:১:
হাবড়া লোকালটা যখন দমদম প্লাটফর্মে থামলো তখন দিন গড়িয়ে সন্ধ্যা এসেছে। ফাল্গুনের শেষে এই চটচটে গরম এই প্রথম। গত বছর বর্ষা না আসায় মাটিতে জল পরেনি প্রায় আট আটটা মাস। নয়নজুলিতে পদ্ম, পানিফল এবার ফলেনি। শুধু ইঁদুর আর সাপ দৌরাত্ম্য চালাচ্ছে। আকন্দের ফল এবার সময়ের আগেই ফেটে চৌচির। বুড়ির তুলো উড়ে চলেছে মাঠ থেকে প্রান্তর। বকগুলো মাছের খোঁজ পেতে হাহাকার করছে। খেতে না পেয়ে তাদের এখন আর উড়তে ইচ্ছে হয় না। ওদের তো দেশান্তর হতে হয় না। পৃথিবীর প্রতিটা দেশই ওদের।
ট্রেনটা যখন হুইসেল বাজিয়ে চলে গেলো দৌঁড়লাম ওপারের মেট্রো স্টেশনে। লম্বা লাইন দিয়ে টিকিট কাটলাম।
তারপর মেট্রোর ঠান্ডা বগিতে বসে চললাম টালিগঞ্জ।
সেই সেকালের টালিসাহেবের কাটা খাল আজ নেই। আছে টালিনালা। আছে আবর্জনার স্তুপে ভরা এক দুঃস্বপ্ন। তার পার ধরে গড়ে উঠেছে অসংখ্য আকাশচুম্বী ইমারত। তারা আকাশের কাছ থেকে অক্সিজেন পায়। আর নালার পাড় বেয়ে গড়ে ওঠা বস্তির বাসিন্দারা পায় কটুগন্ধ। যদিও গন্ধ বিচারের নিরিখে বললে বলতেই হয় শহুরে এই গন্ধে তারা ভুলেছে দুর্গন্ধ আর সুগন্ধের ফারাক।
শুধু দোল- দুর্গোৎসব, বিবাহে-শ্রাদ্ধে রজনীগন্ধার আচমকা এসে পড়ায় তারা শ্বাস নেয় মিশ্র গন্ধে।
থাক এসব কথা।
:২:
এই টালিনালার উপরে আগে একটা কাঠের পোল ছিলো। সে এখন কংক্রিটের ব্রিজ। ওপারেই সাবেক কোলকাতার জমিদার রায়চৌধুরীদের বানানো করুণাময়ীর মন্দির। এখানে কালীমূর্তি করুণাময়ী। ব্রিজের নাম তাই করুণাময়ী ব্রিজ। ঠিক তার কিছু আগেই টালিগঞ্জ স্টেশন।
স্টেশনের আশপাশ শুধু গাড়ি আর গাড়ি। কোনো দ্বিচক্র কোনোটা আবার ত্রিচক্র। সারিসারি মানুষ নামছে আর ওই সব গাড়িতে বসে ছুটছে। এ এক রোজনামচা। আমিও এর শরীক।
প্রতিদিনের মতন এদিনও যখন এলাম তখন প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা। লম্বা লাইন পড়েছে অটোস্ট্যান্ডে। অভ্যাস মতন একটা সিগারেট ধরিয়ে মোবাইল ফোনের দিকে চোখ রেখে সময় কাটানো। লাইনে দাঁড়ানোর সময় মাথা গুনে বুঝেছিলাম সতেরোটা অটো আমাকে না নিয়ে চলে যাবে।
অটোর লাইনের অন্যপারে সঙ্গীত অ্যাকাডেমি। সেখানে ক্যাব গুলো দাঁড়াচ্ছে আর ছুটছে। ঠিক তার পাশেই ইন্দ্রপুরী স্টুডিও। এখানে উত্তম কুমার, সুচিত্রা সেন, অপর্ণা, সাবিত্রী, সুমিত্রা, মহুয়া, দেবশ্রী কে না এসেছেন।
বুঝলাম বড্ড বুড়ো হয়েছি।
:৩:
একটা বিরক্তিকর অটোরিক্সার লাইনে দাঁড়িয়ে যখন খুব ডিসগাস্টেড লাগছিলো তখন চোখ পরলো এক বৃদ্ধাকে। তিনি অপেক্ষায় আছেন। গাড়িগুলো আসছে আর চলে যাচ্ছে। তিনি কেমন এক নির্বিকার।
ঠিক তার কাছাকাছি যখন এলাম বললাম অবাক লাগলো। সেই কখন তিনি চলে যেতে পারতেন অথচ যাননি। বললাম মাসিমা চলুন। কেনো এভাবে একের পর এক অটো গুলো ছেড়ে দিচ্ছেন।
বললো বাবা আমার কাছে টাকা পয়সা কিছু নেই।
বললাম আপনি চলুন। আমি দিয়ে দেবো।
বললো, না বাবা থাক। ছেলে আমার রাগ করবে।
বললো এই রুটেই আমার ছেলে অটো চালায়। আমি ওর জন্যই অপেক্ষা করছি।
ধাঁধা বাঁধলো মনে। কতক্ষণ কেটে গেছে জানি না।
রিক্সাওয়ালা বললো …......
না থাক সে সব কথা।
মাসিমার পাশে দাড়িয়ে থাকলাম।
:৪:
একটা অটোরিকশা আমার সামনে এসে থামলো। কাঁচাপাকা দাড়ির লোকটা বললো, মা তুমি কতক্ষণ আগে এসেছ?
মা বললো বাদ দে।
বললো চলো।
মা বললো এই লোকটাকে নিবি? এতো লাইন ছেড়েছে একসাথে যাবে বলে।
না বাঁধ সাধলো জনগণ।
মা'কে নিয়ে চলে গেলো তার ছেলে।
সেদিন ওই গাড়িটা ভালো ভাবে দেখেছিলাম। ওটা ওর মায়ের আশীর্বাদ।
বেশ কয়েকমাস পর সেদিন লম্বা লাইন পরার আগেই পৌঁছলাম টালিগঞ্জে। অটোরিক্সার নম্বরটা দেখে মনে পড়লো সেই সে দিনের কথা।
বললাম মা কেমন আছেন?
বললো খুব ভালো।
বললাম আজকাল বড়ো একটা দেখি না ওনাকে।
বললো আমি তো সর্বক্ষণ তাকে দেখতে পাই।
বললাম আমার সাথে একবার দেখা করতে বলবে?
না আর তাকে দেখিনি। শুনলাম তিনি চলে গেছেন।
চটচটে শরীরটা এই শেষবার শুকোলো বাতাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন