শনিবার, ১০ মে, ২০২৫

মান্যবর

এই বারুদের গন্ধে ভরা জীবন মধু গন্ধ নিয়ে বেঁচে নেই। এখানে শুধু গোলাবারুদ আছে, আছে ভয়ঙ্কর এক অর্থের অনর্থ। এখানে সভ্যতার কেউ ধার ধারে না। শুধু টাকা আর টাকা।

লাথি মারি এই অর্থের পিছনে থাকা অনর্থের মালিকদের মুখে।

সফেদ হাতি রেয়ারেস্ট অফ দা রেয়ার। এই হাতির পিঠে চড়ে বেড়ানো কখনোই সুখের নয়। সুখ যখন ব্যবসায়িক হয়ে পরে তখন মানবতার অধঃপতন ঘটে। এই অধঃক্ষেপ নিয়েই এখন এক নাটকীয় পরিবেশ তৈরী হয়েছে।

ইংরেজ চলে গেছে ঠিকই কিন্তু রেখে গেছে বণিক বৃত্তি। এই কারনেই স্বাধীনতার শতবর্ষের প্রাক্কালে সদাই সাদা হাতির পিঠে উঠতে আগ্রহ নানান ব্যাক্তির। 

আসলে ব্যবসায়ীরা ব্যাক্তিত্বের বিষয়ে বিশেষ ভাবেন না, ভাবেন শুধুমাত্র ওই অর্থের কথা। 

রাজনীতিতে যখন এই অর্থের প্রভাব এসে পরে তখন না থাকে রাষ্ট্রনীতি না থাকে মানবিক চোখ। এর পর থেকে আরো একটু বলতে হয়, এই রাজনৈতিক ব্যক্তিত্ব আজকের দিনে কি বণিক হয়ে পরেছে ?

প্রশ্ন যতটা কঠিন উত্তরটা ঠিক ততটাই সহজ। এখানে অস্মিতা সামান্য আত্মীয়তা বদলেছে। আগে সে প্রাণ নিয়ে ভাবতে অভ্যস্ত ছিলো আর এখন ধন নিয়ে সে ভাবে।

সেই পুরানো প্রবাদ আজ বড় সত্য এবং প্রাসঙ্গিক। কে মরেছে, কে আছে না ভাবাটাই এখনও দস্তুর। অথচ মানবতা নিয়েই নানান শব্দে সমৃদ্ধ মানব সভ্যতা।

তবে কি আধুনিক যুগ অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে চায়? ঠিক তেমন নয় আবার তেমনও। ধর্ম বর্ণ নিয়ে যে সমাজ চলতে চায় সেখানে মানবতা শব্দটা বোহেমিয়। এখানে যা সত্যি সেটা পিঁপড়ে থেকে আরশোলা অথবা কুকুর থেকে বাঁদর যুক্তি নিরপেক্ষ ভাবে একসাথে থাকে। থাকে না মানুষ। কাজেই মানবতা শব্দটা আজকে অপাংক্তেয়।

চামড়ার রঙ এখন একদম এক হয়ে পরেছে। হাতি আর সফেদ হাতি আজকে সমগোত্রীয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন