:১:
এই বুড়ো বয়েসেও বামপন্থী ধ্বজাধারী দক্ষিণপন্থী দলটা হাতের ফ্ল্যাগটাকে লাঠি বানিয়ে পদব্রজে চলেছে ক্ষমতা পুনরুদ্ধারের জন্যে।
সারাটা জীবন যে কং ছিলো কংস সে হয়েছে দোসর। না সে দোসর আজ হয়নি। সেই কি একটা UPA হয়েছিলো মনে পরে? তার আবার 1,2.
সেই 2 তেই ওই করাতের গু খাওয়া শুরু। শেষে বাচ্চাবেলায় সেই "হাতে গু পাতে গু সবাই বলে থুথু" শোনার পরেও ক্ষান্ত হয়নি।
সর্বশেষে ওই বহুরূপী তার আসল রূপ দেখালো। লক্ষ্মীছাড়া লক্ষ্যহীন হয়ে সেই ১৯৬৪ সাল থেকেই যে লক্ষ্মীরতন পেয়েছিলো, তা প্রকাশ্যে এলো।
এবার সেই ছেষট্টির নখরাটা বলি। অবিভক্ত কম্যুনিস্ট পার্টি টুকরো টুকরো হলো। সেদিন ডাঙ্গে মহাশয়কে এই উচ্ছিষ্ট মাল গুলোই বলেছিলো, ইন্দিরা দি কি পাস যাকে ভিক্ষ মাঙ।
আর এক দল মাওসেতুং এর লংমার্চ দেখে আদর্শগত ভাবে বুর্জোয়াদের বিরুদ্ধে সশস্ত্র হয় উঠলো।
হায়রে ভবিতব্য! তারা মারা পরলো তাদের হাতেই, কোনো একদিন যাদের সাথে এক টুকরো রুটি ভাগ করে খেয়ে, আদর্শের জন্যে সবকিছু ত্যাগ করে এখানে এসেছিল।
কখনো কখনো ভগবান গোলোযোগ শুনতে চান না। তার নিদ্রায় ব্যাঘাত ঘটে।
এখানেও তাই হলো।
উৎপাত শুরু হলো অসুরকুলের। আসুরিক অট্টহাসিতে প্রলুব্ধ হয়ে দ্বিচারী জননায়কেরা তৈরী করলেন নতুন এক যাত্রা দল।
খেটে খাওয়া বাংলার মানুষ এই প্রথম বুঝলো, বারবার স্বরাজ আনতে গিয়ে আমরা পোড়া বার্তাকু এনেছি।
না আর নয়।
:২:
রাজনীতিতে যে পুনরাবৃত্তি তা আবহমান সময় ধরে চলছে। সবেমাত্র অনেক সংগ্রামের শেষে ৭৭'এ একটা বামফ্রন্ট নামের দল মসনদ দখল করেছিলো। সেই সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস সমাজের মজ্জায় প্রবেশ করেছিলো। মানুষ এক মুক্তির স্বাদ পেয়ে লাল গোলাপের গাছ গুলোকে নির্মূল করে সংগ্রহ করেছিলো লাল গোলাপ। পাপড়ি গুলোকে আলাদা করে সুগন্ধী সহযোগে আকাশে বাতাসে উড়িয়ে নতুন ভাবে সমাজ গড়তে এক হৃদয় স্পন্দন এসেছিলো সমাজব্যবস্থায়।
লাল আবির আর বিরোধী দলের কর্মীদের রক্তে শিমূল, পলাশ ফুটলেও ছিলো বর্ণহীন।
সেদিন রবিঠাকুর হয়ে পরেছিলেন বুর্জোয়াদের মুখপত্র আর নেতাজি সুভাষ তোজোর .... না লিখতে লজ্জা লাগছে।
শুরু হয়েছিলো আমূল ভূমি সংস্কার। এটা এক অসাধারণ যাত্রাপালা। ওপার বাংলা থেকে উদ্বাস্তুদের রিহেবিলিটেশন চললো পুরো দমে।
এটা ছিলো ল্যান্ড ব্যাঙ্ক না বানিয়ে ভোট ব্যাঙ্ক বানানোর নতুন প্রক্রিয়া।
আসলে স্বাধীনতা আন্দোলনে যারা অলিন্দে দাঁড়িয়ে পশ্চিমের বাতাসে গা ভাসিয়ে ছিলো, এটা ছিলো তাদের পুরোনো ইতিহাসকে কবরে রাখার বিকৃত প্রক্রিয়া।
তারপর?
হ্যাঁ তারপর তেলের শিশি ভাঙলো বলে খোকার উপর রাগ হলো।
এই খোকা সাধারণ খোকা নয়। অত্যন্ত জ্ঞানী এক বুড়ো খোকা। বিনয় তার রূপ বিনয়ী তার মুখবন্ধ।
খোকা বললো থাকবো না এই সংসারে। তিনি বিবাগী হলেন।
বাকি সবাই তখন কি করলেন?
তাদের মার্গদর্শন ছিলো ভোট ব্যাঙ্ক। কাজেই সকলে সর্বান্তকরনে বললেন "ডোন্ট পরোয়া আল রাইট, হাউ ডু ইউ ডু গুড নাইট"।
ঠিক এর পরেই এ বাংলায় প্রথম প্রতিভাবান ব্যাক্তি চিট ফান্ডের প্রবর্তক "সঞ্চয়িতা" এলো শিরোনামে।
ভোট এদেশে করানো হয় আর সেই করানো ভোট প্রক্রিয়ায় টাকার যোগান লাগে।
কে দেবে এত টাকা?
সেই সাধারণ মানুষকে ঠকানোর শুরু। ওই চিট ফান্ডের মালিক বন্দি দশায় তিন তলার বাথরুমের জানালা ভেঙে অবাধ পতনের পর গত হলেন।
ভগবানের সব কাজই এক নতুন আশ্চর্য।
যাক এসব কথা। এরপর এলো বাংলা বাতি নামের নতুন এক বৈষয়িক বিষয়। সেদিন গনেশের শুঁড় শাসকের কোপে ভূলুন্ঠিত হলো।
বিশ্বকর্মা এসব দেখেই মনে হয় শুরু করলেন কম্পিউটার বিরোধিতা।
কথায় আছে না "নিজের ভাল পাগলেও বোঝে"। আসলে শিক্ষা না থাকায় এই চেতনার সংকট।
এই আমার মতন সাধারণেরা মাছ না খাওয়া বিড়ালদের চিনে ফেলেছে।
এখন আবার এক নতুন সাধুর আবির্ভাব হয়েছে। এরা আবার টিকি-দাড়ি দুটোই বয়ে চলেছে গালে আর মাথায়।
না টিকিধারী পুরোহিত নয়। অসামান্য প্রতিভায় ভর করে খুব সৎ মাটির মানুষজন এসেছেন। তাদের সাথেও সখ্য সাধারণের।
আসলে সাধারণ হলো দাবার বোরে। ওই প্রথম সারিতে থাকা সৈন্য। শালারা চিরকাল মরেছে রাজনৈতিক পদাঘাতে। তবুও শিক্ষা হয়নি। লাইনে দাঁড়িয়ে খালি মনে হয় এই এবার আমরা ভালো থাকবো।
আগে পেয়েছে রুটি-গুড় আর এখন বিরিয়ানী বাড়ি আনি।
তাদের মন বলে, " মনে হয় স্বর্গে আছি" ।
নিয়তির পরিহাস দেখে পরের কথা গুলো শিখলো।
বললো শিকড় ছাড়া গাছ বাঁচে না, জল ছাড়া মাছ বাঁচে না, আর আমরা বাঁচি আশায়।
সেদিন ঢেউ উঠলো তারা জাগলো আলো ফুটলো। নতুন এক বৈপ্লবিক যুগ এলো সাধারণ বা জনসাধারণের কাছে।
অনতিবিলম্বে ভুল ভাঙলো। কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সেদিন বরফের দেখা নেই। বড়ো ভয় হলো।
মহানন্দা ভরে উঠলো। পারাপার বাদ দিয়ে বিস্তৃত হলো গোটা তরাইন।
গোলাপ ফুটলো না আর। কতক কাঠবিড়ালি কিটকিট শব্দ করে কোনো এক আরামের হাতের স্পর্শে লাইট পোষ্ট বেয়ে চড়ে বসলো বৈদ্যুতিক তারে। যখন শরীরটা জ্বলছে তখন ওই ঝলসানো মাংস-লোলুপেরা আনন্দে আত্মহারা।
ঠিক এভাবেই খরগোশ পোড়া খাওয়া শুরু।
না ললাট লিখন আমি মানি না। ওই যে একটা গোলক আহ্নিক-বার্ষিক গতিতে ঘোরে সেই ঘূর্ণন নিয়েই চলছে সাধারণ মানুষ।
আচ্ছা এই মানুষ গুলো যদি না থাকে এই রাজনীতি চলবে?
:৩:
রাজনীতি সেদিন এমন ছিলো না। ছাত্রজীবন ছিলো চরিত্র গঠনের প্রথম পাঠ। তখনই শিখতাম ' সদা সত্য কথা বলিব'। সে পাঠ বহুযুগ হলো বন্ধ হয়েছে। ছোটো বেলার ছবিতে রামায়ণ, এর পর সহজ পাঠ, নীতিকথা, বর্ণ পরিচয়, সুকুমার রায় আরো কত কি! এটা ছিলো সুকুমার বৃত্তি অর্জনের প্রথম সোপান।
এরপর এসে পরতেন শরৎচন্দ্রের 'মেজদা, বিলে', বঙ্কিমচন্দ্রের 'নবকুমার' বনফুলের 'অপু-দূর্গা' আরো কতো কিছু।
সেই সাজানো বাগান যখন শুকোতে শুরু করলো, পাঠ্যক্রমে ব্যাকডেটেড প্রতিপন্ন হলো সেই দিন থেকেই মানবতার হত্যা শুরু। এর পর ইংরেজি না পড়ার নতুন ফরমান এলো। ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠলো সারি সারি অযোগ্য শিক্ষকে ভরা ইংরেজী মাধ্যমের স্কুল।
এখানেও হত্যালীলার শেষ নয়, শেষ হলো পাশ ফেল প্রথা তুলে দেওয়া, কুড়ি পেলেই প্রোমটেড, শিক্ষকের শাসনের অধিকার ভঙ্গ, মানবতার নামে সেদিনই সুকুমার বৃত্তি সহ মানোবতাবিরোধী এক নতুন অধ্যায়।
আসলে শিক্ষায় মানুষ যত পিছিয়ে পরে শাসকের তত সুবিধা বৃদ্ধি হয় একথা ঐতিহাসিক সত্য।
একটা মানবিক উৎকর্ষ ধ্বংসের প্রথম অস্ত্র হলো শিক্ষায় আঘাত হানা। যে কাজ অতি সুনিয়ন্ত্রিত ভাবে বিপ্লবী তকমার আড়ালে তিলে তিলে শেষ করে গেছেন আমাদের রাজনৈতিক পূর্বসূড়িরা।
ফলে ছাত্রসমাজ ক্রমশ ক্লিব হয়ে পরে। বন্ধ হয় সমাজ ব্যবস্থার মধ্যে থেকে রাজনৈতিক নেতৃত্বের উৎপত্তি। একটা বিরাট শুন্যতা নেমে আসে সমাজে।
নেতা হওয়াটা হয়ে পরে এক জন্মগত অধিকার। নেতৃত্ব হয়ে পরে ঠাকুর দেবতার মতন। সমাজকে কুক্ষিগত করার প্রভাব আজকের রাজনীতিতে চকচক করছে।
লজ্জা, অপরাধবোধ, হিনমন্যতা, অশিক্ষা, সম্মানবোধ সব তাই ম্রিয়মান।
শাসন আজ তাই মানবতাবিরোধী কোনো দুর্জনের হাতে।
:৪:
ইংরেজের এদেশের শাসক হওয়ার আগে এদেশের যে বৈশিষ্ট্য গুলো ছিলো তাকে আজকের পরিভাষায় বলা হয় প্রাদেশিক। যে মাৎসন্যায় ছিলো তারই এক নতুন অবস্থা আজ দেশে এবং প্রদেশে। একসূত্রে গাঁথার যে কাজটা ওই সাহেবেরা করে গিয়েছিলেন সেই সুতোকে অটুট রেখে এই দেশ গঠন করে গেছেন রেঁনেসার রূপরেখার অবলম্বনে বিশিষ্ট এই দেশের বরেণ্য মনিষীগণ।
এই রেঁনেসার উত্থান সর্বপ্রথম এই বাংলায়। আমি অবিভক্ত বাংলা ও বাঙালির কথা বলছি। অন্যান্য প্রদেশ গুলোর মধ্যে দেশ বিভাগের পর যেগুলো এদেশের তাদের মধ্যে উল্লেখযোগ্য আরো দুটো নাম বলে রাখা প্রয়োজন।
দ্বিতীয় ও তৃতীয় প্রদেশগুলো যথাক্রমে পঞ্জাব ও মহারাষ্ট্র। পঞ্জাব আর বাংলা খন্ডিতাকার। প্রথম উৎসমুখ নেভাতেই বঙ্গভঙ্গ। তবে সেই তাপ সে যুগে প্রদেশের ঊর্ধ্বে উঠেছিলো। সমস্ত মানুষ একসাথ করেই এসেছিল স্বাধীনতা।
বস্তুত রাজদন্ড যখন থেকে সামাজিক পটভুমিকে অস্বীকার করতে শুরু করে তখন যে মালা মনিষীগণ অটুট রেখেছিলেন সেই মালার সূতোয় টান পরে।
কংগ্রেশ হয়ে পরে ব্যাক্তিকানার দল। অসংখ্য ভগ্নাংশ সেই প্রাচীন ছোটো রাষ্ট্রের যে অতীত তারই যেনো এক পুনরাবৃত্তি। আমরা যতই প্রাদেশিক কথাটাকে নতুন সাজ-পাট দেইনা কেন ছোটো রাষ্ট্রের ঘ্রাণকে ঢাকা যায় কি?
আসলে রাজতন্ত্রের যে একত্ব সেই স্বাদ শিক্ষা বাড়লে কমে আর কমলে ঠিক বিপরীত হয়। আজ গোটা দেশে এমনই একটা সময় বহমান।
অন্যদিকে সামন্ততন্ত্রের যত ধরনের পরিত্যাজ্য বিষয় ওই রেঁনেসার যুগে রামমোহন, বিদ্যাসাগর অথবা চিত্তরঞ্জন, নেতাজীর হাত ধরে এসেছিলো তাকে আবার নতুন রূপে ফিরিয়ে আনার এক প্রচেষ্টা। এই যে এক দেশ, এক ভাষা, এক ধর্মের রসায়ন শুরু হয়েছে এটা সামন্ততন্ত্রের রকমফের। এ যে নেপোলিয়ন বোনাপার্টের নতুন করে ফিরে আসা।
তবে ফরাসী দেশে যে আদরে তার প্রত্যাবর্তন ঘটেছিল, এদেশে তা ঘটবার নয়। সেখানেও বলতেই হবে শিক্ষার কথা।
দেখছেন তো শিক্ষা কাহাকে বলে?
এক দেশ বিতারিত রাজাকে পেয়ে আহ্লাদে আটখানা আর আমার দেশ ভীত-সন্ত্রস্ত।
প্রাথমিক ভাবে মোঘল রাজের ইচ্ছা, বৃটিশ রাজের ইচ্ছা ধর্মের রশিতে এই দেশটাকে এক করা। উভয় ইচ্ছাই ব্যার্থ। ভেবেছিলো ধর্মের সূতোয় ভারতকে বাধবে তা হয়নি। অতীতের সেই শিক্ষা ভুলে যাওয়া অশিক্ষার লক্ষণ এ কথা মনে রাখা উচিত।
বৈচিত্র্য এবং ঐক্য যার প্রাণভ্রমর, তাকে বিচিত্র বানানোর, একছত্র করার ইচ্ছে শাসকের হতেই পারে। ইচ্ছের আড়ালে কোনো এক প্রাদেশিক শক্তি মহামতি অশোক হতে চাইলেও যৎ সামান্য শিক্ষার আলোতেও মানুষের সে কথা বুঝতে অসুবিধা হয় না।
:৫:
শুরু করেছিলাম বাংলা নিয়ে শেষ কথাটাও তাকে সামনে রেখেই বলবো। স্বাধীনতার পর এই বাংলার দায়িত্ব যাঁর হাতে পরেছিলো তিনি ডাক্তারবাবু। তিনি নতুন করে এই অর্ধেক বাংলার রূপকার।
তিনি চলে যাওয়ার পর ওপার বাংলায় আরো এক নতুন রূপকার এসেছিলো। তখন বাংলার চরিত্র দেখে বাঙালি আরো একবার স্বপ্ন দেখেছিলো অবিভক্ত বাংলার। হয়নি। আর্থ-সামাজিক কারণে হয়নি ঠিক এমন নয়। আমার ধারণা বৃহত্তম বাংলাকে শুধু বৃটিশ এক হতে দেয়নি এমন নয়। এই ভাগ অন্য কোনো কায়েমী স্বার্থের সাথে অন্তর্মুখী। থাক সে সব কথা।
এরপরে দুই ব্যারিস্টার বসেছেন বাংলার মসনদে। এদের কারোর সৃষ্টির যে সুখ সেই অন্তরদৃষ্টি ছিলো না। ছিলো ওই রামচন্দ্রের পাদুকা রেখে রাজ্য চালানো। তাই শেষের দিনেও তারা পুঁতিগন্ধই রেখে গেছেন।
এরপর আরো এক নতুন সূর্যোদয়। গোটা সমাজ যেন ফিরে পেয়েছে তার প্রতিভুকে।
:৬:
দেশ স্বাধীন হলো কিন্তু বাংলা থেকে গেলো বিভাজিত। পাকিস্তানের মাতৃভাষা হলো উর্দু কাজেই তাদের উর্দু শেখা হলো বাধ্যতামূলক আর এই ভারতে বাঙালি শিখতে বাধ্য হলো হিন্দি। না বিষয়টা মন্দ নয়। এ বাংলার মানুষ তখন আন্দোলন বিমুখ। স্বাধীনতার রেশ তখনো তার কাটেনি। ওপার বাংলা মানলো না। ওরাই গেয়েছিল "মোদের গরব মোদের আশা ....." অবশেষে জিতলো তারাই।
এ বাংলায় তখন ডাক্তারবাবু দেশমাতৃকার বন্দনায় রত। তিনি ছিলেন ' মা ' নামে সম্পৃক্ত দেশভক্ত কংগ্রেসী।
পরের বিপ্লবীরা ' মা ' আর ' মাটি ' নিয়ে নতুন ভাবধারার জন্ম দিলেন। আগেই লিখেছিলাম আমূল ভূমি সংস্কার এর মাধ্যমে ভোট ব্যাঙ্ক বনানোর প্রক্রিয়া।
এরপর সর্বাগ্রে মা, তারপর মাটি আর শেষে যুক্ত হলো 'মানুষ' শব্দ।
গোটা বিশ্বের দরবারে বাঙালি অনেকটা সূর্যের রশ্মির মতন।
ডাক্তার বাবু মা'কে পরমা পর্যায়ে রেখে বিদায় নিলেন। তবে পরের জন ব্যারিস্টার হয়েও পরমার স্বাধীনস্বত্তা রক্ষায় ব্যার্থ হলেন।
এলেন নতুন আর একজন তারই ভ্রাতৃপ্রতিম। তিনিও ব্যারিস্টার। মজার কথা হলো এই আইন কানুন জানা মানুষ দুজনেই সমাজের দরবারে অত্যন্ত রক্ষণশীল। এনারা কেউই এই অরক্ষণীয়া বাংলা মাকে অন্তর থেকে বোঝেন নি।
এনাদের জীবন ধন্য হয়েছে হয় কব্জির জোরে অথবা ভোট ব্যাঙ্ক বানানোর প্রক্রিয়ায়।
এই সব থেকেই তার ঐতিহাসিক শিক্ষা। নিজেকে সামনে না রেখে, রাখলেন কিছু মানুষকে যারা তার আত্মীয় বা ভ্রাতৃ/ভগিনীপ্রতিম।
বাংলার আকাশে আবির্ভূত সকল ভ্রাতা-ভগিনী নিজের পরিচয় দিলেন। দেখা গেলো শুধু চোর, ডাকাত নয় সাথে আছেন ঘুসখোর পুলিশ-দারোগাও।
এই বাংলা আজ অদৃষ্টবাদ মানতে শুরু করেছে। মা গেলো, মাটি গেছে শেষে কি না মানুষও। সত্যি বলছি আজ লিখতে ইচ্ছে হচ্ছে " ব্রুটাশ তুমিও?"
এই বাংলা সেই ১৭৫৭ থেকে শনির সাড়ে সাতিতে পরেছে। ১৯০৫ এ দ্বিতীয় বার। আর এই ২০২৩ এ মনে হচ্ছে তৃতীয় বার।
জনগন এখন ফিরনি-শিরনি দুটোই সমার্থক মনে করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন