বলে দিলাম সংসার জীবনে যদি নিয়ে আসি, তুমি সামলাতে পারবে? বললো পারবো। বললাম যৌথ পরিবার দেখেছো? বললো আমি যৌথ পরিবারের। বললাম মায়ের কাছে রান্না করা শিখেছো? বললো মা কেন ঠাকুমাও ছিলেন যখন আমার রান্নায় হাতেখড়ি। বলে ফেললাম মিথ্যা বলছো? বললো কি আঙ্গিকে বুঝলে? বললাম মাছ ভাজতে গিয়ে গরম তেলের ছ্যাঁকা যার হাতে লাগেনি, তাকে কি করে বলি সে সত্যি বলছে? বললো তুমি দেখে নিও।
এবার দেখে নেওয়ার পালা।
বাজারে গিয়ে গুছিয়ে মাছ কিনলাম। সব্জি আনাজ কিনলাম। ব্যাগ রাখলাম বারান্দায়। বললাম, এই একটু সর্ষে পোস্ত দিয়ে করলা আর আলুর শুক্তো করো। বললাম পাবদা মাছের ঝাল বানাও। বললাম একটু মুড়ি আর আলুভাজা দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো।
কিছুই বললো না। যখন পেটে ছুঁচোর ডন শুরু হলো বললাম কি হলো টিফিন বানাও নি।
উত্তর দিলো না।
বললাম বানিয়ে নেবো?
নিরুত্তর। বললাম কেন এতো মিথ্যে বলেছিলে?
বললো তোমাকে পাবো বলে।
সেই প্রথম আমি বিমূর্ত হলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন