ্নেও ভাবতে পারবে না।
স্কুলের করণিক ছিলেন সবার প্রিয় একজন ইংরেজির শিক্ষক আর দপ্তরী ক্লাস এইট পর্যন্ত একমাত্র সংস্কৃতের শিক্ষক।
যা এখন লিখছি স্কুলে পড়ার পর্যায়ে এসব জানতাম না।
সে সময় টিচারদের নাম দিয়েই বলা হতো। যেমন, বঙ্কিম স্যার, নন্দ স্যার, মৃদুল স্যার, পাঁচু স্যার, সাধন স্যার , রাখাল স্যার..... মনিষা দিদিমনি, নমিতা দিদিমনি, রেখা দিদিমনি আরো কতো কি? 
এটা ইতিহাস।
ইতিহাস বাদ দিয়ে জীবন চলে না। এই নাম গুলো আমাদের জীবনে মা, বাবা, কাকা, জ্যেঠুর মতন একটা অসামান্য সত্যি।
পূজোর ছুটির পরে স্কুলে পৌঁছে শুরু হতো তাঁদের পা ছোঁয়া। তারা যখন মাথায় হাত দিতেন মনের মধ্যে একটা ঈশ্বরের আশীর্বাদের মতন মনে হতো। এরপর শুরু হতো বার্ষিক পরীক্ষা। বেঞ্চের পাশে দাঁড়িয়ে তারা যখন বলতেন এই গোটা মাস তোরা কিছুই পড়িস নি।
সত্যিই তো তাই। চোখ ছলছল করে উঠতো, মাথার উপর স্নেহের হাত রেখে তাঁরা বলতেন; প্রশ্ন কঠিন হয়েছে?
আজ এ সব ইতিহাস।
বর্তমান না বললে এই এত সব স্মৃতিকথা লেখাটাই বিফলে যাবে।
এখন স্কুল গুলো ঠিক ওই রকম নেই। পুড়ানো সরকারি স্কুল গুলোর যা দশা আর বেসরকারি স্কুলের কথা বলতে গেলে এই লেখাটা শ খানেক পাতা হয়ে পরবে।
কাজেই বেসরকারি বাদ দিয়ে শুধু সরকার এর খরচায় চলা স্কুল গুলোর কথাই লিখবো।
আজ নয়, কালকে লিখবো। খুব ঘুম পাচ্ছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন