সি বুল ইঞ্জিনিয়ার।
:১:
বয়েস বাড়ার সাথে কর্মক্ষমতা কমতে থাকার ব্যাপারটা প্রতাপবাবু আজকাল টের পান। কাজের নেশায় হিল্লি-দিল্লী করে বিয়েটাও ঠিক বয়সে সেরে ফেলা হয়ে ওঠেনি। ছেলেকেও নিজের পেশায় আনতে বি-টেক পড়াচ্ছেন। আগে চাকরির জীবনে কিছু না কিছু ছুটি থাকতো। পেশাদারিত্ব সেই ছুটিও কেড়ে নিয়েছে। যারা তার কাছে চাকরিতে আছে তাদের সপ্তাহে ছুটি আছে তবে তার নিজের ছুটি বলে কিছুই নেই।
সকাল বেলায় ছেলে সৌম্য বলছিলো কলেজের প্রথম সেম এর কথা। তিনি ভাবছিলেন প্রফেসর মহাশয় কি পড়ান না পড়ান আজ অবধি সে সব কিছুই তাকে বলেনি সৌম্য। প্রথম সেমিষ্টার এর টাকাটা জমা দিতে হবে এ সপ্তাহে, তাই বাবার কাছে আসা।
বললো বাবা ফিসটা অন লাইনে জমা করে দাও।
প্রতাপবাবু বললেন ঠিক আছে। বললেন তোদের পড়াশুনা কেমন হচ্ছে।
বললো এখন তো ওই থিওরির ক্লাস চলছে।
বললেন তোদের প্রথম দিনের ক্লাসে কোনো চমক দেননি প্রফেসার মশাই।
বললো ঠিক বলতে চাইছো একটু বলবে?
প্রতাপবাবুর মনে এলো সেই সবেমাত্র হালকা গোঁফটা মোটা হয়েছে। গালে ভরা অগোছালো দাঁড়ি নিয়ে প্রথম টেকনিক্যাল কলেজের শুরুর দিনটা।
চুপ করে ভাবছিলেন আর মনে হচ্ছিল তিনি যেন তার ছেলের মতন ক্লাসঘরের পিছনের বেঞ্চে বসে জানলার দিকে হাঁ করে তাকিয়ে আছেন।
ছেলের ডাকে ঘোর ভাঙলো আজ। আর সেদিন এই ঘোর ভাঙিয়েছিলেন কলেজের প্রিন্সিপাল সাহেব।
বললেন প্রথম দিনটা খুব স্মরণীয়। সে কথাই ভাবছিলাম।
ছেলে একটু হাসলো। আমার গিন্নি বললো নিশ্চয়ই কারোর প্রেমে পরেছিলে?
বললাম ঠিক বলেছো। এর থেকে বেশী প্রেম তোমার সাথেও হয়নি, যা হয়েছিলো ওই প্রথম ক্লাস এর সাথে।
সাহেব শুরু করলেন, বলোতো ডিগ্রীটা পাওয়ার পর তোমাদের পরিচয় কি হবে?
ফার্স্ট বেঞ্চার রঘু বললো, কেনো স্যার সিভিল ইঞ্জিনিয়র।
স্যার বললেন ঠিকই বলেছো তবে চৈত্র-বৈশাখে কাঠফাটা রোদ্রে মাঠে যারা কাজ করে তাদের ডেসিগনেশনের সাথে হাল বাওয়া বলদের একটা মিল আছে। ওরা লাঙল টেনে মাটি কাটে আর আমরা মাঠে দাড়িয়ে ফাউন্ডেশনের লে-আউট করি।এজন্যেই আমাদের নতুন নাম " See Bull Engineer "।
ছেলে বললো কি বেরসিক মানুষ রে বাবা।
আমি হেসে বললাম কথাটা কিন্তু আজও আমরা বন্ধুরা মনে রেখেছি। দু-পাঁচ বছর পরেও যখন রি-ইউনিয়ন হয় আমরা স্যারের পুরোনো কথায় ফিরে যাই। যুবক বয়েসে হেসেছি আর আজ এই কঠিন সত্যিটা অনুভব করি। যাই হোক।
তোর মা'কে বল। টাকাটা অনলাইনে পাঠিয়ে দিতে।
:২:
আমার বাড়ির দরজার ওরা নাম দিয়েছে বুলন্দ দরওয়াজা। সেই দরজার পাশে বসে কাজের খবরাখবর নিচ্ছিলাম মোবাইল ফোনে। কথা শেষ হলো।
আমার পুরোনো সাকরেদ বলরাজ বললো " বাবু আজ আপকো যানা পড়েগা।"
বললাম' কিঁউ, কা হই'
বললো ' ন কুছ ন হই, ফিরভি যানা জরুরি হ'
বললাম চল।
এই হাঁসফাঁস গরমে আজ আবার মাঠে যেতে হলো। মাঠের গা বেয়ে চাষের জমি গুলো সবে জলহীন হয়েছে। সেচ দপ্তর বড়ো পাম্প পাঠিয়েছে। মাঠের সাব-মার্সিবেল পাম্পগুলো চলছে না। ওগুলো ইলেকট্রিক পাম্প। লাইন কেটে দিয়েছে দুমাস আগে বাংলা মাস মাঘে। কাজেই ভরপুর ডিসেল-কেরোসিনের গন্ধে ম ম করছে এই গ্রাম।
এই গ্রামের পাশেই একটা ইংলিশ মিডিয়াম স্কুল বানাতে এসেছি আমরা সদলবলে।
ছাতি ফাটা তেষ্টা মেটাতে আজকাল আমি পান করি না, পরিবর্তে পান খাই।
একখিলি পান মুখে নিয়ে বলরাজকে বললাম ' বোল তো কিউ লায়া মেরেকো'।
বলরাজ বললো " আপনে পঁহুছে আর ও লোক ভাগ গয়ে"।
বললাম ' লেকিন কিঁউ '।
বলরাজ একটাই কথা বললো ' বাবু ইয়ে অওকত কা বাত হ। আপকো বোলেথে না যানা জরুরী হ। তো পুরা কাহানি অব খতম হ। চলিয়ে আপনা ঘর।'
সেদিনের সমস্ত ঘটনা শুনে ছেলে বললো তোমার যাওয়া ঠিক হয়নি। গিন্নি বললো বলরাজকে একবার পাই।
আমি বললাম মাঠের কথা মাঠেই হয়, বাড়িতে নয়।
:৩:
বলরাজকে ওর দাদা এনেছিল আমার কাছে। ও তখন খুব ছোটো। ওকে কাজ করাতে মন লাগতো না। ওর তখন পড়ার বয়েস।
বলরামের কথায় ওকে রাখলাম। ও আমাকে প্রথম দিকে চা-জল এনে দিতো। মাস মাইনে পেত না। তবে যখন যা চাইতো দিয়ে দিতাম।
বলরাম খুব পরিশ্রমী। কাজের পরে মাঠে দৌড়োতো ফুটবল খেলতে। গোলের সামনে ওকে রুখবে কে? ঠিক যেন ওই খালি পায়ে খেলে যাওয়া বীর ফুটবলার বলরাম।
ওকে ছেড়ে দিতাম কাজ শেষের অনেক আগে। ও বড় ভালো খেলোয়াড়। ভাবতাম যদি একটু এগিয়ে দিতে পারি।
না তা হয়নি।
খেলার মাঠেই ওর মদ খাওয়ার শুরু, আর ওই মাঠ এর পাশেই ও মরে পরেছিলো।
বলরাজ সেদিন থেকেই আমার বলাই।
:৪:
প্রতাপ বাবুর ঘুম ভাঙে পাখিদের ঘুম ভাঙার সাথে। এ অভ্যাস তার বাবার কাছ থেকেই রপ্ত। তার হাত ধরেই একসময় বাড়ির ছাদে উঠতেন। সকাল ফুটে উঠতো পূবের কোন দিয়ে। পাখিগুলোও ওদিক থেকেই উড়ে আসতো। বাবা ওদের গম খাওয়াতেন। সে অভ্যাস এখোনো রয়ে গেছে। তবে এখন নানান রংয়ের শালিক, চড়ুই, দোয়েল আর আসে না। সে জায়গায় এখন পায়রার আর ঘুঘুর ভীড়। প্রতাপ বাবু গম নয় সরষে খাওয়ান সকালের আলো ফোটার সাথে। তারপর ফটফট পাখার আওয়াজ শুনিয়ে ওরা চলে যায় আবার আসে পরের দিন ভোরে ঠিক ওই সময়ে।
এর পর বাড়ির এল প্যাটার্নের চওড়া বারান্দায় মানুষের মেলায় যেতে হয়। ওখানে সবাই আসে রেশন নিতে। হাতে ছোটো ছোটো খাতা। ওটা হাজিরা খাতা। ফারুক, মনিরুল, বাক্কার, বলাই সবাই থাকে খাতা হাতে। সবার অনুযোগ অভিযোগ শোনা আর কখনো ওদের কথামতো, কখনো নিজের ইচ্ছায় শুরু হয় রেশন দেওয়া।
সবাইকে রোজ হাসি মুখে মাঠে পাঠিয়ে শুরু হয় দিন। কয়েক কাঁচের গ্লাস চা আর জগ থেকে জল তার সকালের গলা ভেজার উপকরন।
গিন্নির বিরক্তি আর বলাইয়ের সরল মুখের হাসিই তার সকালের সম্বল।
ছেলে সৌম্যর সকালের ঘুম ভাঙার আগেই ছোট্ট একটা ফোলিও ব্যাগ হাতে নিয়ে চলে যান তার ওই নিত্যদিনের অফিসে।
দোর্দন্ড প্রতাপ এক নিমেষেই শেষ হয় যেদিন ভোরবেলায় ঘুম ভাঙে না। সকালে না শোনা বকবকুম শব্দটা বারবার কানের পর্দায় আঘাত করে, ঠিক তেমনই লেবার-মিস্ত্রির বাড়ির অলিন্দে না এলে তাদের করুণ মুখ ভেবে সে রাতে তার ঘুম আসে না। এ যেন কোনো এক বৈপরীত্যের সাথে সহাবস্থান। ছুটি নেই বলেন ঠিকই তবে যে সংসারে তার মন সেই সংসার নেই ভাবলে প্রতাপবাবুর শিহরণ জাগে।
তিনি সূর্যোদয় না দেখা সৌম্যকে এ কথা বলতে পারেন না। অঙ্গারাত্মীকরণ করে শুধু খাদ্য যুগিয়ে তার মন মানে না।
তার মনে হয় এমন একটা দিন আসবে যখন ক্লোরোফিল বর্জিত পাতায় ভরে উঠবে গাছপালা। তাদেরকে তার পূর্বজেরা খাবার যুগিয়ে বাঁচিয়ে রাখবে।
সৌম্য বললো বাবা এমন কথা তোমাকে আর কখনোই বলতে হবে না।
সৌম্য বাবার হাত ধরে ব্যবসায় এলো।
প্রতাপবাবু এই পর্যন্ত দেখে গেছেন। তার ব্যবসা আর সংসার ছেড়ে চলে যাওয়া এক সমাপত বিষয়। সংসারে নতুন এক বিভ্রম বাধলো এসব নিয়ে।
আর সৌম্য?
সব বাদ দিয়ে সে চাকরিতে যোগ দিলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন