শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

অমৃতের পথে

এই বর্ষাকালে খুব প্রেমের ইচ্ছা জাগে। ঠিক আজকের কথা নয়, কথাটা যৌবন আসারও আগের। এটা সেই সবে আট সবে নয় বয়েস থেকেই শুরু আর এই ষাটেও একই ভাবে রয়ে গেছে।
একথা মানতেই হয় প্রেম বড়ো বিষম বস্তু।
এই আজ যখন সকাল থেকেই আকাশের মুখ ভার তখন কবিতার কথা মনে পড়লো। সেই একাদশ ক্লাসে বন্ধু থেকে শিক্ষক, SFI থেকে ছাত্র পরিষদের সবাই বলতো আজকে কবি আর কবিতাকে পাওয়া যাবে না। ওদের দেখা মিললেও মিলতে পারে ইন্দিরা সিনেমাহলের সামনে। সেখানে ইন্দ্রানী চলছে না?
ঠিক তাই ওরকম প্রেম দেখতে যাওয়াটাই স্বাভাবিক।
হৃদয় স্পর্শ করা বিষয়টা একটু ভাবতেই হয়।
কবি হামেশাই বুকে হাত দিয়ে বলতো হৃদয় এখানে থাকে না।
কবি মাথায় হাত দিয়ে বলতো ওটা আসলে এখানে থাকে।
ইন্দ্র বললো কবি চালিয়ে যাও। দুর্বার গতিতে প্রেমটা এগোচ্ছে।
ইন্দ্র আর শুক্লা কলেজ কেটে ঠিক তাদেরই মতন যে সেদিন ইন্দ্রানী দেখতে গেছিলো সেটা কবি এইমাত্র বুঝলো।
খুব ভালো লাগছিল কবির। 
কবিতাকে এই প্রসঙ্গে সে বলেছে কালিদাস কতবড় কবি 
সেটা আমার নামের আড়ালেই বুঝতে পারবে।
এই হেঁয়ালি টা কবিতা সেদিন বুঝতে পারে নি। বুঝেছে পরের দিন সকালে। বুঝেছে কবির সাথে দেখা হওয়ার পর। বুঝেছে ক্লাসের না বুঝতে পারা গণিত কবির কাছে বুঝতে পারার পর।
একদিকে শুক্লা আর কবিতা, বিপরীতে কবি আর ইন্দ্র।
বিষয় প্রেম।
এটা একটা তাৎক্ষণিক বক্তৃতার কম্পিটিশন।
দুজন যুবতী হাত কচলাচ্ছে।
দুজন যুবক নানান শব্দবন্ধ খুঁজে বেড়াচ্ছে।
কবির কাব্য আর ইন্দ্রর সংলাপে তৈরী হলো একটা শ্রুতি নাটক।
চরিত্র খুঁজতে গিয়ে অসংখ্য নাম এলো কবি আর ইন্দ্রর কাছে।
আশ্চর্য এটাই সেখানে না আছে কবিতা, না আছে শুক্লা।
কবির নির্বাচনে এসেছে কেয়া;
আর ইন্দ্রর নির্বাচনে এসেছে ইন্দ্রানী।
মাস ভর রিহার্সাল এর পরে এলো মঞ্চ।
শ্রোতা, দর্শকদের হাততালি শেষে মঞ্চে এলেন দুই স্থপতি।
কবি আর ইন্দ্রর সাথে সেদিন শুধু ওই দুজন।
এই আজ সায়াহ্নে এসে কবি লেখা লিখি ছেড়ে দিয়েছে, ইন্দ্রও ছেড়েছে মঞ্চ।
আর ওই দুজন? কোথায় আছে ওরা? ওরা কি অন্য কারোর কাছে, অন্য কারোর সাথে আছে?
না তেমন নয়।
ওরা দুজনই চলে গেছে অমৃতের পথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন