শনিবার, ২৫ মার্চ, ২০২৩

বিদেহী আকাশবাণীর আত্মা


বিদেহী আকাশবাণীর আত্মা

সকাল হলে আকাশবাণী কোলকাতার কনসার্ট মিউজিক না শুনলে দিনটা ভালো কাটে না। যেদিন ঘুম ভাঙে না সেদিন বুঝি শরীর ঠিক নেই। অনেক কালের অভ্যাস ওই শব্দ শুনে বিছানা ছাড়ার। 

এরপর দাঁত ব্রাশ করা, তার সাথে শুভাষিত শোনা।কোনোদিন বঙ্কিমচন্দ্রের রচনা থেকে পাঠ, কোনোদিন বিদ্যাসাগর, রামমোহন রায় বা রবীন্দ্রনাথ ঠাকুর। এ এক অপূর্ব সূর্যোদয়। 

এবার শুরু হবে সঙ্গীতাঞ্জলী। কখনো সুপ্রভা সরকার কখনো সুপ্রীতি ঘোষ কখনো আবার ভীমসেন যোশীর তির্থ বিত্থল তির্থ বিত্থল এক ঐতিহাসিক রোমন্থিত মার্গ সঙ্গীত দিয়ে। মন তখন একেবারে চির উদার সরণিতে। বাধা বন্ধহীন সোজা রাস্তায়।

তারপর?

তারপর শুরু হতো প্রাত্যহিকি। কোনো একটা পূর্বে ঘোষিত বিষয়ের উপর আমাদের মতন উঠতি মানুষের লেখা কিছু অনুভূতি। রোমাঞ্চ জাগতো সূর্য মাথার উপরে আসার অনেক আগে।

অধিবেশন শেষ হতো, কখনো নীলিমা স্যান্যাল, কখনো  দেবদুলাল বন্দ্যোপাধ্যায়  খবর বলা দিয়ে। 

মহালয়ার সকাল টা একটু আলাদা। সেদিন শুভাষিত থেকে প্রাত্যহিকি সব বাদ পরতো। এক পঙ্কজ কুমার মল্লিক আর এক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র দুগ্গাপূজোর শেষ দিন পর্যন্ত হারিয়ে দিতেন সারাবছর ধরে শুনে আসা কোলকাতা 'ক' এর প্রথম অধিবেশন।

আরো কিছু লেখার আছে। এটা ষ্টেশন বিবিধ ভারতী। সেখানেই আমার প্রথম রাগ সঙ্গীত শেখা। সঙ্গীত সরিতা। বেশ আধুনিক সঙ্গীত যা কোনো এক রাগের আধারে গেয়েছেন কোনো এক শিল্পী।

এরপরে ছিলো স্বরসুধা আর অনুরঞ্জনী এবং আরো অনেক কিছু। মন আজ আর মনে করতে পারছে না।

তারপর?

তারপর শুরু হতো মার্গ সঙ্গীত। কখনো কন্ঠে কখনো যন্ত্রে। আমি যন্ত্র বাজাই তবে যান্ত্রিক নই।

আসলে কর্ণ আর কন্ঠ না থাকলে সুরের জগত অযান্ত্রিক হয়ে পরে একথা বিদিত। 

আমি আমির খান,  কিশোরী ইমনকর এঁদের  অপেক্ষায় থেকে কোনোদিন জয়সরাজ কোনোদিন ভীমসেন কখনো বা তাঁর পূর্বজ ডক্টর বসন্ত রাও দেশমুখ নামের মহামানব এর কন্ঠ শুনেছি। শেষ শুনেছি লতা মঙ্গেশকর শুনেছি সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র, শ্যামল, নির্মলেন্দু, পান্নালাল, অংশুমান আরো কত কে।

আর যন্ত্রে?

নিখিল ব্যানার্জি, রবিশঙ্কর, আলি আকবর, মনিলাল নাগ, ব্রেঞ্জামিন গোমস আরো কতো কে।

রাত ন'টার পর আর এগারোটার পর ন‍্যাশনাল প্রোগ্রাম যা শুনতাম মন দিয়ে। সেই রাগ সম্বলিত সমস্ত জ্ঞান সেখান থেকেই পেয়েছি। 

ছোটো বয়েসে পাওয়ায় তাদের জীবনের কুঠুরিতে আজও রেখে বেঁচে আছি।

ভয় লাগে ভেবে এই নতুন প্রজন্ম কি ধরে বাঁচবে? মনে হয়েছে আমি যা নিয়ে ভালো আছি সেগুলো আজ জানিয়ে যাই। এগুলোই ভালোভাবে বেঁচে থাকার রসদ।

ভালো লাগুক বা খারাপ লাগুক কিছু বলার নেই। আমি না বলে চলে যেতে চাই না।

নিজেদের বিভ্রম ওরা নিজেরাই বুঝবে একদিন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন